০৯:৩৫ পি.এম
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক কৃষকের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ন্যাশনাল ব্যাংক পিএলসি যশোরে জামানতবিহীন ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে।
গতকাল যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এই ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর।
অনুষ্ঠানে মোহাম্মদ আবু জাফর উল্লেখ করেন, "দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রথম পর্যায়ে ১০০ জন প্রান্তিক কৃষকের মধ্যে ঋণ বিতরণ শুরু হয়েছে।" তিনি আরও জানান, জামানত ছাড়াই স্বল্প সুদে কৃষকদের ঋণ দেওয়া হচ্ছে। কৃষকদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়নই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আরও পড়ুন: দলিলে জমির পরিমাণ ও সীমানা যাচাইয়ের কার্যকর পদ্ধতি
ন্যাশনাল ব্যাংকের খুলনা অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস এবং ন্যাশনাল ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) মেশকাত-উল-আনোয়ার খান।
এছাড়া, উল্লেখ্য যে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ন্যাশনাল ব্যাংক পিএলসির মাধ্যমে আবর্তনযোগ্য ১০ হাজার কোটি টাকার ঋণ সুবিধা কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।
এই ঋণ বিতরণ কার্যক্রম ন্যাশনাল ব্যাংকের খুলনা অঞ্চলের অধীন যশোরসহ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, নড়াইল ও ঝিনাইদহ জেলায় অবস্থিত ২৩টি শাখা এবং ৯টি উপশাখার মাধ্যমে পরিচালিত হবে।
আরও পড়ুন: হুথিদের সৌদি তেল স্থাপনা ও বিমানবন্দরে হামলার দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন