১২:২১ এম
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজাসহ দেশের বিভিন্ন স্পর্শকাতর স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুর্বৃত্তরা প্রকাশ্যে একের পর এক মিছিল-বিক্ষোভ করছে। পলাতক আওয়ামী লীগের সাবেক এমপি অ্যাডভোটের রনজিত সরকার ভারতের মেঘালয় সীমান্ত পেরিয়ে সুনামগঞ্জে ব্যানার টানিয়ে সমাবেশ করে আবারো ফিরে গেছে। আইনশৃঙ্খলা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং ও নির্দেশনা না থাকায় নীরব দর্শক হিসেবে থেকে গেছে। ফ্যাসিস্টদের কর্ম সমাবেশ, বিক্ষোভ মিছিল, বোমা-ককটেল হামলা, পুলিশের গাড়িতে আগুন-হামলার ঘটনায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে, যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগের ভিডিও থাকলেও জড়িতদের গ্রেফতার বা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী অনেকটাই নিষ্ক্রিয়। হামলার ঘটনাস্থলগুলো সিসিটিভির আওতায় থাকলেও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে ব্যর্থ হয়েছে পুলিশসহ সকল সংস্থার কর্মকর্তারা। এ অবস্থায় উদ্বিগ্ন মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, "সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি জেগে জেগেই ঘুমাচ্ছে"।
একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, কখনো ব্যস্ত সড়কে ককটেল বিস্ফোরণ, কখনো চলন্ত বা পার্ক করা বাসে আগুন লাগানো হচ্ছে। থানার সামনে, পুলিশের টহল গাড়ি, পুলিশ লাইনস কিংবা গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত এসব সহিংস ঘটনা ঘটিয়ে দুর্বৃত্তরা অনায়াসে পালিয়ে যাচ্ছে। গত কয়েক দিন ধরে সংঘটিত এসব ঘটনায় জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে। খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। প্রশ্ন উঠেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেয়া যাচ্ছে না কেন? তাহলে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থাগুলো নিষ্ক্রিয়?
অপরাধ বিশ্লেষকদের মতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং ও নির্দেশনা না থাকায় পুলিশ, বিজিবি, এসআরবি ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব দেখা দিয়েছে। গোয়েন্দা সংস্থার আগাম তথ্যের অভাবে মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্বপ্রস্তুতি নিতে পারছে না। আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধ প্রতিরোধ এবং মানুষের নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে কার্যকর তৎপরতা প্রয়োজন। একের পর এক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে থানার সামনে এবং পুলিশ সদস্যদের লক্ষ করে হামলার ঘটনা অপরাধীদের বেপরোয়া আচরণের ইঙ্গিত দিচ্ছে। এর আগে দেশের বিভিন্ন স্থানে আসামি গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা, আসামি ছিনিয়ে নেয়া এবং সরকারি অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে।
আরও পড়ুন: আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শেষ
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আহসান হাবীব পলাশ বলেন, "এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে এসব ঘটনার কারণে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় ধরনের সংকটের মুখে পড়েছে বলে মনে করি না।" তিনি বলেন, "ঘটনা ঘটছে, জড়িতরা ধরাও পড়ছে। এরপরও কেউ কেউ বেপরোয়া আচরণ করছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। তবে এখনো পর্যন্ত এসব ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় ধরনের বিপদসংকেত বলে মনে হচ্ছে না।" থানা ও পুলিশের টহল গাড়ি লক্ষ করে ককটেল বিস্ফোরণ এবং পুলিশ সদস্যদের ওপর হামলার কারণ জানতে চাইলে তিনি বলেন, "হামলাকারীরা হয়তো পুলিশকে দুর্বল মনে করছে। তারা ভাবতে পারে, এ ধরনের হামলার মাধ্যমে পুলিশের মনোবল ভাঙা যেতে পারে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, "ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।" তিনি বলেন, "একটি গোষ্ঠী এসব ঘটনার মাধ্যমে জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু এর পেছনে কারা রয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় ও উদ্দেশ্য কী, সেটি তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে।" ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কিংবা সক্রিয় হওয়ার প্রসঙ্গটি রাজনৈতিক আলোচনায় রয়েছে। ফলে অপরাধীদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো জরুরি। নির্বাচিত জনপ্রতিনিধিদেরও নিজেদের দায়িত্বের জায়গা থেকে সক্রিয় হতে হবে। অপরাধীরা বারবার সহিংসতা ঘটিয়েও আইনের আওতার বাইরে থেকে গেলে আরো বেপরোয়া হওয়ার সুযোগ পাবে। তাই সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত দু’দিনে ঢাকায় অন্তত ৩০টি এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানা এলাকার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ করে ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ভবনের সামনে পার্কিং করে রাখা গাড়ি লক্ষ করে ককটেল ছোড়া হয়। এতে গাড়ির চালক গুরুতর আহত হন। এ ঘটনায় জড়িতদের আটক করতে পারেনি পুলিশ। তবে গত রোববার ও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়রা মোট পাঁচজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে। গত সোমবার ঢাকার সিএমএম কোর্টের সামনের রোডেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ কর্মী ফয়সাল ও সুকুমার হালদার নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৮ নভেম্বর রোববার পল্লবী থানা প্রাঙ্গণ মিরপুরের সনি সিনেমা হলের সামনে, মালিবাগের সিআইডি কার্যালয়ের সামনে, ক্যান্টনমেন্ট রেলস্টেশন, তেজগাঁও, ভাটারা, পান্থপথ ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নীলক্ষেত মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় তোরণ, ইউল্যাব স্কুল, সিনেট ভবনের সামনে, আধুনিক ভাষা ইনস্টিটিউট, টিএসসি সংলগ্ন মেট্রো স্টেশনের সড়ক ও সুফিয়া কামাল হলের সামনে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ৯টি স্থানে একের পর এক ককটেল বিস্ফোরিত হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই রাতেই তিনজনকে আটক করা হয়। এর আগে শনিবার রাতে উত্তরা ও নীলক্ষেত এলাকায় জয়বাংলা স্লোগান দিয়ে কয়েকটি স্থানে ককটেল হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে সিআইডি-এসবির কার্যালয়ের সামনে ককটেল মারে। এসব ঘটনায় ১৫ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি ডিসি (মিডিয়া) আকতার হোসেন বলেন, গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টাকালে মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বোমা বিস্ফোরণ সংক্রান্ত প্রতিটি ঘটনায় জিডি কিংবা মামলা হয়। তবে এ সংক্রান্ত ঢাকায় মোট মামলা এবং গ্রেফতারের সংখ্যা তার জানা নেই। তবে পুলিশ আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালাচ্ছে।
রাজধানীর লালবাগে আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ থানা পুলিশ। গ্রেফতাররা হলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সর্বশেষ কমিটির সভাপতি মো. দিপু (৪০) ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহ-সভাপতি মো. ফারুক (৪৮)। সোমবার রাত আনুমানিক ১১টায় লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ফারুক পলাতক সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদের অন্যতম সহযোগী।
কক্সবাজার ব্যুরো জানিয়েছে, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল তাকে কক্সবাজার আদালতে হাজির করা হলে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন আইনজীবী ‘জয় বাংলা’ সেøাগান দেন। এ সময় আদালত প্রাঙ্গণে চরম উত্তেজনাকর পরিস্থিতি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
আরও পড়ুন: বিটিএমএর নতুন সভাপতি শামীম, সহসভাপতি শোয়েব নির্বাচিত
স্টাফ রিপোর্টার, সাভার থেকে জানান, সাভারের গেন্ডা এলাকায় পার্কিং করে রাখা দুটি বাসে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এক বাসের চালক অক্ষত অবস্থায় নিচে নেমে প্রাণে রক্ষা পান। মহাসড়কে অভিযান চালিয়ে তিন বোতল পেট্রোল ও কেরোসিনসহ তিন নাশকতাকারীকে আটক করেছে পুলিশ।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে গভীর রাতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাস দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সিরাজগঞ্জ সরকারি কলেজের ফটকে তালা ও ব্যানার টাঙানোর ঘটনায় প্রিন্সিপালকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখে ছাত্রদল। অন্যদিকে, সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি এলাকায় রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে রেলওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক করে।
বরগুনা জেলা সংবাদদাতা জানান, বরগুনায় রাতের আঁধারে সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। গত সোমবার গভীর রাতে বরগুনা জেলা স্কুল, বালিকা বিদ্যালয় এবং বেতাগী ও পাথরঘাটার বিভিন্ন প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এতে চলমান টেস্ট পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুন: কপ৩১-এর জন্য তিন প্রধান অগ্রাধিকার জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করা বাসে গভীর রাতে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা বাসচালক মো. কালাচান শেখ মারা যান। ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এছাড়া ভাঙ্গা থেকে তিনজনকে আটক করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা জানান, গোপালগঞ্জে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও মহাসড়ক অবরোধের চেষ্টা চালিয়েছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। টুঙ্গিপাড়ায় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয় এবং একটি পুলিশভ্যানে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে।
কিশোরগঞ্জের জেলা সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের বাজিতপুরে ভৈরব সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের বিআরটিসি বাসে গভীর রাতে অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। পিরিজপুর বাজারে দাঁড়িয়ে থাকা বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় নারী শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ ঘটনায় এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করে।
শরীয়তপুর জেলা ও জাজিরা সংবাদদাতা জানান, শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। গত সোমবার রাত একটার দিকে নাওডোবা এলাকায় এ ঘটনায় টোল আদায় বন্ধ থাকায় সেতুর উভয় প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে চরম আতঙ্ক সৃষ্টি হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এরদোয়ান
বাকৃবি সংবাদদাতা জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রেললাইনে আগুন দেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে হাতেনাতে আটক করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। গত সোমবার রাতে ইয়াসিন মার্কেট এলাকা থেকে আনন্দমোহন কলেজ ছাত্রলীগের দুই নেতাকে ধরে প্রক্টর কার্যালয়ের মাধ্যমে পুলিশে সোপর্দ করা হয়।
চকরিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা জানান, কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে উপজেলা পরিষদ কার্যালয় এবং চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ব্যানার টাঙিয়ে দেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। গত সোমবার গভীর রাতে সংঘটিত এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন দ্রুত তালা ও ব্যানার অপসারণ করে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে গভীর রাতে উপজেলা ভূমি অফিসের কাছে পার্কিং করা হামজা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে টানা চার রাতে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটল। গত সোমবার রাতের এ ঘটনায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের সব সিট পুড়ে গেছে।
জৈন্তাপুর (সিলেট) উপজেলা সংবাদদাতা জানান, সিলেটের জৈন্তাপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে গ্রেফতারের পর পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার সন্ধ্যায় হরিপুর বাজার থেকে আটকের পর থানায় নেওয়ার পথে পিকআপ দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়।
আরও পড়ুন: ফ্যাসিবাদী আমলের হত্যা-গুম-নির্যাতনের ঘটনায় ১,৮৮৩ মামলা দায়ের: আইনমন্ত্রী
কর্ণফুলী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার সকালে বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় পিএবি মহাসড়কে টায়ার জ্বালিয়ে তারা ফ্যাসিস্ট হাসিনার দেশে ফেরার দাবিতে বিভিন্ন সেøাগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে পোড়া টায়ার উদ্ধার করে।
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল সকাল থেকে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হন। একপর্যায়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন