প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২) নিহত হওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে, তবে সকল আসামি অজ্ঞাত।
সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
নিহত আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওন মোল্লার পুত্র। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আনোয়ার ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন।
পুলিশ জানায়, রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস ছাত্তারের নেতৃত্বে সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় যান কনস্টেবল আনোয়ার মোল্লা। সেখানে পৌঁছানোর পর মাদক কারবারিরা তাদের ওপর আকস্মিক হামলা চালায়। এক পর্যায়ে তাদের ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, মামলায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও হত্যাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে একই থানার এসআই মো. রফিককে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন