ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চাঁপাইনবাবগঞ্জে ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি


চাঁপাইনবাবগঞ্জে ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি

চলতি বছরের প্রথম ১০ মাসে (১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬) ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে।

৫৩ বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের আওতাধীন ৫৪.০৫ কিলোমিটার সীমান্ত এলাকায় (যা দেশের মোট ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের অংশ) নিয়মিত অভিযান চালিয়ে এসব মাদক ও পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের সংক্ষিপ্ত বিবরণ:

আরও পড়ুন: সেন্টমার্টিনে ৫ অবৈধ ট্রলিং বোটসহ ১০১ জন আটক

অস্ত্র ও বিস্ফোরক: ২টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি এবং ১৯টি ককটেল।

মাদকদ্রব্য: ১.৯৬০ কেজি হেরোইন, ৫,০৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৩,০৫০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৬৭৭ বোতল বিদেশি মদ, ২৮৯ বোতল ফেন্সিডিল এবং ১৬১ পিস ইয়াবা।

অন্যান্য পণ্য: ৩২৬টি গবাদিপশু, ৩৮৫টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ বিড়ি, বিড়ির পাতা ও মসলা।

সীমান্ত পথে মাদক, অস্ত্র, মানবপাচার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচার রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ড্রোন, সার্চ লাইট ও অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সীমান্তবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে ৫৩ বিজিবি।

আরও পড়ুন: গোপালগঞ্জকে অবরুদ্ধ করতে গিয়ে আ.লীগ নিজেই অবরুদ্ধ, বিএনপি করায় ৪ হিন্দু বাড়ি শেষ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের শেয়ারবাজারে এসএমই বোর্ডে বিনিয়োগের সীমা ১০ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


ফের শেয়ারবাজারে এসএমই বোর্ডে বিনিয়োগের সীমা ১০ লাখ টাকা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এসএমই বোর্ডে লেনদেনের জন্য যোগ্য বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগের সীমা পুনরায় ১০ লাখ টাকা নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পূর্বে এসএমই বোর্ডে বিনিয়োগের ন্যূনতম পরিমাণ ছিল ৩০ লাখ টাকা। এই সিদ্ধান্তের ফলে আগের সীমার তুলনায় বিনিয়োগের বাধ্যবাধকতা ২০ লাখ টাকা কমে যাবে। তবে, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে না। নতুন নির্দেশনা জারির দিন থেকে এটি কার্যকর হবে, যা আগের আদেশ বা নির্দেশনা সংশোধন করবে।

বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে মঙ্গলবার কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার পর কমিশনের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিএসইসি একাধিকবার এসএমই বোর্ডে বিনিয়োগের ন্যূনতম সীমা পরিবর্তন করেছে। গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় বিনিয়োগের সীমা ৩০ লাখ টাকা থেকে কমিয়ে ১০ লাখ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জানুয়ারিতে এ-সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু ১৯ মে নতুন নির্দেশনায় আবারও ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়। সর্বশেষ সিদ্ধান্তে সেই সীমা আবার ১০ লাখ টাকায় নামিয়ে আনার সিদ্ধান্ত হলো।

এসএমই বোর্ডে বিনিয়োগকারীদের যোগ্যতা নির্ধারণে ২০২২ সালের যোগ্য বিনিয়োগকারী বিধিমালার মাধ্যমে ক্ষুদ্র মূলধনি কোম্পানির শেয়ার কেনাবেচার জন্য পৃথক কাঠামো তৈরি করা হয়। ওই বিধিমালায় নির্দিষ্ট শর্ত পূরণকারী ব্যক্তি বিনিয়োগকারীর জন্য ১০ লাখ টাকার পোর্টফোলিও থাকা বিষয়টি যোগ্য বিনিয়োগকারী হওয়ার অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে পরবর্তী সময়ে বিএসইসির পৃথক নির্দেশনায় এসএমই বোর্ডের দ্বিতীয় বাজারে লেনদেনের জন্য বিনিয়োগের সীমা ৩০ লাখ টাকা করা হয়।

এসএমই বোর্ড গঠনের উদ্দেশ্য হলো তুলনামূলক কম মূলধনের কোম্পানিগুলোর জন্য পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ তৈরি করা। এই বোর্ডে তালিকাভুক্তির জন্য কোম্পানির পরিশোধিত মূলধন ৫ কোটি থেকে ৩০ কোটি টাকার মধ্যে থাকতে হয়। তবে, এসএমই বোর্ডে লেনদেনের ক্ষেত্রে বিনিয়োগের উচ্চ সীমা থাকায় ব্যক্তি বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ সীমিত হওয়ার অভিযোগ ছিল। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে আগের তুলনায় কম বিনিয়োগসম্পন্ন যোগ্য ব্যক্তি বিনিয়োগকারীরাও এই বোর্ডে শেয়ার কেনাবেচার সুযোগ পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বর্ণদ্বীপ থেকে ফিরেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরিক কাজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


স্বর্ণদ্বীপ থেকে ফিরেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরিক কাজ শুরু

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় ফিরে বিশ্রাম না নিয়ে সচিবালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন।

মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। সেখানে উপস্থিতি নিশ্চিত করতে নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর তিনি একে একে দাপ্তরিক কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার সকাল ৮টায় বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী। তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন। বেলা সাড়ে ১১টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনের আয়োজন করা হয়। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পাশে বসিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এই বিশেষ যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। এরপর সরাসরি সচিবালয়ে গিয়ে সন্ধ্যা পর্যন্ত কয়েকটি দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক শ কিংবা কয়েক হাজার মামলা এখনও বিচারাধীন রয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ তার বিচারের জন্য অপেক্ষা করছে। জনগণের আন্দোলনের ফলস্বরূপ দেশে বিচারব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। নিরপেক্ষ বিচারের মাধ্যমে জনগণের হত্যাকারীর জন্য কাঙ্ক্ষিত শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নির্ধারিত হয়েছে। এটি কেবল একটি মামলার রায়, এবং তার বিরুদ্ধে আরও অনেক মামলা অপেক্ষমাণ রয়েছে।

মন্ত্রী আরও বলেন, "স্বাভাবিক কথার মধ্যেও কীভাবে মিথ্যা বলা যায়, মিথ্যাকে কীভাবে স্বাভাবিক কথার বুলি বানানো যায়, তা নিয়ে কোনো পিএইচডি থাকলে শেখ হাসিনা সেটি পেতেন।" তিনি উল্লেখ করেন যে, শেখ হাসিনা বাংলাদেশে এসে বলেছিলেন, ৫৭ বছর বয়সে রাজনীতি থেকে অবসর নেবেন। কিন্তু এখন ৮০ বছর বয়সেও তিনি আবার বাংলাদেশের জনগণের ওপর চাপিয়ে বসার চেষ্টা করছেন।

মঙ্গলবার বিকেলে সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলের পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও।

প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেন, সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কোথাও খুঁজে পেলে প্রথমে তাদের মেহমানদারি করবেন। তিনি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করার প্রতিশ্রুতি দেন। সন্ত্রাসী ও অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত দিনের মতো রাজপথে, প্রতিটি পাড়া-মহল্লা ও ইউনিয়নে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যাতে সন্ত্রাসী গোষ্ঠী সিলেটসহ বাংলাদেশের কোথাও স্থান না পায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে কোনো সন্ত্রাসীর জায়গা নেই, সিলেটেও কোনো সন্ত্রাসীর স্থান হবে না। আওয়ামী সন্ত্রাসীদের বিএনপি সিলেটের জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে কঠোরভাবে প্রতিহত করবে। তিনি আরও বলেন, সিলেট নগরীকে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। নগরবাসীকে উন্নত জীবনযাপনের সুযোগ করে দিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। আসুন, সবাই মিলে সন্ত্রাস ও আওয়ামী সন্ত্রাসকে চিরবিদায় জানাই।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক ও অ্যাডভোকেট এমরান আহমেদ, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি গণমিছিল রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতান্ত্রিক রূপান্তর ও অর্থনৈতিক পুনরুদ্ধারে আন্তর্জাতিক সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


গণতান্ত্রিক রূপান্তর ও অর্থনৈতিক পুনরুদ্ধারে আন্তর্জাতিক সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর আজ বিদেশী কূটনীতিকদের সামনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করেছেন। তিনি দেশের গণতান্ত্রিক রূপান্তর, স্থায়িত্ব ও অর্থনৈতিক পুনরুদ্ধারে আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন।

ব্রিফিংকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের দিকে আমাদের গণতান্ত্রিক রূপান্তর, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অর্থনৈতিক পুনর্গঠনের পথচলায় আমরা আপনাদের অব্যাহত সমর্থনের ওপর আস্থা রাখছি’।

হুমায়ুন উল্লেখ করেন, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীত। জনগণ শান্তি, স্থিতিশীলতা, গণতান্ত্রিক স্বাধীনতা, অর্থনৈতিক সুযোগ এবং একটি উন্নত ভবিষ্যৎ কামনা করে।

তিনি আরও বলেন, ‘সরকার এই আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে এবং বিনিয়োগ বৃদ্ধি ও উন্নয়নের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এই প্রচেষ্টায় আমরা আমাদের আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের সহানুভূতিশীল অনুধাবন এবং গঠনমূলক অংশগ্রহণকে অত্যন্ত মূল্যায়ন করি’।

কার্যক্রম-নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাম্প্রতিক সহিংসতা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জনসাধারণের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে এবং রাজনৈতিক অস্থিতিশীলতার চিত্র তুলে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করছে।

হুমায়ুন বলেন, পুলিশ স্থাপনায় হামলা ও অস্ত্র লুটপাটের চেষ্টা কোনো বৈধ রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং এটি রাষ্ট্রীয় কর্তৃত্ব ও আইনের শাসনের প্রতি একটি চ্যালেঞ্জ।

তিনি আরও জানান যে, এই দলের সঙ্গে জড়িত ব্যক্তিরা বিদেশেও সন্ত্রাসী কর্মকাণ্ড ও অর্থ পাচারের সঙ্গে জড়িত এবং নানাবিধ ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।

কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা বিদেশেও সক্রিয় রয়েছে। তারা কয়েকটি দেশে সম্প্রীতি বিনষ্ট করছে এবং সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের সঙ্গে জড়িত। আমরা তাদের ফিরিয়ে আনতে চাই এবং এ বিষয়ে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি’।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনা যাতে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরকে নস্যাৎ করতে না পারে সে বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে, পেশাদারিত্বের সঙ্গে এবং আনুপাতিক প্রতিক্রিয়াদানের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে’।

তিনি জানান, ইতোমধ্যেই মামলা দায়ের করা হয়েছে, তদন্ত চলছে এবং বেআইনি কর্মকাণ্ডের জন্য দায়ীদের আইন অনুযায়ী জবাবদিহিতার আওতায় আনা হবে।

হুমায়ুন জোর দিয়ে বলেন, রাজনৈতিক পরিচয় কখনোই অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, সরকারি সম্পত্তি ধ্বংস বা অস্ত্র ছিনতাইয়ের চেষ্টার অজুহাত হতে পারে না।

তিনি পুনর্ব্যক্ত করেন যে, জড়িতদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, সরকার কোনো ধরনের প্রতিশোধমূলক সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বরদাস্ত করবে না।

২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচন গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের পথ সুগম করেছে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে।

হুমায়ুন বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার, জনগণের আস্থা ফেরানো এবং আইনের শাসন প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিয়ে নতুন সরকার নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছে।

তিনি পুনর্ব্যক্ত করেন যে, নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সরকারের পদক্ষেপসমূহ যথাযথ আইনি প্রক্রিয়া, মানবাধিকার এবং আইনের শাসনের মাধ্যমে পরিচালিত হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বক্তব্য শেষ করেন বাংলাদেশকে গণতন্ত্র সংহত করতে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী এবং বিনিয়োগ ও উন্নয়নের জন্য একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করার জন্য ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ ও আন্তর্জাতিক সহযোগিতা কামনা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%