ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী


দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার দেশের সব নাগরিকের জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে কাজ করছে।

তিনি উল্লেখ করেন, “উন্নত বিশ্বের জন্য সবার নিরাপদ বাসস্থান নিশ্চিত করা যতটা সহজ, বাংলাদেশের মতো দেশের জন্য তা ততটা সহজ নয়। তবে সর্বজনীন বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি টেকসই নগরায়ণেও সরকার গুরুত্ব দিচ্ছে।”

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের বিশ্ব বসতি দিবস ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে পালিত হচ্ছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রধানমন্ত্রী আরও বলেন, “শহরগুলোতে সব মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি। সর্বজনীন বাসস্থান এবং টেকসই নগরায়ণ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে।”

তিনি বলেন, “শহরাঞ্চলে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে সম্ভাব্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। রাজধানী ঢাকা ও অন্যান্য শহরের সঙ্গে দেশের যোগাযোগব্যবস্থা আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করার পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষের নাগরিক সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। এর মাধ্যমে শহরমুখী মানুষের চাপ কমানোর একটি কার্যকর বিকল্প তৈরি করা সম্ভব বলে মনে করে সরকার।”

প্রধানমন্ত্রী শহরের বাইরে দেশের প্রতিটি অঞ্চলকে জাতীয় উন্নয়নের ধারায় আনার কথাও তুলে ধরেন। এ লক্ষ্যে রাজধানী ঢাকার আশপাশে একটি সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার উদ্যোগের কথাও জানান তিনি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার সকালে বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠান শুরু হয়। সভা শুরুর আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরওয়ের রাষ্ট্রদূতকে তলব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


নরওয়ের রাষ্ট্রদূতকে তলব ইরানের

ইরানের ভূখণ্ডে অনুমোদনহীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। এ তথ্য ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়।

রোববার (৪ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ হাসাননেজাদ পিরকুহি নরওয়ের রাষ্ট্রদূত পাল বিয়র্নেস্তাদকে তলব করেন। রাষ্ট্রদূতের হাতে এ সময় আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়।

বৈঠকের সময় পিরকুহি অভিযোগ করেন যে, মার্কিন কোম্পানি স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংক সেবা যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে ‘হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে’ পরিকল্পিতভাবে ব্যবহার করছে।

তিনি আরও বলেন, জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নে (আইটিইউ) স্টারলিংকের নিবন্ধনকারী রাষ্ট্র হিসেবে নরওয়ে তার আইনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে।

পিরকুহি জানান, সাম্প্রতিক বছরগুলোতে আইটিইউর রেডিও রেগুলেশনস বোর্ডের (আরআরবি) সিদ্ধান্ত অনুযায়ী, ইরানের ভূখণ্ডে স্টারলিংকের অনুমোদনহীন সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নরওয়ে সরকারের।

তিনি আরও অভিযোগ করেন যে, ইরানের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করা এসব কার্যক্রম বন্ধে তেহরানের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও নরওয়ে তা উপেক্ষা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামী ঘুরতে না নেওয়ায় স্ত্রী বিচ্ছেদ চান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


স্বামী ঘুরতে না নেওয়ায় স্ত্রী বিচ্ছেদ চান

সংযুক্ত আরব আমিরাতের শারজার এক নারী অভিযোগ করেছেন যে, তার স্বামী তাকে ঘুরতে বা অবসর কাটাতে বাইরে নিয়ে যেতে আগ্রহী নন—এ অভিযোগের ভিত্তিতে তিনি বিচ্ছেদ চেয়েছেন। সামা টিভির একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

শারজাহ আদালতের পারিবারিক পরামর্শ বিভাগের পরিচালক ড. রাধিয়া হাসান আল রাইসি একটি টেলিভিশন অনুষ্ঠানে এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ওই নারী পারিবারিক পরামর্শ সেবার কাছে গিয়ে অভিযোগ করেন যে, তার স্বামী বেশিরভাগ সময় বাড়িতে থাকতে পছন্দ করেন এবং তাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার বা ভ্রমণ করার বিষয়ে তার তেমন আগ্রহ নেই।

তবে ওই নারী স্বামীর প্রশংসা করে বলেন, তিনি উদার, ধৈর্যশীল ও ভদ্র। কিন্তু বাইরে ঘুরতে যাওয়া এবং অবসর বিনোদনে স্বামীর অনাগ্রহ নিয়ে তিনি উদ্বিগ্ন।

পারিবারিক পরামর্শ বিভাগ থেকে ওই নারীকে ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বাইরে ঘোরাঘুরি করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি, শুধুমাত্র এই কারণে যেন তিনি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত না নেন, সে বিষয়েও তাকে পরামর্শ দেওয়া হয়।

কর্মকর্তারা উল্লেখ করেন, দাম্পত্য জীবনে পারস্পরিক সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘোরাঘুরি বা অবসর কাটানোর পছন্দ-অপছন্দ নিয়ে মতপার্থক্য তৈরি হলে তা যেন পরিবারের শান্তি নষ্ট না করে, সেদিকেও নজর রাখা উচিত।

ড. আল রাইসি বলেন, স্বামী-স্ত্রীর জীবনযাপন ও অবসর কাটানোর পছন্দে পার্থক্য কখনো কখনো উদ্বেগের কারণ হতে পারে। তবে প্রতিটি মতবিরোধের পরিণতি বিচ্ছেদ হওয়া উচিত নয়।

তিনি সতর্ক করে বলেন, দাম্পত্য জীবনে বড় কোনো সমস্যা না থাকলে ছোটখাটো মতপার্থক্যকে আইনি বা পারিবারিক বিরোধে পরিণত করা ঠিক নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোট কাটিয়ে শীর্ষ বাছাই জেভরেভকে হারালেন জোকোভিচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


চোট কাটিয়ে শীর্ষ বাছাই জেভরেভকে হারালেন জোকোভিচ

বেইজিংয়ে চায়না ওপেনের কোয়ার্টার ফাইনালে চলমান ইনজুরি সমস্যাকে অতিক্রম করে নোভাক জোকোভিচ তার পুরনো লড়াকু রূপ প্রদর্শন করলেন। শীর্ষ বাছাই আলেকজান্ডার জেভরেভকে ৪-৬, ৬-৪, ৬-৪ সেটে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছেছেন ছয়বারের চ্যাম্পিয়ন। এই জয়ের মাধ্যমে তিনি টুর্নামেন্টে অপরাজিত থাকার রেকর্ডকে আরও দীর্ঘ করলেন।

প্রথম সেটে জেভরেভের শক্তিশালী সার্ভিস (১৯টি এস) জোকোভিচকে চাপে ফেলে দেয়। শুরুতেই দুটি ডাবল ফল্ট করে ব্রেক দেন সার্বিয়ান তারকা।

দ্বিতীয় সেটের শেষ মুহূর্তে (৫-৪) ব্রেক করে ম্যাচে ফিরে আসেন জোকোভিচ। তৃতীয় সেটে আবারও ৫-৪ গেমে জেভরেভের সার্ভিস ভেঙে তিনি জয় নিশ্চিত করেন। ম্যাচটি শেষ হয় ২ ঘণ্টা ৩৫ মিনিটে।

ম্যাচ শেষে জোকোভিচ মন্তব্য করেন, “শুরুটা ভয়াবহ ছিল। ঠান্ডা আবহাওয়ায় ঠিকভাবে ওয়ার্ম আপ করতে পারিনি। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে নার্ভ ধরে রাখতে পেরেছি।”

ম্যাচ চলাকালে এক পর্যায়ে জেভরেভ অভিযোগ করেন যে বিজ্ঞাপনী বোর্ডের আলো নিভে যাওয়ায় তিনি বিভ্রান্ত হয়েছেন। ভিডিও রিভিউয়ের পর আম্পায়ার পয়েন্ট রিপ্লে করার নির্দেশ দেন, যা নিয়ে জোকোভিচের সঙ্গে তর্ক হয়।

সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ হবেন রাশিয়ার দানিয়েল মেদভেদেভ, যিনি ফ্রান্সিসকো সেরুন্দোলোর বিরুদ্ধে ৭-৬(৪), ৬-৩ সেটে জয়লাভ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


মোংলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোংলায় বিশ্ব শিক্ষক দিবসটি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) এই দিবসের উপলক্ষে মোংলা উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভাটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার সুমি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চালনা বন্দর ফাজিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, মোংলা সরকারি কলেজের ডক্টর অসিত কুমার সাহা, চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রোকন উদ্দিন এবং সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তালুকদার মো: জিহাদ। শিক্ষার্থীদের পক্ষ থেকে সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আপন বিশ্বাস এবং সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শেফা বক্তব্য প্রদান করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষকদের সামাজিক মর্যাদা, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষকদের অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%