মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:০৬ পি.এম
নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় ফিরে বিশ্রাম না নিয়ে সচিবালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন।
মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। সেখানে উপস্থিতি নিশ্চিত করতে নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর তিনি একে একে দাপ্তরিক কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার সকাল ৮টায় বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী। তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন। বেলা সাড়ে ১১টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনের আয়োজন করা হয়। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পাশে বসিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এই বিশেষ যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। এরপর সরাসরি সচিবালয়ে গিয়ে সন্ধ্যা পর্যন্ত কয়েকটি দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক শ কিংবা কয়েক হাজার মামলা এখনও বিচারাধীন রয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ তার বিচারের জন্য অপেক্ষা করছে। জনগণের আন্দোলনের ফলস্বরূপ দেশে বিচারব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। নিরপেক্ষ বিচারের মাধ্যমে জনগণের হত্যাকারীর জন্য কাঙ্ক্ষিত শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নির্ধারিত হয়েছে। এটি কেবল একটি মামলার রায়, এবং তার বিরুদ্ধে আরও অনেক মামলা অপেক্ষমাণ রয়েছে।
মন্ত্রী আরও বলেন, "স্বাভাবিক কথার মধ্যেও কীভাবে মিথ্যা বলা যায়, মিথ্যাকে কীভাবে স্বাভাবিক কথার বুলি বানানো যায়, তা নিয়ে কোনো পিএইচডি থাকলে শেখ হাসিনা সেটি পেতেন।" তিনি উল্লেখ করেন যে, শেখ হাসিনা বাংলাদেশে এসে বলেছিলেন, ৫৭ বছর বয়সে রাজনীতি থেকে অবসর নেবেন। কিন্তু এখন ৮০ বছর বয়সেও তিনি আবার বাংলাদেশের জনগণের ওপর চাপিয়ে বসার চেষ্টা করছেন।
মঙ্গলবার বিকেলে সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলের পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও।
প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেন, সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কোথাও খুঁজে পেলে প্রথমে তাদের মেহমানদারি করবেন। তিনি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করার প্রতিশ্রুতি দেন। সন্ত্রাসী ও অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত দিনের মতো রাজপথে, প্রতিটি পাড়া-মহল্লা ও ইউনিয়নে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যাতে সন্ত্রাসী গোষ্ঠী সিলেটসহ বাংলাদেশের কোথাও স্থান না পায়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে কোনো সন্ত্রাসীর জায়গা নেই, সিলেটেও কোনো সন্ত্রাসীর স্থান হবে না। আওয়ামী সন্ত্রাসীদের বিএনপি সিলেটের জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে কঠোরভাবে প্রতিহত করবে। তিনি আরও বলেন, সিলেট নগরীকে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। নগরবাসীকে উন্নত জীবনযাপনের সুযোগ করে দিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। আসুন, সবাই মিলে সন্ত্রাস ও আওয়ামী সন্ত্রাসকে চিরবিদায় জানাই।
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক ও অ্যাডভোকেট এমরান আহমেদ, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি গণমিছিল রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর আজ বিদেশী কূটনীতিকদের সামনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করেছেন। তিনি দেশের গণতান্ত্রিক রূপান্তর, স্থায়িত্ব ও অর্থনৈতিক পুনরুদ্ধারে আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন।
ব্রিফিংকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের দিকে আমাদের গণতান্ত্রিক রূপান্তর, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অর্থনৈতিক পুনর্গঠনের পথচলায় আমরা আপনাদের অব্যাহত সমর্থনের ওপর আস্থা রাখছি’।
হুমায়ুন উল্লেখ করেন, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীত। জনগণ শান্তি, স্থিতিশীলতা, গণতান্ত্রিক স্বাধীনতা, অর্থনৈতিক সুযোগ এবং একটি উন্নত ভবিষ্যৎ কামনা করে।
তিনি আরও বলেন, ‘সরকার এই আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে এবং বিনিয়োগ বৃদ্ধি ও উন্নয়নের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এই প্রচেষ্টায় আমরা আমাদের আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের সহানুভূতিশীল অনুধাবন এবং গঠনমূলক অংশগ্রহণকে অত্যন্ত মূল্যায়ন করি’।
কার্যক্রম-নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাম্প্রতিক সহিংসতা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জনসাধারণের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে এবং রাজনৈতিক অস্থিতিশীলতার চিত্র তুলে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করছে।
হুমায়ুন বলেন, পুলিশ স্থাপনায় হামলা ও অস্ত্র লুটপাটের চেষ্টা কোনো বৈধ রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং এটি রাষ্ট্রীয় কর্তৃত্ব ও আইনের শাসনের প্রতি একটি চ্যালেঞ্জ।
তিনি আরও জানান যে, এই দলের সঙ্গে জড়িত ব্যক্তিরা বিদেশেও সন্ত্রাসী কর্মকাণ্ড ও অর্থ পাচারের সঙ্গে জড়িত এবং নানাবিধ ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।
কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা বিদেশেও সক্রিয় রয়েছে। তারা কয়েকটি দেশে সম্প্রীতি বিনষ্ট করছে এবং সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের সঙ্গে জড়িত। আমরা তাদের ফিরিয়ে আনতে চাই এবং এ বিষয়ে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি’।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনা যাতে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরকে নস্যাৎ করতে না পারে সে বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে, পেশাদারিত্বের সঙ্গে এবং আনুপাতিক প্রতিক্রিয়াদানের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে’।
তিনি জানান, ইতোমধ্যেই মামলা দায়ের করা হয়েছে, তদন্ত চলছে এবং বেআইনি কর্মকাণ্ডের জন্য দায়ীদের আইন অনুযায়ী জবাবদিহিতার আওতায় আনা হবে।
হুমায়ুন জোর দিয়ে বলেন, রাজনৈতিক পরিচয় কখনোই অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, সরকারি সম্পত্তি ধ্বংস বা অস্ত্র ছিনতাইয়ের চেষ্টার অজুহাত হতে পারে না।
তিনি পুনর্ব্যক্ত করেন যে, জড়িতদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, সরকার কোনো ধরনের প্রতিশোধমূলক সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বরদাস্ত করবে না।
২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচন গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের পথ সুগম করেছে।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে।
হুমায়ুন বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার, জনগণের আস্থা ফেরানো এবং আইনের শাসন প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিয়ে নতুন সরকার নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছে।
তিনি পুনর্ব্যক্ত করেন যে, নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সরকারের পদক্ষেপসমূহ যথাযথ আইনি প্রক্রিয়া, মানবাধিকার এবং আইনের শাসনের মাধ্যমে পরিচালিত হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বক্তব্য শেষ করেন বাংলাদেশকে গণতন্ত্র সংহত করতে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী এবং বিনিয়োগ ও উন্নয়নের জন্য একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করার জন্য ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ ও আন্তর্জাতিক সহযোগিতা কামনা করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সরকার কানাডার প্রতি আহ্বান জানিয়েছে, বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য। দুই দেশের মধ্যে শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করার উদ্দেশ্যে এই আহ্বান করা হয়েছে।
আজ বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
দিনের শুরুতে অনুষ্ঠিত বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় পরামর্শের ষষ্ঠ বৈঠকে যৌথ সভাপতিত্ব করার জন্য এপ ঢাকা সফরে আসেন।
বৈঠকে শামা ওবায়েদ বৈধ ভ্রমণ এবং শিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ সহজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি অনিয়মিত অভিবাসন বন্ধ করার পাশাপাশি দক্ষ জনশক্তির অভিবাসন উৎসাহিত করার জন্য সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন।
বাংলাদেশ ও কানাডার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কানাডার গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের প্রশংসাও করেন।
কানাডায় বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধ হিসেবে এই জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে সৃজনশীল অর্থনীতির গুরুত্বের ওপর জোর দেন। বিশেষ করে নারীদের অংশগ্রহণ ও অবদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।
অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে শামা ২০২৫ সালে দুই দেশের বাণিজ্য প্রায় ৪০০ কোটি কানাডীয় ডলারে উন্নীত হওয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বাণিজ্যে বৈচিত্র্য আনা এবং বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে কৃষি, জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) এবং দক্ষতা উন্নয়নের বিষয়গুলো উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
কানাডার দীর্ঘদিনের উন্নয়ন সহায়তার প্রশংসা করেন শামা। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর আরও তিন বছর বাংলাদেশি পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতিকে স্বাগত জানান তিনি।
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করার সময় কানাডার ধারাবাহিক মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাটিতে দেশটির সমর্থনের জন্য ধন্যবাদ জানান শামা।
তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য কানাডার অব্যাহত সহযোগিতা চান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত ১৯ নভেম্বর দেওয়া আইসিজের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত তাদের জন্য অব্যাহত মানবিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, অভিবাসন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের আহ্বানের পর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে তাজিকিস্তান। এ পর্যন্ত সাতটি রাষ্ট্র আদালত ছাড়ার ঘোষণা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা শুরুর পর চতুর্থ দেশ হিসেবে তাজিকিস্তান এই প্রক্রিয়ায় যুক্ত হলো।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত সোমবার আইসিসির পরিচালনা পর্ষদের প্রেসিডেন্সি বিষয়টি জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে।
তাজিকিস্তানের আগে যুক্তরাষ্ট্রের আহ্বানের পর আইসিসি ছাড়ার ঘোষণা দিয়েছে চাদ, ভেনেজুয়েলা এবং প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র নাওরু। জুলাই মাসে যুক্তরাষ্ট্র দেশগুলোকে আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানায়। এরপর একের পর এক দেশ আদালতটি ছাড়ার উদ্যোগ নিচ্ছে।
গত বছরের (২০২৫) এক ঘোষণায় বুরকিনা ফাসো, মালি ও নাইজারও আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার কথা জানিয়েছিল। তারা আদালতটিকে ‘নব্য-ঔপনিবেশিক দমন-পীড়নের হাতিয়ার’ আখ্যা দিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার না করায় তাজিকিস্তানের সমালোচনা করে আইসিসি। ২০২৫ সালে তাজিকিস্তান সফরে গিয়েছিলেন পুতিন। ইউক্রেনে কথিত যুদ্ধাপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।
আইসিসি, যা বিশ্বের স্থায়ী যুদ্ধাপরাধবিষয়ক আদালত হিসেবে পরিচিত, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করে। তবে সংশ্লিষ্ট দেশের আদালত বিচার করতে অনিচ্ছুক বা অক্ষম হলেই কেবল আইসিসি এ ধরনের অপরাধের বিচার করতে পারে।
আইসিসির পরিচালনা পর্ষদের প্রেসিডেন্সি সোমবারের বিবৃতিতে জানায়, আদালত থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার এক বছর মেয়াদি প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে সম্মিলিতভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। একই সঙ্গে দায়মুক্তির অবসানে বৈশ্বিক উদ্যোগও দুর্বল হয়ে পড়তে পারে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও কোনো রাষ্ট্র আদালতের সদস্য থাকা অবস্থায় চুক্তির আওতায় যেসব দায়বদ্ধতা তৈরি হয়েছে, সেসব থেকে মুক্তি পাবে না।
বর্তমানে আইসিসির সদস্যরাষ্ট্রের সংখ্যা ১২৫। তবে এ সংখ্যার মধ্যে আদালত থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা সাতটি দেশও রয়েছে। সদস্যপদ প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হতে এক বছর সময় লাগে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ