সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:০১ পি.এম
যুক্তরাষ্ট্রের লোককথায় বহু বছর ধরে আলোচিত রহস্যময় প্রাণী ‘বিগফুট’ নিয়ে কয়েক দশক আগে তৈরি তিনটি সরকারি নথি প্রকাশ করেছে দেশটির বন বিভাগ। এই নথিগুলোর মধ্যে রয়েছে ১৯৮২ সালে বিশাল পায়ের ছাপ নিয়ে পরিচালিত একটি সরকারি তদন্ত, ১৯৪০-এর দশকে মন্টানায় শিকারিদের পাওয়া অস্বাভাবিক পায়ের ছাপের বিবরণ এবং ২০০৩ সালে প্রকাশিত একটি স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদন। নথিগুলো প্রকাশের পর বিগফুটের অস্তিত্ব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। তবে এসব নথিতে প্রাণীটির অস্তিত্বের কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) অধীন বন বিভাগ ১৫ অক্টোবর তাদের তথ্য অধিকার আইনের আওতাধীন অনলাইন আর্কাইভে ‘বিগফুট/স্যাসকোয়াচ রেকর্ডস’ শিরোনামে নথিগুলো প্রকাশ করে। ২০ নভেম্বর ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বিষয়টি সামনে আসার পর এ নিয়ে নতুন আগ্রহ তৈরি হয়। প্রকাশিত নথির মধ্যে সবচেয়ে বিস্তারিত তথ্য রয়েছে ১৯৮২ সালের জুনে ওয়াশিংটন অঙ্গরাজ্যের ওয়াল্লা ওয়াল্লার কাছের উমাটিলা ন্যাশনাল ফরেস্টের মিল ক্রিক এলাকায় চালানো তদন্তে।
ওই সময় বন বিভাগের খণ্ডকালীন টহল কর্মকর্তা পল ফ্রিম্যান দাবি করেছিলেন, প্রত্যন্ত বনাঞ্চলে তিনি অস্বাভাবিক একটি প্রাণী দেখেছেন। কয়েক দিন পর ওই এলাকার কাদামাটিতে বিশাল আকৃতির পায়ের ছাপও খুঁজে পান বলে জানান তিনি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পর ১৭ জুন ১৯৮২ সালে বন বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্তকারীরা দুটি স্থানে ছাপের ছবি তোলেন, পরিমাপ করেন এবং নমুনা সংরক্ষণের জন্য প্লাস্টারের ছাঁচ তৈরি করেন।
সরকারি তদন্ত প্রতিবেদনে একটি ছাপের দৈর্ঘ্য প্রায় ১৫ ইঞ্চি এবং প্রস্থ ৭ ইঞ্চি বলে উল্লেখ করা হয়। একটি স্থানে প্রায় ২৫ ফুট এলাকাজুড়ে ছয়টি স্পষ্ট ছাপ পাওয়া যায়। অন্য একটি স্থানে প্রায় ৪০ ফুট এলাকাজুড়ে ১৮টি ছাপের সন্ধান মেলে। ছাপগুলোর কিছু অংশ ঘন গাছপালার মধ্য দিয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে তদন্তকারীরা এসব ছাপের উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেননি।
বন বিভাগের বন্যপ্রাণী বিশেষজ্ঞ রডনি এল জনসন বিস্তারিত পরীক্ষা শেষে বলেন, ছাপগুলো প্রায় ৩০০ পাউন্ড বা তার বেশি ওজনের কোনো বিশাল দ্বিপদ প্রাণীর তৈরি নয়। তার যুক্তি ছিল, বিভিন্ন ঢালু জায়গায়ও পায়ের ছাপের মধ্যবর্তী দূরত্ব প্রায় একই ছিল। সাধারণত পাহাড়ি পথে হাঁটার সময় পায়ের পদক্ষেপে পরিবর্তন দেখা যাওয়ার কথা। তাছাড়া তদন্তকারীদের জুতার ছাপ কাদায় আরও গভীরভাবে বসেছিল, অথচ কথিত বিগফুটের ছাপ ছিল তুলনামূলক অগভীর। কিছু জায়গায় ছাপের শুরু ও শেষও স্বাভাবিকভাবে সংযুক্ত ছিল না।
একই তদন্তে যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর ট্র্যাকার জোয়েল হার্ডিনও ছাপগুলো পরীক্ষা করেন। ২৮ জুলাই ১৯৮২ তারিখের এক স্মারকলিপিতে তিনি এগুলোকে অত্যন্ত পরিকল্পিত জালিয়াতির চেষ্টা বলে উল্লেখ করেন। তার ধারণা, নরম প্লাস্টার বা রাবার দিয়ে তৈরি কোনো কৃত্রিম পায়ের ছাঁচ ব্যবহার করে ছাপগুলো তৈরি করা হয়ে থাকতে পারে। তবে কে বা কারা এগুলো তৈরি করেছিলেন, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, বিগফুটের অস্তিত্বে বিশ্বাসী ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির প্রয়াত নৃতত্ত্ববিদ গ্রোভার ক্রান্টজ তদন্তকারীদের সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না। তিনি সংরক্ষিত ছাপের ছাঁচ পরীক্ষা করে দাবি করেছিলেন, পায়ের ত্বকের সূক্ষ্ম রেখার মতো কিছু বৈশিষ্ট্য কৃত্রিমভাবে তৈরি করা কঠিন। তাই তার মতে, ছাপগুলো বাস্তব হতে পারে। পল ফ্রিম্যানের ছেলে মাইকেলও তার বাবার দাবি সমর্থন করে আসছেন। তবে এসব বক্তব্যের কোনোটিই বিগফুটের অস্তিত্বের বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে স্বীকৃত হয়নি।
প্রকাশিত আরেকটি নথিতে মন্টানা অঙ্গরাজ্যের পেটি ক্রিক এলাকার ১৯৪৯ ও ১৯৫০ সালের দুটি ঘটনার বিবরণ রয়েছে। স্থানীয় বাসিন্দা লিও কিনি ১৯৮০ সালে লেখা ছয় পৃষ্ঠার একটি স্মৃতিচারণে ঘটনাগুলো তুলে ধরেন। তার বর্ণনা অনুযায়ী, ১৯৪৯ সালে তিনজন শিকারির সঙ্গে একটি মৃত এলকের সন্ধানে গিয়ে তারা প্রাণীটির শুধু নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন। কাছেই বরফের ওপর বড় আকৃতির কিছু পায়ের ছাপ পাওয়া যায়, যা প্রায় আধা মাইল পর্যন্ত অনুসরণ করেছিলেন তারা। পরের বছর একই এলাকায় ডব্লিউ ডব্লিউ স্মিটজ অস্বাভাবিক ছাপ, তীব্র গন্ধ এবং গর্জনের মতো শব্দ শুনেছিলেন বলে কিনি লিখেছেন। তবে কোনো ঘটনাতেই তারা প্রাণীটিকে সরাসরি দেখতে পাননি।
তৃতীয় নথিটি ২০০৩ সালের ১৫ জানুয়ারি প্রকাশিত মন্টানার ক্লার্ক ফর্ক ভ্যালি প্রেস পত্রিকার একটি প্রতিবেদন। এতে স্যান্ডার্স কাউন্টির রিভার রোড ওয়েস্ট এলাকায় তুষারপাতের পর শত শত বড় পায়ের ছাপ পাওয়ার কথা বলা হয়েছিল। স্থানীয় কয়েকজন বাসিন্দা ছাপগুলো অনুসরণ করে জঙ্গলের দিকে গিয়েছিলেন। একটি ছাপের দৈর্ঘ্য প্রায় সাড়ে ১৬ ইঞ্চি এবং প্রস্থ সাড়ে ৮ ইঞ্চি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে পরদিন বৃষ্টিতে অধিকাংশ ছাপ মুছে যায়। স্থানীয়দের কেউ কেউ এগুলোকে বিগফুটের ছাপ বলে মনে করলেও তখনও এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
বিগফুট বা স্যাসকোয়াচ উত্তর আমেরিকার বনাঞ্চলে বসবাসকারী বিশাল, লোমশ ও মানুষের মতো দেখতে রহস্যময় প্রাণী হিসেবে লোককথায় পরিচিত। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চল এবং কানাডার বিভিন্ন এলাকায় এ প্রাণীকে দেখার দাবি বহু বছর ধরে প্রচলিত। বিভিন্ন সময়ে পায়ের ছাপ, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা সামনে এলেও প্রাণীটির অস্তিত্ব প্রমাণ করার মতো নির্ভরযোগ্য শারীরিক নমুনা, দেহাবশেষ বা বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য ভিডিও পাওয়া যায়নি। অধিকাংশ বিজ্ঞানী তাই বিগফুটের অস্তিত্ব সম্পর্কে সন্দিহান।
বন বিভাগ অবশ্য এ ধরনের ঘটনাকে পুরোপুরি উপেক্ষা করছে না। ক্যালিফোর্নিয়ার স্ট্যানিসলস ন্যাশনাল ফরেস্টে সম্প্রতি ‘বিগফুট ইন ইয়োর ব্যাকইয়ার্ড’ নামে একটি আলোচনার আয়োজনও করা হয়। সেখানে বন বিভাগের কর্মীরা স্থানীয় লোককথা, বিভিন্ন সময়ের প্রাণী দেখার দাবি এবং বনাঞ্চলের সাংস্কৃতিক ইতিহাস নিয়ে আলোচনা করেন। সংস্থাটির বক্তব্য, বিগফুটের অস্তিত্ব নিশ্চিত বা অস্বীকার করার মতো কোনো সিদ্ধান্ত তাদের নেই। তবে এসব গল্প স্থানীয় ইতিহাস ও লোকজ সংস্কৃতির অংশ।
সরকারি নথি প্রকাশের সময় নিয়েও বিগফুট অনুসন্ধানীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিগফুট সোসাইটির জেরেমিয়া বায়রন বলেছেন, সরকার সম্প্রতি ইউএফও বা অশনাক্ত উড়ন্ত বস্তুসংক্রান্ত নথি প্রকাশের উদ্যোগ নেওয়ার পর বিগফুটের পুরোনো তথ্যও সামনে আসছে। তার আশা, ভবিষ্যতে এ ধরনের আরও সরকারি নথি প্রকাশ করা হতে পারে। তবে বন বিভাগ নথি প্রকাশের পেছনে বিশেষ কোনো নতুন অনুসন্ধান বা বিগফুটের অস্তিত্বসংক্রান্ত সিদ্ধান্তের কথা জানায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বিদায়ী ভাষণ দেওয়ার সময় সংসদ সদস্য জর্দান লেন সঙ্গী নাটালিকে বিয়ের প্রস্তাব দিয়ে উপস্থিত সবাইকে অবাক করে দেন। রাইড এলাকার প্রতিনিধিরূপে এটি ছিল তার শেষ ভাষণ। ভাষণের এক পর্যায়ে তিনি ভালোবাসা এবং জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের কথা বলতে গিয়ে নাটালিকে বিয়ের প্রস্তাব দেন।
পরে লেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই বিশেষ মুহূর্তের ভিডিও শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, ‘আজ পার্লামেন্টে আমার শেষ ভাষণ দিলাম। আমি রাইডকে ভালোবাসি এবং সবসময় ভালোবাসব। তবে নাটালিকে তার চেয়েও বেশি ভালোবাসি।’ স্পিকার যখন তাকে বিদায়ী ভাষণ দেওয়ার অনুমতি দেন, তখনই ঘটে এই বিশেষ ঘটনা। এমন ব্যতিক্রমী প্রস্তাবে পার্লামেন্টের পরিবেশ আনন্দমুখর হয়ে ওঠে।
ভাষণের শুরুতে জর্দান লেন বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার চেয়ে তা ব্যাখ্যা করাই তার জন্য বেশি কঠিন ছিল। তিনি জানান, ভালোবাসা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি এমন একটি গভীর অনুভূতি, যা প্রবল আবেগে ভরপুর এবং সব সময় যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তার মতে, ভালোবাসা ও রাজনীতি, এই দুই বিষয় তার ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং জীবনের সেরা কিছু অভিজ্ঞতা এনে দিয়েছে।
জর্দান লেন বলেন, তিনি কোনো রাজনৈতিক পরিবারের সন্তান নন। রাইড এলাকার মানুষ গত ৭৫ বছরে এমন কাউকে নতুন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেননি, যিনি বিরোধী দলে বসবেন। ভাষণে তিনি তার বাবা-মা জ্যানেল ও রিচার্ডকে ধন্যবাদ জানান। সততা, কঠোর পরিশ্রম ও শালীনতার মতো মূল্যবোধ শেখানোর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তার পুরো জীবন রাইড এলাকায় কেটেছে। জায়গাটি সবসময় তার বাড়ি হয়ে থাকবে এবং এখানকার মানুষ পরিবারের মতো।
এ ছাড়া বোন কেন্ডাল ও ম্যাডিসন, দাদি জুন এবং লিলি ও অস্কারের সমর্থনের কথাও স্মরণ করেন তিনি। সঙ্গী নাটালির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেন বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও আমাদের ভালোবাসার সম্পর্ক টিকে আছে।
নাটালির দিকে তাকিয়ে তিনি বলেন, তার জীবনের সব ভালো ও সুন্দর কিছুর উৎস নাটালি। ভাষণের শেষ দিকে লেন বলেন, অনেক সময় কথার চেয়ে কাজ বেশি জোরালো হয়। এরপরই তিনি এতক্ষণ যে বিশেষ পদক্ষেপের কথা বলছিলেন, তা সবার সামনে তুলে ধরেন।
এরপর নাটালির দিকে তাকিয়ে লেন বলেন, ‘স্পিকার, রাইডের প্রতিনিধি হিসেবে আমার শেষ প্রশ্নটি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ নাটালির কাছে, তুমি কি আমাকে বিয়ে করবে?’ নাটালি মাথা নেড়ে সম্মতি জানান। এভাবেই পার্লামেন্টে দেওয়া লেনের বিদায়ী ভাষণ রূপ নেয় এক আবেগঘন বিয়ের প্রস্তাবে।
ভালোবাসা, পরিবার ও জনসেবার কথা দিয়ে শুরু হওয়া তার ভাষণ শেষ হয় জীবনের এক স্মরণীয় মুহূর্তের মধ্য দিয়ে। সহকর্মীদের উপস্থিতিতে পার্লামেন্টেই নাটালিকে বিয়ের প্রস্তাব দেন লেন, যা আনন্দের সঙ্গে গ্রহণ করেন নাটালি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২) নিহত হওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে, তবে সকল আসামি অজ্ঞাত।
সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
নিহত আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওন মোল্লার পুত্র। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আনোয়ার ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন।
পুলিশ জানায়, রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস ছাত্তারের নেতৃত্বে সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় যান কনস্টেবল আনোয়ার মোল্লা। সেখানে পৌঁছানোর পর মাদক কারবারিরা তাদের ওপর আকস্মিক হামলা চালায়। এক পর্যায়ে তাদের ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, মামলায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও হত্যাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে একই থানার এসআই মো. রফিককে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যাদের মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিকও রয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার বেনীপুর গ্রামের বিত্তিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন নড়াইলের দেবীপুর গ্রামের কালিপদের ছেলে সুপাল সরকার (৩৫), ঝিনাইদহের নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪) এবং ভারতের উত্তর চব্বিশ পরগনার বাঁকড়া গ্রামের শরিফুল মীরের ছেলে রাহুল মীর (২১)। উল্লেখ্য, রাহুল মীর বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিক।
বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/৬-এস থেকে প্রায় ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানের মাধ্যমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (র্যাব-৫) দুটি বিদেশি পিস্তল, গুলি, আটটি ম্যাগাজিন, নগদ টাকা এবং ৮ কেজির বেশি হেরোইন উদ্ধার করেছে। এই অভিযানে চারজনকে আটক করা হয়েছে।
র্যাব-৫ জানায়, ২৩ নভেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং নগদ ১ লাখ ৮০ হাজার ৯০০ টাকা। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, একই রাতে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে র্যাব-৫। মাদক কারবারের অভিযোগে মনোয়ারা বেগম ও শাহাদাত হোসেনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। ঝজই-৫ জানিয়েছে, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা। উদ্ধার হওয়া অস্ত্র, গুলি, ম্যাগাজিন, নগদ টাকা ও হেরোইনসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ