ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চট্টগ্রাম বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮১৯, নিষিদ্ধ সংগঠনের ৭৪ জন অন্তর্ভুক্ত


চট্টগ্রাম বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮১৯, নিষিদ্ধ সংগঠনের ৭৪ জন অন্তর্ভুক্ত

চট্টগ্রাম, ২৪ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ ৮১৯ জনকে গ্রেফতার করেছে। এই অভিযানের উদ্দেশ্য ছিল কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ করা। গ্রেফতারকৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭৪ জনও রয়েছেন। একই সময়ে কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৩৫৯ জনকে আটক করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের ফলস্বরূপ ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ৮১৯ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮১, আগের মামলায় ১২৩, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৪, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৪ এবং পরোয়ানা মূলে ১০৩ জন অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া সাজা পরোয়ানায় ২১ জন, মাদক মামলায় ৫৮ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৬ জন মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার হয়েছেন।

আরও পড়ুন: চট্টগ্রামে এমবাপ্পেকে আমন্ত্রণ জানালেন প্রশাসক ডা. শাহাদাত হোসেন

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ছয় হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং ৩০টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে ৭ হাজার ৭০৯টি ইয়াবা, ৬০ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, ছয় বোতল বিদেশি মদ ও ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে নয় জেলায় ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ২৯, চট্টগ্রামে ১৯, লক্ষ্মীপুরে ছয়, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও নোয়াখালীতে চারজন করে, খাগড়াছড়িতে তিন এবং ফেনীতে একজন রয়েছেন।

কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৫৯ জনের মধ্যে ১৭০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৮৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের টার্ম পেপার উপস্থাপনা অনুষ্ঠিত

জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ১৮১ জন কিশোর গ্যাং সদস্য আটক হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ৩৬, লক্ষ্মীপুরে ৩৫, কক্সবাজারে ২৮, নোয়াখালীতে ২৫, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, খাগড়াছড়িতে ১২, চাঁদপুরে ১১, রাঙামাটিতে আট ও বান্দরবানে সাতজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় দুর্নীতির দায়ে চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


খুলনায় দুর্নীতির দায়ে চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা

খুলনার পাইকগাছা উপজেলার ১০ নম্বর গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম আব্দুস ছালামকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার পদটি শূন্য ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের একটি সরকারি আদেশের মাধ্যমে তাকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) জারি করা ওই আদেশ অনুযায়ী, ১৭ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান জি এম আব্দুস ছালামের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনে অদক্ষতা, কর্তব্যে অবহেলা, অপরাধমূলক আর্থিক ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম, পরিষদের সম্পত্তি ব্যবস্থাপনায় অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ, নাগরিক সেবা প্রদানে প্রত্যাশিত মান বজায় না রাখা এবং সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (গ) উপধারা অনুযায়ী তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ৩৫(১) ধারার বিধান অনুযায়ী।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংশ্লিষ্ট আইনের ৩৫(১) ও (২) ধারা মোতাবেক ১০ নম্বর গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।

চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করায় ইউনিয়ন পরিষদের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবি শিক্ষক ড. রাশেদ টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


মাভাবিপ্রবি শিক্ষক ড. রাশেদ টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন

সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও চাকরি অব্যাহত রাখার জন্য ব্ল্যাঙ্ক চেকের আকর্ষণীয় প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে দেশের মাটিতে গবেষণার স্বপ্ন নিয়ে তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

এই গবেষণার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সংস্থা The World Academy of Sciences (TWAS) কর্তৃক ২০২৬ সালের ‘TWAS–Atta-ur-Rahman Award in Chemistry’ অর্জন করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু রাশেদ। তিনি বাংলাদেশের চতুর্থ ব্যক্তি হিসেবে এই সম্মাননা অর্জন করেছেন।

পরিবেশের নমুনায় জৈব দূষণ শনাক্তকরণের জন্য সেমিকন্ডাক্টর মেটাল অক্সাইড ন্যানোস্ট্রাকচার ব্যবহার করে সাশ্রয়ী নন-এনজাইমেটিক ইলেকট্রোকেমিক্যাল সেন্সর উন্নয়নে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে। উন্নয়নশীল বিশ্বের বিজ্ঞানীদের গবেষণায় অবদান ও উৎকর্ষকে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে TWAS-এর এই পুরস্কার বিশেষ গুরুত্ব বহন করে।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে ড. আবু রাশেদ বলেন, "বাংলাদেশের প্রেক্ষাপটে গবেষকদের কাজ সাধারণ মানুষের কাছে সেভাবে পরিচিতি পায় না। এ অবস্থায় আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া তাঁর জন্য আনন্দের ও অনুপ্রেরণার।" তবে তিনি এককভাবে এ অর্জনের কৃতিত্ব নিতে চাননি। গত পাঁচ বছর ধরে তাঁর সঙ্গে কাজ করা শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম ও গবেষণাপত্র প্রকাশে অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, "গবেষণার পথে নানা প্রতিবন্ধকতা থাকলেও আমি কাজ চালিয়ে গেছি।" তাঁর লক্ষ্য হলো কম খরচে সহজ ও কার্যকর প্রযুক্তি উদ্ভাবন করা, যা খাদ্য ও পরিবেশে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশসহ বিভিন্ন দূষণ শনাক্তকরণে কাজে আসবে। ভবিষ্যতে দেশে গবেষণার পরিসর বাড়ানোর পাশাপাশি একটি আন্তর্জাতিক মানের ভৌত বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম মন্তব্য করেন, "ড. আবু রাশেদের এ অর্জন নিঃসন্দেহে মাভাবিপ্রবির জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।" আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের স্বীকৃতি শুধুমাত্র একজন গবেষকের ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি পুরো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা ও একাডেমিক অগ্রগতির পরিচায়ক। তিনি বিশ্বাস করেন, তাঁর গবেষণাকর্ম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি ও র্যাঙ্কিং এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, "এ অর্জন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীদেরও গবেষণায় আগ্রহী ও অনুপ্রাণিত করবে।" বিশ্ববিদ্যালয়ে গবেষণার মানোন্নয়ন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং গবেষকদের সহযোগিতায় প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি আশা করেন, মাভাবিপ্রবির গবেষকেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করবেন এবং তাঁদের গবেষণার সুফল দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগবে।

এদিকে, ড. আবু রাশেদের এ অর্জন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শুভেচ্ছা জানান।

সৌদির প্রস্তাব ফিরিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণ

ড. আবু রাশেদের কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায় সৌদি আরবের Najran University-তে গবেষক হিসেবে দায়িত্ব পালন করা। সেখানে Postdoctoral Research Fellow হিসেবে কাজ করার সময় তাঁর গবেষণার দক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে তাঁকে সেখানে থেকে কাজ চালিয়ে যাওয়ার আকর্ষণীয় প্রস্তাব দেওয়া হয়।

তার বক্তব্য অনুযায়ী, এ প্রস্তাবে এমনকি ‘ব্ল্যাঙ্ক চেকের’ কথাও বলা হয়েছিল। তবে বিদেশে কাজের সুযোগ ও আর্থিক সুবিধার চেয়ে দেশে ফিরে দেশের ছাত্রদের নিয়ে গবেষণার মাধ্যমে অবদান রাখাকেই প্রাধান্য দেন তিনি। পরবর্তী সময়ে দেশে ফিরে মাভাবিপ্রবিতে গবেষণা কার্যক্রম চালিয়ে যান।

গবেষণা ও শিক্ষাজীবনে ড. আবু রাশেদ

ড. মো. আবু রাশেদের জন্ম ২১ মে ১৯৮৫ সালে মেহেরপুর জেলায়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে রসায়নে স্নাতক (সম্মান) এবং ভৌত রসায়ন (ইলেকট্রোকেমিস্ট্রি) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে জাপানের Japan Advanced Institute of Science and Technology (JAIST) থেকে Materials Science বিষয়ে ২০১৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে ২০১৬ সালে মাভাবিপ্রবির রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২১ সালের ৩০ জুন থেকে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে সৌদি আরবের Najran University-তে Postdoctoral Research Fellow এবং জাপানের JAIST-এ Visiting Researcher হিসেবে কাজ করেছেন।

তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র Electro-analytical Chemistry, Electrochemical Sensor, Surface Chemistry, এবং Photo-chemical Sensor। Google Scholar-এর তথ্য অনুযায়ী, তাঁর প্রকাশিত আন্তর্জাতিক গবেষণাপত্রের সংখ্যা ৫১ টি। এর মধ্যে ২৯ টি Q1 জার্নালে প্রকাশিত। গবেষণাপত্রগুলোর মোট উদ্ধৃতির সংখ্যা ১ হাজার ৫৩৬ এবং H-index ২৫। এ ছাড়া তাঁর নামে যুক্তরাষ্ট্রের চারটি পেটেন্ট রয়েছে।

এছাড়াও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি, United Group Research Award-2017 এবং মাভাবিপ্রবি Research Excellence Award-2026 ও Gold Medal 51 edition of Geneva Invention-2026 অর্জন করেছেন। তাঁর এ আন্তর্জাতিক অর্জন দেশের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ঠাকুরগাঁওয়ে লোকায়ন জাদুঘর

১০ দেশের সংস্কৃতির ছোঁয়া ও হারিয়ে যাওয়া শৈশবের মেলবন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


১০ দেশের সংস্কৃতির ছোঁয়া ও হারিয়ে যাওয়া শৈশবের মেলবন্ধন

কাচের বাক্সে সারি সারি পুতুলের অবস্থান। কারও গায়ে রঙিন ঐতিহ্যবাহী পোশাক রয়েছে, আবার কারও মাথায় বিশেষ টুপি দেখা যাচ্ছে। প্রতিটি পুতুলের সাজে ফুটে উঠেছে মালদ্বীপ, কাতার, তুরস্ক, উজবেকিস্তান, ভিয়েতনাম, কেনিয়া, আজারবাইজান এবং সেনেগালের ঐতিহ্য। পুতুলের এই বৈচিত্র্যময় পোশাকের মাধ্যমে বিশ্বসংস্কৃতির পরিচয় মেলে, পাশাপাশি কাঠের গাড়ি, লাটিম ও মার্বেলও গ্রামবাংলার হারিয়ে যেতে বসা সোনালি শৈশবের স্মৃতি তুলে ধরে।

সদর উপজেলার পূর্ব আকচায়, স্থানীয় উন্নয়ন সংস্থা ইএসডিওর উদ্যোগে গড়ে ওঠা 'লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরের' লোকজ খেলনা গ্যালারিতে প্রবেশ করলে দর্শকদের সামনে এমন নান্দনিক ও মনোমুগ্ধকর দৃশ্য উন্মোচিত হয়। এক ছাদের নিচে দেশ-বিদেশের সংস্কৃতির এই মেলবন্ধন দর্শনার্থীদের মনে অন্যরকম অনুভূতি সৃষ্টি করছে।

বিশ্বসংস্কৃতির পরিচয় ও পুতুলের মেলা

গ্যালারির একটি নির্দিষ্ট অংশজুড়ে রয়েছে বাংলাদেশ ও ভারতসহ মোট ১০টি দেশের পুতুলের প্রদর্শনী। পুতুলের পোশাক, রঙ এবং সাজসজ্জার বৈচিত্র্য দর্শনার্থীদের নজর কাড়ছে। বইয়ের পাতায় পড়া ভিন্ন দেশের নাম ও সংস্কৃতিকে সরাসরি দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। রিভারভিউ বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাহীন আক্তার মন্তব্য করেন, ‘বইয়ে বিভিন্ন দেশের নাম পড়লেও এভাবে একসঙ্গে তাদের ঐতিহ্যবাহী পোশাক দেখার সুযোগ হয়নি।’

জাদুঘরের এমআইএস কাম-অ্যাকাউন্টেন্ট জীবন চন্দ্র রায় জানান, দর্শনার্থীরা যেন বিভিন্ন দেশের শিল্প, সংস্কৃতি ও জীবনযাত্রার প্রাথমিক ধারণা লাভ করতে পারেন, সেই উদ্দেশ্যে এ আন্তর্জাতিক পুতুলগুলো প্রদর্শন করা হচ্ছে।

দলবদ্ধ বসা পুতুলে গ্রামবাংলার পুরোনো স্মৃতি

আন্তর্জাতিক পুতুলের পাশাপাশি গ্যালারির অন্য একটি অংশে রয়েছে গ্রামীণ সমাজের পুরোনো পরিচিত দৃশ্য—দল বেঁধে বসে থাকা নারী-পুরুষের প্রতিকৃতি। গাছের ছায়ায় বা উঠানে বসে সুখ-দুঃখের গল্প এবং হাসি-ঠাট্টায় মেতে ওঠার সেই সামাজিক আবহাওয়া বর্তমান ডিজিটাল যুগে প্রায় হারিয়ে গেছে। বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত ফারজানা বলেন, ‘পুতুলগুলোকে একসঙ্গে বসে থাকতে দেখে মনে হচ্ছে তারা গল্প করছে। বড়দের মুখে শোনা সেই পুরোনো দিনের গ্রামীণ চিত্রের দেখা মিলল এখানে।’

লাটিম ও মার্বেলে ফিরে দেখা শৈশব

গ্যালারির লোকজ খেলনার অংশে সাজানো রয়েছে কাঠের খেলনা গাড়ি, ঠেলাগাড়ি, সুতলি প্যাঁচানো লাটিম এবং মার্বেল। এক সময়ের জনপ্রিয় এসব খেলনা নতুন প্রজন্মের কাছে যেমন কৌতূহলের বিষয়, তেমনি প্রবীণদের ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা দিনে।

ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক মন্তব্য করেন, এই জাদুঘরটি কেবল প্রদর্শনীর স্থান নয়; এটি অতীতকে জানা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে ধারণা নেওয়ার এক চমৎকার ক্ষেত্র।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মনতোষ কুমার দে'র মতে, এই গ্যালারির পুতুলগুলো যেমন দূরের দেশের পরিচয় ফুটিয়ে তোলে, তেমনি লোকজ খেলনাগুলো আমাদের শিকড় ঠাকুরগাঁও এবং শৈশবের গল্প মনে করিয়ে দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রায়েরবাজারে দিনদুপুরে ফ্ল্যাটে ঢুকে টাকা ও স্বর্ণালংকার চুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


রায়েরবাজারে দিনদুপুরে ফ্ল্যাটে ঢুকে টাকা ও স্বর্ণালংকার চুরি

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় দিনদুপুরে এক বাসার গেটের তালা খুলে দুর্বৃত্তরা স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. শরিফুল ইসলাম মঙ্গলবার (২৪ নভেম্বর) মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চুরির ঘটনা ঘটেছে সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টার মধ্যে রায়েরবাজারের পাবনা হাউজ গলির একটি বাসায়।

থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, সোমবার পরিবারের সদস্যরা জীবিকার তাগিদে বাসা থেকে বের হয়ে যান। সর্বশেষ দুপুর আনুমানিক ১২টার দিকে পরিবারের একজন সদস্য বাসা থেকে বের হয়ে যান। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ফিরে এসে দেখেন, অজ্ঞাতনামা চোরেরা বাসার মূল ফটকের (গেট) তালা খুলে ভেতরে প্রবেশ করেছে। এ সময় ঘরের আলমারি ও ওয়ারড্রবের তালা খোলা এবং জামাকাপড়সহ অন্যান্য মালামাল এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে।

ভুক্তভোগী শরিফুল ইসলামের অভিযোগ অনুযায়ী, চুরি হয়েছে দুটি স্বর্ণের গলার চেইন, এক জোড়া হাতের বালা, তিন জোড়া কানের ঝুমকা এবং নগদ ৫০ হাজার টাকা।

ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চুরির সত্যতা পাওয়া গেছে এবং ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফুটেজে সংরক্ষিত রয়েছে। আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া মালামাল কিংবা জড়িতদের কোনো সন্ধান না পেয়ে মঙ্গলবার মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে দ্রুত জড়িতদের শনাক্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%