প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর বিভিন্ন অধিবেশন ও পার্শ্ব-অনুষ্ঠানে বাংলাদেশের উপকূলের মানুষের সংকট, দুর্ভোগ ও অধিকার জোরালোভাবে তুলে ধরছেন বরগুনার তরুণ জলবায়ুকর্মী খাইরুল ইসলাম মুন্না।
মুন্না জানান, শৈশব থেকে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা দেখার অভিজ্ঞতাই তাঁকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলবাসীর পক্ষে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে কথা বলার অনুপ্রেরণা জুগিয়েছে। তাঁর পরিবার এই বিষয়টি উল্লেখ করেছে।
বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের সন্তান খাইরুল ইসলাম মুন্না গত ৮ নভেম্বর থেকে কপ৩১ সম্মেলনকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছেন। তাঁর মূল লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় উপকূলের মানুষের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো।
মুন্নার বাবা সিদ্দিকুর রহমান একজন ব্যবসায়ী এবং মা খাদিজা আক্তার বেবী গৃহিণী। তাঁর ছোট ভাই আরিফুল ইসলাম মান্নাও ভাইয়ের মতো স্বেচ্ছাসেবামূলক ও জলবায়ুবিষয়ক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে।
ভাই মান্না বলেন, উপকূলের মানুষের সংকট শুধুমাত্র ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে নিরাপদ পানির সংকট, জীবিকার অনিশ্চয়তা, স্বাস্থ্যঝুঁকি, শিক্ষার প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার প্রশ্ন। এই উপলব্ধি থেকেই মুন্না তরুণদের সংগঠিত করে প্রতিষ্ঠা করেন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি। বর্তমানে বরিশাল বিভাগজুড়ে এর কার্যক্রম চলমান। ২০২৬ সালে লোকাল কনফারেন্স অব ইয়ুথ বাংলাদেশের যোগাযোগ ও গণমাধ্যমবিষয়ক নেতৃত্বের দায়িত্বে রয়েছেন তিনি।
কপ৩১ সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্য সম্পর্কে মুন্না বলেন, তুরস্কে অনুষ্ঠিত এই সম্মেলনে জলবায়ু অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হচ্ছে। বিশ্বমঞ্চে উপকূলের মানুষের বাস্তবতা তুলে ধরাই ছিল তাঁর অন্যতম লক্ষ্য।
জলবায়ু অর্থায়নের বিষয়টিও জোরালোভাবে তুলে ধরছেন মুন্না। তিনি জানান, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস থেকে যে ছয়টি দেশ তহবিল পাচ্ছে, তার মধ্যে বাংলাদেশ অনুদান হিসেবে পাবে ৩০ মিলিয়ন মার্কিন ডলার। উপকূলের মানুষের জন্য বরাদ্দ এই অর্থ যেন যথাযথভাবে, সঠিক জায়গায় এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় হয়– সরকারের কাছে সেটাই প্রত্যাশা তাঁর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন