০৯:১৭ পি.এম
চট্টগ্রাম মহানগরীতে মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)-এর মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার অনুষ্ঠিত এই সভাটি চউকের সম্মেলন কক্ষে হয়েছে। সভায় প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়ে থাকে, বিশেষ করে সম্ভাবনা এবং নগর পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় চট্টগ্রাম শহরের জন্য একটি সমন্বিত ট্রাফিক মাস্টার প্ল্যান প্রণয়নের উদ্দেশ্যে ডিটিসিএ কর্তৃপক্ষ চউকের কাছে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও কারিগরি সহযোগিতা কামনা করে। এ সময় বক্তারা নগর পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: মহানগর স্বেচ্ছাসেবক দলের, মোঃ সাখাওয়াত ইসলাম রানার নেতৃত্বে, বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত
সভায় চউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, 'চট্টগ্রাম ভৌগোলিকভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। সুতরাং যেকোনো অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পর্যটন, জীববৈচিত্র্য, পরিবেশ এবং প্রাকৃতিক ভারসাম্য সংরক্ষণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত। নগরবাসীর কল্যাণে কার্যকর, টেকসই ও জনবান্ধব প্রকল্প গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।'
ডিটিসিএর নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান বলেন, মনোরেল প্রকল্পকে অর্থনৈতিকভাবে টেকসই এবং লাভজনক করতে উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) ব্যবস্থার সঙ্গে রিয়েল এস্টেট উন্নয়নের সমন্বয় সাধনের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা যেতে পারে। এতে করদাতাদের অর্থ থেকে ভর্তুকি দেওয়ার প্রয়োজন হবে না।
সভায় ডিটিসিএ-এর পক্ষে আলোচনায় অংশ নিয়েছেন সংস্থার নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো. মশিউর রহমান, অতিরিক্ত নির্বাহী পরিচালক (ম্যাস ট্রানজিট) ও যুগ্মসচিব আবদুল লতিফ খান, সিএমএ প্রকল্প পরিচালক ট্রাফিক ইঞ্জিনিয়ার মীর মোহাম্মদ কামরুল হাসানসহ সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চউকের সদস্য প্রকৌশলী মো. জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মোহাম্মদ মাহবুব উল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.এ.এম. হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন