মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৫৪ পি.এম
রাঙামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচজন কথিত মাদক কারবারি ও দুইজন মাদকসেবীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সেতু চাকমা (৪০), মো. আরমান (২৩) ও তরপন চাকমা (৫০)কে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ে সহায়তার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া আরাফাত ইসলাম তারেক (২৯) ও সাইফুল ইসলাম (৩১)কে মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে মো. কামাল উদ্দিন (৪১) ও মো. নুর মিয়া (৪৪)কে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অভিনেত্রী সাফা কবির ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় প্রশ্ন তুলেছেন। তিনি প্রতিবাদ জানিয়ে বলেছেন, একজন শিল্পীকে দেশের বাইরে গিয়ে কেন বারবার এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় সাফা বাঁধনের ঘটনার প্রতি তার ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার এবং বাঁধনের জন্য ন্যায়বিচার দাবি করেন।
সাফা মন্তব্য করেন, বাঁধন ও তার পরিবারের যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন শিল্পী যখন দেশের বাইরে চলচ্চিত্র উৎসবে নিজের সিনেমা ও দেশের প্রতিনিধিত্ব করতে যান, তখন তার প্রাপ্য হওয়া উচিত সম্মান ও নিরাপত্তা।
অপমান, হয়রানি কিংবা আতঙ্ক নয়, বরং নিরাপত্তা প্রত্যাশা করা উচিত।
সাফা দেশের শিল্পীদের রাজনৈতিক টানাপোড়েনে টেনে আনার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, একজন শিল্পীর স্বাধীনতা হচ্ছে সত্য, ন্যায় ও মানুষের কথা বলা। তবে কেন একজন শিল্পীকে বারবার মূল্য দিতে হবে তার কণ্ঠ ও মত প্রকাশের জন্য, সেই প্রশ্ন তিনি উত্থাপন করেন।
কিছু মানুষের আচরণের কারণে পুরো দেশের মানুষকে বিচার করার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন সাফা। তিনি বলেন, কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে বিদেশে বাংলাদেশিদের হিংস্র, উগ্র কিংবা অসভ্য হিসেবে বিবেচনা করা হলে, তার প্রভাব সাধারণ মানুষের ওপরও পড়ে। এমনকি দেশের বাইরে তাদের সম্মান, ভিসা কিংবা চলাচলের ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি মন্তব্য করেন।
সাফা বাঁধনের ঘটনার পর কয়েক দিনের আলোচনা ও প্রতিবাদের বিষয়টি হারিয়ে না যাওয়ার জন্য সতর্ক করেন। নতুন কোনো ঘটনা সামনে এলে আগের ঘটনা চাপা পড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি সবাইকে বিষয়টি মনে রাখার আহ্বান জানান।
একজন শিল্পীর নিরাপত্তা, সম্মান ও স্বাধীনতা শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি সমাজ, দেশ ও জাতীয় পরিচয়ের বিষয়ও। তাই কোনো শিল্পীর কণ্ঠ, সম্মান ও নিরাপত্তা কখনোই রাজনৈতিক বিরোধের মূল্য হওয়া উচিত নয়।
প্রসঙ্গত, সোমবার রাতে ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় হামলার শিকার হন আজমেরী হক বাঁধন। এ সময় তিনি তার ভাই ও শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ছিলেন। একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দেয়। তারা বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে গালিগালাজ ও হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর বাঁধন ফেসবুক লাইভে এসে জানান, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, শরীরে পানি ছুড়ে মারা হয়েছে এবং তার মোবাইল ফোন ফেলে দেওয়া হয়েছে। পরে এ ঘটনায় স্থানীয় ভেনিস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার ধামরাইয়ে সুবিধাবঞ্চিত ৪০ বেদে পরিবারকে খাসজমি এবং ২৫ সদস্যকে সেলাই মেশিন দিয়েছে জেলা প্রশাসন। এ ছাড়া সড়ক নির্মাণের জন্য ৫ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম এই সহায়তা প্রদান করেন।
তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে এসব সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলার বেদে সম্প্রদায়ের পরিবারগুলোকেও সহযোগিতার আওতায় আনা হবে।
ফরিদা খানম উল্লেখ করেন, একটি সেলাই মেশিনের মাধ্যমে একটি পরিবারের অন্তত পাঁচজন সদস্যের জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হতে পারে।
সেলাই মেশিনের পাশাপাশি বেদে পল্লির বাসিন্দাদের বাড়ির আঙিনার ফাঁকা জায়গায় ফলমূল ও সবজি চাষ এবং হাঁস-মুরগি পালনের জন্যও উৎসাহিত করা হচ্ছে।
জেলা প্রশাসনের এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেন বেদে পল্লির সদস্যরা। তারা জানান, খাসজমি, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা তাদের জীবনযাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করবে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান তারা।
বেদে পল্লির পূর্ণিমা আক্তার বলেন, ‘আপনারা বেদে সম্প্রদায়ের দিকে তাকিয়েছেন, সে জন্য ধন্যবাদ। সেলাই মেশিন দিয়েছেন। এটা দিয়ে আমরা পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারব। আগে থেকে কাজ জানতাম। কিন্তু মেশিন না থাকার কারণে কাজ করতে পারতাম না। এখন করতে পারব।’
হেনা নামে আরেকজন বলেন, ‘এত কিছু পেয়ে আমরা খুশিতে আত্মহারা। চাওয়ার আগে আমরা পেয়ে যাই। ঘরবাড়ি দিয়েছেন, মেশিন দিয়েছেন। রাস্তাও করে দিয়েছেন। এর আগে অনুদানও দিয়েছেন। কী আর চাইব। চাওয়ার আগেই পাই।’
এ সময় বেদে পল্লির পক্ষ থেকে ফরিদা খানমকে একটি ব্যাগ উপহার দেওয়া হয়। উপহার পেয়ে ফরিদা খানম উচ্ছ্বাস প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনটি ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয়।
এর আগে সোমবার, জাতীয় সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরার পাটকেলঘাটায় জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্ধশতাধিক সক্রিয় নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে শ্রমিক দলে যোগদান করেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলার পাটকেলঘাটায় যুবদল কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রমিক দলে যোগ দেন তারা। অনুষ্ঠানের শুরুতে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
তিনি নবাগতদের উদ্দেশ্যে বলেন, "সাম্য, মানবিক মর্যাদা ও জাতীয়তাবাদী ভাবধারায় উজ্জীবিত হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশ পুনর্গঠন ও উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি, আগামী দিনে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।"
জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশন ছেড়ে বিএনপি সমর্থিত শ্রমিক দলে যোগদানকারী ৫৬ জন নেতাকর্মী হলেন- মো. আব্দুল মালেক, মো. কাসেম, মো. রফিকুল, মো. লতিফ, মো. জহুরুল, মো. আশরাফুল, মো. তরিকুল, মো. সাইদুল, আব্দুল জব্বার, রিয়াজ, মো. ছমেদ, মো. কালাম, মো. আজহার, মো. মানিক, মো. লিটন, মো. শফিকুল, মো. জাহাঙ্গীর, মো. মান্নান, শেখ সাইদুল, শেখ সাইফুজ্জামান, মো. সহিদুল, শেখ লিটন, মো. আকিজ, আসাদুল ইসলাম, মো. ইসমাইল, মো. রবিউল, মো. মহসিন, মো. মহিদুল, মো. অজিয়ার, মো. তারিক, মো. সিরাজ, মো. বজলু, মো. আব্দুল, মো. ফারুক, মো. আলী, মো. রাজ্জাক, মো. জামাল, মো. শেখ পল্টু, মো. আতিয়ার, শেখ জাবিয়ার, শেখ মোস্তফা, আব্দুল হোসেন, মাকসুদ হোসেন, খোকন হোসেন, সোহাগ হোসেন, শেখ রিয়াজ, আতিয়ার, মো. লিটন, শেখ জাবিয়ার, মো. শফিকুল, মো. মহসিন, শেখ মোস্তফা, আব্দুল হোসেন, মাকসুদ হোসেন, খোকন হোসেন, সোহাগ হোসেন ও শেখ রিয়াজ।
অনুষ্ঠানে তালা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলনের সঞ্চালনায় স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, জামায়াতের বিয়োগাত্মক রাজনীতি ও শ্রমজীবী মানুষের সঠিক মূল্যায়ন না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল, এ যোগদানের মাধ্যমে তার বাস্তব প্রতিফলন ঘটেছে। বিএনপির হাত ধরে আগামী দিনে এ অঞ্চলের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ রিজভী আহমেদ, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ও ব্যবসায়ী মকবুল হোসেন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল হোসেন, হারুন অর রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেনসহ অনেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ