ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বাগমারায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা


বাগমারায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজশাহীর বাগমারায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমির বাবুল হোসাইন এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধারা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাইয়ের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা একই সঙ্গে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন: গাজীপুরের পোশাক কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত। আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানোরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৩ এম


তানোরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

"জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী তানোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। তানোর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। অনুষ্ঠানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সকলের একযোগে কাজ করার আহ্বান জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড শিব শংকর বসাক, তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাস আলী, তানোর উপজেলা বিএপির সাবেক সভাপতি ও সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক খান, তানোর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ করিম ও সদস্য সচিব মোতালেব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, সুধীজন, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের চেতনা ধারণ করে দেশকে উন্নয়নের, ন্যায়বিচারের এবং গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ে নয়, আপাতত একাই সুখী আমি, তবে ‘যোগ্য মানুষ’ এলে মত বদলাতেও আপত্তি নেই: অমীষা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৭ এম


বিয়ে নয়, আপাতত একাই সুখী আমি,  তবে ‘যোগ্য মানুষ’ এলে মত  বদলাতেও আপত্তি নেই: অমীষা

অমীষা পটেলের বিয়ে নিয়ে আপাতত কোনও পরিকল্পনা নেই। যদিও এখন তার এই অবস্থান, অতীতে প্রেমের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাঁকে। কেরিয়ারের স্বার্থে সম্পর্ক ছাড়তেও হয়েছে।

অমীষা সম্প্রতি সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। এক অনুরাগী তাঁর কাছে জানতে চেয়েছিলেন, "কবে বিয়ে করছেন?" উত্তরে অমীষা লিখেছেন, "কখনও না। একা থাকতে দারুণ লাগছে। আমার জীবনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু মিলিয়ে প্রায় একশো মানুষ আছেন, যাঁদের ভালবাসা পাই। সেখানে এক জন পুরুষ এসে সব সমীকরণ বদলে দিক, সেটা চাই না।"

সে যাত্রায় প্রেমের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাঁকে, কেরিয়ারের স্বার্থের জন্য ছাড়তেও হয়েছে সম্পর্ক। এক সাক্ষাৎকারে অমীষা জানিয়েছিলেন, অভিনয়ে আসার আগে এক শিল্পপতি পরিবারের যুবকের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ছিল। সামাজিক অবস্থান, পারিবারিক পরিবেশ, শিক্ষাগত যোগ্যতা— সব দিক থেকেই সেই সম্পর্ক ছিল আদর্শ। কিন্তু সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পর তাঁর সঙ্গী চাননি, তিনি জনসমক্ষে পরিচিত মুখ হয়ে উঠুন। তাই প্রেমের চেয়ে অভিনয়কেই বেছে নিয়েছিলেন অভিনেত্রী।

অমীষা বলছেন, যিনি সত্যিই ভালবাসবেন, তিনি কখনও সঙ্গীর পেশাগত সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াবেন না। জীবনে প্রেমের জন্য যেমন অনেক কিছু হারিয়েছেন, তেমনিভাবে কেরিয়ারের জন্যও অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সেই অভিজ্ঞতাই তাঁকে অনেক কিছু শিখিয়েছে।

তবে বিয়ের দরজা পুরোপুরি বন্ধ করে দেননি ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির অভিনেত্রী। তাঁর মতে, যোগ্য ব্যক্তি আসলে বিয়ে করতে আপত্তি নেই। বিভিন্ন প্রতিষ্ঠিত পরিবারের কাছ থেকে এখনও বিয়ের প্রস্তাব আসে। এমনকি তাঁর চেয়ে অনেক কমবয়সিরাও ডেটের জন্য আগ্রহ প্রকাশ করেন। বয়স নয়, মানসিক পরিণতিই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। অমীষা কটাক্ষ করে বলেন, বয়সে বড় হলেও অনেকের বুদ্ধির পরিণতি অত্যন্ত হতাশাজনক।

প্রসঙ্গত, অতীতে নায়িকার নাম একাধিক ব্যক্তির সঙ্গে জড়ালেও, চলচ্চিত্র পরিচালক বিক্রম ভট্টের সঙ্গে তাঁর সম্পর্কই সবচেয়ে বেশি আলোচনায় এসেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শৈলকুপায় ৫শ গ্রাম গাঁজাসহ আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৪ এম


শৈলকুপায় ৫শ গ্রাম গাঁজাসহ আটক ২

শৈলকুপায়। পুলিশ ৫০০ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায়, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশ অভিযান চালায়। এ সময় স্থানীয় উপজেলার সারুটিয়া গ্রাম থেকে রফিকুল ইসলামের ছেলে রশিদ মন্ডল এবং ইসমাইল শেখের ছেলে আক্তার সেখ নামের দুই মাদক ব্যবসায়ীকে তালতলা বাজার থেকে আটক করা হয়।

পুলিশের তদন্তে আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, সন্ধ্যায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। তিনি জানিয়েছেন, মামলার প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুরে সড়ক নির্মাণ ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৫ এম


দৌলতপুরে সড়ক নির্মাণ ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্পনগরী হিসাবে পরিচিত আল্লারদর্গা বাজারের চরম জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ ২ কিলোমিটার সড়ক নির্মাণ এবং আরসিসি ড্রেন নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় ৭৫-কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আল্লারদর্গা বাজার এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে এই নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন।

কুষ্টিয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ৩২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পের আওতায় আল্লারদর্গা নাসির নগর থেকে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত দেড় কিলোমিটারসহ মোট ২ কিলোমিটার রাস্তায় রড ও সিমেন্টের কংক্রিট (আরসিসি) ঢালাই করে এই সড়ক নির্মাণ করা হবে। একই সাথে পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য সড়কের পাশে টেকসই আরসিসি ড্রেন নির্মাণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সওজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস, নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, মোঃ আসাদ, উল্লাহ বাচ্চু, দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শেরআলী সবুজ, বিএনপি নেতা রুহুল কুদ্দুস, আলহাজ্ব গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাস, অধ্যাপক মাহবুবুর রহমান লসকর, অধ্যক্ষ রেজাউল করিম, প্রকৌশলী হারুন অর রশিদ হারুন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী এবং সওজ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর বহুল প্রতীক্ষিত এই কাজের উদ্বোধন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঠিকাদারী প্রতিষ্ঠান যশোরের হাইটেক এই কাজটি পায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, আল্লারদর্গা বাজারের এই জরাজীর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে দৌলতপুরবাসীর জন্য চরম ভোগান্তির কারণ ছিল। অবহেলা এবং জলাবদ্ধতার কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এই সড়কটির নির্বাচনী প্রতিশ্রুতির একটি অংশ, জনগণকে এই সংকট থেকে মুক্তি দিতে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। সিডিউল অনুযায়ী কাজের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে দ্রুততম সময়ে নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো জানান, দৌলতপুরের ঐতিহ্যবাহী আল্লাহর দরগা হাই স্কুল ফুটবল মাঠসহ উপজেলার চারটি ফুটবল মাঠ সংস্কারের কাজও হাতে নেয়া হয়েছে।

তিনি মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার প্রতিও গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আল্লাহর সহ দৌলতপুরের বেশ কয়েকটি স্থানে মাদকের খাঁটি ও বিস্তার রয়েছে, এগুলোকে অবিলম্বে নির্ভুল করা হবে। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। অনুষ্ঠানে কুষ্টিয়া সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম জানান, পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় সড়কটি বারবার ক্ষতিগ্রস্ত হতো। এবার সুপরিকল্পিত ড্রেনেজ নির্মাণ এবং আরসিসি ঢালাইয়ের মাধ্যমে একটি মজবুত সড়ক তৈরি করা হচ্ছে, যাতে আগামী বহু বছর এখানে জলাবদ্ধতা বা সড়ক ভাঙনের সমস্যা না থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%