মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৫১ পি.এম
নাটোরের লালপুরে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণকাজে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে এবং ব্যাপক অনিয়মের কারণে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি তিন সদস্যের এনফোর্সমেন্ট টিম এই অভিযানটি পরিচালনা করে।
সূত্র জানায়, ২০২৫-২০২৬ অর্থবছরে বিলমাড়িয়া-দুড়দুড়িয়া মহাসড়কের ৩ দশমিক ৬০ কিলোমিটার অংশের মেরামত ও সংরক্ষণের জন্য রাজিব কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান অনুমোদন পায়। এই কাজের জন্য প্রাক্কলিত ব্যয় প্রায় দেড় কোটি টাকা নির্ধারণ করা হয়। তবে কাজের শুরু থেকেই সড়ক মেরামত ও সংরক্ষণকাজে প্রাক্কলন এবং নির্ধারিত শিডিউল অনুসরণ না করে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠে। এছাড়া, ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে সরকারি অর্থের অপচয়সহ বিভিন্ন অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট টিম মাঠে নামে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে অভিযান চলাকালে দুদক টিম সড়ক ও জনপথ বিভাগ নাটোরের একজন নিরপেক্ষ প্রকৌশলীকে সঙ্গে নিয়ে সরেজমিনে সড়কের নির্মাণকাজ পরিদর্শন করে। একইসঙ্গে লালপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) থেকে সংশ্লিষ্ট প্রকল্পের বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন জানান, সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা এবং নিরপেক্ষ প্রকৌশলীর কারিগরি প্রতিবেদন প্রাপ্তির পর কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আসাদুজ্জামান ৯ নভেম্বর যোগদান করেছেন। আসাদুজ্জামানের আর্থিক সেবা ও পুঁজিবাজার খাতে ১৮ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।
২০১০ সাল থেকে তিনি ইবিএল সিকিউরিটিজ পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করে আসছেন। সেখানে তিনি হেড অব বিজনেস, কোম্পানি সেক্রেটারি এবং কমপ্লায়েন্স প্রধান হিসেবে কাজ করেছেন, যেখানে তিনি প্রতিষ্ঠানের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম তত্ত্বাবধান করেছেন। এর পূর্বে, তিনি প্যাসিফিক জিন্স লিমিটেডে অডিট, রিস্ক অ্যান্ড অ্যাস্যুরেন্স ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
আসাদুজ্জামান অস্ট্রেলিয়ার সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) হিসেবে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে অ্যাডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসিবিএ) সম্পন্ন করেছেন।
তিনি কেপিএমজি (রহমান রহমান হক)-এর অধীনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি আর্টিকেলশিপ সম্পন্ন করেছেন এবং আয়কর পেশাজীবী (আইটিপি) হিসেবেও স্বীকৃতিপ্রাপ্ত।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি, তিনি বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) এবং অন্যান্য পেশাজীবী প্রতিষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে যুক্ত থেকে পেশাগত দক্ষতা ও সক্ষমতা উন্নয়নে অবদান রাখছেন। উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (এনআরবিসিবিএসএল) এনআরবিসি ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান।
২০১৬ সালের ১২ ডিসেম্বর প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। এটি বাংলাদেশের দ্রুত বর্ধনশীল স্টক ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের জন্য শেয়ারবাজারে ব্রোকারেজ সেবা প্রদান করে থাকে। পাশাপাশি, অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) জন্য ওয়ান-স্টপ সেবা প্রদান করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) শুরু হওয়ার আগের দিন দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
আজ প্রধানমন্ত্রী তারেক রহমান তিন দিনের সফরে কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান। সফরের অংশ হিসেবে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর গুলশানে যুবদলের নেতাকর্মীরা আওয়ামী লীগের (যুবলীগ, ছাত্রলীগ) নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা-১৭ আসনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গুলশান ২ নম্বর গোল চত্বর থেকে শুরু হয়ে গুলশান-১ এ গিয়ে শেষ হয়।
বিক্ষোভের নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও যুবদল ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।
মিছিলে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সদস্য সচিব শরিফুল ইসলাম মিলন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক ময়মনসিং সিদ্দিকী রনি, গুলশান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এ মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান কবিরসহ গুলশান থানার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কপ৩১ জলবায়ু সম্মেলনের জন্য তিনটি প্রধান অগ্রাধিকার তুলে ধরেছেন, যা তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে।
একটি ভিডিও বার্তায় তিনি দ্রুত পরিবেশবান্ধব জ্বালানিতে উত্তরণের গুরুত্ব, সুনির্দিষ্ট জলবায়ু অর্থায়ন এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগণের সুরক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এই আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের প্রাক্কালে ড. খলিলুর বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশগুলো ক্রমাগত তীব্র ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই বহুদিনের আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলোকে এখন বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার সময় এসেছে।
প্রথম অগ্রাধিকার হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি উল্লেখ করেন, প্যারিস চুক্তির প্রতিশ্রুতিগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা জরুরি। এর জন্য পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার দ্রুত বৃদ্ধি করতে হবে, বিদ্যুতের লাইন সম্প্রসারণ করতে হবে এবং গ্রিনহাউস গ্যাসের নির্গমন উল্লেখযোগ্য পরিমাণে কমাতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, ঐতিহাসিক জলবায়ু চুক্তি গ্রহণের এক দশকেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। এখন বিশ্ব সম্প্রদায়কে কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে দৃশ্যমান ফলাফল অর্জনের দিকে মনোনিবেশ করতে হবে।
দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে জলবায়ু অর্থায়নের বিষয়টি তুলে ধরেন এই কূটনীতিক। তিনি জলবায়ু অভিযোজন, সহনশীলতা বৃদ্ধি এবং দুর্যোগে ক্ষয়ক্ষতি মোকাবিলায় সুনির্দিষ্ট ও সহজলভ্য অর্থায়ন নিশ্চিত করার ওপর জোর দেন।
খলিলুর রহমান আরও জানান, আর্থিক সহায়তা যেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ ও জনগণের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এতে তারা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে পারবে।
মানবজীবন রক্ষা করাকে তৃতীয় অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেন তিনি। এই লক্ষ্যে আগাম সতর্কবার্তা ব্যবস্থা, দুর্যোগ প্রস্তুতি এবং স্থানীয় জনগণের সুরক্ষায় বিনিয়োগ বৃদ্ধির তাগিদ দেন।
তিনি বলেন, চরম আবহাওয়া ও জলবায়ুজনিত দুর্যোগের কবলে থাকা ঝুঁকিপূর্ণ জনগণকে রক্ষায় এ ধরনের বিনিয়োগ অত্যন্ত প্রয়োজনীয়।
জাতিসংঘ সভাপতি বলেন, আন্তর্জাতিক জলবায়ু পদক্ষেপে এমন বাস্তবমুখী সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া উচিত, যা একদিকে স্থানীয় জনগণকে রক্ষা করবে এবং অন্যদিকে কার্বন নিঃসরণ কমিয়ে বিশ্বকে সহনশীল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।
২০১৫ সালে গৃহীত প্যারিস চুক্তির মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করার একটি রূপরেখা তৈরি করা হয়েছিল।
তবে বাস্তবায়নের ঘাটতি, অপর্যাপ্ত জলবায়ু অর্থায়ন এবং ঘন ঘন জলবায়ু দুর্যোগের কারণে সেই লক্ষ্য অর্জন এখনো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ