বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:২৮ পি.এম
দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশের ইতিহাসের সবচেয়ে বড় বিবাহবিচ্ছেদ নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। গেমিং কোম্পানি স্মাইলগেটের প্রতিষ্ঠাতা কওন হিয়ক-বিনকে তার সাবেক স্ত্রী লি হোয়া-জিনকে ২ দশমিক ৫৫ ট্রিলিয়ন ওন, যা প্রায় ১৮৭ কোটি ডলার সমমূল্যের সম্পদ প্রদান করতে বলা হয়েছে।
বুধবার আদালতের রায়ে কওনের স্মাইলগেটে ৩৫ শতাংশ মালিকানা লি হোয়া-জিনের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। এই অংশের বর্তমান বাজার মূল্য প্রায় ২ দশমিক ৫ ট্রিলিয়ন ওন। এর পাশাপাশি সাবেক স্ত্রীকে ৬৫ বিলিয়ন ওন নগদ অর্থও দিতে বলা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কওন দক্ষিণ কোরিয়ার তৃতীয় বৃহত্তম ভিডিও গেম কোম্পানি স্মাইলগেট প্রতিষ্ঠা করেন এবং তিনি দেশের অন্যতম ধনকুবের হিসেবে পরিচিত।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লি হোয়া-জিন বিবাহবিচ্ছেদের মামলায় স্মাইলগেটের ৫০ শতাংশ মালিকানা দাবি করেছিলেন। অন্যদিকে, ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, তার সম্পদের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলার। প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটি প্রতিষ্ঠার সময় তিনি অর্থায়নে সহায়তা করেছিলেন, এমনটাই আদালতে তার আইনজীবীরা যুক্তি দেন। তারা ২০ বছরেরও বেশি সময় ধরে সন্তানদের লালন-পালন ও সংসার দেখাশোনায় তার ভূমিকার কথাও তুলে ধরেন।
অন্যদিকে, কওনের দাবি ছিল যে তার সাবেক স্ত্রী কোম্পানিতে কোনো অর্থ বিনিয়োগ করেননি এবং সেখানে কাজও করেননি। চলতি বছরের শুরুতে স্মাইলগেট জানিয়েছিল, কোম্পানির প্রাথমিক মূলধনের পুরোটাই কওন সরবরাহ করেছিলেন।
এই রায় দক্ষিণ কোরিয়ার পূর্ববর্তী বিবাহবিচ্ছেদ নিষ্পত্তির রেকর্ডের দ্বিগুণেরও বেশি। এর আগে এসকে গ্রুপের চেয়ারম্যান চে তায়ে-উনকে তার সাবেক স্ত্রীকে ৯৪৪ বিলিয়ন ওন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পরে সুপ্রিম কোর্ট সম্পদের মূল্য নির্ধারণে হিসাবের ভুল উল্লেখ করে সেই রায় বাতিল করে মামলাটি পুনর্বিবেচনার নির্দেশ দেন।
কওন ও লি-উভয় পক্ষই আদালতের বর্তমান রায়ের বিরুদ্ধে আপিল করার অধিকার রাখেন। এদিকে স্মাইলগেটের এক মুখপাত্র কওনের ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন যে প্রতিষ্ঠানটি নিয়মিত তাদের দায়িত্ব পালন করে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
"মাদকমুক্ত সমাজ গঠনে কিশোরীদের সচেতনতা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে ভূমিকা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার দুপুরে পৌর এলাকার রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহযোগীতায় বিদ্যালয়ের হল রুমে এই আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের আইনের আওতায় আনতে অন্যান্য আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধিতে প্রতি শুক্রবার জেলার বিভিন্ন মসজিদে মাদকবিরোধী লিফলেট বিতরনের পাশাপাশি বিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের সচেতন করতে আলোচনাসভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আর তাই এলাকাসমূহ মাদক মুক্ত রাখতে আহ্বান জানানো হয় আলোচনা সভায়।
আলোচনা সভায় বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফারুক মিথুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর সেলিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রফিকুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আগস্ট মাসে দেশের সীমান্ত এলাকা এবং অন্যান্য স্থানে অভিযান পরিচালনা করে মোট ৩৪৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকার চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগস্ট মাসে বিজিবির অভিযানে উদ্ধার হওয়া চোরাচালান দ্রব্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ৮ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ২১ হাজার ৬৪৬টি শাড়ি, ৩ হাজার ৯৬২টি থ্রিপিস ও চাদর, ৫ হাজার ১৫৪টি তৈরি পোশাক, ৬ লাখের বেশি কসমেটিক্স সামগ্রী, ১০ লাখ ৪০ হাজার পিস আতশবাজি, ৪১৮টি মোবাইল ফোন এবং প্রচুর পরিমাণ কাঠ, কয়লা ও সার।
এছাড়া, অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য ও মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৫ লাখ ৯৩ হাজার ৮৬৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১ হাজার ৩৭১ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৬৩৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ৮৬৩ কেজির বেশি গাঁজা এবং ১ লাখ ২৬ হাজার প্যাকেটের বেশি বিড়ি-সিগারেট।
সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানবিরোধী এই অভিযানে উদ্ধার করা হয়েছে ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ৭৪ রাউন্ড গোলাবারুদ।
পাশাপাশি, চোরাচালানে ব্যবহৃত বিভিন্ন যানবাহন যেমন ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, সিএনজি, মোটরসাইকেল এবং নৌকাসহ অন্যান্য যানবাহনও জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, গত এক মাসে চোরাচালান ও মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ২২০ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। এছাড়া, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৭ জন বাংলাদেশি, ৬ জন ভারতীয় এবং ১৮৮ জন মিয়ানমার নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকারি উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, দুর্বল সম্ভাব্যতা সমীক্ষা, যথাযথ ব্যয় প্রাক্কলন না করা, ভূমি অধিগ্রহণে বিলম্ব, ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, দুর্বল মনিটরিং এবং জবাবদিহির অভাবসহ বিভিন্ন কারণ প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির জন্য দায়ী।
বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন।
জাতীয় সংসদের বৈঠক বিকেল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয়। প্রধানমন্ত্রী শুরুতে লিখিত প্রশ্নের উত্তর দেন।
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশে সরকারি উন্নয়ন প্রকল্পে মেয়াদ বৃদ্ধি ও ব্যয় বৃদ্ধি সাধারণত একটিমাত্র কারণে হয় না— বরং প্রকল্প প্রণয়ন, অনুমোদন, ভূমি অধিগ্রহণ, অর্থায়ন, ক্রয় প্রক্রিয়া, ব্যবস্থাপনার একাধিক দুর্বলতা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এই সমস্যা তৈরি করে।”
তিনি আরও বলেন, “প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হওয়ার পর এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প গ্রহণের আগে নির্ভুল সম্ভাব্যতা সমীক্ষা নিশ্চিত করা এবং প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়ন প্রস্তুতি দ্রুত করার উদ্যোগ রয়েছে।”
প্রধানমন্ত্রী জানান, প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধনসংক্রান্ত বিদ্যমান নির্দেশিকা সময়োপযোগী করার লক্ষ্যে সংশোধন কার্যক্রম চলমান রয়েছে। চলমান প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি মনিটরিং জোরদার করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ড্যাশবোর্ড স্থাপন করা হচ্ছে।
একই সঙ্গে নিয়মিত প্রকল্প পর্যালোচনা ও মাঠপর্যায়ে নিবিড় তদারকি বাড়ানো হয়েছে।
ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে বলেও প্রধানমন্ত্রী জানান।
তিনি বলেন, যেসব প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হয়নি, সেগুলোর বিলম্ব, অনিয়ম, ব্যয় বৃদ্ধি ও সংশোধনের কারণ পর্যালোচনা করে বিলম্বের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, “যেসব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ৩০ শতাংশের কম, সেসব প্রকল্পের উপযোগিতা ও কার্যকারিতা বিবেচনা করে প্রকল্পগুলো পুনর্বিন্যাস, স্কোপ পরিবর্তন কিংবা চলমান রাখার বিষয়ে মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ ছাড়া বিচ্ছিন্নভাবে প্রকল্প গ্রহণ না করে সমন্বিত কর্মসূচির অধীনে গুচ্ছ প্রকল্প গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।”
প্রধানমন্ত্রী সরকারি ক্রয় ব্যবস্থায় ই-জিপি ব্যবহারের সম্প্রসারণের কথাও উল্লেখ করেন।
প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে পেশাগত যোগ্যতা, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে দায়িত্বের ধারাবাহিকতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান নীতিমালা হালনাগাদের কার্যক্রম চলছে।
সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) মডেলে প্রকল্প গ্রহণে গুরুত্ব দেওয়ার নির্দেশনা এবং সরকারি ক্রয় আরো প্রতিযোগিতামূলক ও জবাবদিহিমূলক করতে পাবলিক প্রকিউরমেন্ট রুল ২০২৫ হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের পাশে একটি রঙের দোকানে আগুন লেগেছে।
বুধবার দুপুর ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, দুপুর ২টার পরে কলেরা হাসপাতালের পাশে একটি রঙের দোকানে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ডিউটি অফিসার জানান, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুপুর ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ