মোহাম্মদ অহিদুল ইসলাম ফাহিম, ফটো সাংবাদিক
০১:১৭ পি.এম
নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও সুন্দর করার উদ্দেশ্যে জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। এই কার্যক্রমটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে চানমারী মাইক্রোস্ট্যান্ড পর্যন্ত পরিচালিত হচ্ছে।
নগরীর পরিবেশকে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন রাখতে এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চলতে থাকবে। জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সকলের প্রতি অনুরোধ করেছেন—যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করুন।
আমরা সবাই মিলে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত জানিয়েছেন, হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অধীনে সারা দেশে ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা প্রদান করা হয়েছে। তিনি উল্লেখ করেন, আগামী এক মাসের মধ্যে প্রায় ৩৫ লাখ শিশুকে এই টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ চলছে।
বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠনের পথে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো মোকাবেলার জন্য নতুন সরকারের নেতৃত্বে কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী ইশতেহারে দেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে জনগণের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধমূলক কর্মসূচির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি উল্লেখ করেন, সরকার বিভিন্ন টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ এবং বিশেষভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও মাঠপর্যায়ের কর্মীরা সহযোগিতা করছেন।
হাম প্রতিরোধে সরকারের নেওয়া কার্যক্রম তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের ১৫ দিন পর থেকেই যে লড়াই শুরু করেছে, তার অগ্রগতি ইতোমধ্যে দৃশ্যমান। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার, সিটি করপোরেশন এবং স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সারা দেশে দুই কোটি শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব হয়েছে।
তিনি বলেন, দুই কোটি শিশুকে টিকা দেওয়ার পরেও সরকার থেমে নেই। প্রতিটি শিশুর জীবন মূল্যবান। একটি শিশুও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেটিই সরকারের লক্ষ্য। এ কারণেই এবারের কর্মসূচিকে ‘মপ-আপ ক্যাম্পেইন’ হিসেবে নেওয়া হয়েছে।
এই কর্মসূচির মাধ্যমে দূরবর্তী এলাকায় বসবাসকারী শিশু, প্রতিবন্ধী শিশু এবং আগের ধাপের টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, এসব শিশুর প্রতিটি ঘরে পৌঁছানোর চেষ্টা করা হবে। প্রতিটি শিশুর কাছে পৌঁছে তাদের নিরাপত্তা ও জীবন নিশ্চিত করাই এই কর্মসূচির লক্ষ্য।
তিনি বলেন, এটি বাংলাদেশের জনগণের কাছে সরকারের অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়নে আগামী এক মাসের মধ্যে আরো প্রায় ৩৫ লাখ শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে।
টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতা ছাড়া এই কর্মসূচি সফল করা সম্ভব হতো না। বিশেষ করে যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি ও ইউনিসেফ সর্বাত্মক সহযোগিতা করেছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মী, সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট সবাই অনেক কষ্ট করে কর্মসূচির আওতায় প্রতিটি শিশুকে খুঁজে বের করছেন।
তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকা কিংবা প্রত্যন্ত চরাঞ্চলে বসবাসকারী শিশুর কাছে টিকাদান কর্মসূচির আওতায় পৌঁছানো সম্ভব হয়েছে। এটি সম্মিলিত প্রচেষ্টার ফল।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, যত বাধা বা চ্যালেঞ্জই আসুক না কেন, সরকার জনগণকে সঙ্গে নিয়ে এবং দেশি-বিদেশি সব প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে জনগণের স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। স্বাস্থ্যের বিষয়ে জনগণের কাছে যে অঙ্গীকার করা হয়েছে, তা সবাইকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৭ অক্টোবর, ২০২৬ : আজ বুধবার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়।
এ তথ্য আজ নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন।
ইসির তফসিল অনুযায়ী, আগামীকাল ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
ভোটগ্রহণ হবে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা।
গত ২৯ সেপ্টেম্বর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৈধ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ওবায়দুল্লাহ মাসুদ এবং মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম, এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
ইসির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের না হওয়ায় ৬ জন প্রার্থীই বহাল আছেন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। তবে সম্প্রতি নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে এ আসনের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে।
এছাড়া উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনেতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে। তার মতে, এই পতিত সরকারের দোসররা নাশকতায় জড়িত হয়ে পড়েছে।
আজ বুধবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা ফ্রি করে দিয়েছে।
রিজভী বলেন, “একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে ও দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে। তারা নাশকতামূলক কাজে জড়িত হচ্ছে।” এসময় তিনি দেশবাসীকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বর্তমান সরকার কোনো প্রকার নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দেবে না। তিনি বলেন, “তারেক রহমান সরকার জনগণের সরকার। কোনো নৈরাজ্য-অপরাধকে প্রশ্রয় দেবেন না প্রধানমন্ত্রী।”
লিফলেট বিতরণকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেঙ্গু মোকাবিলা করতে হবে সবার প্রচেষ্টায়।”
রিজভী জানান, প্রধানমন্ত্রী পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন, যাতে করে ডেঙ্গু বাসা না বাঁধতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় ও আবেদনময়ী অভিনেত্রী কৌশানী মুখার্জি, ‘বহুরূপী’র সাফল্যের পর, দুই বছরের আড়াল ভেঙে আবার বড় পর্দায় ফিরছেন ঝিমলি চরিত্রে।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির পরিচালনায় ‘বহুরূপী’র সিক্যুয়েল ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ দিয়ে তিনি আবারও পর্দা মাতাতে আসছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভারতের সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি আগামী ১৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে তার আগে সিনেমাটির প্রচারের একটি মজার ভিডিও প্রকাশ্যে এসে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
প্রচারে কৌশানী একদম ভিন্ন এবং অচেনা এক অবতারে ধরা দিয়েছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি।’ মাথায় শক্ত করে বাঁধা খোঁপা, গায়ে সাধারণ শাড়ি, মুখে শ্যামলা মেকআপ এবং ডি-গ্ল্যাম লুকে একেবারে চেনা মেছুনির রূপ ধারণ করেছেন তিনি। হাতে বড় বড় মাছ নিয়ে ক্রেতাদের ডাকতে দেখা গেছে তাকে।
মাছ বিক্রি ও কাটতে গিয়ে কৌশানী বেশ নাজেহাল হতে হয়েছে। বঁটির কাছে মাছ নিয়ে ঘষতে ঘষতে মজার ছলে তাকে বলতে শোনা যায়, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি। দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’ মাছ কাটার সেই খুনসুটি ভরা দৃশ্য বুঝিয়ে দেয় চরিত্রটি তিনি দারুণ উপভোগ করছেন।
শুধু মাছ কাটা নয়, বাজারের হকারদের মতো গলা ফাটিয়ে ডাকতেও দেখা গেছে তাকে। হাতে বড় মাছ তুলে তার হাঁকডাক, ‘দুইশ দুইশ, সিলভার দুইশ, বড় মাছ, টাটকা মাছ!’ শুটিংয়ের ফাঁকেও কৌশানীর হাসিখুশি ও রসিক মেজাজ সবার নজর কেড়েছে। শুটিংয়ের ফাঁকে কলাকুশলীদের সঙ্গেও মাছের গন্ধ নিয়ে মজা করতে দেখা যায় তাকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ