ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অনলাইন ট্রেডিং অ্যাপে ১১ লাখ টাকা প্রতারণায় আব্দুল্লাহ সরকার গ্রেপ্তার


অনলাইন ট্রেডিং অ্যাপে ১১ লাখ টাকা প্রতারণায় আব্দুল্লাহ সরকার গ্রেপ্তার

অনলাইন ট্রেডিং অ্যাপের মাধ্যমে বিনিয়োগের উচ্চ লভ্যাংশের প্রলোভন দেখিয়ে প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িত একটি সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃত ব্যক্তি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পিবিআই-এর পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

গ্রেপ্তারকৃত আসামির নাম আব্দুল্লাহ সরকার (৩৯)। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ থানার রসুলপুর এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: যুবলীগ নেতা আলম সিদ্দিকী থাইল্যান্ড যেতে পারেননি, বিমানবন্দরে আটক

পিবিআই জানায়, নারায়ণগঞ্জ সদরের টানবাজারের ব্যবসায়ী মো. নূর কামাল আজাদকে (৪৮) হোয়াটসঅ্যাপে আন্তর্জাতিক ট্রেডিং বিজনেসের প্রলোভন দেখিয়ে একটি ওয়েবসাইটের লিংক পাঠায় প্রতারক চক্র। ওই লিংকে অ্যাকাউন্ট খোলার পর লাভের লোভ দেখিয়ে গত ১০ মে থেকে ২৪ মে পর্যন্ত বিভিন্ন বিকাশ নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তার কাছ থেকে মোট ১০ লাখ ৮১ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেওয়া হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

তদন্তে নেমে পিবিআই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২১ নভেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ থেকে আব্দুল্লাহ সরকারকে গ্রেপ্তার করে। এর আগে এ চক্রের আরো তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল।

রিমান্ড শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালতে সোপর্দ করা হলে আব্দুল্লাহ সরকার ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে টার্গেট করে প্রতারণার অর্থ বাইন্যান্স ও পকেট অপশন অ্যাপের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে সহযোগীদের কাছে পাঠাত।

এ বিষয়ে পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানিয়েছেন, প্রতারক চক্রটি অনলাইনে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে তা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করত। গ্রেপ্তারকৃত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চক্রের মূল হোতা ও অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: রেড ক্রিসেন্টের নির্বাচন স্থগিত, হাইকোর্টের নির্দেশ পূর্ব কমিশনকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন বেতন কাঠামো নিয়ে পোশাক শ্রমিকদের মিশ্র প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


নতুন বেতন কাঠামো নিয়ে পোশাক শ্রমিকদের মিশ্র প্রতিক্রিয়া

দেশের তৈরি পোশাকশিল্পে মালিকপক্ষের নতুন বেতন কাঠামো নিয়ে শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু শ্রমিক নতুন বেতন কাঠামোকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করছেন, তবে অন্যরা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া এবং জীবনযাত্রার ব্যয়ের তুলনায় এই বেতন এখনও যথেষ্ট নয়। তাই শ্রমিকরা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরির দাবি তুলেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে এমন প্রতিক্রিয়া পাওয়া গেছে।

আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিক রুবিনা আক্তার মন্তব্য করেন, "নতুন বেতন কাঠামোতে বেতন কিছুটা বাড়লে আমাদের জন্য ভালো। কিন্তু চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে সবকিছুর দাম বেড়েছে। বাসাভাড়া ও পরিবারের অন্যান্য খরচ মেটানোর পর হাতে তেমন টাকা থাকে না। তাই বেতন এমন হওয়া উচিত, যাতে পরিবার নিয়ে স্বাভাবিকভাবে চলতে পারি।"

আরেক শ্রমিক মো. সোহেল বলেন, "আমরা প্রতিদিন দীর্ঘ সময় কাজ করি। মাস শেষে যে বেতন পাই, তা দিয়ে সংসার চালানো কঠিন। নতুন বেতন কাঠামো ঘোষণার পাশাপাশি সেটি যথাসময়ে কার্যকর করতে হবে। ওভারটাইমের টাকাও নিয়মিত পরিশোধ করতে হবে।"

অন্যদিকে, একাধিক নারী শ্রমিকের মতে, বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তা, সময়মতো বেতন পরিশোধ, ছুটির সুবিধা এবং মাতৃত্বকালীন সুযোগ-সুবিধা নিশ্চিত করাও জরুরি।

শ্রমিকদের দাবি, শুধু বেতন বাড়ানোর ঘোষণা দিলেই হবে না, বাস্তবে তার সুফল শ্রমিকদের হাতে পৌঁছাতে হবে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে নিয়মিত বেতন পুনর্নির্ধারণের ব্যবস্থা করতে হবে।

সংশ্লিষ্টদের মতে, পোশাকশিল্পের উৎপাদন স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের সন্তুষ্টি নিশ্চিত করতে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে পোশাক শ্রমিকদের বেশিরভাগ অংশ নতুন বেতন কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ন্যূনতম মজুরি কোনোভাবেই ২০ হাজার টাকার নিচে মেনে নেওয়া যায় না। এ সময় তারা নতুন বেতন কাঠামো পুনরায় বিবেচনা করার অনুরোধ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় গুলিতে নিহত হলেন নিষিদ্ধ আ.লীগ নেতা আবদুল হালিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


খুলনায় গুলিতে নিহত হলেন নিষিদ্ধ আ.লীগ নেতা আবদুল হালিম

খুলনার দৌলতপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আবদুল হালিম নামের একজন আওয়ামী লীগ নেতা, যিনি কার্যক্রম নিষিদ্ধ ছিলেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায়। তার মাথা ও বুকে গুলি লাগে এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

নিহত আবদুল হালিম স্থানীয় ৪ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন। তিনি কেসিসির ৪ নাম্বার ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা গেছে। দৌলতপুর বাজারে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল।

দৌলতপুর থানার ওসি মুরাদুল ইসলাম হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

পঞ্চগড়ে সরকারি প্রকল্পের কাজ বাস্তবায়নের ক্ষেত্রে নিম্নমানের পণ্য ব্যবহার, পরিমাণে কম কাজ, নামমাত্র কার্যক্রম এবং ঠিকাদারের নামে নিজে কাজ সম্পন্ন করে বিল উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে, দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার ফরহাদ হোসেনকে নিযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার তিনি তদন্তের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, খুব শিগগিরই তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়া হবে।

এর আগে চলতি মাসের ১১ তারিখ পঞ্চগড়ে সরকারি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধানের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া কোথাও নির্ধারিত পরিমাণ কাজ না করেই বিল উত্তোলন করা হয়েছে। এর ফলে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে এবং সাধারণ মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন।

জানা যায়, উন্নয়ন সহায়তা তহবিল বিবিজি ২০২৫-২০২৬ অর্থ বছরে কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদে ১৪ লাখ ২৬ হাজার ১০০ টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে ২ টি ইউড্রেনে ৩ লাখ, শহীদ মিনার নির্মাণে ১ লাখ ৬৯ হাজার ৪০০, শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহে সাড়ে ৪ লাখ, স্কুলে ফ্লোরমেট সরবরাহে ৩ লাখ ৫৭ হাজার ৪০০, এবং কালভার্ট নির্মাণে ১ লাখ ৪৯ হাজার ৩০০ টাকার স্ক্রীম গ্রহণ করা হয়েছে।

একই অর্থ বছরে পরিষদের এক শতাংশ খাতের আওতায় ১০ লাখ ৬০ হাজার টাকায় ৬ টি স্ক্রীমে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়েছে। নিয়মানুযায়ী আরএফকিউ করে মেসার্স লাবিবা ট্রেডার্সকে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দেখানো হলেও প্রকল্পের বাস্তবায়ন করেন চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।

বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্লোরমেট ৩ লাখ ৫৭ হাজার টাকার বরাদ্দে ৫ হাজার ৯১৩ স্কয়ার ফুট দেওয়ার কথা থাকলেও পরিষদের নথিপত্র ও সরজমিনে দেখা গেছে, ১২ টি বিদ্যালয়ে ৩ হাজার ৯৪৬ স্কয়ার ফুট বিতরণ করা হয়েছে। সাড়ে ৪ লাখ টাকায় ৪৫ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে, যার দাম ধরা হয়েছে ১০ হাজার টাকা জোড়া। কিন্তু উঁচু বেঞ্চ ৪ ফুট এবং নিচু বেঞ্চ ৫ ফুট বিতরণ করা হলেও বাজার মূল্য ৩ হাজার ৩০০ থেকে ৫০০ টাকা। তাছাড়া কুচিয়ামোড় বান্দেরপাড়া ইবতেদায়ী মাদ্রাসায় বেঞ্চ প্রদান করা হয়নি।

কুচিয়ামোড় উত্তরপাড়া ব্রীজের দুপাশে মাটি ভরাট বাবদ ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও স্থানীয় জহিরুল জানিয়েছেন দুই দফায় ১৩ টলি মাটি ভরাট করা হয়েছে। ঠুনিরডাঙ্গা ও বৈরাগীপাড়ায় দুইটি ইউড্রেনে ৩ লাখ টাকা বরাদ্দ রয়েছে। স্থানীয়দের দাবি, একটি ইউড্রেনে সর্বোচ্চ ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ করা হয়েছে।

ঠুনিরডাঙ্গা ইউড্রেনের বাস্তবায়ন করছেন ইউপি সদস্য রবিউল ইসলাম, তিনি দেড় লাখ টাকার বরাদ্দের মধ্যে ১ লাখ ২ হাজার টাকা পেয়েছেন বলে জানান। তবে তার কাছে আর কোন টাকা প্রদান করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই ধাক্কা সামলে অটল ভারতের অর্থনীতি, প্রবৃদ্ধি ধরে রাখল ৭.৮ শতাংশে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


দুই ধাক্কা সামলে অটল ভারতের অর্থনীতি, প্রবৃদ্ধি ধরে রাখল ৭.৮ শতাংশে

যুদ্ধ এবং বিরূপ আবহাওয়ার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাকে বজায় রাখতে সক্ষম হয়েছে ভারত। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটির প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৭.৮ শতাংশে পৌঁছেছে, যা আগের অর্থবছরের একই সময়ের ৬.৯ শতাংশের তুলনায় বেশি। সম্প্রতি প্রকাশিত একটি নিবন্ধে ভারতের নীতি আয়োগের সদস্য আর বালাসুব্রামানিয়াম দেশের অর্থনীতির এই পুনরুদ্ধারের চিত্র তুলে ধরেছেন।

অর্থনীতিবিদ আর বালাসুব্রামানিয়ামের মতে, দীর্ঘকালীন কাঠামোগত সংস্কার এবং সাধারণ মানুষের শক্তিশালী আর্থিক ভিত্তি এই সংকট কাটিয়ে উঠতে ভারতকে সহায়তা করেছে।

বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে ভারতের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৭.৮ শতাংশ হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৬.৯ শতাংশ। এই সময়ের মধ্যে ব্যক্তি পর্যায়ের ভোগব্যয় ৭.১ শতাংশ বেড়েছে, বিনিয়োগ ১১.৯ শতাংশ এবং রপ্তানি ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। খাতভিত্তিক উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) ৯.২ শতাংশ, নির্মাণ ৭.৭ শতাংশ এবং সেবা ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

কিন্তু কৃষি ও প্রাথমিক খাতে প্রবৃদ্ধি মাত্র ২.৯ শতাংশে সীমাবদ্ধ রয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতীয় অপরিশোধিত তেলের দাম ৪১.৫ শতাংশ বৃদ্ধি পাওয়ার পরেও, অর্থ মন্ত্রণালয়ের তাৎক্ষণিক পূর্বাভাস অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ৭.৩৫ শতাংশে দাঁড়িয়েছে।

ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস ৭.১ শতাংশে উন্নীত করেছে। বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) তাদের পূর্বাভাস যথাক্রমে ৭.১ এবং ৭ শতাংশ নির্ধারণ করেছে। ভারতের এই পারফরম্যান্স একটি অনিশ্চিত বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে বেশ নজরকাড়া।

জ্বালানি সংকট মোকাবিলা

সঙ্কট আসার আগেই অর্থনৈতিক সহনশীলতা বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা তৈরি করতে হয়। ভারত বর্তমানে প্রায় ৪০টি দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর মাত্র দুই সপ্তাহের মধ্যে বিকল্প পথে তেল আসার হার ৫৫ শতাংশ থেকে বেড়ে ৭০ শতাংশে উন্নীত হয়েছে। গৃহস্থালি সরবরাহকে অগ্রাধিকার দিয়ে তেল শোধনাগারগুলো রান্নার গ্যাসের উৎপাদন ৪০ শতাংশ বৃদ্ধি করেছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ ২০১৪ সালে দেশে রান্নার গ্যাসের সংযোগ ছিল ১৪.৫ কোটি, যা আজ বেড়ে ৩৩.৪ কোটিতে পৌঁছেছে—এর মধ্যে ১০.৬ কোটি সংযোগ দেওয়া হয়েছে ‘উজ্জ্বলা’ প্রকল্পের অধীনে।

দ্বিতীয় সুরক্ষা কবচ হিসেবে কাজ করেছে সরকারের রাজস্ব হস্তক্ষেপ। গত ২৭ মার্চ সরকার পেট্রোল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক প্রতি লিটারে ১০ রুপি কমিয়েছে, ডিজেল ও উড়োজাহাজের জ্বালানির ওপর রপ্তানি শুল্ক আরোপ করেছে এবং রান্নার গ্যাসের লোকসান পুষিয়ে নিতে তেল কোম্পানিগুলোর জন্য ৩০ হাজার কোটি রুপি অনুমোদন করেছে। এছাড়া ডিজেলের দাম লিটারে ৫০ রুপি বাড়ার আশঙ্কা থাকলেও সরকার নিজেই ৪৩ রুপির বোঝা বহন করেছে। ব্যবসায়ীদের অতিরিক্ত ঋণ সহায়তার জন্য ২.৫৫ লাখ কোটি রুপি জরুরি ঋণ গ্যারান্টি তহবিল গঠন করা হয়েছে।

শক্তিশালী সরকারি অর্থব্যবস্থা যেভাবে হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছে, তা ভারতের রাজস্ব অবস্থানের উন্নতির ফলে সম্ভব হয়েছে। ২০২০-২১ অর্থবছরে কেন্দ্রীয় সরকারের রাজস্ব ঘাটতি জিডিপির ৯.২ শতাংশ থাকলেও ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তা কমে ৪.৩ শতাংশে নেমে এসেছে। আন্তর্জাতিক রেটিং সংস্থা এসঅ্যান্ডপি (S&P) ভারতের ক্রেডিট রেটিং উন্নীত করে 'BBB' করেছে এবং জাপান ক্রেডিট রেটিং এজেন্সি তা বাড়িয়ে 'A-' করেছে। দ্বিতীয় প্রান্তিকে মোট জিএসটি (GST) সংগ্রহ বেড়েছে প্রায় ১৫ শতাংশ।

এক্ষেত্রে রাজ্য সরকারগুলোর ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাজ্যগুলোর জন্য কর বণ্টন বাবদ ১৫.২৬ লাখ কোটি রুপি এবং মূলধনী বিনিয়োগ ঋণ হিসেবে ২ লাখ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। সময়মতো অর্থ ছাড় হওয়ায় রাজ্যগুলো উন্নয়নমূলক ব্যয় অব্যাহত রাখতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ঠিক রাখতে সক্ষম হয়েছে।

আর্থিক খাতের দৃঢ়তা অভ্যন্তরীণ চাহিদাকে সমর্থন জুগিয়েছে। ব্যাংকগুলো শক্তিশালী আর্থিক অবস্থার মধ্য দিয়ে এই সংকটের মুখোমুখি হয়েছে। ২০২৬ সালের জুনে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের হার ছিল মাত্র ১.৬৭ শতাংশ, এবং আপৎকালীন মূলধনের সক্ষমতা ছিল ১৭.৮৭ শতাংশ। সেপ্টেম্বরে ব্যাংক থেকে ঋণ দেওয়ার হার বেড়ে ১৮.১ শতাংশ হয়েছে। অক্টোবরের শুরুতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭৩৪.৬ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা দিয়ে প্রায় ১১ মাসের আমদানি খরচ মেটানো সম্ভব। প্রথম প্রান্তিকে বৈদেশিক বাণিজ্যে আয়ের চেয়ে ব্যয়ের ঘাটতি ছিল জিডিপির মাত্র ০.৫ শতাংশ।

তবে এর চেয়েও গভীর সুরক্ষা সাধারণ পরিবারগুলোর আর্থিক সক্ষমতার মধ্যে নিহিত। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, দৈনিক ৪.২০ ডলার আয়ের মানদণ্ডে ভারতে দারিদ্র্যের হার ২০১১ সালের ৫৭.৭ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ১৬.১ শতাংশে নেমে এসেছে, যার ফলে ৪৯.৬ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে এসেছে। ২০২৪-২৫ অর্থবছরে গৃহস্থালি সঞ্চয় বেড়ে জিডিপির ২১.৭ শতাংশে দাঁড়িয়েছে। ভারতের ৫৯.০৯ কোটি 'জন ধন' ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে ৩.১৭ লাখ কোটি রুপি, যা দেশীয় অর্থনীতির একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।

নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ এই ভিত্তিকে আরও মজবুত করেছে। ১০ কোটিরও বেশি গ্রামীণ নারী স্বনির্ভর গোষ্ঠীর (সেলফ-হেল্প গ্রুপ) সাথে যুক্ত, যারা ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ১৪.২৫ লাখ কোটি রুপি প্রাতিষ্ঠানিক ঋণ পেয়েছে। শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণ ২০১৭-১৮ সালের ২৩.৩ শতাংশ থেকে বেড়ে ২০২৩-২৪ সালে ৪১.৭ শতাংশে পৌঁছেছে। আয়ের ওপর চাপ তৈরি হলে এই নেটওয়ার্কগুলো পরিবারগুলোকে সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ করে দেয়।

জলবায়ু ঝুঁকি গ্রামীণ অর্থনীতির পরীক্ষা নিচ্ছে। দ্বিতীয় ধাক্কাটি এসেছে 'এল নিনো'-র প্রভাবে দুর্বল বর্ষা থেকে। মৌসুমি বৃষ্টিপাত দীর্ঘমেয়াদী গড়ের মাত্র ৮৭ শতাংশ হয়েছে, যেখানে দক্ষিণ উপদ্বীপীয় অঞ্চলে বৃষ্টি হয়েছে মাত্র ৭৬ শতাংশ। এর ফলে ধানের আবাদি জমি প্রায় ১৬ লাখ হেক্টর কমে গেছে। তবুও, আগের দশকগুলোর তুলনায় ভারতীয় কৃষি খাত অনেক শক্তিশালী অবস্থানে থেকেই এই সময়ে প্রবেশ করেছে; ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে এই খাতে বার্ষিক গড় প্রবৃদ্ধি ছিল ৪.৪৩ শতাংশ।

দুর্বল বর্ষার প্রভাব এখন খাদ্যের দামে দৃশ্যমান। অক্টোবরে খুচরা মূল্যস্ফীতি ৬.০৯ শতাংশে পৌঁছেছে, যেখানে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮.৯৪ শতাংশ। তবে মূল্যবান ধাতু বাদ দিলে আগস্টে মূল (কোর) মূল্যস্ফীতি ছিল মাত্র ২.৯ শতাংশ। এটি ইঙ্গিত দেয় যে দাম বাড়ার পেছনে অর্থনীতির অতিরিক্ত গরম হয়ে যাওয়ার চেয়ে সরবরাহজনিত সংকটই মূল কারণ। ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’র আওতায় ৮০ কোটিরও বেশি মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ায় তারা সুরক্ষিত রয়েছেন, আর ‘এক দেশ এক রেশন কার্ড’ অভিবাসী পরিবারগুলোর জন্য খাদ্য সুবিধা নিশ্চিত করছে।

সরকার ৩১৫টি ঝুঁকিপূর্ণ জেলা চিহ্নিত করেছে, জরুরি পরিকল্পনা প্রস্তুত রেখেছে এবং অতিরিক্ত বীজ মজুত করেছে। দেশে ২৭.৬ মিলিয়ন টন বাফার স্টকের চাহিদার বিপরীতে গমের মজুত রয়েছে ৪৮ মিলিয়ন টন। কৃষকদের ডাল ও মিলেট (বাজরা জাতীয় শস্য) চাষের দিকে ঝুঁকতে উৎসাহিত করা হচ্ছে।

প্রবৃদ্ধি ধরে রাখতে প্রয়োজন কৌশলগত অগ্রাধিকার। এই অর্থনৈতিক সহনশীলতা দীর্ঘস্থায়ী হবে কি না, তা চারটি অগ্রাধিকারের ওপর নির্ভর করবে। প্রথমত, রাজস্ব সহায়তা অস্থায়ী রাখতে হবে, যাতে সরকারি বিনিয়োগ ব্যাহত না করে সাধারণ পরিবারগুলোকে সুরক্ষা দেওয়া যায়। দ্বিতীয়ত, জ্বালানি নিরাপত্তাকে কেবল আমদানির উৎস বহুমুখীকরণের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশীয় নবায়নযোগ্য জ্বালানি, স্টোরেজ এবং কৌশলগত রিজার্ভের দিকেও সম্প্রসারিত করতে হবে। তৃতীয়ত, পানিকে অর্থনৈতিক অবকাঠামো হিসেবে বিবেচনা করতে হবে এবং ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে সেচ খাতে বিনিয়োগ বাড়াতে হবে। চতুর্থত, গ্রামীণ আয়কে আবহাওয়ার ওপর কম নির্ভরশীল করে তুলতে হবে।

সবচেয়ে বড় শিক্ষা হলো, অর্থনৈতিক সহনশীলতা রাতারাতি তৈরি হয় না। জ্বালানি সরবরাহের বহুমুখীকরণ, শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা, সুশৃঙ্খল সরকারি অর্থব্যবস্থা, ব্যাপক আর্থিক অন্তর্ভুক্তি এবং নারীদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এটি গড়ে উঠেছে। প্রায় ৫০ কোটি মানুষের দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে আসা দেশটির যেকোনো সংকট সামাল দেওয়ার সক্ষমতাকে আমূল বদলে দিয়েছে।

যখন পরীক্ষা এসেছে, তখন কেন্দ্র ও রাজ্য সরকারগুলো দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং সাধারণ পরিবারগুলো শক্তভাবে পরিস্থিতি সামাল দিয়েছে। গত মার্চে পেট্রোল পাম্পের অপরিবর্তিত মূল্যতালিকা বছরের পর বছর ধরে নেওয়া প্রস্তুতিরই প্রতিফলন ছিল। আগামী বছরের চ্যালেঞ্জ হলো—চাল ও ডালের দামের ক্ষেত্রেও যেন একই সাফল্যের গল্প নিশ্চিত করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%