০৯:৫৭ এম
এস্তোনিয়া, ড্রোন নির্মাতা একটি প্রতিষ্ঠানে সন্দেহভাজন অন্তর্ঘাতমূলক হামলার জন্য রাশিয়াকে দায়ী করে আগামী ১ ডিসেম্বর থেকে দেশটির সঙ্গে সকল সীমান্ত ক্রসিং বন্ধ করার ঘোষণা দিয়েছে। রবিবার (১৫ নভেম্বর) এই সিদ্ধান্তের বিষয়টি জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্গাস চাহকনা।
এস্তোনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী তালিনের উত্তরে ভিমসি এলাকায় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান থ্রিওড সিস্টেমসে অগ্নিসংযোগের চেষ্টা করার ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ভোরে প্রতিষ্ঠানটির ভবনে বিস্ফোরণ ঘটানোর এবং আগুন দেওয়ার পরিকল্পনা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। এ হামলার নির্দেশ রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ দিয়েছিল বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল এ ঘটনার প্রেক্ষিতে বলেন, রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো সীমান্ত পারাপারের সুযোগ ব্যবহার করে এস্তোনিয়ার জনগণের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে। সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে এ ধরনের ঝুঁকি কমানো যায়। এ পদক্ষেপের মাধ্যমে দেশের প্রতিরক্ষা শিল্প ও সক্ষমতার ওপর হামলা যে গ্রহণযোগ্য নয়, সে বার্তাও দেওয়া হবে।
আরও পড়ুন: ঢাকা-পাবনা রুটে চলবে ভারত থেকে আনা ১৮ রেলকোচ
এদিকে, এস্তোনিয়ার সীমান্ত বন্ধের পরিকল্পনার সমালোচনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেছেন, এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা রুশবিরোধী মনোভাবের আরেকটি উদাহরণ হবে।
তবে, মস্কো ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। অন্যদিকে, এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, রাশিয়াকে বুঝতে হবে যে এস্তোনিয়ার বিরুদ্ধে বৈরী কর্মকাণ্ডের পরিণতি রয়েছে। তবে সীমান্ত কতদিন বন্ধ থাকবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়ার সঙ্গে রাশিয়ার বর্তমানে নারভা, লুহামা ও কোইদুলা—এই তিনটি সীমান্ত ক্রসিং চালু রয়েছে। এসব পথ দিয়ে পথচারী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে।
আরও পড়ুন: কঙ্গোতে ছয় মাস পরও ইবোলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন