প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় সড়ক পরিবহন খাতের শ্রমিক ও মালিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ৫০০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই হাসপাতালটি পরিবহন মালিকদের নিজস্ব অর্থায়নে নির্মিত হবে এবং এর জন্য উপযুক্ত জমি খুঁজে বের করা হচ্ছে। হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে, পরিবহন খাতের শ্রমিক, মালিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
আজ রাজধানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিলের বোর্ডের প্রথম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি।
তিনি উল্লেখ করেন, এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হচ্ছে পরিবহন খাতের শ্রমিকদের পাশাপাশি মালিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করা। এ জন্য ঢাকা ও এর আশপাশের এলাকায় হাসপাতাল নির্মাণের জন্য উপযোগী জমি খোঁজা হচ্ছে। ৫০০ শয্যার হাসপাতালটি নির্মিত হলে, পরিবহন খাতের বিপুলসংখ্যক শ্রমিক ও মালিক উন্নত চিকিৎসাসেবা লাভের সুযোগ পাবেন।
শিমুল বিশ্বাস আরও বলেন, বাংলাদেশের সড়ক পরিবহন খাতে প্রায় ৭০ লাখ শ্রমিক কর্মরত আছেন। দেশের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থা সচল রাখতে এসব শ্রমিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসাসেবা ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা ছিল না। বিশেষ করে কর্মক্ষেত্রে দুর্ঘটনা, শারীরিক অসুস্থতা এবং পেশাগত ঝুঁকির কারণে অনেক শ্রমিক ও তাদের পরিবার আর্থিক ও চিকিৎসাসংকটে পড়েন। এ ছাড়া পরিবহন মালিকদেরও বিভিন্ন সময়ে চিকিৎসাসেবার প্রয়োজন হয়।
প্রস্তাবিত হাসপাতালটি এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শিমুল বিশ্বাস বলেন, পরিবহন শ্রমিকদের কল্যাণে হাসপাতাল নির্মাণের পাশাপাশি দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের আর্থিক সহায়তা, চিকিৎসা ব্যয় নির্বাহ এবং তাদের পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও কাজ করা হচ্ছে। কল্যাণ তহবিলের মাধ্যমে এসব কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে সড়ক পরিবহন শ্রমিকদের কল্যাণ তহবিল পরিচালনার জন্য গঠিত বোর্ডের প্রথম সভায় সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এতে সড়ক পরিবহন মালিক সমিতি, বাস ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, শ্রম মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর এবং মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
শিমুল বিশ্বাস বলেন, পরিবহন শ্রমিকদের কল্যাণে মালিক ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতায় তহবিলের অর্থ সংগ্রহ, সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের চিকিৎসা, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, মৃত্যুজনিত আর্থিক সহায়তা, শিক্ষা সহায়তা এবং তাদের পরিবারের কল্যাণে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে পরিবহন শ্রমিকদের জন্য একটি কার্যকর কল্যাণ তহবিল গঠনের প্রয়োজনীয়তা অনুভূত হলেও নানা কারণে এর কার্যক্রম প্রত্যাশিতভাবে এগোয়নি।
এখন বোর্ডের প্রথম সভার মাধ্যমে সেই কার্যক্রম বাস্তবায়নের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শ্রমিকদের কল্যাণে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে পরিবহন খাতে সামাজিক নিরাপত্তা ও কর্মপরিবেশের উন্নয়ন ঘটবে।
উল্লেখ্য, ব্যক্তি মালিকানাধীন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল আইন, ২০২৩-এর ৬ ও ৭ ধারা অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করে।
সাত সদস্যের এ বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান। এতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিআরটিএ, শ্রম অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধিরা সদস্য হিসেবে রয়েছেন।
আইন ও বিধিমালা অনুযায়ী, এ বোর্ডের অন্যতম দায়িত্ব হচ্ছে কল্যাণ তহবিলের অর্থ সংগ্রহ, সংরক্ষণ ও শ্রমিকদের কল্যাণে যথাযথ ব্যবহার নিশ্চিত করা। পাশাপাশি সড়ক পরিবহন শ্রমিক ও তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের চিকিৎসা, দুর্ঘটনা, মৃত্যু ও শিক্ষা সহায়তা প্রদান এবং বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা।
সংশ্লিষ্টরা মনে করছেন, ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পরিবহন খাতের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বিশেষ করে দুর্ঘটনায় আহত শ্রমিকদের জরুরি চিকিৎসা, পেশাগত কারণে সৃষ্ট স্বাস্থ্যসমস্যার চিকিৎসা এবং স্বল্প আয়ের শ্রমিকদের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে পরিবহন মালিকদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন