০১:৫৮ পি.এম
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু মন্তব্য করেছেন যে, বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভায় থাকা জোনায়েদ সাকি, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নুর ও ববি হাজ্জাজের উল্লেখযোগ্য অবদান চোখে পড়ছে না।
তিনি শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এসব কথা জানান।
মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচন পূর্ববর্তী সময়ে ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে ফেলার (এক বাক্স নীতি) উদ্যোগটি বেশ আলোচনা ও আগ্রহের সূচনা করেছিল। তিনি ব্যক্তিগতভাবে এই উদ্যোগকে উৎসাহিত এবং জোর সমর্থন করেছিলেন। তাদের চাওয়া ছিল বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে একটি জোট গঠন করুক। ইসলামপন্থী দলগুলোর একটি জোট গঠনের পাশাপাশি, যারা অধিকার ভিত্তিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের চিন্তা নিয়ে দল করেছেন (মধ্যমপন্থী) তারা একটি এলায়েন্স গঠন করবে।
আরও পড়ুন: সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না: রাশেদ খান
এ জন্য এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চভুক্ত ৬টি দলসহ (নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি) তারা এই ৯টি দলের মধ্যে বেশ কয়েকটি মিটিংও করেছেন।
জোট গঠন করতে না পারার কারণ ব্যাখ্যা করে মঞ্জু বলেন, তাদের এই ৯ দলীয় একটি জোট গড়ে উঠতে পারেনি মূলত: মান্না ভাইয়ের দুর্বল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব, জোনায়েদ সাকির জীবনের শেষ চান্স কাজে লাগানোর মনোভাব, নুরুল হক নুর ও রাশেদের অতি চতুর আচরণের কারণে। তিনি জানান, দিন রাত দৌড়ঝাঁপ দিয়ে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। নাহিদ ইসলাম, শ্রদ্ধেয় হাসনাত কাইয়ুম ভাই ও জেএসডির স্বপন ভাই তাকে সর্বাত্মক সমর্থন দিয়েছিলেন, কিন্তু সত্যিকার অর্থে তারা সফল হননি।
অবশেষে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টির সমন্বয়ে যে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠিত হয়েছিল সেটাও তারা টিকিয়ে রাখতে পারেননি। হাসনাত কাইয়ুম ভাই এজন্য তাদের ওপর খুব ক্ষুব্ধ হয়েছেন। পরিস্থিতির শিকার হয়ে তারা নিদারুণ ক্ষতি মেনে নিয়েছেন, মনের কষ্ট বুকে চেপে রেখে।
ইসলামিক দলগুলোর সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার দাবি করে তিনি বলেন, ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে নেয়ার উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি। জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে দীর্ঘ বিরোধ মোচনের যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল, তা সিট ভাগাভাগির জেরে নষ্ট হয়ে গেছে।
আরও পড়ুন: নৈরাজ্য ঠেকাতে বিএনপি কর্মীরাই যথেষ্ট: মীর হেলাল
মধ্যপন্থী জোটের স্বপ্নও ভেস্তে গেছে। বিএনপি ঠিকই গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জমিয়তে উলামায়ে ইসলামসহ আরও কিছু দলকে সাথে নিয়ে এক ধরনের মিশ্র জোট তৈরি করে ক্ষমতায় গিয়েছে। কিন্তু এই মিশ্র জোট না করলে তারা কি দুই তৃতীয়াংশ সমর্থন নিয়ে ক্ষমতায় যেতো না? তিনি মনে করেন, অবশ্যই যেতো। এই দলগুলো তাদের জোটে অন্তর্ভুক্ত হওয়ায় বিএনপির তেমন কোনো রাজনৈতিক ফায়দা হয়নি। সংসদ সদস্য বা মন্ত্রী হিসেবে জোনায়েদ সাকি, আন্দালিব পার্থ, নুরুল হক নুর বা ববি হাজ্জাজের উল্লেখযোগ্য অবদানও চোখে পড়ছে না।
বিভিন্ন জোটের কথা উল্লেখ করে মঞ্জু বলেন, তার ধারণা ১২ দল ও জাতীয়তাবাদী সমমনা জোটসহ ‘বিএনপির পুরোনো সঙ্গীদের জোট’, ‘ইসলামী এক বাক্স জোট’, আমাদের ‘মধ্যপন্থী জোট’ এবং তার পাশাপাশি বামপন্থীদের ‘বাম গণতান্ত্রিক জোট’ অর্থাৎ এই চার ধারায় যদি জুলাই পরবর্তী রাজনৈতিক সমীকরণ তৈরি হতো, তাহলে সেটি বাংলাদেশের জন্য খুবই কল্যাণকর হতো।
বাংলাদেশের রাজনীতির নতুন সংস্কৃতিতে প্রবেশের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গুম, খুন, লুটপাট ও গণহত্যার যথাযথ বিচার ও জুলাই সংস্কার সম্পন্ন করে তারা যদি রিকনসিলিয়েশনের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারেও ঐক্যবদ্ধ একটি সিদ্ধান্ত নিতে পারতেন, তাহলে বাংলাদেশ এক নতুন রাজনৈতিক অধ্যায়ের ও সংস্কৃতিতে প্রবেশ করতে পারত।
আরও পড়ুন: বিএনপির জাতীয় কর্মশালায় ছাত্রদল নেতাদের সঙ্গে ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে আলোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন