প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁয় আল বারাকা পরিবহণের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা রয়েছেন। মঙ্গলবার বিকাল ও সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নওগাঁ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের দুই সহ-সভাপতি এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সহসভাপতি অন্তর্ভুক্ত রয়েছেন।
সোমবার রাত ১টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে দুর্বৃত্তরা আল বারাকা পরিবহণের দুটি বাসে অগ্নিসংযোগ করে।
গ্রেফতারকৃতরা হলেন— নওগাঁ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার (২৬), জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি শাহানুর নেওয়াজ লিখন (২৮) এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি শিশির (৫৫)। একরামুল বারী শহরের মাস্টারপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে, শাহানুর নেওয়াজ লিখন হাটনওগাঁ এলাকার মুসলিম উদ্দিন আকন্দের ছেলে এবং শিশির ৫ নম্বর ওয়ার্ডের নরেশ চন্দ্র দাসের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের সোনারপট্টি এলাকা থেকে শিশিরকে গ্রেফতার করা হয়। অপর দুজনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু জানান, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ এবং মামলার তদন্ত কার্যক্রম চলছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এর আগে সোমবার রাত ১টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড় করানো আল বারাকা পরিবহণের দুটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির দৃশ্যমান প্রায় সবকিছু পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বাসমালিক মো. সাগির আহমেদ জানান, দুটি বাসেরই প্রায় সমান ক্ষতি হয়েছে। প্রতিটি বাসের ক্ষতির পরিমাণ ১৫ থেকে ১৬ লাখ টাকা। সব মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাস দুটি মেরামত করে আবার রাস্তায় নামাতে দুই থেকে তিন মাস সময় লাগবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন