ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

গভর্নর: মূল্যস্ফীতি কিছুটা কমেছে, ভবিষ্যতে আরও কমানোর চেষ্টা হবে


গভর্নর: মূল্যস্ফীতি কিছুটা কমেছে, ভবিষ্যতে আরও কমানোর চেষ্টা হবে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, "মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি। ভবিষ্যতে আরও কমানোর চেষ্টা করব।"

এই মন্তব্যটি তিনি শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে করেছেন।

গভর্নর আরও বলেন, "আমরা যখন দায়িত্ব নেই, তখন অর্থনীতির অনেক সূচকই নেতিবাচক ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংকিং খাতের সমস্যা। এ খাত থেকে এক-তৃতীয়াংশ টাকা চুরি হয়ে গেছে।"

আরও পড়ুন: ভোলার পর্যটন শিল্প অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা

তিনি উল্লেখ করেন, "দেশে এখন ব্যাংকগুলোর ঋণের ৭০-৮০ শতাংশই করপোরেট ঋণ। আমরা আগামী বছর থেকে একটা টার্গেট করে দিতে চাই, যাতে ২০ শতাংশ ঋণ যায় রিটেইল/ব্যক্তি পর্যায়ে, ৩৫ শতাংশ এসএমইতে, আর করপোরেট ঋণ ৪৫ শতাংশে থাকে। আমরা চাই করপোরেট অর্থায়ন পুঁজিবাজার থেকে হবে। আর ঋণ দেওয়ার সময় ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে চাটমোহরে সাইকেল র‌্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে চাটমোহরে সাইকেল র‌্যালি

জলবায়ু ন্যায্যতার দাবি এবং বৈশ্বিক সংহতি ও ঐক্যবদ্ধ আন্দোলনের অংশ হিসেবে পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হয়েছে পথসভা ও সাইকেল র‌্যালি।

শনিবার সকালে চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্টে ধরিত্রী রক্ষায় আমরা, চলনবিল রক্ষায় আমরা, চিকনাই নদী রক্ষায় আমরা এবং ওয়াটার কিপার বাংলাদেশের যৌথ আয়োজনে এই পথসভা ও সাইকেল র‌্যালির আয়োজন করা হয়।

আয়োজনের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশ ও দূষণকারী করপোরেশনগুলোর জবাবদিহি নিশ্চিত করা, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ, ঋণমুক্ত জলবায়ু অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানি থেকে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরের দাবি জানানো।

সংক্ষিপ্ত পথসভায় চলনবিল রক্ষায় আমরা-এর আহ্বায়ক হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের পরিবেশ ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড. মুক্তি মাহমুদ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চলনবিল রক্ষায় আমরা-এর সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম এবং চিকনাই নদী রক্ষায় আমরা-এর সদস্য সচিব মো. খলিলুর রহমান প্রমুখ।

পথসভা শেষে একটি সাইকেল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর সদরের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগে উদ্বেগ, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগে উদ্বেগ, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের দাবি

ক্ষমতায় আসার পর রাজনৈতিক দলগুলো ক্ষমতার মোহে পড়ে মতপ্রকাশের স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন দমনমূলক আইন প্রণয়ন করে। অতীতে শেখ হাসিনা সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগের মাধ্যমে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইলেও তা সফল হয়নি। সুতরাং, নতুন সাইবার সুরক্ষা আইন প্রণয়নের ক্ষেত্রে সরকারের উচিত হবে সতর্ক ও সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করা, যাতে আইনটি মতপ্রকাশের স্বাধীনতা হরণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। বাংলাদেশের মত উন্নত দেশগুলোর মতো মতপ্রকাশের অবাধ স্বাধীনতা সাংবিধানিকভাবে নিশ্চিত করা প্রয়োজন। কারণ, সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। আইন ও ভয়ভীতি দেখিয়ে মানুষের মুখ বন্ধ করা সম্ভব নয়।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অধিকার আয়োজিত ‘মতপ্রকাশ ও গণতান্ত্রিক ব্যবস্থার সংকট’ শীর্ষক আলোচনা সভায় সংসদ সদস্য, রাজনীতিবিদ, মানবাধিকারকর্মী এবং সাংবাদিকরা এ বিষয়ে তাদের মতামত প্রকাশ করেন।

সরকারের প্রধান তথ্য কর্মকর্তা আবদাল আহমদ আশা প্রকাশ করেন যে, সরকার সুচিন্তিতভাবে সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করবে, যাতে এটি মতপ্রকাশের স্বাধীনতা হরণের কারণ না হয়। তিনি উল্লেখ করেন, অতীতে ডিজিটাল নিরাপত্তা আইন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মাধ্যমে যে নির্যাতনের শিকার হতে হয়েছে, বাংলাদেশে যেন আর এমন পরিস্থিতির সৃষ্টি না হয়।

তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে এবং এসব বিষয়ে জনসচেতনতা তৈরি ও প্রতিবাদ জানানোর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আবদাল আহমদ আরও বলেন, গত ১৫ বছর মতপ্রকাশ ও বাক্‌স্বাধীনতা হরণের বিরুদ্ধে অধিকার সবচেয়ে সোচ্চার ভূমিকা পালন করেছে। এর ফলে সংগঠনটি অসংখ্য নির্যাতনের শিকার হয়েছে। ২০১৩ সালে আইসিটি আইনে প্রথম মামলা হয় ‘আমার দেশ’ পত্রিকার বিরুদ্ধে, যার ফলে পত্রিকাটির ছাপাখানা জব্দ ও প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। এতে সহকর্মীরা বেকার হয়ে পড়েন এবং প্রত্যেকের বিরুদ্ধে চার-পাঁচটি করে মামলা ছিল। ভবিষ্যতে যেন আর এমন পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শফিকুল আলম মন্তব্য করেন, বাংলাদেশের মানুষ কথা বলতে ভালোবাসে। শেখ হাসিনা ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরি করে সমাজকে স্তব্ধ করতে চাইলেও তা সফল হয়নি। সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে সাংবাদিকদের উত্থাপিত উদ্বেগ অন্তর্বর্তী সরকার বিবেচনায় নিয়েছে এবং এ বিষয়ে আলোচনা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, বাক্‌স্বাধীনতার নামে সরকারের বাইরের বড় পুঁজি ও বিভিন্ন অরাষ্ট্রীয় পক্ষ অনলাইন ও টেলিভিশনে চরিত্রহনন, অপপ্রচার ও হুমকির ঘটনা ঘটাচ্ছে। ১৯৭২ সাল থেকে প্রচলিত মানহানি আইনে কেউ প্রতিকার পাননি। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো আন্তর্জাতিক আইনি মানদণ্ড অনুসরণ করে অপতথ্য ছড়ানো, মানুষের জীবন বিপন্ন করা এবং স্বৈরাচারের পক্ষে জনসম্মতি তৈরির চেষ্টা করা অরাষ্ট্রীয় পক্ষগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

জাহেদ চৌধুরী বলেন, কোনো আইনের প্রয়োগ নয়, অপপ্রয়োগই বড় শঙ্কার বিষয়। সমালোচনা বাড়লে দমন-পীড়নও বাড়তে পারে। সংশোধনের নামে গণমাধ্যমকর্মীদের হাত-পা বেঁধে ফেলা যাবে না। সাইবার সুরক্ষা এ যুগে জরুরি। কারণ, যে কেউ অনলাইন বুলিংয়ের শিকার হতে পারেন, বিশেষ করে নারীরা। তবে সংবিধানের ৩৯ অনুচ্ছেদে স্বীকৃত মৌলিক অধিকার সুরক্ষায় আইনের সংজ্ঞা স্পষ্ট করতে হবে এবং অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্য ভালো হলেও মাঠপর্যায়ে স্থানীয় রাজনৈতিক নেতা ও দলীয় কর্মীরা পুলিশের ওপর চাপ সৃষ্টি করেন। অনেক ক্ষেত্রে মব তৈরি করা হয়। গণমাধ্যমও প্রতিদিন নানা চাপের মুখে থাকে। মালিকদের স্বার্থ ও সরকারের সঙ্গে সম্পর্কের কারণে সাংবাদিকেরা অনেক সময় নিজেরাই সংবাদ প্রকাশে নিয়ন্ত্রণ আরোপ করেন। আবার সরকারবিরোধী হিসেবে চিহ্নিত গণমাধ্যমে সত্য প্রকাশ করলেও আইনের অপপ্রয়োগে হয়রানির আশঙ্কা থাকে।

সরকারকে সতর্ক করে জাহেদ চৌধুরী বলেন, ১৭ বছরের নির্যাতন ও ক্ষোভের বিস্ফোরণ ছিল জুলাই বিপ্লব। দলমত-নির্বিশেষে সাধারণ মানুষ এতে অংশ নিয়েছে। সরকার যদি জুলাই বিপ্লবের জনআকাঙ্ক্ষা ধারণ করতে না পারে এবং কেন এই বিপ্লব হয়েছিল, তা উপলব্ধি করতে ব্যর্থ হয়, তাহলে আবারও জুলাই ফিরে আসতে পারে। মানুষের মনে ক্ষোভ জমে থাকলে একসময় তার বিস্ফোরণ ঘটবেই। গতবার ১৭ বছর লেগেছিল, এবার পাঁচ, দশ কিংবা পনেরো বছরও লাগতে পারে। জুলাইয়ে এত তরুণ কেন প্রাণ দিয়েছেন এবং এত মানুষ কেন রাজপথে নেমেছিলেন, সরকারকে তা উপলব্ধি করতে হবে।

সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম বলেন, একজন সংসদ সদস্য হিসেবে তিনি যদি তাঁর নির্বাচনী এলাকার কোনো মেডিকেল প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে নতুন আইনে তাঁকে অপতথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করা হতে পারে। তাঁর ভাষ্য, সরকারের আশ্রয়-প্রশ্রয়েই এ ধরনের অপরাধীরা শক্তি পাচ্ছে বলে অভিযোগ তুললেও আইনের অপপ্রয়োগে তাঁকে গ্রেপ্তারের ঝুঁকিতে পড়তে হতে পারে।

তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকা থেকে একজনকে গুম করা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথারীতি তা অস্বীকার করছে। গুমের শিকার ব্যক্তি এত দিন প্রকাশ্যে কথা বলার সাহস পাননি, কারণ কথা বললে তাঁর ওপর কী ধরনের দমন-পীড়ন নেমে আসতে পারে, সেই ভয় ছিল। একজন সংসদ সদস্যের মধ্যেই যদি নতুন আইন নিয়ে এমন ভয় কাজ করে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হবে?

ব্যারিস্টার আরমান বলেন, আইন ও ভয়ভীতি দেখিয়ে মানুষের মুখ বন্ধ করা গেলে জুলাই বিপ্লব হতো না, স্বৈরাচারের পতনও ঘটত না। মানুষের ক্ষোভ হয়তো সাময়িকভাবে চেপে রাখা যায়, কিন্তু তা স্থায়ীভাবে দমন করা সম্ভব নয়।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জাতি হিসেবে বারবার একই ভুলের পুনরাবৃত্তি করা বাংলাদেশের একটি জাতীয় ট্র্যাজেডি। ক্ষমতায় গেলেই রাজনৈতিক দলগুলো ক্ষমতার মোহে পড়ে মতপ্রকাশের স্বাধীনতায় লাগাম টানতে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো দমনমূলক আইন তৈরি করে।

তিনি বলেন, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বক্তব্য প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা এবং তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল। অথচ বিএনপি ক্ষমতায় এসে একই ধরনের রাজনীতি ও ঐতিহাসিক স্মৃতিভ্রংশের চর্চায় জড়িয়ে পড়ছে। গত ২০ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা নাগরিক সমাজ ও রাজনৈতিক মিত্রদের শত্রুতে পরিণত করা হচ্ছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ, সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত, ব্যাংক হিসাব জব্দ এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে হয়রানির হুমকি দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, তারেক রহমান কিংবা সংসদ সদস্য ও মন্ত্রীদের সমালোচনা করা যাবে না—এমন মনোভাব ও তোষামোদির রাজনীতি শেখ হাসিনার মতোই করুণ পরিণতি ডেকে আনবে।

নিউ এজ-এর বার্তা সম্পাদক শহিদুজ্জামান বলেন, ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিদের বাক্‌স্বাধীনতা সম্পর্কে ধারণার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করা মানুষের অভিজ্ঞতার মৌলিক পার্থক্য রয়েছে। সংবিধানের ৩৯(১) অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হলেও ৩৯(২) অনুচ্ছেদে রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, নৈতিকতা, আদালত অবমাননা ও মানহানির মতো একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে মতপ্রকাশের স্বাধীনতার পরিসর সংকুচিত হয়ে পড়ে।

তিনি বলেন, এত বিধিনিষেধের মধ্যে প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমানে সংবিধান সংশোধন নিয়ে আলোচনা চলছে। এ অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানের মতো বাংলাদেশেও মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করার দাবি তোলার সময় এসেছে।

শহিদুজ্জামান আরও বলেন, ১৭৯১ সালে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। একইভাবে জাপানের সংবিধানেও বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে এবং সেন্সরশিপ নিষিদ্ধ করা হয়েছে। অপতথ্য ছড়ালে তার জবাব জনগণ অবিশ্বাসের মাধ্যমে দিতে পারে, কারাদণ্ডের মাধ্যমে নয়। তাই সংবিধানে বাক্‌স্বাধীনতার অবাধ নিশ্চয়তা প্রতিষ্ঠায় আন্দোলন ও লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তাসকিন ফাহমিনা। অধিকারের পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য শরিফুল ইসলাম, ভয়েস অব রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর এবং সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকমুক্ত প্রজন্ম গড়তে ছাত্রসমাজের ভূমিকা চান গণপূর্তমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


মাদকমুক্ত প্রজন্ম গড়তে ছাত্রসমাজের ভূমিকা চান গণপূর্তমন্ত্রী

জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সচেতন, দায়িত্বশীল এবং মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

মন্ত্রী বলেন, "দেশ ও জাতির ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা অর্জন জরুরি।"

শনিবার (১৪ নভেম্বর) কুমিল্লা বার্ডের অডিটোরিয়ামে অনুষ্ঠিত 'স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজম' কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তাত্ত্বিক ও দার্শনিক দিক নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

এছাড়া, মাদকাসক্তির ভয়াবহতা, তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা, সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবেশ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদীপাড়ের ভাড়া ঘর থেকে প্রেসিডেন্ট, সারল্যই ছিল জোকো উইদোদোর শক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


নদীপাড়ের ভাড়া ঘর থেকে প্রেসিডেন্ট, সারল্যই ছিল জোকো উইদোদোর শক্তি

ইন্দোনেশিয়ার রাজনীতিতে এক সময় সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক ছিলেন তিনি। রাজনৈতিক অভিজাত পরিবার কিংবা সামরিক বাহিনীর প্রভাবশালী বলয় থেকে উঠে আসেননি। ব্যবসায়ী হিসেবে নিজের অবস্থান তৈরি করে স্থানীয় সরকার পরিচালনার দায়িত্ব পান। এরপর একে একে সুরাকার্তার মেয়র, জাকার্তার গভর্নর এবং শেষ পর্যন্ত দেশের প্রেসিডেন্ট হন। তিনি জোকো উইদোদো, যিনি ‘জোকোই’ নামেই অধিক পরিচিত। ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর টানা দুই মেয়াদে ইন্দোনেশিয়া শাসন করেছেন। তবে ক্ষমতা ছাড়ার পরও দেশটির রাজনীতিতে তার প্রভাব শেষ হয়ে যায়নি। বরং পরিবারকেন্দ্রিক রাজনীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ এবং সাম্প্রতিক নানা বিতর্কে নতুন করে আলোচনায় এসেছেন সাবেক এই প্রেসিডেন্ট।

১৯৬১ সালের ২১ জুন মধ্য জাভার সুরাকার্তা শহরে জন্মগ্রহণ করেন জোকো উইদোদো। শৈশবে তার নাম ছিল মুলয়ুনো। বাবা নোতো মিহারদজো কাঠের ব্যবসা করতেন। পরিবারটি ছিল আর্থিকভাবে সচ্ছল নয়। নদীর পাড়ের ভাড়া বাড়িতে থাকতে হতো তাদের। জীবনের বিভিন্ন সময়ে বাড়ি ছাড়তে হয়েছে পরিবারটিকে। কয়েকটি জীবনীমূলক সূত্রে তাদের তিনবার উচ্ছেদের অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে। এই অভিজ্ঞতা পরবর্তী সময়ে নিম্ন আয়ের মানুষের আবাসন ও নগর ব্যবস্থাপনা নিয়ে তার চিন্তায় প্রভাব ফেলেছিল।

শৈশব থেকেই পরিবারের কাজে সহযোগিতা করতেন জোকোই। ১২ বছর বয়সে বাবার কাঠ ও আসবাবপত্রের ব্যবসায় কাজ শুরু করেন বলে বিভিন্ন জীবনীতে উল্লেখ রয়েছে। কাঠের কাজ, ব্যবসার খুঁটিনাটি এবং পণ্য তৈরি ও বিক্রির অভিজ্ঞতা তার পরবর্তী জীবনে কাজে লাগে। তবে তার শৈশবকে কেবল চরম দারিদ্র্যের গল্প হিসেবে দেখাও পুরোপুরি যথাযথ নয়। গবেষক ও বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, পরিবারটি নিম্ন-মধ্যবিত্ত অবস্থায় থাকলেও জোকোইয়ের উত্থানের কাহিনিতে তার সংগ্রামের পাশাপাশি ব্যবসায়িক সুযোগ ও সামাজিক যোগাযোগের ভূমিকাও ছিল।

প্রাথমিক শিক্ষা শুরু হয় সুরাকার্তার স্টেট প্রাইমারি স্কুল ১১১ তির্তোয়ুসোতে। এরপর তিনি এসএমপি নেগেরি ১ সুরাকার্তা থেকে মাধ্যমিক শিক্ষা নেন। প্রথম পছন্দের এসএমএ নেগেরি ১-এ ভর্তি হতে না পেরে এসএমএ নেগেরি ৬-এ পড়াশোনা করেন। পরে গাদজাহ মাদা বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা অনুষদে ভর্তি হন এবং ১৯৮৫ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে তিনি আচেহ প্রদেশে একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কাজ করেন। পরে সুরাকার্তায় ফিরে চাচার আসবাবপত্র কারখানায় কিছুদিন কাজ করার পর নিজেই ব্যবসা শুরু করেন।

শুরুতে ব্যবসা খুব বড় ছিল না। কিন্তু ধীরে ধীরে তার আসবাবপত্রের ব্যবসা দেশের বাজার ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন বাজারে পণ্য রপ্তানি করতে থাকেন তিনি। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সংগঠিত করার কাজেও যুক্ত হন। সুরাকার্তায় ইন্দোনেশিয়ান ফার্নিচার ইন্ডাস্ট্রি অ্যান্ড হ্যান্ডিক্রাফট অ্যাসোসিয়েশনের স্থানীয় শাখার নেতৃত্ব দেন। ব্যবসায়ী মহলে তাঁর পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়তে থাকে।

মেয়র থেকে জাতীয় রাজনীতিতে উত্থান

ব্যবসায়ী হিসেবে পরিচিতি পাওয়ার পর ২০০৫ সালে সুরাকার্তার মেয়র নির্বাচনে অংশ নেন জোকোই। তিনি নির্বাচিত হয়ে ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। মেয়র হিসেবে তার কাজের ধরন ছিল প্রচলিত প্রশাসনিক রীতির চেয়ে আলাদা। শহরের বিভিন্ন এলাকায় সরাসরি গিয়ে মানুষের সমস্যা শোনা, বাজার ও সড়ক পরিদর্শন করা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলাকে তিনি গুরুত্ব দিতেন। জাভা ভাষায় এই ধরনের আকস্মিক জনসংযোগমূলক সফরকে বলা হয় ‘ব্লুসুকান’।

সুরাকার্তায় দায়িত্ব পালনকালে শহরের ঐতিহ্যবাহী বাজার সংস্কার ও নতুন বাজার নির্মাণ, ফুটপাত ও সড়ক উন্নয়ন, পার্ক সংস্কার এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেন তিনি। রাস্তার পাশে ব্যবসা করা হকারদের উচ্ছেদ না করে আলোচনার মাধ্যমে নির্দিষ্ট স্থানে স্থানান্তরের চেষ্টা করেন। এতে ব্যবসায়ীদের জীবিকা বজায় রাখার পাশাপাশি শহরের যানজট ও পথচারীদের চলাচলের সমস্যা কমানোর লক্ষ্য ছিল।

শহরকে জাভার সংস্কৃতি ও পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগও নেন তিনি। ‘জাভার আত্মা’ বা ‘স্পিরিট অব জাভা’ ধারণাকে সামনে রেখে সাংস্কৃতিক আয়োজন, সংগীত উৎসব ও প্রদর্শনীর আয়োজন করেন। শহরের ঐতিহ্যবাহী স্থাপনা ও পার্ক সংস্কারে গুরুত্ব দেন। তার মেয়র থাকাকালীন প্রশাসনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার কারণে সুরাকার্তার বাইরে জাতীয় পর্যায়েও পরিচিতি বাড়ে।

২০১২ সালে ইন্দোনেশিয়ান ডেমোক্রেটিক পার্টি অব স্ট্রাগল (পিডিআই-পি) তাকে জাকার্তার গভর্নর পদে প্রার্থী করে। তার রানিংমেট ছিলেন বাসুকি তজাহাজা পুরনামা, যিনি আহক নামেও পরিচিত। নির্বাচনে তারা জয়ী হন। ২০১২ সালের ১৫ অক্টোবর জাকার্তার গভর্নর হিসেবে দায়িত্ব নেন জোকোই। মেয়র থাকাকালীন যে সরাসরি জনসংযোগের কৌশল অনুসরণ করেছিলেন, রাজধানীতেও তা চালু রাখেন। সাধারণ পোশাকে দরিদ্র এলাকা, বাজার ও সরু গলিতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলতেন। খাদ্যপণ্যের দাম, আবাসন, বন্যা, যানজট ও যোগাযোগব্যবস্থার সমস্যা সরাসরি জানার চেষ্টা করতেন।

গভর্নর হিসেবে তার উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে ছিল দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহায়তা কর্মসূচি। ‘হেলদি জাকার্তা কার্ড’ বা কার্তু জাকার্তা সেহাতের মাধ্যমে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়ানোর চেষ্টা করেন। ২০১২ সালের ১ ডিসেম্বর চালু করেন ‘স্মার্ট জাকার্তা কার্ড’। দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের বই, পোশাক ও অন্যান্য শিক্ষা উপকরণ কেনার জন্য এই কার্ডে অর্থ বরাদ্দ দেওয়া হতো। শিক্ষার বাইরে অন্য কাজে অর্থ ব্যয় ঠেকাতে কার্ডের ব্যবহার পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হয়।

জাকার্তার যানজট ও বন্যা নিয়ন্ত্রণেও বিভিন্ন প্রকল্প হাতে নেন তিনি। শহরের মেট্রোরেল নির্মাণকাজ এগিয়ে নেওয়া এবং দীর্ঘদিন বন্ধ থাকা মনোরেল প্রকল্পের কাজ পুনরায় শুরুর উদ্যোগ নেন। জলাধার সংস্কার, নদী খনন ও পানি নিষ্কাশনব্যবস্থা উন্নয়নের মাধ্যমে বন্যার ঝুঁকি কমানোর চেষ্টা করেন। একই সঙ্গে বাজার ও ফুটপাতের হকারদের নির্দিষ্ট স্থানে স্থানান্তরের উদ্যোগ নেন।

প্রশাসনে স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে অনলাইনভিত্তিক কর পরিশোধ, ই-বাজেট, ই-ক্রয় এবং নগদ ব্যবস্থাপনা পদ্ধতি চালু করেন। সরকারি ব্যয় ও বাজেটের তথ্য জনসমক্ষে প্রকাশের ওপর জোর দেন। সরকারি কর্মকর্তাদের পদায়নে যোগ্যতা ও পরীক্ষার ভিত্তিতে নিয়োগের উদ্যোগও নেন। তার এসব পদক্ষেপ তাকে সাধারণ মানুষের কাছে পরিচিত ও জনপ্রিয় করে তোলে।

প্রেসিডেন্ট নির্বাচনে জয়, দুই মেয়াদে দায়িত্ব

জাকার্তার গভর্নর হিসেবে দায়িত্ব পালনের দুই বছরের মধ্যেই জাতীয় রাজনীতিতে বড় সম্ভাবনা হিসেবে আবির্ভূত হন জোকোই। ২০১৪ সালের ১৪ মার্চ তার দল তাকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ঘোষণা করে। ৯ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে সাবেক সেনাপ্রধান প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচনের ফল নিয়ে আপত্তি ও আইনি বিতর্কের পর ২২ জুলাই তাকে বিজয়ী ঘোষণা করা হয়। ২০১৪ সালের ২০ অক্টোবর ইন্দোনেশিয়ার সপ্তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি।

রাজনৈতিক ও সামরিক অভিজাতদের বাইরে থেকে উঠে এসে প্রেসিডেন্ট হওয়ায় তার বিজয়কে ইন্দোনেশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হয়েছিল। প্রচলিত ক্ষমতাকেন্দ্রের বাইরে থাকা একজন ব্যবসায়ী ও স্থানীয় সরকারপ্রধান দেশের সর্বোচ্চ পদে পৌঁছেছেন—এ বিষয়টি সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ২০১৯ সালের নির্বাচনে আবারও জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেন তিনি। ২০২৪ সালের ২০ অক্টোবর তার দশ বছরের শাসনামল শেষ হয়। তার উত্তরসূরি হন প্রাবোও সুবিয়ান্তো।

প্রেসিডেন্ট হিসেবে জোকোইয়ের প্রধান অগ্রাধিকার ছিল অবকাঠামো উন্নয়ন। সড়ক, সেতু, বন্দর, বিমানবন্দর, রেলপথ ও বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ করা হয় তার শাসনামলে। সরকারের হিসাব অনুযায়ী, তার দুই মেয়াদে হাজার হাজার কিলোমিটার সড়ক ও টোল সড়ক নির্মাণ, নতুন বন্দর ও বিমানবন্দর স্থাপন এবং প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগব্যবস্থা উন্নয়নের কাজ হয়েছে। রাজধানী জাকার্তার ওপর চাপ কমাতে বোর্নিও দ্বীপের পূর্ব কালিমানতানে নতুন রাজধানী নুসান্তারা গড়ার প্রকল্পও তাঁর অন্যতম বড় উদ্যোগ।

অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানো, শিল্পায়ন এবং খনিজ সম্পদের প্রক্রিয়াজাতকরণে গুরুত্ব দেন তিনি। বিশেষ করে নিকেল খাতকে কেন্দ্র করে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশে খনিজ প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার চেষ্টা করেন। জ্বালানি ভর্তুকি কমিয়ে অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানোর উদ্যোগও নেন। তবে ভর্তুকি কমানোর সিদ্ধান্তে বিভিন্ন সময়ে জনঅসন্তোষ ও বিক্ষোভ দেখা দেয়।

স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও তার সরকারের কিছু উদ্যোগ উল্লেখযোগ্য। জাতীয় স্বাস্থ্যবিমা কর্মসূচির আওতা বাড়ানো হয়। তার শাসনামলে দেশের ৯০ শতাংশের বেশি মানুষ জাতীয় স্বাস্থ্যবিমার আওতায় আসে। করোনা মহামারির পর অর্থনীতি পুনরুদ্ধার এবং প্রবৃদ্ধি ধরে রাখাও তার সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল। তবে উন্নয়ন ও প্রবৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান, বৈষম্য, পরিবেশ এবং শ্রম অধিকার নিয়ে সমালোচনাও ছিল।

সাফল্যের পাশাপাশি গণতন্ত্র ও পরিবারতন্ত্রের বিতর্ক

জোকোই প্রেসিডেন্ট থাকাকালীন জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হলেও তার শাসনামলের শেষ দিকে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়। সমালোচকদের অভিযোগ, ক্ষমতার শেষ দিকে তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা দুর্বল করেছেন, বিরোধী মতের জায়গা সংকুচিত করেছেন এবং রাজনৈতিক ক্ষমতা নিজের প্রভাববলয়ের মধ্যে ধরে রাখার চেষ্টা করেছেন। দুর্নীতি দমন সংস্থার স্বাধীনতা ও বিচার বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় তার পরিবারের সদস্যদের রাজনীতিতে উত্থান ঘিরে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাবোও সুবিয়ান্তোর রানিংমেট হিসেবে অংশ নেন তার বড় ছেলে জিবরান রাকাবুমিং রাকা। ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর বয়স কমপক্ষে ৪০ বছর হওয়ার কথা থাকলেও সাংবিধানিক আদালতের একটি বিতর্কিত সিদ্ধান্তে জিবরানের প্রার্থিতার পথ খুলে যায়। আদালতের তৎকালীন প্রধান বিচারপতি আনোয়ার উসমান ছিলেন জোকোইয়ের ভগ্নিপতি। এ ঘটনায় স্বার্থের সংঘাত ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ ওঠে। পরে আদালতের নৈতিকতা পরিষদ তাকে নীতিভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করে।

জোকোইয়ের সমর্থকেরা তার অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরেন। অন্যদিকে সমালোচকদের মতে, পরিবারকেন্দ্রিক রাজনীতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রবণতা তার গণতান্ত্রিক সংস্কারকের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। বার্টেলসম্যান ফাউন্ডেশনের ২০২৬ সালের ইন্দোনেশিয়া-বিষয়ক প্রতিবেদনে তার শাসনামলে গণতান্ত্রিক মানের অবনতির কথা উল্লেখ করা হয়েছে। সেখানে তাঁর পরিবারের রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টাকেও সমালোচনার বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে।

প্রেসিডেন্ট না থাকলেও রাজনীতিতে সক্রিয়

২০২৪ সালে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পরও রাজনীতি থেকে পুরোপুরি সরে যাননি জোকোই। ২০২৬ সালের জুনে তিনি বিভিন্ন এলাকায় রাজনৈতিক সফর শুরু করেন। তার ছোট ছেলে কাইসাং পাঙ্গারেপের নেতৃত্বাধীন ইন্দোনেশিয়ান সলিডারিটি পার্টির (পিএসআই) প্রতি সমর্থন বাড়ানোর উদ্যোগ নেন। একই বছরের ২৬ সেপ্টেম্বর তিনি প্রকাশ্যে জানান, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকেই তিনি দলটির সদস্য হয়েছেন। ২০২৯ সালের নির্বাচন সামনে রেখে দলটির সাংগঠনিক শক্তি বাড়ানো এবং পরিবারের রাজনৈতিক অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন বলে বিশ্লেষকদের অনেকে মনে করেন।

এদিকে বর্তমান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে তার সম্পর্ক নিয়েও নানা আলোচনা চলছে। একসময় তাঁরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন। ২০১৪ ও ২০১৯ সালের নির্বাচনে প্রাবোওকে হারিয়েছিলেন জোকোই। পরে প্রাবোওকে নিজের সরকারের প্রতিরক্ষামন্ত্রী করেন এবং ২০২৪ সালের নির্বাচনে তাকে সমর্থন দেন। কিন্তু ক্ষমতা হস্তান্তরের পর দুই নেতার মধ্যে দূরত্ব বাড়ছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। বিশেষ করে জোকোইয়ের নেওয়া নুসান্তারা রাজধানী প্রকল্পে অর্থায়ন কমানো এবং তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন নিয়ে এ আলোচনা জোরালো হয়েছে।

২০২৬ সালের নভেম্বরেও তিনি নতুন করে আলোচনায় আসেন। বিশ্ববিদ্যালয়ের সনদ জাল কি না—এমন অভিযোগ তোলার ঘটনায় সাবেক মন্ত্রী রয় সুরিয়োসহ কয়েকজনের বিরুদ্ধে করা মানহানির মামলায় ৫ নভেম্বর পূর্ব জাকার্তার আদালতে সাক্ষ্য দেন জোকোই। তিনি অভিযোগ অস্বীকার করেন এবং নিজের শিক্ষাগত সনদ আদালতে উপস্থাপন করেন। মামলাটি তার বিরুদ্ধে জাল সনদ ব্যবহারের অভিযোগে করা কোনো ফৌজদারি বিচার নয়; বরং সনদ নিয়ে অভিযোগ তোলার ঘটনায় দায়ের করা মানহানির মামলার শুনানি। একই সময়ে দেশটিতে সাবেক পুলিশপ্রধানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে প্রেসিডেন্ট প্রাবোওর ফোনে আড়ি পাতার অভিযোগে তদন্ত চলছে। এ ঘটনায় জোকোইয়ের নাম রাজনৈতিক আলোচনায় এলেও তদন্তে তাকে অভিযুক্ত করা হয়নি বলে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে।

ব্যক্তিজীবন, সংগীত ও আন্তর্জাতিক পরিচিতি

জোকোইয়ের ব্যক্তিজীবনও তাঁর রাজনৈতিক ভাবমূর্তির সঙ্গে আলোচনায় এসেছে। বাবা নোতো মিহারদজো ও মা সুদজিয়াতমি নোতোমিহারজোর চার সন্তানের মধ্যে তিনি জ্যেষ্ঠ। স্ত্রী ইরিয়ানার সঙ্গে ১৯৮৬ সালে তাঁর বিয়ে হয়। তাঁদের তিন সন্তান—জিবরান রাকাবুমিং রাকা, কাহিয়াং আয়ু ও কাইসাং পাঙ্গারেপ। বড় ছেলে জিবরান রাজনীতিতে যুক্ত হয়ে ভাইস প্রেসিডেন্ট হন। ছোট ছেলে কাইসাং পিএসআইয়ের চেয়ারম্যান। মেয়ে কাহিয়াংয়ের স্বামী ববি নাসুশনও রাজনীতিতে সক্রিয়।

রাজনীতির বাইরে জোকোইয়ের একটি ভিন্ন পরিচয়ও রয়েছে। তিনি রক ও হেভি মেটাল সংগীতের ভক্ত। মেটালিকা, লেড জেপেলিন, ল্যাম্ব অব গড ও নাপাম ডেথের গান তার পছন্দের তালিকায় রয়েছে। ২০১৩ সালে সুরাকার্তার একটি রক উৎসবে সাধারণ পোশাকে তার উপস্থিতি তখন বেশ আলোচিত হয়েছিল। মেটালিকার বেস গিটারিস্ট রবার্ট ট্রুজিলোর স্বাক্ষর করা একটি গিটারও একসময় তার সংগ্রহে ছিল।

আন্তর্জাতিক অঙ্গনেও তার পরিচিতি তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে তাঁর নামে একটি সড়ক রয়েছে। ২০২০ সালের ২০ অক্টোবর ‘প্রেসিডেন্ট জোকো উইদোদো স্ট্রিট’ নামে সড়কটির উদ্বোধন করা হয়। আবুধাবি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, দুই দেশের সম্পর্ক জোরদারে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবে এ নামকরণ করা হয়েছে। সড়কটি আবুধাবির কূটনৈতিক এলাকায় এবং জাতীয় প্রদর্শনী কেন্দ্রের কাছাকাছি অবস্থিত।

নদীর পাড়ের ভাড়া বাড়ি থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ মঞ্চ—জোকো উইদোদোর পথচলা ইন্দোনেশিয়ার সাম্প্রতিক ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায়। সাধারণ পোশাক, সরাসরি মানুষের কাছে যাওয়া এবং প্রশাসনে সহজ যোগাযোগের যে ভাবমূর্তি তাকে জনপ্রিয় করেছিল, তা তাকে দেশের সর্বোচ্চ পদে পৌঁছাতে সাহায্য করেছে। তবে তার রাজনৈতিক উত্তরাধিকার এখন আর শুধু উন্নয়ন ও জনপ্রিয়তার গল্পে সীমাবদ্ধ নয়। অবকাঠামো নির্মাণ ও অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি গণতন্ত্র, পরিবারতন্ত্র এবং ক্ষমতার প্রভাব বিস্তার নিয়ে বিতর্কও তাঁর দশ বছরের শাসনামলের মূল্যায়নে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%