সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:০৮ পি.এম
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে বলেছেন, “একজন শিক্ষকের দায়িত্ব ৯ টা থেকে ৫ টা পর্যন্ত অফিসে কাজ করার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনাদেরকে পড়াশোনার ও পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে। আমরা চাইব, আপনারা অন্তত ২৫ শতাংশ সময় গবেষণা কাজে ব্যয় করেন। আর এর মধ্য দিয়েই আমরা একই সঙ্গে পাঠদানের উৎকর্ষের পাশাপাশি গবেষণাতেও সাফল্য অর্জন করতে পারব।
এই বক্তব্য তিনি সোমবার সমাপনী অনুষ্ঠানে রেখেছেন, যেখানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ৪৭ জন প্রভাষকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এই ট্রেনিং সেশনের আয়োজন করে প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি)।
জাতির প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে উপাচার্য আরও বলেন, “শিক্ষার্থীদের প্রশ্ন করার জন্য উৎসাহিত করতে হবে। কেউ ততক্ষণ পর্যন্ত পুরোপুরি নির্বোধ হয়ে ওঠে না, যতক্ষণ না সে প্রশ্ন করা বন্ধ করে। যারা প্রশ্ন জিজ্ঞাসা করেন না, তারা আস্তে আস্তে নির্বোধ হয়ে উঠতে থাকেন। তাই আমরা আমাদের শিক্ষার্থীদের নির্বোধ হতে দেব না। একেবারে শীর্ষস্থানীয়, অর্থাৎ দক্ষ স্নাতক হিসেবে আমাদের এখান থেকে তৈরি করে বের করে দিতে হবে তাদের কর্মক্ষেত্রের জন্য। কাজেই আপনারা তাদের প্রশ্ন করার জন্য উৎসাহিত করবেন এবং তাদের ভেতরের সৃজনশীলতাগুলো যেন বের করে নিয়ে আসা যায়, সেজন্য চেষ্টা করবেন। সর্বোপরি আপনাদের ওপর জাতির যে প্রত্যাশা, আমাদের যে প্রত্যাশা- সেই প্রত্যাশাগুলো পূরণের জন্য আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন।”
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সুসম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য রয়েছে টিচিং লার্নিং প্রসেস। শিক্ষক হওয়ার পর নিজের ম্যানার এবং স্পিচকে পুনর্মূল্যায়ন করতে হবে। শিক্ষার্থীদের প্রশ্ন করার জন্য উৎসাহিত করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ ক্যাম্পেইন শিক্ষকদের জন্য গুরুত্ব বহন করে। এই ফাউন্ডেশন প্রোগ্রামের মাধ্যমে নবনিযুক্ত শিক্ষকবৃন্দ রুয়েটের শিক্ষার মানকে আরও উপরে নিয়ে যেতে সহযোগিতা করবেন।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আল-আমিন-আল-আজাদউল ইসলাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহে ডাকাতির শিকার হয়ে চরম আতঙ্কের মধ্যে অ্যাম্বুলেন্সে সন্তান প্রসবের পর নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে কালীগঞ্জ থানায় ভুক্তভোগী পরিবারের সদস্য আবদুল্লা আল নোমান দায়ের করেন।
আবদুল্লা আল নোমান জানান, তিনি যশোরের উদ্দেশ্যে তার সন্তানসম্ভবা স্ত্রী ও পরিবারের আরও তিন সদস্যকে নিয়ে যাত্রা করছিলেন। যখন অ্যাম্বুলেন্সটি কালীগঞ্জের গান্না-নিমতলা সড়কের সিংদহ গ্রামে পৌঁছায়, তখন সড়কের পাশে গাছ কেটে ব্যারিকেড দিয়ে আনুমানিক ৭-৮ জন মুখোশধারী ডাকাত তাদের পথ রোধ করে। ডাকাতরা অ্যাম্বুলেন্স থামিয়ে তার, মা ও শাশুড়ির কাছে থাকা নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
তিনি আরও জানান, ডাকাতির ঘটনায় তার স্ত্রী ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। সেই আতঙ্কের মধ্যেই তিনি অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব করেন। তবে নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনার পর তিনি থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আন্তরিকভাবে তদন্ত করছে বলেও তিনি জানান। ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে এবং তিনি তাকে শনাক্ত করতে পেরেছেন বলে দাবি করেন।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে একজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আটক করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত আড়াই টার দিকে ডাকাতদের কবলে পড়ে চরম আতঙ্কিত হয়ে ওই প্রসূতি অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব করেন। পরে নবজাতকের মৃত্যু ঘটে। ডাকাতির শিকার পরিবারটি চুয়াডাঙ্গার পোস্ট অফিস পাড়ার বাসিন্দা আবদুল্লা আল নোমানের। এ সময় মুখোশধারী ডাকাতদল তাদের কাছ থেকে নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় পর্যায়ের কুস্তি ও কারাতে প্রতিযোগিতায় পদক জয়ী কুড়িগ্রামের কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম সভাকক্ষে সোমবার ২৩ নভেম্বর বিকেলে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
সংবর্ধনা অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় পর্যায়ের কুস্তি প্রতিযোগিতায় রাদিয়া আক্তার স্বর্ণপদক, রিয়া ও হাসানুর রৌপ্যপদক এবং রোজাইয়া আক্তার ব্রোঞ্জপদক অর্জন করেছেন। পাশাপাশি কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা রানার্স আপ হয়েছে। কারাতে প্রতিযোগিতায় রাহি ও বর্ষণ স্বর্ণপদক এবং মুয়াদ ব্রোঞ্জপদক জিতেছেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ উল্লেখ করেন, ‘কুড়িগ্রামের খেলোয়াড়েরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও জাতীয় পর্যায়ে যে সাফল্য দেখাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। এই পদকগুলো শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো জেলার জন্য গর্বের।’
তিনি আরও বলেন, ‘তরুণদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করতে এবং তাদের প্রতিভা বিকাশে প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। মাদক ও নানা সামাজিক অসংগতি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই।’
বক্তারা পদকজয়ী খেলোয়াড়দের এই সাফল্য ধরে রেখে ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেদের মেলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে কৃতী খেলোয়াড়দেরকে পুরস্কৃত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পুলিশ ঘিওরের কোশুন্ডা গ্রামের একটি আমবাগান থেকে সুরুজ মিয়া (৬৮) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি আমগাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ ঘটিকায় এই উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়। সুরুজ মিয়া ওই গ্রামের মৃত অছিম উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সুরুজ মিয়া রোববার (২২ নভেম্বর) রাত ১২টার পর থেকে নিখোঁজ ছিলেন। তার ছেলে নয়ন মিয়া এই ঘটনার পর ঘিওর থানায় অভিযোগ দায়ের করেন। সোমবার সকালে স্থানীয় নজরুল ইসলাম তার আমবাগানে গিয়ে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান এবং পরে পরিবারের সদস্যদের খবর দেন।
স্থানীয় ইউপি সদস্য রতন মিয়া এবং পরিবারের অন্যান্য সদস্যরা জানান, সুরুজ মিয়া গত পাঁচ-ছয় মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং ময়নাতদন্তের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃষকরা সহজে ঋণ পাবেন, বাংলার দিন সমৃদ্ধ হবে” এই মূল প্রতিপাদ্য নিয়ে সিলেট–২০২৬ অনুষ্ঠিত হয়েছে কৃষক–ব্যাংক সংযোগ সম্মেলন।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিস প্রাঙ্গণে আয়োজিত ‘কৃষক–ব্যাংক সংযোগ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। তিনি দেশের মানুষের মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। খালেদ আহমদ বলেন, কৃষকদের ব্যাংকের দিকে আসার জন্য অপেক্ষা না করে প্রয়োজনে ব্যাংকারদের কৃষকের দোরগোড়ায় পৌঁছাতে হবে। তিনি আরও বলেন, ঋণ বিতরণ করলেই দায়িত্ব শেষ হবে না, বরং ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত তদারকিও করতে হবে।
কৃষকদের নির্ভয়ে ও সংকোচহীনভাবে ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানিয়ে খালেদ আহমদ বলেন, যদি কোনো ব্যাংক কৃষিঋণ প্রদানে অনীহা প্রকাশ করে, তবে সংশ্লিষ্ট কৃষক বাংলাদেশ ব্যাংকে অভিযোগ জানাতে পারবেন। তিনি কৃষকদের সঙ্গে ব্যাংকের কার্যকর সংযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করে বলেন, কৃষকের মুখে হাসি ফোটাতে পারলেই এ সম্মেলনের প্রকৃত সার্থকতা আসবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, সিলেট এর ব্যাংকিং বিভাগের পরিচালক আব্দুস সালাম মাহমুদ। তিনি বলেন, সিলেট বিভাগ প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ, তাই কৃষি খাতের বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরও কার্যকর ও উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কৃষক ও ব্যাংকারদের সরাসরি সংযোগ স্থাপনে এ ধরনের সম্মেলন আয়োজনের প্রশংসা করেন। তিনি ব্যাংকারদের কৃষিঋণ বিতরণে আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি বৃহত্তর সিলেটের অঞ্চলভিত্তিক কৃষি সম্ভাবনা চিহ্নিত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, পরিকল্পিত চাষাবাদ ও কৃষিঋণের যথাযথ ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী আয়োজিত সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের প্রশাসন বিভাগের পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান। তিনি কৃষক ও ব্যাংকারদের মধ্যকার দূরত্ব কমিয়ে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও আন্তরিকতার সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কৃষক ও ব্যাংকের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি হলে কৃষকদের প্রাতিষ্ঠানিক ঋণপ্রাপ্তি সহজ হবে এবং কৃষি খাত আরও গতিশীল হবে।
বাংলাদেশ ব্যাংক, সিলেটের পরিদর্শন বিভাগের পরিচালক নওশাদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোজাম্মেল হক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, সিলেট এর উপপরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাহির, কৃষি বিপণন অধিদপ্তর, সিলেট এর উপপরিচালক, মিজ জুলিয়া যেসমিন মিলি।
এছাড়া বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মূখ্য আঞ্চলিক প্রধান মোঃ ফয়জুর রহমান শহীর, জনতা ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক রবিউল আলম, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মোঃ রেজাউল ইসলাম, আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী, কৃষিবিদ শাহ মামুনুল আহাদ এবং জনাব সালেহীন চৌধুরী শুভ প্রমুখ।
বাংলাদেশ ব্যাংক, সিলেটের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে সিলেট অঞ্চলে কর্মরত বিভিন্ন ব্যাংকের বিভাগীয় ও আঞ্চলিক প্রধান, কৃষক ও কৃষি উদ্যোক্তাগণসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্মেলন উপলক্ষ্যে সিলেট বিভাগের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে মোট ১৩৩৪ জন কৃষক ও কৃষি উদ্যোক্তার মধ্যে সর্বমোট ১৯.৬০ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করা হয় এবং সম্মেলনস্থলে ২১ জন কৃষককে ঋণ প্রদান করা হয়। এ ছাড়া কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক পিএলসির এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ