ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সীমান্ত থেকে আসা অটোরিকশায় মিলল ২০ লাখ টাকার ভারতীয় ভ্যাকসিন


সীমান্ত থেকে আসা অটোরিকশায় মিলল ২০ লাখ টাকার ভারতীয় ভ্যাকসিন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ভ্যাকসিন জব্দ করেছে, যা সীমান্ত এলাকা থেকে অটোরিকশায় করে আনা হয়েছিল। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এসব ভ্যাকসিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন ফুলবাড়ী উপজেলার সায়েদ আলী এবং অন্যজন মাসুদ রানা। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিকালে ভোটহাট সীমান্ত এলাকা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা তল্লাশি করা হয়।

আরও পড়ুন: রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

তল্লাশির সময় ১১ কার্টনে বোতলজাত অবস্থায় ১৫৬ লিটার ভ্যাকসিন পাওয়া যায়। এই ভ্যাকসিনগুলো ভোটহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এবং এগুলো লালমনিরহাট জেলায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, বিপুল পরিমাণ ভারতীয় ভ্যাকসিন অবৈধ পথে বাংলাদেশে আনা হয়েছে। এ ঘটনায় চোরাকারবারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুরের চেয়ারম্যান সেন্টু হত্যা মামলার আসামি শামীম আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


দৌলতপুরের চেয়ারম্যান সেন্টু হত্যা মামলার আসামি শামীম আটক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু হত্যা মামলার পলাতক আসামি শুটার শামীমকে (২০) আটক করেছে সিআইডি ও দৌলতপুর থানা পুলিশের যৌথ টিম। মঙ্গলবার সন্ধ্যায় ফিলিপনগর হাই স্কুল মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শামীম ওই এলাকার মজিবর রহমানের ছেলে।

গত বছরের ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু (৫৫) কে গুলি করে হত্যা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মামলার এজাহারে শামীমের নাম না থাকলেও তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে টুকু বাহিনীর আধিপত্য বিস্তার, বাজার দখল, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যায়। এসব অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন চেয়ারম্যান সেন্টু। তিনি একাধিকবার অভিযোগ দাখিল করেছিলেন এবং স্থানীয়দের সতর্ক করেছিলেন। এ কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ বলেন, সেন্টু চেয়ারম্যান হত্যা মামলা সিআইডি তদন্ত করছে। সিআইডি ও থানা পুলিশের যৌথ অভিযানে শামীম নামে একজন আসামিকে আটক করা হয়েছে। সে বর্তমানে সিআইডির হেফাজতে।

কুষ্টিয়া সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মহাব্বত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফিলিপনগর হাই স্কুল মাঠ এলাকা থেকে শামীমকে আটক করা হয়েছে। এ মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আটক করা হয়েছে। বুধবার সকালে আদালতে তাকে সোপর্দ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাক্তনের উপহার রেখে দেওয়া কি উচিত, নতুন সঙ্গী বিষয়টি কিভাবে দেখেন?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


প্রাক্তনের উপহার রেখে দেওয়া কি উচিত, নতুন সঙ্গী বিষয়টি কিভাবে দেখেন?

সম্পর্ক ভেঙে যাওয়ার পরও সাবেক সঙ্গীর দেওয়া কিছু উপহার অনেকের কাছে রয়ে যায়। কিছু মানুষের কাছে সেগুলো পুরোনো দিনের স্মৃতি হিসেবে কাজ করে, আবার অন্যদের কাছে সেগুলো নিত্যব্যবহার্য জিনিস। তবে নতুন সম্পর্কে জড়ানোর পর এসব উপহার নিয়ে অস্বস্তি কিংবা ঈর্ষা তৈরি হতে পারে। এ অবস্থায় প্রশ্ন ওঠে, প্রাক্তনের দেওয়া উপহার রাখা উচিত কি না? এবং নতুন সঙ্গীকে কি জানানো প্রয়োজন যে, জিনিসটি সাবেক সঙ্গীর কাছ থেকে এসেছে?

প্রাক্তনের উপহার রেখে দেন কতজন?

সাবেক সঙ্গীর দেওয়া উপহার সংরক্ষণ করার প্রবণতা একটি সাধারণ বিষয়, যা যুক্তরাষ্ট্রের ৮৩ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর পরিচালিত একটি প্রাথমিক গবেষণায় প্রতিফলিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, ৭১ শতাংশ নারী এবং ৭২ শতাংশ পুরুষ সাবেক সঙ্গীর দেওয়া অন্তত একটি উপহার এখনও সংরক্ষণ করে রেখেছেন। এসব উপহারের মধ্যে পোশাক ও গয়নার সংখ্যা ছিল সবচেয়ে বেশি।

তবে উপহারগুলো সংরক্ষণের পেছনে নারী ও পুরুষের কারণ এক নয়। নারীরা সাধারণত পুরোনো সম্পর্কের স্মৃতি ধরে রাখতে এসব জিনিস রেখে দেন। অপরদিকে, পুরুষদের একটি বড় অংশের কাছে উপহারগুলো প্রয়োজনীয় এবং ব্যবহারযোগ্য হওয়ায় সেগুলো সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

কেন পুরোনো উপহার ফেলে দিতে পারেন না?

সাবেক সঙ্গীর দেওয়া উপহার কেবল একটি বস্তু নয়, বরং অনেক সময় তা জীবনের বিশেষ কোনো সময়ের স্মারক হয়ে দাঁড়ায়। উপহারটি হাতে নিলে মনে পড়ে যেতে পারে একসময়কার সম্পর্ক, ভালোবাসা কিংবা একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা।

সাদ ও গিলের (২০০৩) একটি বিবর্তনীয় মনোবিষয়ক গবেষণায় উল্লেখ করা হয়েছে, উপহার দেওয়ার মাধ্যমে সম্ভাব্য জীবনসঙ্গী নিজের ভালোবাসা ও প্রতিশ্রুতি প্রকাশ করেন। সেইসাথে আর্থিক সক্ষমতারও ইঙ্গিত দেন। ফলে সাবেক সঙ্গীর দেওয়া কোনো উপহার মনে করিয়ে দিতে পারে, একসময় কেউ আমাদের জন্য সময়, অর্থ ও প্রচেষ্টা ব্যয় করেছিলেন। এ কারণেই সম্পর্ক শেষ হলেও উপহারটি সহজে ফেলে দেওয়া অনেকের জন্য কঠিন হয়ে পড়ে।

নতুন সঙ্গী কীভাবে দেখেন এসব উপহার?

সাবেক সঙ্গীর উপহার সংরক্ষণ করার বিষয়টি বর্তমান সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে সম্পর্কে থাকা ৭৬ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর একটি জরিপ পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের কল্পনা করতে বলা হয়েছিল, তাদের বর্তমান সঙ্গী আগের সম্পর্কের কিছু উপহার এখনও রেখে দিয়েছেন।

জরিপে দেখা গেছে, সব ধরনের উপহার নিয়ে নতুন সঙ্গীর অস্বস্তি সমান নয়। সাবেক সঙ্গীর দেওয়া সোয়েটার রেখে দেওয়াকে তারা খুব একটা আপত্তিকর মনে করেননি। তবে প্রায় এক-তৃতীয়াংশ অংশগ্রহণকারী সাবেক সঙ্গীর সঙ্গে তোলা ছবি সংরক্ষণ করায় আপত্তি জানিয়েছেন।

উপহারটি কেন রাখা হয়েছে, সেটিও তাদের কাছে গুরুত্বপূর্ণ। জরিপে ৫৯ শতাংশ অংশগ্রহণকারী পুরোনো স্মৃতি ধরে রাখার জন্য উপহার সংরক্ষণ করাকে স্বাভাবিক বলে মনে করেছেন। বিপরীতে, ১৭ শতাংশ এ কারণে অস্বস্তি বোধ করবেন বলে জানিয়েছেন।

আবার উপহারটি ব্যবহারযোগ্য বলে রেখে দেওয়া হয়েছে, এমন ব্যাখ্যাকে ৫৪ শতাংশ অংশগ্রহণকারী গ্রহণযোগ্য মনে করেছেন। তবে সাবেক সঙ্গীর প্রতি এখনও আবেগ রয়েছে কিংবা তাকে ভুলতে না পারার কারণে উপহার রেখে দেওয়া হলে নতুন সঙ্গীদের অস্বস্তি তুলনামূলক বেশি। এ ধরনের ব্যাখ্যায় ২৯ শতাংশ অংশগ্রহণকারী অস্বস্তি বোধ করবেন বলে জানিয়েছেন।

সাবেক সঙ্গীর স্মৃতিচিহ্ন কেন ঈর্ষার কারণ হয়?

নতুন সঙ্গী সাবেক সম্পর্কের উপহার নিয়ে কেন অস্বস্তি বোধ করেন, তার ব্যাখ্যা বিবর্তনীয় মনোবিজ্ঞানে পাওয়া যায়। ঈর্ষাকে অনেক সময় প্রিয় সম্পর্কের জন্য সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর হুমকির সতর্কসংকেত হিসেবে দেখা হয়। এ ক্ষেত্রে সাবেক সঙ্গীকে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মনে করাটা অস্বাভাবিক নয়।

গবেষণায় দেখা গেছে, বিচ্ছেদের পর অনেকেই আবার সাবেক সঙ্গীর সঙ্গে সম্পর্কে জড়ান। যুক্তরাষ্ট্রের তরুণ প্রাপ্তবয়স্কদের ওপর পরিচালিত একটি গবেষণায় এ হার ছিল ৪৪ শতাংশ। অন্য কিছু গবেষণায় এ হার ৬০ শতাংশেরও বেশি পাওয়া গেছে। ফলে সাবেক সঙ্গীর দেওয়া উপহার নতুন সঙ্গীর মনে পুরোনো সম্পর্ক আবার ফিরে আসার আশঙ্কা তৈরি করতে পারে।

গবেষণায় আরও দেখা গেছে, সাবেক সঙ্গীর স্মৃতিচিহ্ন রেখে দেওয়ার বিষয়টি পুরুষদের মধ্যে তুলনামূলক বেশি অস্বস্তি তৈরি করে। পুরুষেরা নিজেরাও ভালোভাবে শেষ হওয়া সম্পর্কের উপহার রেখে দেন। তবে তিক্ত বিচ্ছেদ হলে সেগুলো ফেলে দেওয়ার প্রবণতা দেখা যায়। অন্যদিকে, সম্পর্ক খারাপভাবে শেষ হলেও নারীরা তুলনামূলক বেশি উপহার সংরক্ষণ করেন।

এর একটি কারণ হতে পারে, সঙ্গীর অবিশ্বস্ততার আশঙ্কা পুরুষদের বেশি বিচলিত করে। সাবেক সঙ্গীর দেওয়া উপহার তাদের মনে করিয়ে দিতে পারে, বর্তমান সঙ্গীর জীবনে আগে অন্য কেউ ছিলেন। এ ছাড়া পুরুষেরা সম্পর্ক গড়ার ক্ষেত্রে তুলনামূলক বেশি উপহার দেন। তাই অন্য পুরুষের দেওয়া উপহারকে তারা সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর বিনিয়োগ হিসেবেও দেখতে পারেন।

অন্যদিকে, নারীরা উপহারের আর্থিক ও আবেগগত মূল্যের কারণে সেগুলো রেখে দিতে পারেন। তাদের কাছে উপহারটি হয়তো জীবনের বিশেষ কোনো সময়ের স্মারক। সম্পর্ক খারাপভাবে শেষ হলেও সেই সময়ের স্মৃতি পুরোপুরি মুছে যায় না।

তাহলে উপহারটি রেখে দেওয়া কি ভুল?

সাবেক সঙ্গীর দেওয়া উপহার আলমারিতে পড়ে থাকলেই যে বর্তমান সম্পর্কে সমস্যা তৈরি হবে, এমন নয়। বিষয়টি নির্ভর করে উপহারটি রাখার কারণ এবং সাবেক সঙ্গীর সঙ্গে বর্তমান আবেগের সম্পর্কের ওপর।

যেমন, আলমারিতে রাখা সাবেক সঙ্গীর দেওয়া একটি লাল সোয়েটার নিয়ে নতুন সঙ্গীর আপত্তি না-ও থাকতে পারে। কিন্তু সেটি রাখার পেছনে যদি এখনও পুরোনো সম্পর্কের প্রতি আবেগ বা ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা কাজ করে, তাহলে বিষয়টি নতুন সম্পর্কে অস্বস্তি তৈরি করতে পারে।

উপহারটি যদি কেবল পুরোনো দিনের স্মৃতি হয় এবং সাবেক সঙ্গীর সঙ্গে কোনো অসমাপ্ত সম্পর্ক না থাকে, তাহলে সেটি রেখে দেওয়ায় দোষের কিছু নেই। চাইলে ব্যবহারও করা যেতে পারে। তবে নতুন সঙ্গীর অনুভূতি ও স্বস্তির বিষয়টিও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


দেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

দেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের উদ্যোগে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা এলাকার সকল ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন (বিডিপিএ) এর সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওগ্রাফি) জুয়েল মিয়া এবং ফার্মাসিস্ট রামপ্রসাদ গুহ। বক্তারা এসময় উল্লেখ করেন যে, তারা দেশের সকল হাসপাতালে রোগ নির্ণয়, ঔষধ সরবরাহসহ বিভিন্ন স্বাস্থ্য সেবার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। ফলে, সকল তরুণ পেশাজীবীদের সমন্বয়ে এই বৈষম্য দূর করার জন্য এবং তাদের ন্যায্য দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশকে হারিয়েও কৃতিত্ব দিলেন অধিনায়ক মার্করাম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


বাংলাদেশকে হারিয়েও কৃতিত্ব দিলেন অধিনায়ক মার্করাম

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিয়নে একটি দাপুটে জয় অর্জন করেছে, যা জোহানেসবার্গের পর তাদের দ্বিতীয় জয়। দুই ম্যাচের টেস্ট সিরিজে টাইগারদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা। তবে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করতে ভুলেননি। তিনি দ্বিতীয় টেস্টে টস জেতাকে নিজেদের জন্য সৌভাগ্যের বিষয় বলেও মন্তব্য করেছেন।

সিরিজে দক্ষিণ আফ্রিকার আধিপত্য ছিল স্পষ্ট। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করার পর বাংলাদেশ উল্লেখযোগ্য কোনো প্রতিরোধ গড়তে পারেনি। তবুও, মার্করাম প্রথম টেস্টে বাংলাদেশের লড়াইকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন।

মার্কারমের মতে, গত দেড় বছরে দলের বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন সময়ে দায়িত্ব নিয়ে ভালো পারফরম্যান্স করেছেন। তবে, তিনি উল্লেখ করেছেন যে জোহানেসবার্গে বাংলাদেশ তাদের কঠিন পরীক্ষায় ফেলেছিল। মার্করাম বলেন, ‘গত ১২ থেকে ১৮ মাসে আমাদের দলের বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন সময়ে দায়িত্ব নিয়ে পারফর্ম করেছে। তবে জোহানেসবার্গে বাংলাদেশ আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। তাদের কৃতিত্ব দিতেই হবে। আমরা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করেছিলাম। টস আমাদের পক্ষে যাওয়ায় আমরা ভাগ্যবান ছিলাম। এরপর আমাদের বোলাররা দারুণ কাজ করেছে।’

প্রোটিয়া অধিনায়ক নিজেদের বোলিং আক্রমণের গভীরতা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি দলে একাধিক কার্যকর বোলিং বিকল্প থাকার বিষয়টিকে বড় সুবিধা হিসেবে দেখছেন। অ্যাকারম্যান এবং উইয়ান মুল্ডারের পারফরম্যান্সেরও তিনি প্রশংসা করেছেন।

মার্কারম বলেন, ‘আমাদের বোলাররা দারুণ কাজ করেছে। এই বোলিং আক্রমণে অনেক বিকল্প থাকাটা সত্যিই সৌভাগ্যের। অধিনায়ক হিসেবে বিষয়টি দারুণ উপভোগ করি। অ্যাকারম্যান নিজের স্বাভাবিক ও নিজস্ব ধরনে খেলাটাকে এগিয়ে নেয়। তার খেলার ধরনটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। সে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছে। বিভিন্ন ধাপ পেরিয়ে উঠে আসা এমন একজন ক্রিকেটারের সফলতা দেখতে ভালোই লাগে। আর উইয়ান মুল্ডারকে দলে পাওয়াটা আমাদের জন্য অবিশ্বাস্য সৌভাগ্যের বিষয়। তার কাছ থেকে এমন পারফরম্যান্স পাওয়াটা মোটেও বিস্ময়কর নয়।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করে দক্ষিণ আফ্রিকা এখন নতুন চ্যালেঞ্জের প্রস্তুতি নিচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তাদের পরবর্তী টেস্ট সিরিজ শুরু হবে। বাংলাদেশের বিপক্ষে বড় জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও শক্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তারা টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই এগোচ্ছে।

মার্কারম জানিয়েছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য। এ জন্য সামনে থাকা দুটি গুরুত্বপূর্ণ সিরিজে ভালো ফল করতে চান তারা।

দক্ষিণ আফ্রিকা অধিনায়কের ভাষায়, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। সামনে দুটি বড় সিরিজ রয়েছে, একটি দেশের মাটিতে এবং অন্যটি দেশের বাইরে। গত কয়েক মাসে ইতিবাচক ফল পাওয়া আমাদের জন্য ভালো ব্যাপার।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%