০৫:০৩ পি.এম
রাজবাড়ী, ২১ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, যার ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।
আজ বুধবার দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও উল্লেখ করেন, বিনিয়োগ পরিস্থিতি, বিশেষ করে বেসরকারি খাতের বিনিয়োগ কমে যাওয়ার কারণে কর্মসংস্থানের সংকট বেড়েছে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সংকট এবং জ্বালানির মূল্যবৃদ্ধি দেশের অর্থনীতিতে নতুন করে চাপ সৃষ্টি করেছে।
আরও পড়ুন: প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ
বিভিন্ন সংস্থা বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নিয়ে নানা ধরনের প্রক্ষেপণ তুলে ধরেছে, বলেও জানান তিনি।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তথ্য বিকৃত করে অপপ্রচার চালাচ্ছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জিডিপি নিয়ে যে প্রক্ষেপণ উপস্থাপন করেছে, সেখানে একটি মৌলিক বিষয় উপেক্ষিত হয়েছে। সেটি হলো, প্রয়োজনীয় সংস্কার না করা হলে প্রবৃদ্ধি আরও কম হবে।
সরকারের সংস্কার উদ্যোগ তুলে ধরে উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রাজস্ব আহরণ বাড়ানো জরুরি। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপে যাতে মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে না যায়, সে জন্য সরকার যুগান্তকারী কয়েকটি সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে।
মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলামসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মিরপুরে কিশোর গ্যাংয়ের হোতা তিন ভাই গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন