০১:১৬ পি.এম
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : মাইন বিস্ফোরণের ফলে পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ইউক্রেনীয় সেনা ইয়েভগেন দুই দিন ধরে যুদ্ধের সম্মুখসারিতে আটকে ছিলেন।
এক পর্যায়ে তিনি বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন। ঠিক সেই সময় এক সহযোদ্ধা তাকে জানান, আকাশপথে তার উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে এবং একটি উড়ন্ত ড্রোন তার উদ্ধার করতে আসছে।
এটি সম্পর্কে বার্তা সংস্থা এএফপি’র কাছে ইয়েভগেন বলেন, ‘আমি বলেছিলাম, তুমি কি মজা করছ? নাকি আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছ?’
আরও পড়ুন: নিরাপত্তার স্বার্থে বেইজিংয়ে ড্রোনের মালিকানা ও সংরক্ষণ নিষিদ্ধ
বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন অবস্থায় ইয়েভগেনের পদবি নিরাপত্তার কারণে প্রকাশ করেনি এএফপি। তিনি ইউক্রেনের প্রথম দিকের কয়েকজন সেনার একজন, যাদের জন্য আকাশপথে চিকিৎসাসেবা ও উদ্ধারের জন্য বিশেষভাবে তৈরি ড্রোন ব্যবহার করে সরিয়ে নেওয়া হয়েছে।
রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের প্রায় পাঁচ বছর পর ড্রোন আধুনিক যুদ্ধের ধরনকে বদলে দিয়েছে। যুদ্ধক্ষেত্রের আকাশ এখন মূলত ড্রোনের নিয়ন্ত্রণে রয়েছে। সম্মুখসারির কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তৈরি হয়েছে ‘কিল জোন’ বা মৃত্যুফাঁদ, যেখানে সামান্য নড়াচড়া চোখে পড়লেই দুই পক্ষের ড্রোন থেকে বিস্ফোরক ছুড়ে হামলা চালানো সম্ভব।
এই কারণে, আহত সেনাদের স্থলপথে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ইউক্রেনের ড্রোন নির্মাতারা আহত সেনাদের উদ্ধারের জন্য বিশেষ উড়ন্ত ড্রোন তৈরি করছেন।
ইয়েভগেনকে উদ্ধার করা ড্রোনটির নাম ‘স্টারগেট’, যা তৈরি করেছে ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান স্কাইফল। এখন পর্যন্ত তিনটি উদ্ধার অভিযানে ড্রোনটি ব্যবহৃত হয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়ার রাজনীতিতে পাকাতান হারাপান চাপে, বাড়ছে মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন
ড্রোনের ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, গভীর রাতে ইয়েভগেন একটি বিশেষ কেবিনে উঠে বসছেন, যা মূলত উড়ন্ত স্ট্রেচারের মতো, যার ওপর ঢাকনা লাগানো হয়। তাকে নিয়ে ড্রোনটি যখন ফিরে যাচ্ছিল, তখন ওপর-নিচে সরবরাহ ও নজরদারির কাজে নিয়োজিত অন্যান্য ড্রোন উড়ছিল। রাতের আকাশে চাঁদের আলোয় সেগুলোর অবয়ব দেখা যাচ্ছিল।
ভয় লাগলেও ইয়েভগেন জানান, আর কোনো বিকল্প ছিল না। কার্বন ফাইবার দিয়ে তৈরি এসব ড্রোন একটি গোপন হ্যাঙ্গারে সংযোজন করা হয়।
ইউক্রেনের কোড ৯.২ অ্যাসল্ট ব্রিগেডের এক কমান্ডারের অনুরোধ থেকেই আহত সেনাদের উদ্ধারে উড়ন্ত ড্রোন তৈরির ধারণা আসে। নাম প্রকাশ না করার শর্তে স্কাইফলের এক প্রতিনিধি এএফপিকে জানান, ‘এক বছর পরই আমরা স্টারগেট তৈরি করতে সক্ষম হই।’
এর আগে, বিপজ্জনক অবস্থান থেকে আহত সেনাদের সরিয়ে নিতে ইউক্রেন স্থলভিত্তিক ড্রোন ব্যবহার করত, তবে এসব ড্রোন ঘণ্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে চলতে পারে। নদী, মাইন পাতা এলাকা ও দুর্গম ভূখণ্ড অতিক্রম করা এগুলোর জন্য কঠিন।
আরও পড়ুন: চীন যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে
প্রতিষ্ঠানটির ওই প্রতিনিধি বলেন, ‘এগুলো সহজেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।’ অন্যদিকে, স্টারগেট ঘণ্টায় ১০৫ কিলোমিটার গতিতে উড়তে পারে। এটি সর্বোচ্চ ১৫০ কেজি ওজন বহন করতে পারে এবং একটানা ৩০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম।
প্রতিটি ড্রোন তৈরিতে খরচ হয় প্রায় ৫০ হাজার ডলার। কারখানার ভেতরে একটি দীর্ঘ পথের দুই পাশে কয়েকটি স্টারগেট ড্রোন সাজিয়ে রাখা হয়েছে।
২০২৬ সালের শেষ নাগাদ প্রতি মাসে এক হাজার ড্রোন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে স্কাইফল। কারখানার বাইরে একটি পরীক্ষামূলক উড্ডয়নও চালানো হয়, যেখানে প্রায় ৪০০ কেজি ওজনের ড্রোনটি বিকট শব্দ তুলে আকাশে উড়ে যায়।
ড্রোনটির নিয়ন্ত্রণে ছিলেন প্রশিক্ষণরত কয়েকজন পাইলট। ইয়েভগেনকে উদ্ধার করা ড্রোনের পাইলট এএফপিকে বলেন, ‘আমি যখন তাকে ড্রোনে তুলে নিলাম, তখন সবাই একেবারে চুপ হয়ে গেল।’
আরও পড়ুন: বাইডেন: ট্রাম্পের সঙ্গে সারাদিন গলফ খেলতেন, যদি...
‘কেভিএন’ কলসাইন ব্যবহারকারী ওই পাইলট আরও বলেন, ‘চারদিকে শুধু নীরবতা। লাইব্রেরির মতো নিস্তব্ধতা। এবার ড্রোনে একজন মানুষ ছিল।’
উড্ডয়নের আগে রাশিয়ার কয়েকটি হামলাকারী ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ায় অভিযান স্থগিত করতে হয়। দ্বিতীয়বার চেষ্টা করেও অভিযান শুরু করা সম্ভব হয়নি। তৃতীয়বারের চেষ্টায় অবশেষে ড্রোনটি উড্ডয়ন করে এবং প্রায় ১০০ মিটার উচ্চতায় উঠে যায়।
এ সময় রাশিয়ার ইলেকট্রনিক জ্যামার সাময়িকভাবে পাইলট কেভিএনের সঙ্গে ড্রোনটির যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। কয়েক সেকেন্ড পর ড্রোনের ভেতরে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণের দায়িত্ব নেয়। পরে আবার যোগাযোগ স্থাপিত হলে পাইলট নিয়ন্ত্রণ ফিরে পান।
পুরো উদ্ধার অভিযান শেষ করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে। নতুন এই প্রযুক্তি নিয়ে ইউক্রেনের সামরিক বাহিনী আশাবাদী।
আরও পড়ুন: হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা
নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক কর্মকর্তা বলেন, ‘এই ব্যবস্থার কার্যকারিতা ভালোভাবে মূল্যায়ন করতে যুদ্ধক্ষেত্রে আরও কিছু অভিযান চালানোর অভিজ্ঞতা প্রয়োজন।’
ড্রোন পাইলট কেভিএনের মতে, এই প্রযুক্তি এমন এক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে, যেখানে প্রযুক্তির সহায়তায় আহত সেনাদের আবার তাদের পরিবারের কাছে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে। বর্তমানে ধর্মপ্রচারক হিসেবে কাজ করছেন ইয়েভগেন।
ইয়েভগেন বলেন, ‘আমি তাদের বার্তা পাঠিয়ে বোঝানোর চেষ্টা করি, ভয় পাওয়ার কিছু নেই।
আরও পড়ুন: জর্ডানের গির্জা হামলার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড ঘোষণা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন