প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর আজ বিদেশী কূটনীতিকদের সামনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করেছেন। তিনি দেশের গণতান্ত্রিক রূপান্তর, স্থায়িত্ব ও অর্থনৈতিক পুনরুদ্ধারে আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন।
ব্রিফিংকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের দিকে আমাদের গণতান্ত্রিক রূপান্তর, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অর্থনৈতিক পুনর্গঠনের পথচলায় আমরা আপনাদের অব্যাহত সমর্থনের ওপর আস্থা রাখছি’।
হুমায়ুন উল্লেখ করেন, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীত। জনগণ শান্তি, স্থিতিশীলতা, গণতান্ত্রিক স্বাধীনতা, অর্থনৈতিক সুযোগ এবং একটি উন্নত ভবিষ্যৎ কামনা করে।
তিনি আরও বলেন, ‘সরকার এই আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে এবং বিনিয়োগ বৃদ্ধি ও উন্নয়নের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এই প্রচেষ্টায় আমরা আমাদের আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের সহানুভূতিশীল অনুধাবন এবং গঠনমূলক অংশগ্রহণকে অত্যন্ত মূল্যায়ন করি’।
কার্যক্রম-নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাম্প্রতিক সহিংসতা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জনসাধারণের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে এবং রাজনৈতিক অস্থিতিশীলতার চিত্র তুলে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করছে।
হুমায়ুন বলেন, পুলিশ স্থাপনায় হামলা ও অস্ত্র লুটপাটের চেষ্টা কোনো বৈধ রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং এটি রাষ্ট্রীয় কর্তৃত্ব ও আইনের শাসনের প্রতি একটি চ্যালেঞ্জ।
তিনি আরও জানান যে, এই দলের সঙ্গে জড়িত ব্যক্তিরা বিদেশেও সন্ত্রাসী কর্মকাণ্ড ও অর্থ পাচারের সঙ্গে জড়িত এবং নানাবিধ ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।
কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা বিদেশেও সক্রিয় রয়েছে। তারা কয়েকটি দেশে সম্প্রীতি বিনষ্ট করছে এবং সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের সঙ্গে জড়িত। আমরা তাদের ফিরিয়ে আনতে চাই এবং এ বিষয়ে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি’।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনা যাতে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরকে নস্যাৎ করতে না পারে সে বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে, পেশাদারিত্বের সঙ্গে এবং আনুপাতিক প্রতিক্রিয়াদানের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে’।
তিনি জানান, ইতোমধ্যেই মামলা দায়ের করা হয়েছে, তদন্ত চলছে এবং বেআইনি কর্মকাণ্ডের জন্য দায়ীদের আইন অনুযায়ী জবাবদিহিতার আওতায় আনা হবে।
হুমায়ুন জোর দিয়ে বলেন, রাজনৈতিক পরিচয় কখনোই অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, সরকারি সম্পত্তি ধ্বংস বা অস্ত্র ছিনতাইয়ের চেষ্টার অজুহাত হতে পারে না।
তিনি পুনর্ব্যক্ত করেন যে, জড়িতদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, সরকার কোনো ধরনের প্রতিশোধমূলক সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বরদাস্ত করবে না।
২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচন গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের পথ সুগম করেছে।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে।
হুমায়ুন বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার, জনগণের আস্থা ফেরানো এবং আইনের শাসন প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিয়ে নতুন সরকার নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছে।
তিনি পুনর্ব্যক্ত করেন যে, নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সরকারের পদক্ষেপসমূহ যথাযথ আইনি প্রক্রিয়া, মানবাধিকার এবং আইনের শাসনের মাধ্যমে পরিচালিত হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বক্তব্য শেষ করেন বাংলাদেশকে গণতন্ত্র সংহত করতে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী এবং বিনিয়োগ ও উন্নয়নের জন্য একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করার জন্য ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ ও আন্তর্জাতিক সহযোগিতা কামনা করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন