ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে খুঁজতে গিয়ে নাপিত আটক, পুলিশ বলছে যুবলীগ কর্মী


নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে খুঁজতে গিয়ে নাপিত আটক, পুলিশ বলছে যুবলীগ কর্মী

পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরার চেষ্টা করতে গিয়ে প্রতিবেশী নরেশ বিশ্বাস (২৪) নামের এক নাপিতকে আটক করেছে পুলিশ। পুলিশ দাবি করেছে, ‘নরেশ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী’ বলে পরিচিত।

মঙ্গলবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রাম থেকে নরেশকে আটক করা হয়। পরে তাকে বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে একই দিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

স্থানীয়রা জানিয়েছেন, আটক নরেশ বিশ্বাস পেশায় একজন নাপিত। স্থানীয়দের মতে, নিষিদ্ধ সদর ইউনিয়ন শাখার সভাপতি সুকেশ বিশ্বাস সম্প্রতি বিভিন্ন কর্মসূচি পালন করে সেগুলোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করেছেন। সম্প্রতি, ওই নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সুস্থতা কামনায় প্রতিবেশী নরেশের বাড়িতে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেন সুকেশসহ কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে।

আরও পড়ুন: তিস্তা মহাপ্রকল্প শুরুর বিলম্বে ক্ষুব্ধ মানুষ, বিএনপির আন্দোলন তীব্র

পুলিশ সুকেশকে ধরতে তার বাড়িতে অভিযান চালায়, কিন্তু সুকেশ পালিয়ে যায়। তবে তাকে না পেয়ে প্রতিবেশী নরেশকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক বাসিন্দা সাংবাদিকদের বলেছেন, নরেশ একজন নাপিত এবং তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন। তারা দাবি করেছেন, তাকে কখনো কোনো রাজনৈতিক মিছিল বা সভা-সমাবেশে দেখা যায়নি।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম নরেশকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নরেশ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। বর্তমানে নেতারা মাঠে নেই, কর্মীরাই সক্রিয়। তিনি (নরেশ) অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে ককটেল হামলার পলাতক আসামি। এজন্য তাকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গত বছরের মে মাসে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার পর বিএনপিকর্মী ময়ছের আলী বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ নেতাকর্মীসহ অজ্ঞাতপরিচয় ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: কালীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শরিয়াহ ঋণ চালু করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শরিয়াহ ঋণ চালু করছে

যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি করতে সুদমুক্ত শরিয়াহভিত্তিক শিক্ষাঋণ চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশটির বেশ কিছু শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে শিক্ষার্থীদের এই ঋণব্যবস্থা সম্পর্কে অবহিত করতে শুরু করেছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই সুবিধা কার্যকর হতে পারে।

নতুন এই ব্যবস্থায় শিক্ষার্থীদের জন্য প্রচলিত সুদভিত্তিক ঋণের পরিবর্তে ইসলামি অর্থায়ননীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে। ঋণ পরিশোধের ক্ষেত্রে সুদের পরিবর্তে শিক্ষার্থীদের কাছ থেকে সমপরিমাণ অর্থ ‘অবদান’ হিসেবে গ্রহণ করা হবে। এই অর্থ সরকারি কোষাগারে জমা না হয়ে ভবিষ্যতে শরিয়াহভিত্তিক ঋণ গ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

ইসলামি শরিয়াহ অনুযায়ী সুদ দেওয়া ও নেওয়া নিষিদ্ধ হওয়ায় যুক্তরাজ্যের অনেক মুসলিম শিক্ষার্থী প্রচলিত শিক্ষাঋণ গ্রহণের ক্ষেত্রে ধর্মীয় দ্বিধায় ভোগেন। নতুন ব্যবস্থার প্রধান লক্ষ্য হলো, ধর্মীয় বিশ্বাসের কারণে কোনো শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হন।

নতুন এই ঋণব্যবস্থার ভিত্তি ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ নীতি। এটি পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত আর্থিক সুরক্ষার একটি পদ্ধতি। এর আওতায় শিক্ষার্থীরা ঋণের মূল অর্থের অতিরিক্ত সুদ পরিশোধ করবেন না। বরং সুদের সমপরিমাণ অর্থ অবদান হিসেবে জমা দেবেন, যা ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। ইসলামি অর্থায়ন তদারকি বোর্ড এই ব্যবস্থাকে শরিয়াহসম্মত হিসেবে সনদ দেবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন ঋণব্যবস্থায় শিক্ষার্থীদের পরিশোধের পরিমাণ ও সময়সূচি প্রচলিত শিক্ষাঋণের মতোই থাকবে। তবে অর্থ পরিশোধের ধরন এবং সেই অর্থের ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য থাকবে। নতুন ব্যবস্থায় যেকোনো শিক্ষার্থী আবেদন করতে পারবেন। তবে এটি মূলত মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় চাহিদা বিবেচনায় তৈরি করা হয়েছে।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে জানিয়েছে, যুক্তরাজ্য সরকারের এই সুদমুক্ত ঋণ ইসলামি অর্থায়ননীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। লিডস বিশ্ববিদ্যালয়ও ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এ সুবিধা চালুর সম্ভাবনার কথা জানিয়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) এবং সিটি সেন্ট জর্জেস বিশ্ববিদ্যালয় আবেদনকারীদের জানিয়েছে, নতুন ঋণব্যবস্থা সুদভিত্তিক হবে না। নিউক্যাসল বিশ্ববিদ্যালয় এটিকে সুদমুক্ত ও শরিয়াহসম্মত অর্থায়ন হিসেবে বর্ণনা করেছে। ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়ও ধর্মীয় কারণে সুদভিত্তিক ঋণ নিতে অনিচ্ছুক শিক্ষার্থীদের জন্য এ ব্যবস্থাকে শরিয়াহসম্মত বলে উল্লেখ করেছে।

তবে নতুন এ উদ্যোগ নিয়ে যুক্তরাজ্যে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। সমালোচকদের আশঙ্কা, এর ফলে দেশটির উচ্চশিক্ষাব্যবস্থায় দুই ধরনের কাঠামো তৈরি হতে পারে, যা সমাজে বিভাজন বাড়াবে।

রিফর্ম ইউকের শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রেভারম্যান এ উদ্যোগের সমালোচনা করে বলেছেন, এটি ব্রিটিশ সমাজে বিভাজন তৈরি করতে পারে। তার দাবি, শরিয়াহ ঋণ শুধুমাত্র মুসলিম শিক্ষার্থীদের সুবিধার জন্য তৈরি হওয়ায় শিক্ষাব্যবস্থায় দুই স্তরের কাঠামো গড়ে উঠবে। তিনি আরও প্রশ্ন তুলেছেন, ঋণের অর্থ পুরোপুরি আদায় না হলে শেষ পর্যন্ত সেই দায় করদাতাদের বহন করতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি অর্থায়নবিষয়ক সংস্থা ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে এই ঋণব্যবস্থা তৈরির জন্য সরকারি তহবিল থেকে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি অর্থ পেয়েছে। সরকার এই উদ্যোগকে বিশ্বের প্রথম দিককার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত শরিয়াহভিত্তিক শিক্ষাঋণ কর্মসূচিগুলোর একটি হিসেবে তুলে ধরেছে।

তবে নতুন ব্যবস্থায় ঋণ পরিশোধ না হওয়ার ঝুঁকি পুরোপুরি দূর হচ্ছে না। সরকারি পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাজ্যে শিক্ষাঋণের প্রায় অর্ধেক অর্থই শেষ পর্যন্ত পুরোপুরি আদায় হবে না। এ ক্ষেত্রে নতুন শরিয়াহ ঋণের অর্থ আদায় না হলেও করদাতাদের ওপর আর্থিক দায় বর্তাতে পারে।

অন্যদিকে, প্রচলিত শিক্ষাঋণ ব্যবস্থার সুদ থেকে পাওয়া অর্থ সরকারের সাধারণ তহবিলে জমা হয় এবং রাষ্ট্রীয় ব্যয়ে ব্যবহার করা হয়। কিন্তু নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের দেওয়া অবদান শুধু বিকল্প শরিয়াহভিত্তিক ঋণ কর্মসূচিতে অংশ নেওয়া ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য ব্যয় করা হবে।

যুক্তরাজ্যের শিক্ষা বিভাগ (ডিএফই) অবশ্য এ ব্যবস্থায় মুসলিম শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ নাকচ করেছে। বিভাগের এক মুখপাত্র বলেছেন, বিকল্প শিক্ষাঋণ ব্যবস্থায় মুসলিম শিক্ষার্থীদের বাড়তি কোনো সুবিধা দেওয়া হবে—এমন দাবি সম্পূর্ণ ভুল। উভয় ব্যবস্থার আওতায় স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের ঋণ পরিশোধের নিয়ম ও পরিমাণ একই থাকবে। প্রচলিত ঋণের সুদের পরিবর্তে নতুন ব্যবস্থায় সমপরিমাণ বিকল্প অবদান যুক্ত করা হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় বিশ্বাসের কারণে যেন কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষাঋণ প্রচলিত বাণিজ্যিক ঋণের মতো নয়; এখানে ঋণগ্রহীতাদের ওপর আর্থিক চাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে এবং পুরো শিক্ষাঋণ ব্যবস্থায় সরকার আগে থেকেই বড় অঙ্কের ভর্তুকি দিয়ে আসছে।

এদিকে, ২০২১ সালে প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের ওপর পরিচালিত মুসলিম সেনসাসের এক জরিপে দেখা যায়, ৮০ শতাংশ মুসলিম শিক্ষার্থী প্রচলিত সুদভিত্তিক শিক্ষাঋণ নিয়ে ধর্মীয় দ্বিধায় ভোগেন। জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশের দাবি, বিদ্যমান শিক্ষাঋণ ব্যবস্থা মুসলিম শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক।

তবে ইসলামি আলেমদের একটি অংশ মনে করেন, প্রচলিত শিক্ষাঋণ ব্যবস্থার আওতায় ঋণ নেওয়াও মুসলিমদের জন্য বৈধ হতে পারে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ও শিক্ষার্থীদের জানিয়েছে, যুক্তরাজ্যের ফতোয়া কাউন্সিল প্রচলিত শিক্ষাঋণ ব্যবস্থাকে অনুমোদন দিয়েছে।

২০২৫ সালের জুনে যুক্তরাজ্য সরকার জানিয়েছিল, প্রস্তাবিত বিকল্প শিক্ষাঋণ ব্যবস্থায় কোনো সুদ অন্তর্ভুক্ত থাকবে না। দেশটির শিক্ষা বিভাগ এখনো ঋণ চালুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে চলতি বছর থেকে শুরু হওয়া শিক্ষাঋণ ব্যবস্থার সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এটি পর্যায়ক্রমে চালু করার পরিকল্পনা রয়েছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় বাসে অগ্নিসংযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা সহ গ্রেফতার ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


নওগাঁয় বাসে অগ্নিসংযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা সহ গ্রেফতার ৩

নওগাঁয় আল বারাকা পরিবহণের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা রয়েছেন। মঙ্গলবার বিকাল ও সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নওগাঁ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের দুই সহ-সভাপতি এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সহসভাপতি অন্তর্ভুক্ত রয়েছেন।

সোমবার রাত ১টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে দুর্বৃত্তরা আল বারাকা পরিবহণের দুটি বাসে অগ্নিসংযোগ করে।

গ্রেফতারকৃতরা হলেন— নওগাঁ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার (২৬), জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি শাহানুর নেওয়াজ লিখন (২৮) এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি শিশির (৫৫)। একরামুল বারী শহরের মাস্টারপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে, শাহানুর নেওয়াজ লিখন হাটনওগাঁ এলাকার মুসলিম উদ্দিন আকন্দের ছেলে এবং শিশির ৫ নম্বর ওয়ার্ডের নরেশ চন্দ্র দাসের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের সোনারপট্টি এলাকা থেকে শিশিরকে গ্রেফতার করা হয়। অপর দুজনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু জানান, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ এবং মামলার তদন্ত কার্যক্রম চলছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগে সোমবার রাত ১টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড় করানো আল বারাকা পরিবহণের দুটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির দৃশ্যমান প্রায় সবকিছু পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বাসমালিক মো. সাগির আহমেদ জানান, দুটি বাসেরই প্রায় সমান ক্ষতি হয়েছে। প্রতিটি বাসের ক্ষতির পরিমাণ ১৫ থেকে ১৬ লাখ টাকা। সব মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাস দুটি মেরামত করে আবার রাস্তায় নামাতে দুই থেকে তিন মাস সময় লাগবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, সমালোচনার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


লক্ষ্মীপুরে সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, সমালোচনার ঝড়

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সরকারি চেয়ারে বসে এক যুবকের টিকটক ভিডিও তৈরির ঘটনা নিয়ে চরম দায়িত্বহীনতা ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। সরকারি সেবাধর্মী প্রতিষ্ঠানে দাপ্তরিক গোপনীয়তা ও পবিত্রতা ভঙ্গের এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ওই কার্যালয়ের নির্দিষ্ট ও মূল চেয়ারে বসে এক যুবক টিকটকের গানের তালে নানারকম অঙ্গভঙ্গি করছেন। একপর্যায়ে তিনি চেয়ার ছেড়ে উঠে অফিসের বিভিন্ন স্থানে ক্যামেরার সামনে পোজ দেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কর্মকর্তার নামসংবলিত নেমপ্লেট, দাপ্তরিক বিভিন্ন নথি ও সরকারি ফাইলপত্র টেবিলে ছড়িয়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, ভিডিওতে টিকটক করা ওই যুবক সংশ্লিষ্ট কার্যালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন; তিনি সম্পূর্ণ একজন বহিরাগত। সরকারি একটি স্পর্শকাতর প্রতিষ্ঠানে কোনো ধরনের অনুমতি বা বাধা ছাড়া একজন বহিরাগত কিভাবে ঢুকে কর্মকর্তার চেয়ারে বসে ভিডিও ধারণের সুযোগ পেলেন— তা নিয়ে সচেতন মহল ও সাধারণ সেবাপ্রত্যাশীরা প্রশ্ন তুলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী সেবাপ্রত্যাশী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রয়োজনে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও সেবা পাই না। অথচ বহিরাগত যুবকরা এভাবে প্রকাশ্যে সরকারি চেয়ার দখল করে টিকটক ভিডিও বানায়! এটি সরকারি অফিসের মর্যাদা ও সুশাসনের চরম অবমাননা।"

এ বিষয়ে বক্তব্য জানতে কমলনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান বলেন, "বিষয়টিসংক্রান্ত একটি ভিডিও ক্লিপ আমার নজরে এসেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা ফয়সাল কবির আখন্দ বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা ফয়সাল কবির আখন্দ বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ফয়সাল কবির আখন্দকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ছিলেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মো. জাহাঙ্গীর আলম, যিনি কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা), সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, ফয়সাল কবির আখন্দকে সংগঠনের সব ধরনের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন দিয়েছেন।

এছাড়া, সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যে, ফয়সাল কবির আখন্দের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখবেন।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, তার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি, যুবলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে ব্রাহ্মণপাড়া থানায় গিয়ে ছাত্রদল নেতার তদবির করার অভিযোগের পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%