ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লালদিয়া কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন ডেনমার্কের স্টেট সেক্রেটারি


লালদিয়া কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন ডেনমার্কের স্টেট সেক্রেটারি

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারিত্ব বিষয়ক স্টেট সেক্রেটারি মিজ এলসবেথ সন্ডারগার্ড ক্রোন লালদিয়া কনটেইনার টার্মিনালের অগ্রগতি পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে তিনি পতেঙ্গার লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান তাকে স্বাগত জানান। তারা প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং মিজ এলসবেথ ক্রোনকে প্রকল্প সংক্রান্ত বিষয়ে বিস্তারিত অবগত করা হয়।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, এপিএমটির সহযোগিতায় বাস্তবায়নাধীন লালদিয়া কনটেইনার টার্মিনালটি দক্ষিণ এশিয়ার দ্রুতগতির গেটওয়ে ই-পোর্ট হিসেবে গড়ে তোলা হচ্ছে। এটি চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং আঞ্চলিক সমুদ্র বাণিজ্য আরও গতিশীল করবে। টার্মিনালটি নবায়নযোগ্য জ্বালানিচালিত একটি ‘গ্রিন টার্মিনাল’ হিসেবে পরিচালিত হবে, যেখানে কার্বন নিঃসরণ কমাতে এবং পরিবেশবান্ধব বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এ ছাড়া ড্যানিশ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের অংশীদারিত্বে লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প নির্মাণের এ উদ্যোগ টেকসই সামুদ্রিক অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ও ডেনমার্কের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতিফলন। ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ নির্মাণকাজ শুরু হবে এবং ২০২৯ সালের মধ্যে এর সম্পূর্ণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্টেট সেক্রেটারি ক্রোনের সফরসঙ্গী ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার এবং ডেনিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা মি. মিলান ক্রিস্টোফার ঝা। প্রতিনিধিদলটি প্রকল্প এলাকার বর্তমান অগ্রগতি পর্যালোচনা করেন এবং এই গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব প্রকল্পের কৌশলগত মাইলফলকগুলো নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে ১০১ ব্যক্তির ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

এ সময় উপস্থিত ছিলেন এপিএম টার্মিনালসের বাংলাদেশি প্রতিনিধি কিউএনএসের পরিচালক ইসরাফিল কাইয়ুম খান, প্রকল্প পরিচালক ম্যাক্রো ডি ক্যাস্ট্রো ও প্রধান নির্বাহী কর্মকর্তা রোমেশ ডেভিডা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উজিরপুরে ছাত্রীর মায়ের সঙ্গে প্রধান শিক্ষক আটক, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১০ পি.এম


উজিরপুরে ছাত্রীর মায়ের সঙ্গে প্রধান শিক্ষক আটক, ভিডিও ভাইরাল

বরিশালের উজিরপুরে এক ছাত্রীর মায়ের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বঙ্কিম চন্দ্র ঘোষ নামে এক প্রধান শিক্ষককে স্থানীয়দের আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের হাবিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বঙ্কিম চন্দ্র ঘোষ হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির পরীক্ষা চলাকালে ওই শিক্ষক বোরকা পরিহিত এক নারীকে নিজের বাড়িতে নিয়ে যান। পরে খবর পেয়ে স্থানীয়রা ওই নারীসহ শিক্ষককে আটক করেন। এ সময় ওই নারীকে একাধিকবার ক্ষমা চাইতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে স্থানীয় এক বিএনপি নেতার মধ্যস্থতায় তাদের ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয় একাধিক ব্যক্তি দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শী নেছার উদ্দিন হাওলাদার জানান, ওই শিক্ষককে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে নিজ ঘরে পাওয়া যায়। এর আগেও তাঁর বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ওটরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. কামরুজ্জামান টুলু বলেন, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয়রা ওই শিক্ষককে আটক করেন। পরে দলের এক জ্যেষ্ঠ নেতার অনুরোধে তাঁকে ছাড়িয়ে আনা হয়। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে তিনি দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র ঘোষ বলেন, ব্যাংকে যাওয়ার পথে বিএনপির লোকজন তাঁকে আটক করে নিয়ে যায় এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তবে কারা তাঁকে আটক করেছে, এমন প্রশ্নে তিনি কারও নাম জানাতে পারেননি।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) নাসরিন খানম বলেন, বিষয়টি তিনি অন্যদের মাধ্যমে শুনেছেন। বিদ্যালয় চলাকালীন প্রধান শিক্ষকের ব্যাংকে যাওয়ার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তাঁদের নজরে এসেছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদন অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উজিরপুরে কৃষকদলের পাল্টাপাল্টি দুই কমিটি, ১০ দিনের ব্যবধানে নতুন ঘোষণা ঘিরে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১২ পি.এম


উজিরপুরে কৃষকদলের পাল্টাপাল্টি দুই কমিটি, ১০ দিনের ব্যবধানে নতুন ঘোষণা ঘিরে বিতর্ক

বরিশালের উজিরপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলকে ঘিরে পাল্টাপাল্টি দুটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মাত্র ১০ দিনের ব্যবধানে পৃথক দুটি কমিটি ঘোষণার ঘটনায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। একই সংগঠনের দুটি কমিটি ঘোষণায় সাংগঠনিক কর্তৃত্ব, নেতৃত্বের সমন্বয় ও কমিটির কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ (সান্টু) ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নয় সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নবঘোষিত কমিটিতে মো. ফায়জুল হক রাড়ীকে সভাপতি এবং মো. আনোয়ার হোসেন ঘরামীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন মল্লিক, সহ-সভাপতি মো. সালাম বেপারী, মো. মোস্তফা মিয়া ও আবুল হোসেন সরদার। সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে মো. মন্টু হাওলাদারকে। এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শাহিন হাওলাদার।

এর আগে গত ১৪ নভেম্বর বরিশাল দক্ষিণ জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক এইচ এম মোহসিন আলম ও সদস্যসচিব শফিউল আলম সফরুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পাঁচ সদস্যবিশিষ্ট আরেকটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ওই কমিটিতে মো. আক্তার হোসেন নয়নকে সভাপতি এবং মো. দিলদার হোসেন স্বপন মল্লিককে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. লাল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মো. সবুজ সরদার।

এদিকে, শুধু জাতীয়তাবাদী কৃষকদল নয়, উজিরপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলেরও একাধিক কমিটি রয়েছে বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে। একই উপজেলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর একাধিক কমিটি ঘোষণার বিষয়টি দলীয় সাংগঠনিক কাঠামো, নেতৃত্বের সমন্বয় এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

একই সংগঠনের জন্য পৃথক দুটি কমিটি ঘোষণার পর কোন কমিটি সাংগঠনিকভাবে স্বীকৃত ও কার্যকর হিসেবে বিবেচিত হবে, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। পাশাপাশি দুই কমিটির সাংগঠনিক বৈধতা এবং এ বিষয়ে দলীয় উচ্চপর্যায়ের অবস্থান কী, সেটিও এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

তবে পাল্টাপাল্টি কমিটি ঘোষণার কারণ, কমিটি গঠনের সাংগঠনিক এখতিয়ার এবং কোন কমিটি কার্যকর থাকবে—এসব বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের টার্ম পেপার উপস্থাপনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নুর হোসাইন

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


নোয়াখালী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের টার্ম পেপার উপস্থাপনা অনুষ্ঠিত
 
নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের (২০২৩–২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের টার্ম পেপার উপস্থাপনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক এ. বি. এম. সানাউল্লাহ ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. রিয়াজ উদ্দিন। এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ মাইনুল ইসলাম।  সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন । এছাড়া অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
 
শিক্ষার্থীরা তাঁদের নির্ধারিত বিষয়ে গবেষণার মূল বক্তব্য ও পর্যবেক্ষণ তুলে ধরেন। উপস্থাপিত বিষয়গুলোর একটি ছিল " রাজনৈতিক দল ও আমলাতন্ত্রের সম্পর্ক এবং আধুনিক রাষ্ট্রের শাসনব্যবস্থায় এর প্রভাব।"  এ উপস্থাপনায় বাংলাদেশের প্রেক্ষাপটে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের ভূমিকা, প্রশাসনিক নিরপেক্ষতা এবং জবাবদিহি নিয়ে আলোচনা করা হয়।
 
উপস্থাপিত বিষয়গুলোর মধ্যে আরও একটি ছিলো "মার্কসের বৈজ্ঞানিক সমাজতন্ত্র: পুঁজিবাদী সমাজের সমালোচনা ও সমাজতান্ত্রিক রাষ্ট্রের ধারণা" এই উপস্থাপনায়, মার্কসের শ্রেণী সংগ্রাম, উদ্বৃত্ত মূল্য তত্ত্ব, শ্রমিক শ্রেণীর রাজনীতিতে অংশগ্রহণ, পরিশেষে মার্কসের শ্রেণি শোষণহীন সাম্যবাদী সমাজের কথা উল্লেখ করা হয়েছে।
 
অতিথিরা তাদের বক্তব্যে উচ্চশিক্ষায় গবেষণা ও জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের কোনো বিষয় গভীরভাবে বুঝতে, বিশ্লেষণ করতে এবং নিজের ভাবনা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরতে উৎসাহ দেবে।
 
কলেজের অধ্যক্ষ ও বিভাগের শিক্ষকরা আয়োজন এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন। প্রস্তুতি থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত যাঁরা সময় দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন এবং নানাভাবে পাশে থেকেছেন, তাঁদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে আয়োজকেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবহন শ্রমিকদের জন্য ঢাকা অঞ্চলে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


পরিবহন শ্রমিকদের জন্য ঢাকা অঞ্চলে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় সড়ক পরিবহন খাতের শ্রমিক ও মালিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ৫০০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই হাসপাতালটি পরিবহন মালিকদের নিজস্ব অর্থায়নে নির্মিত হবে এবং এর জন্য উপযুক্ত জমি খুঁজে বের করা হচ্ছে। হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে, পরিবহন খাতের শ্রমিক, মালিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

আজ রাজধানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিলের বোর্ডের প্রথম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি।

তিনি উল্লেখ করেন, এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হচ্ছে পরিবহন খাতের শ্রমিকদের পাশাপাশি মালিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করা। এ জন্য ঢাকা ও এর আশপাশের এলাকায় হাসপাতাল নির্মাণের জন্য উপযোগী জমি খোঁজা হচ্ছে। ৫০০ শয্যার হাসপাতালটি নির্মিত হলে, পরিবহন খাতের বিপুলসংখ্যক শ্রমিক ও মালিক উন্নত চিকিৎসাসেবা লাভের সুযোগ পাবেন।

শিমুল বিশ্বাস আরও বলেন, বাংলাদেশের সড়ক পরিবহন খাতে প্রায় ৭০ লাখ শ্রমিক কর্মরত আছেন। দেশের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থা সচল রাখতে এসব শ্রমিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসাসেবা ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা ছিল না। বিশেষ করে কর্মক্ষেত্রে দুর্ঘটনা, শারীরিক অসুস্থতা এবং পেশাগত ঝুঁকির কারণে অনেক শ্রমিক ও তাদের পরিবার আর্থিক ও চিকিৎসাসংকটে পড়েন। এ ছাড়া পরিবহন মালিকদেরও বিভিন্ন সময়ে চিকিৎসাসেবার প্রয়োজন হয়।

প্রস্তাবিত হাসপাতালটি এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শিমুল বিশ্বাস বলেন, পরিবহন শ্রমিকদের কল্যাণে হাসপাতাল নির্মাণের পাশাপাশি দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের আর্থিক সহায়তা, চিকিৎসা ব্যয় নির্বাহ এবং তাদের পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও কাজ করা হচ্ছে। কল্যাণ তহবিলের মাধ্যমে এসব কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে সড়ক পরিবহন শ্রমিকদের কল্যাণ তহবিল পরিচালনার জন্য গঠিত বোর্ডের প্রথম সভায় সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এতে সড়ক পরিবহন মালিক সমিতি, বাস ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, শ্রম মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর এবং মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

শিমুল বিশ্বাস বলেন, পরিবহন শ্রমিকদের কল্যাণে মালিক ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতায় তহবিলের অর্থ সংগ্রহ, সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের চিকিৎসা, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, মৃত্যুজনিত আর্থিক সহায়তা, শিক্ষা সহায়তা এবং তাদের পরিবারের কল্যাণে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে পরিবহন শ্রমিকদের জন্য একটি কার্যকর কল্যাণ তহবিল গঠনের প্রয়োজনীয়তা অনুভূত হলেও নানা কারণে এর কার্যক্রম প্রত্যাশিতভাবে এগোয়নি।

এখন বোর্ডের প্রথম সভার মাধ্যমে সেই কার্যক্রম বাস্তবায়নের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শ্রমিকদের কল্যাণে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে পরিবহন খাতে সামাজিক নিরাপত্তা ও কর্মপরিবেশের উন্নয়ন ঘটবে।

উল্লেখ্য, ব্যক্তি মালিকানাধীন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল আইন, ২০২৩-এর ৬ ও ৭ ধারা অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করে।

সাত সদস্যের এ বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান। এতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিআরটিএ, শ্রম অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধিরা সদস্য হিসেবে রয়েছেন।

আইন ও বিধিমালা অনুযায়ী, এ বোর্ডের অন্যতম দায়িত্ব হচ্ছে কল্যাণ তহবিলের অর্থ সংগ্রহ, সংরক্ষণ ও শ্রমিকদের কল্যাণে যথাযথ ব্যবহার নিশ্চিত করা। পাশাপাশি সড়ক পরিবহন শ্রমিক ও তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের চিকিৎসা, দুর্ঘটনা, মৃত্যু ও শিক্ষা সহায়তা প্রদান এবং বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা।

সংশ্লিষ্টরা মনে করছেন, ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পরিবহন খাতের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বিশেষ করে দুর্ঘটনায় আহত শ্রমিকদের জরুরি চিকিৎসা, পেশাগত কারণে সৃষ্ট স্বাস্থ্যসমস্যার চিকিৎসা এবং স্বল্প আয়ের শ্রমিকদের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে পরিবহন মালিকদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%