ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

কালিয়াকৈরে বিএনপির বিশাল র‍্যালি, জিয়ার আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার


কালিয়াকৈরে বিএনপির বিশাল র‍্যালি, জিয়ার আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে চন্দ্রা বাসস্ট্যান্ড চত্বরে সমবেত হন। পরে সেখান থেকে পিকআপযোগে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কালিয়াকৈর থেকে শুরু হয়ে গাজীপুর-১ আসনের প্রায় ৫০ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় চন্দ্রায় এসে শেষ হয়।

সকাল গড়াতেই বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকা থেকে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানসহ নেতাকর্মীরা চন্দ্রা বাসস্ট্যান্ডের দিকে আসতে থাকেন। ধীরে ধীরে চন্দ্রা ফ্লাইওভারের নিচে, বাসস্ট্যান্ড চত্বর ও গোলচত্বর এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ ও পথচারীরাও এই মিছিল উপভোগ করেন। সমবেত হওয়ার পর বের হওয়া বিশাল র‍্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন বাণিজ্যিক এলাকা প্রদক্ষিণ করে। এ সময় পুরো এলাকা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, ৭ নভেম্বর জাতীয় সংহতি, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। সেই চেতনাকে ধারণ করেই বিএনপি রাজনৈতিক ময়দানে এগিয়ে যাচ্ছে। উক্ত কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ সর্বস্তরের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রবীণ নেতাদের পাশাপাশি তরুণদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-১ আসনের এমপি মো. মজিবুর রহমান বলেন, ৭ নভেম্বরের চেতনা হচ্ছে ঐক্য, সংহতি আর দেশকে ভালোবাসা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিয়েছিলেন, আমাদেরকেও সেই আদর্শে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের এই সংকটময় মুহূর্তে সব ভেদাভেদ ভুলে বিএনপির সব স্তরের নেতাকর্মীকে এক কাতারে দাঁড়াতে হবে। গণতন্ত্র, ভোটের অধিকার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যের দিন। সেদিন যেমন সিপাহী আর জনতা এক হয়েছিল, আজও শ্রমিক, চালক, মালিক আর সাধারণ মানুষকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে। পরিবহন শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা সচল রাখে, তাদের অধিকার ও মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।

র‍্যালির কারণে মহাসড়কের ওই অংশে সাময়িক যানজটের সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। র‍্যালি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্ব-স্ব এলাকায় ফিরে যান।

আরও পড়ুন: সমবায়ের হাত ধরেই বদলাবে গ্রামীণ মানুষের জীবন প্রতিমন্ত্রী টুকু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশর কোচ হোসাম হাসানকে সরিয়ে দিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১০ এম


মিশর কোচ হোসাম হাসানকে সরিয়ে দিল

আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে হোসাম হাসান কেন্দ্রবিন্দুতে ছিলেন। তবে, বর্তমানে তিনি আলোচনায় এসেছেন চাকরি হারানোর কারণে। মিশর ফুটবল অ্যাসোসিয়েশন তাকে বরখাস্ত করেছে।

শনিবার প্রকাশিত একটি আনুষ্ঠানিক বিবৃতিতে অ্যাসোসিয়েশন জানায়, পর্ষদ ভোটের মাধ্যমে হাসান এবং তার টেকনিক্যাল ও প্রশাসনিক স্টাফদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে চুক্তি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি।

বিদায় বেলায় কর্মকর্তারা হাসানের পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করেছেন। তারা তার পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন।

বিবৃতির তথ্য অনুযায়ী, পরিবর্তনের সিদ্ধান্তটি পর্ষদের বৈঠক থেকে এসেছে। বৈঠকটি শনিবার সকালে শুরু হয় এবং বিবৃতি দেওয়ার সময়ও চলছিল। সদস্যরা সাম্প্রতিক সময়ের পরিস্থিতি ও ঘটনার পর্যালোচনা করেছেন। তারা ওই ঘটনার ফলাফল নিয়ে আলোচনা করেছেন। জাতীয় দলের ইতিবাচক ভাবমূর্তি ও স্থিতিশীলতার ক্ষতির বিষয়টিও উল্লেখ করেছেন।

শেষ কিছু দিন ধরে হোসাম হাসান আলোচনায় ছিলেন তার সাবেক ও বর্তমান স্ত্রীর বিবাদের কারণে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে মিশরের সুপ্রিম কাউন্সিল ফর মিডিয়া রেগুলেশন্স তাকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার জন্য অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে।

এরপর তার ওপর ফিফার নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। তবে, এই নিষেধাজ্ঞার সঙ্গে ওই বিবাদের কোনো সম্পর্ক নেই। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে রেফারি ও প্রতিপক্ষকে নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে তিনি এই নিষেধাজ্ঞার শিকার হন। এর ফলস্বরূপ, এবার চাকরিটাও হারাতে হলো হোসামকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীমনিকে অশ্লীল অঙ্গভঙ্গি ও জাতীয় সংগীত অবমাননার জন্য নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ এম


পরীমনিকে অশ্লীল অঙ্গভঙ্গি ও জাতীয় সংগীত অবমাননার জন্য নোটিশ

সাংবাদিকদের হয়রানি এবং জাতীয় সংগীত অবমাননার জন্য চিত্রনায়িকা পরীমনিকে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

এই নোটিশ রবিবার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে চিত্রনায়িকা পরীমনিকে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। এছাড়া, ভবিষ্যতে সব ধরনের অশ্লীল কথা, সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয়, অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিক্স বা অন্য কোনো মাধ্যমে ধারণকৃত এবং প্রদর্শনযোগ্য, যাহার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, তা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে বলা হয়েছে।

নোটিশে আরো বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে শোকজ নোটিশ দিয়ে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদককে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে। নোটিশে জানানো হয়েছে, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পান।

সকাল ১১টা ৪০ মিনিটের দিকে গাড়ি থেকে নেমে আদালতের এজলাসের দিকে যাওয়ার সময় পরীমনির সঙ্গে সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে তার নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি ঘটে। এই সময় শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেন। তার ভিডিও ধারণের কাজে ব্যবহৃত ট্রাইপডটি পরীমনির সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা ভেঙে ফেলেন। আদালত প্রাঙ্গণে ওই দিনের ধাক্কাধাক্কির ঘটনায় জাগো নিউজের প্রতিবেদক আশিকুজ্জামান, মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার, আগামীর সময়ের প্রতিবেদক সিয়াম হোসেন এবং টাইমস টুডের শাহ রিয়াজ আহত হন। সেদিন সুজন চন্দ্র মণি দাস নামে একজন বিচারপ্রার্থীও আহত হন। ওই ব্যক্তির মাথা ফেটে রক্ত বের হওয়ার খবরও মিডিয়াতে প্রচারিত হয়েছে। আদালত প্রাঙ্গণে প্রত্যেকের নিরাপত্তা দেওয়া রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। তাই ব্যক্তিগত একাধিক নিরাপত্তাকর্মী দিয়ে আদালতের পরিবেশ নিয়ন্ত্রণ বা পেশিশক্তি প্রদর্শনের সুযোগ আইনে কারো নেই।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, পরীমনি আদালত থেকে বের হয়ে আদালত প্রাঙ্গণে সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনকে লক্ষ্য করে বলেন, "এদিকে আয়। আমার হাত এভাবে ধরলি কেন?"। এরপর তিনি উচ্চারণে অনুপযোগী অশ্লীল ভাষায় গালাগালি করেন এবং "তোকে পাড়িয়ে মেরে ফেলবো" বলে হত্যার হুমকি দেন, যার ভিডিওচিত্র মিডিয়াতে প্রচারিত হয়েছে। একজন পেশাগত সাংবাদিকের সঙ্গে পরীমনির এমন আচরণ শুধু তার পেশাগত মর্যাদার ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের দায়িত্ব পালনের পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। পরীমণির মতো একজন চলচ্চিত্র অভিনেত্রীর কাছ থেকে এসব বিতর্কিত কর্মকাণ্ড কাম্য নয়।

আইনি নোটিশে আরো বলা হয়েছে, পরীমনি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে গত ৬ নভেম্বর বাংলাদেশের জাতীয় সংগীত মিউজিক হিসাবে ব্যবহার করে পোস্ট করেন, "পোলাদের ... আমাদের সহিদ ভাই শিখায়ে দিয়ে গেছে তো! তাই না?"। এসব বিতর্কিত কর্মকাণ্ড ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করা হয়েছে। পোস্ট হওয়া খবরের কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্যের বন্যা বয়ে গেছে।

অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার আইনি নোটিশে বলেন, "আপনি শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি একজন চলচ্চিত্র অভিনেত্রী বিধায় অনেকেই আপনার আচার, আচরণ, অঙ্গভঙ্গি, কথাবার্তা, চাল-চলন, নাচ, পোশাক, চলাফেরা অনুকরণ ও অনুসরণ করে থাকে। ফলে আপনার অশ্লীল বাক্য, অঙ্গভঙ্গি, সাংবাদিককে হত্যার হুমকি আদালত প্রাঙ্গণে দেওয়া, জাতীয় সংগীতের সঙ্গে অশ্লীল পোস্ট দেওয়ার মতো বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণরা এই আচরণ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। টেলিভিশন, কম্পিউটার ও মোবাইলে এসব আলোচিত ঘটনার ছবি বারবার ভেসে উঠছে। সেগুলো তারা দেখছে। এর ফলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।"

নোটিশে আরো বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪(১) অনুচ্ছেদ অনুসারে, "আমার সোনার বাংলা" গানের প্রথম ১০ চরণ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত। জাতীয় সংগীত, পতাকা ও প্রতীকের বিষয়ে বিস্তারিত বিধান রয়েছে ‘দ্য বাংলাদেশ ন্যাশনাল অ্যান্থেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার ১৯৭২’-এ। এই আদেশের ৪এ অনুচ্ছেদ অনুযায়ী, আদেশের কোনো বিধান বা এর অধীনে প্রণীত কোনো বিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। ২০১০ সালে এই অর্ডারের সংশোধিত আইনে অপরাধীর শাস্তি আরো দ্বিগুণ করা হয়। ‘দ্য বাংলাদেশ ন্যাশনাল অ্যান্থেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার ১৯৭২’ (সংশোধিত ২০১০ আইন অনুযায়ী) জাতীয় সংগীত, পতাকা বা প্রতীকের কোনো বিধান লঙ্ঘন করলে বা অবমাননা করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এ ছাড়া রুলস এ জাতীয় সংগীত পরিবেশনের নির্দিষ্ট আনুষ্ঠানিক পরিস্থিতিতে কীভাবে সম্মান প্রদর্শন করতে হবে, তা এই বিধিমালায় বলা হয়েছে।

বাংলাদেশে প্রচলিত দণ্ডবিধির ৫০৩ ধারা অনুসারে, কাউকে তার নিজের বা তার স্বার্থসংশ্লিষ্ট অন্য ব্যক্তির জীবন, শরীর, সুনাম বা সম্পত্তির ক্ষতি করার হুমকি দিয়ে আতঙ্কিত করা অথবা কোনো কাজ করতে বাধ্য করা বা আইনগত অধিকার থাকা সত্ত্বেও কোনো কাজ থেকে বিরত রাখার চেষ্টা করলে অপরাধমূলক ভীতি প্রদর্শন হতে পারে। এক্ষেত্রে দণ্ডবিধির ৫০৬ ধারা মতে, সাধারণ অপরাধমূলক ভীতি প্রদর্শনের জন্য সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড এবং হত্যার হুমকি বা গুরুতর জখমের হুমকি দেওয়ার জন্য সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড শাস্তি হতে পারে।

এ ছাড়া দণ্ডবিধির ৫০৪ ধারা অনুযায়ী ইচ্ছাকৃত অপমান, যার ফলে শান্তিভঙ্গ বা অন্য অপরাধ সংঘটনের প্ররোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে ২ বছর কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড এবং দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারা অনুসারে মিথ্যা ও সুনামহানিকর অভিযোগ প্রচার করলে শাস্তির বিধান রয়েছে।

লিগ্যাল নোটিশে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার আরো বলেছেন, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি নিয়মিত বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ড করে সামাজিক অস্থিরতা তৈরির পাশাপাশি বাংলাদেশের সমাজ, সংস্কৃতির সুন্দর ঐতিহ্য নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন। যেহেতু পরীমণি বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের একজন চলচ্চিত্র শিল্পী, সেই হিসাবে সংযত ও দায়িত্বশীল আচরণ তার কাছে সবাই প্রত্যাশা করে।

শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি কর্তৃক আদালত প্রাঙ্গণে সাংবাদিক হেনস্থা ও হত্যার হুমকি দেওয়া এবং ফেসবুকে জাতীয় সংগীতের সঙ্গে অশ্লীল বাক্যের পোস্ট দেওয়ার পরেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সভাপতি কিংবা সাধারণ সম্পাদক কোনো প্রকার সাংগঠনিক কিংবা আইনগত শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেননি। এর ফলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: সংস্কৃতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ এম


দেশের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী উল্লেখ করেছেন যে, সরকার ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুনভাবে জাগিয়ে তুলতে চায়। হারানো গৌরব পুনরুদ্ধার, উন্নয়ন এবং পুনর্গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের সার্বিক অগ্রগতি নিশ্চিত করার জন্য সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা হাইস্কুল মাঠে আয়োজিত আটদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, দেশের বর্তমান অবস্থান থেকে উত্তরণ ঘটিয়ে নতুনভাবে এগিয়ে নিতে সকলকে তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি দল-মত নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের হারানো গৌরব ফিরিয়ে আনা এবং উন্নয়নের ধারাকে আরও গতিশীল করা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফ্ফর হোসেন টুকু, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট ও মোতালেব হোসেন শিকদার, বুনাগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসাইন শিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা হাফিজুর রহমান এবং সাবেক যুবদল সদস্যসচিব মুন্সী নয়নুজ্জামান নয়নসহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটায় ভ্রমণে এসে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নাবিলা নুসরাতের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১২ এম


কুয়াকাটায় ভ্রমণে এসে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নাবিলা নুসরাতের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণের সময় সড়ক দুর্ঘটনায় মোসা. নাবিলা নুসরাত (৩২) নামের এক নারী চিকিৎসক মারা গেছেন। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা সংলগ্ন স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃত নাবিলা নুসরাত বরিশাল সদর উপজেলার ডেন্টিস্ট ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী। তিনি বর্তমানে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি (এমডি) বিষয়ে উচ্চতর ডিগ্রির জন্য অধ্যয়নরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার ঢাকার আদাবর থেকে নাবিলা, তার স্বামী শুভ এবং আরও দুই সহকর্মী কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে একটি অভিজাত আবাসিক হোটেলে অবস্থান নেন। শনিবার বিকেলে তাঁরা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহার দর্শনে যান। সন্ধ্যার পর সেখান থেকে ইজিবাইকযোগে কুয়াকাটা ফেরার সময় বটতলা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এই দুর্ঘটনায় নাবিলার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার জানান, ঘটনার পর পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%