ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

চাকরিতে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আইনমন্ত্রীর


চাকরিতে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান ঘোষণা করেছেন যে, চাকরি দেওয়ার নামে ঘুষ বা প্রতারণায় জড়িত থাকলে সেই ব্যক্তির সম্পর্ক তার দলের নেতার সঙ্গেও সেদিনই শেষ হয়ে যাবে। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং আগামী পাঁচ বছরের মধ্যে শৈলকুপা উপজেলার সব কাঁচা রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দিয়েছেন। আজ ২০ অক্টোবর ২০২৬ বুধবার সকালে শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

সভায় আসাদুজ্জামান উল্লেখ করেন, শৈলকুপার বিভিন্ন এলাকার সমস্যা ও সংকট চিহ্নিত করে সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, জনগণের সেবায় তিনি ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত নিরলসভাবে কাজ করছেন।

মন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরেন এবং বলেন, এলাকার অনেক স্কুল-কলেজে খেলার মাঠের সংকট রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে ব্যক্তিগত তহবিল থেকে অর্থ ব্যয় করেও শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ তৈরিতে সহযোগিতা করা হবে।

আরও পড়ুন: পূজামণ্ডপে মুসলমানদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ: খাদ্যমন্ত্রী

আইনমন্ত্রী চাকরি দেওয়ার নামে প্রতারণা ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, তার রাজনৈতিক দলের কোনো নেতা চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণ বা এ ধরনের অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ওই নেতার সঙ্গে সেদিনই তার সম্পর্কের অবসান ঘটবে।

তিনি আরও বলেন, একজন সাধারণ ভ্যানচালকের কথাও তিনি গুরুত্ব দিয়ে শোনেন। জনপ্রতিনিধি হিসেবে জনগণের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, এলাকার এমপি বা মন্ত্রী ঘুষের সঙ্গে জড়িত নন।

মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আসাদুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। তার নিজের দলের কোনো নেতার ডোপ টেস্টের ফল পজিটিভ এলে তার বিরুদ্ধেও কোনো ছাড় দেওয়া হবে না।

এ সময় বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, কোনো নেতা রাজনীতি, সমাজ ও দেশের ক্ষতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না। এ ক্ষেত্রে কারাগারকেও ভয় পান না বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: সাইবার সিকিউরিটি আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

শৈলকুপার যোগাযোগব্যবস্থার উন্নয়নে আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলায় কোনো কাঁচা রাস্তা অবশিষ্ট না রাখার ঘোষণা দেন মন্ত্রী। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার সব কাঁচা রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষকদের পক্ষে মো. নজরুল ইসলাম, মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে ভাটই হাইস্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, কলেজ শিক্ষক সমিতির সভাপতি জরিপ বিশ্বাস, কলেজের পক্ষে মো. শহিদুল ইসলাম এবং সাংবাদিকদের পক্ষে তাজনুল রহমান ডাবলু ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব মল্লিক বক্তব্য দেন।

বক্তারা নিজ নিজ পেশার বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। মন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস দেন।

পরে মন্ত্রী শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে জবাব দেবে’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে জবাব দেবে’

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি মন্তব্য করেছেন যে, "সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে।"

তিনি বুধবার (২১ অক্টোবর) বরিশাল শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

চিফ হুইপ আরও বলেন, "সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই জনগণ পরবর্তী নির্বাচনে ভোট দেবে।" তিনি উল্লেখ করেন যে, ঘন ঘন আন্দোলনের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত।

তিনি বলেন, "৩০ লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়া একটি দেশের ভঙ্গুর অর্থনীতি নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে।" তিনি অভিযোগ করেন যে, বিরোধী পক্ষের লং মার্চসহ বিভিন্ন কর্মসূচি দেশ পুনর্গঠনের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে। "লং মার্চের মাধ্যমে দেশের পরিস্থিতির প্রকৃত পরিবর্তন আনা সম্ভব নয়," বলেন তিনি।

বিদ্যুৎ সংকটের প্রসঙ্গে তিনি জানান, "প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ সংকট কাটাতে সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে আগামী তিন বছরের জন্য করছাড় দিয়েছেন।" তিনি আশা প্রকাশ করেন যে, এই সুযোগ কাজে লাগাতে পারলে এক বছরের মধ্যে বিদ্যুতের ঘাটতি পূরণ করা সম্ভব।

তিনি উল্লেখ করেন, "দীর্ঘ ১৭ বছরের জুলুম-নির্যাতন ও প্রতিকূলতা মোকাবেলা করে ফ্যাসিবাদী সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে বিএনপি।" বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতি ও নানা সংকটের মধ্যে দেশ পুনর্গঠনের চেষ্টা করছে বলেও জানান তিনি। "ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি সহায়তার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে।"

সম্মেলনে বরিশাল বিভাগের মহানগর ও বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

যশোর, ২১ অক্টোবর, ২০২৬ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত জানিয়েছেন, সৌর বিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। আগামী গ্রীষ্মের আগেই এই খাত থেকে তিন-চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে আশা করা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, সৌর বিদ্যুৎ নিয়ে মানুষের আগ্রহের কারণে সরকারও এ বিষয়ে নীতি সহায়তা প্রদান করছে। এর ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের সৃষ্টি হচ্ছে এবং নতুন কর্মসংস্থানও তৈরি হচ্ছে।

আজ বুধবার দুপুরে যশোর জেলা বিএনপি অফিসে সৌর বিদ্যুৎ স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। পরে প্রতিমন্ত্রী শহরের লালদিঘি পাড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সৌরবিদ্যুৎ উৎপাদনের বিষয়ে প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে যশোর জেলা বিএনপি কার্যালয়ে ৬ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। দেশের অন্য কোনো রাজনৈতিক কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনের খবর আমার জানা নেই।’

যশোর জেলা বিএনপি কার্যালয়ের এই উদ্যোগ দেখে অন্যান্য রাজনৈতিক দলগুলোও তাদের দলীয় কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনে আগ্রহী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, সেচ পাম্পগুলোও ধাপে ধাপে সৌরবিদ্যুৎ চালিত করা হবে। এতে ডিজেল ও বিদ্যুতের ওপর চাপ কমবে এবং কৃষকের উৎপাদন ব্যয়ও হ্রাস পাবে।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, যশোর জেলা বিএনপি কার্যালয়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। নিজেদের ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে সৌর প্যানেল স্থাপনের খরচ উঠে আসবে বলে তিনি মনে করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুর পৌরশহরে ২৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


মধুপুর পৌরশহরে ২৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি পৌরশহরের ২৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন এবং পূজারি ও আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে খন্দকার মোতালিব হোসেন পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও আয়োজকদের খোঁজখবর নেন। তিনি পূজারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধর্মীয় উৎসবের পরিবেশ নিয়ে কথা বলেন।
আসন্ন মধুপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে খন্দকার মোতালিব হোসেন সবার সমর্থন কামনা করেন। পাশাপাশি দলীয় মনোনয়ন পেলে তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য উপস্থিত ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, যুগ্ন সম্পাদক মোশারফ হোসেন মুছা, যুগ্ন সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সাগরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং পৌরশহরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। এ ছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থসহায়তা প্রদানের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলেনস্কির ট্রাম্প বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফলপ্রসূ আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


জেলেনস্কির ট্রাম্প বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফলপ্রসূ আলোচনা

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার নরওয়ের রাজধানী অসলোতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনা করেছেন। এই আলোচনা রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের প্রচেষ্টা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক তিক্ত বিরোধ প্রশমনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর উভয় পক্ষই আলোচনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে। খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

জেলেনস্কি, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে, ইউক্রেনের বেসামরিক নাগরিক ও জ্বালানি স্থাপনাগুলোতে রাশিয়ার সম্ভাব্য হামলার আগাম সতর্কতা দিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সরবরাহ আবার চালু করায় ওয়াশিংটনকে ধন্যবাদ জানান।

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য উইটকফের অসলো থেকে রাশিয়ায় যাওয়ার কথা রয়েছে বুধবার, যা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টার অংশ।

সম্প্রতি রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহ নিয়ে ট্রাম্পের চুক্তি ও রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলা বন্ধ করতে অস্বীকৃতি জানানোর পর, জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ট্রাম্পের ক্ষুব্ধ মন্তব্যের কারণে কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চলছিল।

অসলোতে সাংবাদিকদের সামনে জেলেনস্কি বলেন, ‘গোয়েন্দা তথ্যের কার্যক্রম আবার চালু হওয়ায় আমরা কৃতজ্ঞ। আমি আগাম সতর্কতার কথা বলছি, যা আমাদের জনগণ, শিশু, প্রাপ্তবয়স্ক ও বেসামরিক নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আসার সময় আমরা সতর্কবার্তা পেতে পারি।’

নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের পাশে দাঁড়িয়ে জেলেনস্কি বলেন, দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।

বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন ব্যবসায়ী উইটকফ। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অসুস্থতার কারণে দূর থেকে আলোচনায় অংশ নেন।

বৈঠক শেষে এএফপিকে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, জেলেনস্কি, উইটকফ ও কুশনারের মধ্যে আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক’ হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘ইউক্রেন নতুন কিছু ধারণা ও প্রস্তাব সামনে এনেছে।’

‘চুক্তিতে পৌঁছাতে হবে’

যদিও আলোচনা ইতিবাচক ছিল, ট্রাম্প ইউক্রেনের ওপর চাপ অব্যাহত রেখেছেন। হোয়াইট হাউসে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হবে জেলেনস্কিকে। শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাশিয়া ইউক্রেনে হামলা আরও জোরদার করছে।

গত সপ্তাহে জেলেনস্কিকে পদত্যাগের আহ্বান জানানো ট্রাম্প ফেব্রুয়ারি ২০২৫ সালে হোয়াইট হাউসের ওভাল অফিসে তাদের বহুল আলোচিত টেলিভিশন সম্প্রচারিত বাদানুবাদের প্রসঙ্গও তোলেন।

সে সময় তিনি যে শর্তগুলো প্রস্তাব করেছিলেন, জেলেনস্কি সেগুলো গ্রহণ না করায় তার সমালোচনা করেন।

চলতি মাসের শুরুতে রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তির ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্ক আবারও তলানিতে নামে। ইরান যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায়, তা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে ট্রাম্প ওই চুক্তি করেন।

একই সঙ্গে রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতের ওপর নিষেধাজ্ঞা শিথিল করায় ইউক্রেন ক্ষোভ প্রকাশ করে। কিয়েভের আশঙ্কা, ট্রাম্প আবারও পুতিনের দিকে ঝুঁকছেন।

এরপর দুই দেশের বিরোধ আরও তীব্র হয়। জেলেনস্কি ট্রাম্পের দুর্বলতার সমালোচনা করেন এবং অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য আটকে রাখছে ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্ব করছে।

যুদ্ধক্ষেত্রে যোগাযোগ এবং রাশিয়ার দখল করা ভূখণ্ডে হামলা পরিচালনার কাজে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সামরিক স্যাটেলাইট ব্যবস্থা স্টারশিল্ডের গতিও কমিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।

স্টারশিল্ডের নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক বলেছিলেন, এ ব্যবস্থার গতি কমানোর নির্দেশ কেবল হোয়াইট হাউস থেকেই আসতে পারে। তবে ট্রাম্প এমন নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন।

অন্যদিকে, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, সামরিক কাজে ব্যবহৃত স্টারলিংক ব্যবস্থার গতি কমানোর নির্দেশ আসলে মাস্কই দিয়েছিলেন।

অসলোতে বৈঠকের আগে ওয়াশিংটন, কিয়েভ ও পশ্চিমা দেশগুলোর রাজধানীতে উত্তেজনা কমাতে জোর কূটনৈতিক তৎপরতা চালানো হয়।

মঙ্গলবার এর আগে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ‘গুরুত্বপূর্ণ’ আলোচনা করেছেন বলে জানান।

সোমবার যুক্তরাষ্ট্রের সিনেটরদের সঙ্গে আলাদা আলোচনায় জেলেনস্কি অভিযোগ করেন, পেন্টাগন ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্ব করছে। ইউরোপের দেশগুলো আগে থেকেই এসব ক্ষেপণাস্ত্রের মূল্য পরিশোধ করেছে।

তার দাবি, চালানটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।

ইউরোপের কয়েকটি দেশ নিজেদের মজুত থেকে ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ইউক্রেনকে দিতে প্রস্তুত থাকলেও যুক্তরাষ্ট্রের অনুমোদন এখনো পায়নি বলে জানান জেলেনস্কি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%