০২:৩৯ এম
সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছ থেকে লিখিত ব্যাখ্যা দাবি করেছে। একইসঙ্গে, প্রতিষ্ঠানটির উড়োজাহাজ ও যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে অনিয়মের দায় নির্ধারণ এবং আইটি সিস্টেমের দুর্বলতার কারণে রাজস্ব ক্ষতি নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে কমিটির পক্ষ থেকে।
গতকাল সোমবার, সংসদ ভবনে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির বৈঠকে এই সুপারিশটি উত্থাপন করা হয়। কমিটির পরবর্তী বৈঠকে লিখিত ব্যাখ্যা উপস্থাপন করতে বলা হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির। এতে কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ আখতারুজ্জামান মিয়া, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন।
আরও পড়ুন: হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হয়। প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সরকারি অর্থের অপচয় রোধ, অনিয়ম দূরীকরণ এবং দীর্ঘদিনের নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়। বৈঠকে উত্থাপিত নিরীক্ষা আপত্তির বিপরীতে মোট কত টাকা আদায় হয়েছে, কত টাকা অনাদায়ী রয়েছে এবং সংশ্লিষ্ট কতজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়। প্রতিটি নিরীক্ষা আপত্তির বিপরীতে প্রমাণাদিসহ সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা উপস্থাপনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
কমিটির পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলোর বিস্তারিত লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নানা সুপারিশ করেছে এ সংক্রান্ত সংসদীয় কমিটি।
আরও পড়ুন: সচিবালয়ে পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক, দর্শনার্থী প্রবেশেও কঠোর নজরদারি
সোমবার সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে গঠিত মতামত প্রদান সংক্রান্ত কমিটির দ্বিতীয় বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, সাইফুল আলম এবং মারদিয়া মমতাজ অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন