ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইরাকের প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন


ইরাকের প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন

২০২৪ সালের নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি অনুযায়ী, ট্রাম্পের প্রতি যুদ্ধ বন্ধের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘ব্রাইটবার্ট নিউজ নেটওয়ার্ক’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা তুলে ধরেন।

সাক্ষাৎকারে ইরাকের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্ব রাজনীতির একটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ট্রাম্পের সেই সক্ষমতা রয়েছে যার মাধ্যমে তিনি ইরানে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান ঘটাতে পারেন।’ তিনি আশা প্রকাশ করেন যে, এর ফলে শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই নয়, বরং সমগ্র বিশ্বে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে।

নিজার আমেদি আরও বলেন, তিনি চান যে ট্রাম্প নির্বাচিত হওয়ার সময়কার তার প্রথম প্রতিশ্রুতিতে ফিরে যান। তার সেই প্রতিশ্রুতি ছিল সব যুদ্ধের অবসান ঘটানো—এটি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের ক্ষেত্রেও প্রযোজ্য এবং বিশ্বের অন্য যেকোনো প্রান্তের যুদ্ধের জন্যও।

আরও পড়ুন: কঙ্গোতে ছয় মাস পরও ইবোলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

উল্লেখ্য, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময়, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সংঘাত ও যুদ্ধ দ্রুত বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বমঞ্চে উপকূলের বার্তা নিয়ে হাজির বেতাগীর জলবায়ুকর্মী মুন্না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০২ এম


বিশ্বমঞ্চে উপকূলের বার্তা নিয়ে হাজির বেতাগীর জলবায়ুকর্মী মুন্না

তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর বিভিন্ন অধিবেশন ও পার্শ্ব-অনুষ্ঠানে বাংলাদেশের উপকূলের মানুষের সংকট, দুর্ভোগ ও অধিকার জোরালোভাবে তুলে ধরছেন বরগুনার তরুণ জলবায়ুকর্মী খাইরুল ইসলাম মুন্না।

মুন্না জানান, শৈশব থেকে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা দেখার অভিজ্ঞতাই তাঁকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলবাসীর পক্ষে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে কথা বলার অনুপ্রেরণা জুগিয়েছে। তাঁর পরিবার এই বিষয়টি উল্লেখ করেছে।

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের সন্তান খাইরুল ইসলাম মুন্না গত ৮ নভেম্বর থেকে কপ৩১ সম্মেলনকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছেন। তাঁর মূল লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় উপকূলের মানুষের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো।

মুন্নার বাবা সিদ্দিকুর রহমান একজন ব্যবসায়ী এবং মা খাদিজা আক্তার বেবী গৃহিণী। তাঁর ছোট ভাই আরিফুল ইসলাম মান্নাও ভাইয়ের মতো স্বেচ্ছাসেবামূলক ও জলবায়ুবিষয়ক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে।

ভাই মান্না বলেন, উপকূলের মানুষের সংকট শুধুমাত্র ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে নিরাপদ পানির সংকট, জীবিকার অনিশ্চয়তা, স্বাস্থ্যঝুঁকি, শিক্ষার প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার প্রশ্ন। এই উপলব্ধি থেকেই মুন্না তরুণদের সংগঠিত করে প্রতিষ্ঠা করেন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি। বর্তমানে বরিশাল বিভাগজুড়ে এর কার্যক্রম চলমান। ২০২৬ সালে লোকাল কনফারেন্স অব ইয়ুথ বাংলাদেশের যোগাযোগ ও গণমাধ্যমবিষয়ক নেতৃত্বের দায়িত্বে রয়েছেন তিনি।

কপ৩১ সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্য সম্পর্কে মুন্না বলেন, তুরস্কে অনুষ্ঠিত এই সম্মেলনে জলবায়ু অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হচ্ছে। বিশ্বমঞ্চে উপকূলের মানুষের বাস্তবতা তুলে ধরাই ছিল তাঁর অন্যতম লক্ষ্য।

জলবায়ু অর্থায়নের বিষয়টিও জোরালোভাবে তুলে ধরছেন মুন্না। তিনি জানান, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস থেকে যে ছয়টি দেশ তহবিল পাচ্ছে, তার মধ্যে বাংলাদেশ অনুদান হিসেবে পাবে ৩০ মিলিয়ন মার্কিন ডলার। উপকূলের মানুষের জন্য বরাদ্দ এই অর্থ যেন যথাযথভাবে, সঠিক জায়গায় এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় হয়– সরকারের কাছে সেটাই প্রত্যাশা তাঁর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণে নতুন গেজেট প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৩ এম


সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণে নতুন গেজেট প্রকাশ

জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের মূল বেতন, বেতন উপাদান, বিভিন্ন ভাতা এবং অবসরজনিত সুবিধা নির্ধারণের জন্য যৌথ বাহিনী নির্দেশাবলি প্রণয়ন করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) রাতে যৌথ বাহিনী নির্দেশাবলি সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

সরকারি চাকরিজীবীদের জন্য নবম বেতনকাঠামোর গেজেট প্রকাশের প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারণের জন্য গেজেট প্রকাশ করা হলো।

এ নির্দেশনার আওতায় সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার, এএফএনএস অফিসার, অফিসার ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, এএফএনএস ক্যাডেট, আইএসএসবি প্রতিযোগী, অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, জুনিয়র কমিশন্ড পদবির সংশ্লিষ্ট সদস্য, রিক্রুট, এনসি(ই), ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা, এমওডিসি সদস্য এবং সমপর্যায়ের ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত রয়েছেন।

নির্দেশনায় সংশ্লিষ্ট সব শ্রেণির সদস্যের বেতন কাঠামো, বেতন-ভাতার বিভিন্ন উপাদান এবং অবসরকালীন সুযোগ-সুবিধা নির্ধারণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারকে চাপে রাখতে মাঠে নেই জামায়াত ও এনসিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৪ এম


সরকারকে চাপে রাখতে মাঠে নেই জামায়াত ও এনসিপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে বিএনপি রাজপথে থাকলেও জামায়াতে ইসলামী ও এনসিপিকে দেখা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ ঠেকাতে দল দুটি রাজপথে সক্রিয় থাকলেও কয়েকটি বিষয়ে বিএনপির সঙ্গে মতবিরোধের কারণে বর্তমানে তারা সক্রিয় নয়।

বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামায়াত রাজপথে নিষ্ক্রিয় থেকে সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি ঐক্যের উদ্যোগ নেন, তাতে সাড়া দিয়ে দলটি রাজপথে নামবে।

দলটির ভাষ্য অনুযায়ী, ঐক্যের ভিত্তি হবে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন। তবে আওয়ামী লীগ বেশি সক্রিয় হলে, তা ঠেকাতে রাজপথে নামার প্রস্তুতিও তারা রাখছে। যদিও দলটির নেতাদের মূল্যায়ন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ঘোষণা দিলেও ডিসেম্বরে দেশে ফিরবেন না। তার পরও ডিসেম্বরজুড়ে জামায়াতের কর্মসূচি থাকবে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যেরও কর্মসূচি থাকতে পারে।

চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতন ঘটে। সেদিন ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানেই আছেন। গত জুলাইয়ে তিনি প্রথমবারের মতো ঘোষণা দেন, চলতি বছরের ডিসেম্বরে ফিরবেন দেশে। সম্প্রতি তাঁর নিযুক্ত বলে দাবি করা লন্ডনের একটি আইনি প্রতিষ্ঠান শেখ হাসিনার পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র সচলের অনুরোধ করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনকে চিঠি দিয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগ ১০ নভেম্বর ধর্মঘট ডেকেছিল। এর আগে-পরে কয়েক দিনে ২২ জেলায় ককটেল বিস্ফোরণ এবং ছয় জেলায় যানবাহনে আগুন দেয়। গতকাল রোববারও গোপালগঞ্জে ব্যাপক বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সামাজিক মাধ্যমে বিভিন্ন পেজে এসব কাজকে নিজেদের ঘটানো বলে দাবি করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কয়েক দিনের গণসংযোগের পর আগামী বৃহস্পতিবার দেশজুড়ে সকাল-সন্ধ্যা লকডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী, দলটির কর্মসূচি পালনের আইনি অধিকার নেই। ২০২৫ সালে ১২ মে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধন করে, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। নির্বাহী আদেশে দল নিষিদ্ধের বিষয়ে বিএনপি শুরুতে সমর্থন না দিলেও ক্ষমতায় এসে অধ্যাদেশটিকে আইনে পরিণত করে।

জামায়াত-এনসিপি নেই যেসব কারণে

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজায় দণ্ডিত শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর তাঁর সমর্থকরা যেসব তৎপরতা চালাচ্ছেন, তা ঠেকাতে ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠন রাজপথে রয়েছে। ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, মিছিলের চেষ্টার অভিযোগে গত এক সপ্তাহে শতাধিক ব্যক্তিকে ধরে তারা পুলিশে দিয়েছে।

গত বছরের নভেম্বরে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন এবং পরে আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে রাজপথে ছিল জামায়াত ও ইসলামী ছাত্রশিবির। রাজধানীসহ দেশের সব জেলা ও মহানগরে মোড়ে অবস্থান নিয়েছিল লাঠি হাতে। সক্রিয় ছিল এনসিপি এবং দলটির অঙ্গসংগঠনও। তবে বিএনপি সরকারের সময় এই ভূমিকায় দল দুটিকে দেখা যাচ্ছে না।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের বক্তব্যে বিএনপির প্রতি ক্ষোভেরই আভাস মিলেছে। তিনি সমকালকে বলেন, "একটি নিষিদ্ধ দলের কার্যক্রম ঠেকানো সরকারের দায়িত্ব। রাজনৈতিক দল হয়ে জামায়াত কেন আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা পালন করতে যাবে?"

গত বছরের নভেম্বরে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছিলেন, "রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব নয় কারও তৎপরতা ঠেকানো।"

হামিদুর রহমান আযাদ বলেছেন, "সরকার যদি আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করে, বিরোধী দলকে ডাকে, তাহলে জাতীয় ঐক্যে নিশ্চয় সাড়া দেবে জামায়াত। এই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার।"

ঢাকার শীর্ষস্থানীয় এক নেতাসহ জামায়াতের তিন জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেন, "নির্বাচনের পর সংস্কার দাবিতে সোচ্চার হলে বিএনপি বারবার ভয় দেখিয়েছে, আওয়ামী লীগকে ফেরার সুযোগ করে দিলে জামায়াত দ্বিতীয় বৃহত্তম দল হয়ে ওঠার যে সুযোগ পেয়েছে, তা হারাবে। আওয়ামী লীগের নিপীড়নের শিকার হবে। এখন বিএনপি বুঝতে পারছে আওয়ামী লীগ ফিরলে কে ক্ষতিগ্রস্ত হবে।"

বিএনপি সংস্কারের দাবি উপেক্ষা না করলে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করলে জামায়াত রাজপথে সহযোগিতায় প্রস্তুত ছিল।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, "নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর দায়িত্ব আমাদের নয়। রাজপথে নামলে বরং বলা হবে এনসিপি মব করছে।"

বিরোধী জোটের একাধিক নেতা সমকালকে বলেন, বিএনপি নেতাকর্মীরা রাজপথে যেভাবে আওয়ামী লীগ কর্মীদের ধরে ধরে পুলিশে দিচ্ছে, তা চলতে পারে না। গণমাধ্যম, নাগরিক সমাজ বিএনপির এই ভূমিকার সমালোচনা না করলেও জামায়াত বা এনসিপি একই কাজ করলে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে।

সবোর্চ্চ পর্যায়ের আহ্বানের অপেক্ষায়

গত মঙ্গলবার জামায়াত জোটের সংসদীয় দলের সভায় আলোচনা হয়, নাশকতার প্রতিরোধে বিরোধী দল রাজপথে নামবে, যদি সরকারের তরফে ঐক্যের ‘সম্মানজনক’ আহ্বান আসে। এ ছাড়া নামবে না। তবে যদি পরিস্থিতির অবনতি হয়, তখন মোকাবিলায় যে কোনো সময়ে নামার প্রস্তুত থাকবে।

জামায়াত ও এনসিপির একাধিক নেতা সমকালকে বলেন, "প্রধানমন্ত্রীকে ডাকতে হবে সব দলকে। সেখান থেকে ঐক্যের ডাক দিতে হবে। সংস্কার প্রশ্নে বিএনপিকে গণভোটের কাছাকাছি আসতে হবে।"

রোববার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকে একই আলোচনা হয়। একজন নেতা সমকালকে বলেছেন, "অন্তর্বর্তী সরকারের সময় ড. মুহাম্মদ ইউনূস যেমন বিভিন্ন ইস্যুতে সব দলকে নিয়ে বসে একতার বার্তা দিতেন, তেমন উদ্যোগ নিতে হবে বিএনপিকে।"

ফেরার সম্ভাবনা না দেখলেও কর্মসূচি রাখছে

শেখ হাসিনা ফিরবেন না বলে মনে করেন জামায়াত ও এনসিপির নেতারা। হামিদুর রহমান আযাদ সমকালকে বলেন, "পুরো বিষয়টিই স্ট্যান্ডবাজি। আওয়ামী লীগের কর্মীদের চাঙ্গা করার কৌশল। শেখ হাসিনা ফেরার ঘোষণা দিয়ে আসলে দেখতে চাচ্ছেন, তাঁর সমর্থকরা সরকারকে কতটা চাপে ফেলতে পারে। ভারত তাঁকে বাংলাদেশে ফেরায় সমর্থন দেয় কিনা, শুধু পানি মাপছেন।"

একই ভাষ্য এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর। তিনি বলেন, "শেখ হাসিনা নিজেই খুব ভালো করে বুঝতে পারছেন, দেশে ফিরলে কী পরিণতি ভোগ করবেন। ফিরতে চাইলে, এঁকে-তাঁকে দিয়ে পাসপোর্ট দিতে অনুরোধ করিয়ে চিঠি দিচ্ছেন কেন? বাংলাদেশ সরকারের কাছে ভ্রমণ নথির আবেদন করলেই হয়। আসলে অজুহাত তৈরি করছেন। যাতে ডিসেম্বরের পর বলতে পারেন, সরকার পাসপোর্ট দেওয়ার সাহস না করায়, তিনি ফিরতে পারেননি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে আজকের অধিবেশনে যেসব বিষয়ে আলোচনা হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৪ এম


সংসদে আজকের অধিবেশনে যেসব বিষয়ে আলোচনা হবে

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ ষষ্ঠ দিনের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অধিবেশন ১০ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সংসদ ভবনে আজ সোমবার বিকাল ৪টা ১৫ মিনিটে অধিবেশনটি শুরু হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। অধিবেশনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে প্রশ্নোত্তর, জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, তিনটি বিল উত্থাপন ও পাসের প্রস্তাব এবং সাধারণ প্রস্তাবের ওপর আলোচনা, যা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরবে।

সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের শুরুতে অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সরকার বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংশ্লিষ্ট প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। এরপর কার্যপ্রণালি-বিধির ৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের নোটিশ নিষ্পত্তি এবং গৃহীত নোটিশের ওপর আলোচনা হবে।

এ পর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও লোকবল সংকট নিয়ে আলোচনা করবেন কামরুজ্জামান কামরুল (সুনামগঞ্জ-১)। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ন্যায্য আন্তর্জাতিক অর্থায়ন, ক্ষয়ক্ষতি সহায়তা এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করবেন সংরক্ষিত নারী আসন-৫ এর সদস্য নেওয়াজ হালিমা আরলী।

এছাড়া, এলডিসি থেকে উত্তরণের পর দেশের ওষুধ ও চিকিৎসাশিল্পে দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে সংরক্ষিত মহিলা আসন-৪৯ এর সদস্য সুলতানা জেসমিন অর্থমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন।

অধিবেশনের আইন প্রণয়ন কার্যাবলিতে তিনটি গুরুত্বপূর্ণ বিল স্থান পেয়েছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জারিয়া তাহেরের পক্ষ থেকে বগুড়া উন্নয়ন বিল, ২০২৬ উত্থাপন ও পাসের প্রস্তাব করা হবে। পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ উত্থাপন ও পাসের প্রস্তাব করবেন।

অন্যদিকে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংযোজন) বিল, ২০২৬ সংসদে উত্থাপনের জন্য অনুমতি চাইবেন। অনুমতি পেলে বিলটি উত্থাপন করা হবে।

এছাড়া কার্যপ্রণালি-বিধি ৬০ অনুযায়ী অর্ধ-ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল চৌধুরী গত ১০ নভেম্বর সংসদে উত্থাপিত একটি চিহ্নিত প্রশ্নের উত্তরকে কেন্দ্র করে এ আলোচনা করবেন।

কার্যসূচিতে কার্যপ্রণালি-বিধি ১৪৭ অনুযায়ী একটি সাধারণ প্রস্তাবের ওপর আলোচনার বিষয়ও রয়েছে। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম প্রস্তাবটি উত্থাপন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%