ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চট্টগ্রামে এস আলমের বন্ধ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান


চট্টগ্রামে এস আলমের বন্ধ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলমের সব বন্ধ কারখানা পুনরায় চালু করার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার সকাল ১০টায় উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। কয়েক শতাধিক শ্রমিক মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে অগ্রসর হন।

বিক্ষোভের সময় শ্রমিকেরা কারখানা খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগানসহ প্ল্যাকার্ড বহন করেন। শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবেন। এস আলমের চাকরিচ্যুত শ্রমিকদের এই বিক্ষোভ মিছিলের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।

সূত্রে জানা যায়, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক, ইছানগর ও কালারপুল এলাকায় এস আলম সিমেন্ট, এস আলম ইস্পাত, এস আলম সয়াবিন, এস আলম সুগারসহ দশটিরও অধিক কারখানা অবস্থিত। এসব কারখানায় কয়েক হাজার শ্রমিক নিয়োজিত ছিলেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর একে একে বন্ধ হয়ে যায় এস আলমের এসব কারখানা। সর্বশেষ বন্ধ ঘোষণা করা হয় এস আলম সুগার মিল।

আরও পড়ুন: পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, একজন আহত

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানিয়েছেন, এস আলমের কারখানা পুনরায় চালু করার দাবি নিয়ে শ্রমিকেরা মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যান। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সতর্ক অবস্থায় ছিল। তবে শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের অশান্তি হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ‘মি টাইম’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ‘মি টাইম’

ব্যস্ততা, কাজের চাপ, ক্যারিয়ারের প্রতিযোগিতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অবিরাম উপস্থিতি—এই সব কারণে আধুনিক জীবনে নিজের জন্য সময় বের করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।

তবে এই ব্যস্ততার মধ্যেই তরুণ প্রজন্ম নতুন করে উপলব্ধি করছে যে, নিজেদের সঙ্গে কিছুটা সময় কাটানোর গুরুত্ব অপরিসীম। একা কফি পান করা, বই পড়া, গান শোনা অথবা নিছক নীরবে বসে থাকা—এমন কিছু মুহূর্তকে তারা ‘মি টাইম’ হিসেবে চিহ্নিত করছে।

একসময় একা সময় কাটানোকে অনেকেই নিঃসঙ্গতা কিংবা সামাজিক বিচ্ছিন্নতা হিসেবে বিবেচনা করতেন। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সেই ধারণা বদলে গেছে। এখন তরুণদের কাছে নিজেদের জন্য নির্দিষ্ট সময় রাখা মানসিক প্রশান্তি, আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

আধুনিক তরুণদের দিন শুরু ও শেষ হচ্ছে স্মার্টফোনের পর্দায় চোখ রেখে। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের অবিরাম স্ক্রলিং, নোটিফিকেশন এবং অন্যের জীবনের নানা মুহূর্ত দেখতে দেখতে তারা মানসিক ক্লান্তির সম্মুখীন হচ্ছে। একই সঙ্গে অন্যের জীবনযাত্রার সঙ্গে নিজেদের জীবনকে তুলনা করার প্রবণতাও বাড়ছে।

এই পরিস্থিতি থেকে সাময়িক মুক্তি পেতে অনেক তরুণ দিনে অন্তত ৩০ মিনিট থেকে এক ঘণ্টা মোবাইল ফোন বন্ধ বা সাইলেন্ট রেখে সময় কাটানোর চেষ্টা করছেন। ডিজিটাল ডিটক্সের মাধ্যমে তারা ভার্চুয়াল জগত থেকে দূরে থেকে নিজেদের অনুভূতি ও প্রয়োজনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন।

পড়াশোনা, চাকরি, ক্যারিয়ার গড়ার প্রতিযোগিতা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তরুণদের মধ্যে মানসিক চাপ এবং উদ্বেগ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে নিজেদের জন্য কিছুটা সময় রাখা মানসিকভাবে স্বস্তি পাওয়ার একটি কার্যকর উপায় হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, স্থাপন হবে সিসি ক্যামেরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, স্থাপন হবে সিসি ক্যামেরা

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন স্থানে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্দেশ্যে স্মৃতিসৌধ এলাকা এবং এর প্রবেশপথে সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি, গোয়েন্দা নজরদারি এবং সংশ্লিষ্ট এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত জাতীয় কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। স্মৃতিসৌধ এলাকায় স্থাপিত সিসি ক্যামেরাগুলো ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত থাকবে।

বিজয় দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর জন্য বলা হয়েছে।

এছাড়া, বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

যানজট এড়াতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় স্মৃতিসৌধসহ সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঙ্গোতে ছয় মাস পরও ইবোলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


কঙ্গোতে ছয় মাস পরও ইবোলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

আফ্রিকার জনস্বাস্থ্য বিষয়ক শীর্ষ সংস্থা জানায়, কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব শুরু হওয়ার ছয় মাস পরেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্যকর্মীদের ওপর প্রাণঘাতী হামলা, কর্মীদের বেতন বকেয়া থাকা এবং প্রয়োজনীয় অর্থ ও সরঞ্জামের অভাবের কারণে পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছে।

আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি)-এর মহাপরিচালক জ্যঁ কাসেয়া রবিবার রয়টার্সকে সাক্ষাৎকারে বলেন, "আমরা সবাই একমত যে, ইবোলার এই প্রাদুর্ভাব এখনো অত্যন্ত গুরুতর এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।"

সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে কঙ্গোতে ১১ হাজার ২০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫ হাজার ৫০০ জনেরও বেশি মারা গেছেন।

আফ্রিকা সিডিসির মহাপরিচালক জ্যঁ কাসেয়া জানান, নতুন করে শনাক্ত হওয়া রোগীদের ৮০ শতাংশের বেশি আগে থেকে চিহ্নিত সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে আসা মানুষের তালিকায় ছিলেন না। এ ছাড়া ইবোলায় মৃত্যুর ৬৫ শতাংশের বেশি ঘটনা ঘটেছে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের বাইরে।

তিনি বলেন, ইবোলা রোগের শেষ পর্যায়ে ভাইরাসটি সবচেয়ে বেশি সংক্রামক হয়ে ওঠে। তাই সংক্রমণ ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। কাসেয়া আরো সতর্ক করে বলেন, যদি এখনই এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবে পরিণত হতে পারে।

বিরল ‘বান্দিবুগিও’ প্রজাতির ইবোলা ভাইরাসের কারণে এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটি এখন পর্যন্ত নথিভুক্ত হওয়া দ্বিতীয় বৃহত্তম ইবোলা প্রাদুর্ভাব। এর আগে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা মহামারিতে ২৮ হাজার ৬০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। ওই সময় ১১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

আফ্রিকার জনস্বাস্থ্যবিষয়ক শীর্ষ সংস্থা জানিয়েছে, কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব শুরুর ছয় মাস পার হলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্যকর্মীদের ওপর প্রাণঘাতী হামলা, কর্মীদের বেতন বকেয়া থাকা এবং প্রয়োজনীয় অর্থ ও সরঞ্জামের অভাবের কারণে পরিস্থিতি মোকাবিলা কঠিন হয়ে পড়েছে।

সংকটপূর্ণ এলাকাগুলোতে অর্থের অভাব

চিকিৎসা বিষয়ক দাতব্য সংস্থা ‘মেদসাঁ সঁ ফ্রঁতিয়ের’ এই সপ্তাহে জানিয়েছে, প্রচুর সহায়তার প্রতিশ্রুতি পাওয়া সত্ত্বেও সংকটপূর্ণ এলাকাগুলোতে এখনো সাহায্য পৌঁছাচ্ছে না। সংস্থাটি এর কারণ হিসেবে অদক্ষ কর্মী, জ্বালানিবিহীন অ্যাম্বুলেন্স এবং নজরদারি দলের অভাবকে চিহ্নিত করেছে।

কাসেয়া জানান, কঙ্গো সরকার ও দাতাদের মধ্যে সমন্বয়ের অভাব এখনো একটি বড় সমস্যা। সব মিলিয়ে প্রায় ২.৯ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, "আমরা কাউকে দোষারোপ করছি না; বরং এটি একটি সম্মিলিত ব্যর্থতা।" তিনি দাতাদের প্রতি আহ্বান জানান যেন তারা প্রতিশ্রুত সহায়তার প্রায় ১.৬ বিলিয়ন ডলার দ্রুত ছাড় করেন।

একই সঙ্গে, অর্থের অপচয় রোধ করতে এবং একই কাজে বারবার অর্থ ব্যয় (ডুপ্লিকেশন) এড়াতে কিনশাসার (কঙ্গো সরকার) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অনুরোধ জানান। কাসেয়া স্বীকার করেন, অনেক স্বাস্থ্যকর্মী মাসের পর মাস বেতন পাচ্ছেন না। তবে তিনি জানান, কঙ্গো সরকার বর্তমানে বেতন প্রদান প্রক্রিয়াকে ডিজিটালাইজ করার জন্য কাজ করছে।

চিকিৎসা বিষয়ক দাতব্য সংস্থা ‘মেদসাঁ সঁ ফ্রঁতিয়ের’ এই সপ্তাহে জানিয়েছে, প্রচুর সহায়তার প্রতিশ্রুতি পাওয়া সত্ত্বেও সংকটপূর্ণ এলাকাগুলোতে এখনো সাহায্য পৌঁছাচ্ছে না। সংস্থাটি এর কারণ হিসেবে অদক্ষ কর্মী, জ্বালানিবিহীন অ্যাম্বুলেন্স এবং নজরদারি দলের অভাবকে চিহ্নিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-পাবনা রুটে চলবে ভারত থেকে আনা ১৮ রেলকোচ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


ঢাকা-পাবনা রুটে চলবে ভারত থেকে আনা ১৮ রেলকোচ

নীলফামারীর সৈয়দপুর রেল কারখানায় ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান সম্পন্ন করে পাকশী ট্রাফিক বিভাগকে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে পাকশী রেলওয়ের প্রতিনিধিদের হাতে কোচগুলো হস্তান্তর করা হয়।

কারখানা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই কোচগুলো ব্যবহার করে আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা সরাসরি আন্ত নগর ট্রেনের উদ্বোধন করা হবে এবং বাণিজ্যিকভাবে চলাচল শুরু হবে।

রেল কারখানা সূত্রে জানা যায়, সহকারী যান্ত্রিক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম (সিএন্ডডাব্লু-২) ও ঈশ্বরদীর প্রধান ট্রেন পরীক্ষক তন্ময় সরকারের হাতে কোচগুলো হস্তান্তর করা হয়। এরপর সেগুলো পাকশীর উদ্দেশে সৈয়দপুর ত্যাগ করে। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ভোর ৪টার দিকে ভারত থেকে প্রথম চালানের ১৮টি কোচ সৈয়দপুর রেল কারখানায় পৌঁছায়। এরপর সেখানে বিশেষ ডিপ্রসেসিং, যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং কাজ সম্পন্ন হয়।

পরীক্ষা-নিরীক্ষার পর গত ৮ নভেম্বর রেলপথে পরীক্ষামূলক ট্রায়াল রান অনুষ্ঠিত হয়। ট্রায়াল চলাকালে ট্রেনে ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক (জিএম) আহম্মদ মাসুম, ভারত থেকে ২০০ কোচ আমদানি-সংক্রান্ত প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) জয়দুল ইসলাম এবং সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ। ট্রায়াল রান শেষে ওই দিনই পঞ্চগড় থেকে আবার সৈয়দপুর রেলকারখানায় ফিরিয়ে আনা হয়।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ এই বিষয়ে জানান, ভারতীয় কোচগুলোর নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। ট্রায়াল রানে কারখানার প্রকৌশলীদের সঙ্গে ভারতীয় বিশেষজ্ঞ দল যুক্ত ছিলেন। তারা ট্রায়াল রানে গতিবেগসহ অন্যান্য কারিগরি দিক পরীক্ষা করেছেন। পরে ট্রায়াল রানের ফলাফল মূল্যায়ন করে কিছু কারিগরি কাজ সম্পন্ন করে কোচগুলোকে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। এখন কোচগুলো দিয়ে পাবনা এক্সপ্রেস ট্রেন চলাচল করবে।

এছাড়া, ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি এই কোচগুলোতে অ্যান্টি-টেলিস্কোপিক ও অ্যান্টি-ক্লাইম্বিং বৈশিষ্ট্য রয়েছে। ফলে দুর্ঘটনা বা সংঘর্ষের সময় কোচগুলো একে অপরের ওপর উঠে যাবে না। পুরনো স্ক্রু কাপলিং ব্যবস্থার পরিবর্তে উন্নত সিবিসি কাপলিং থাকায় কোচগুলোতে ঝাঁকুনি অনেক কম হবে এবং ভ্রমণ হবে আরামদায়ক।

এছাড়া, এসব কোচে ছোট শিশুসহ যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে আলাদা শিশু পরিচর্যা বা বেবি কেয়ার রুম রয়েছে। কোচে প্রার্থনাকক্ষ বা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশের রেলওয়ের বাস্তব অবস্থা মাথায় রেখে অতিরিক্ত ওজন বহনের উপযোগী করে কোচগুলোর কাঠামো শক্তিশালী করা হয়েছে। কোচগুলোর অভ্যন্তরীণ সাজসজ্জা (ইন্টেরিয়র ডেকোরেশন) অনেক আধুনিক। আসনগুলোতে রয়েছে ফোল্ডিং ব্যবস্থা। কোচগুলোতে সুসংহত সিসিটিভি নজরদারি ব্যবস্থা এবং যাত্রীদের জরুরি প্রয়োজনের জন্য প্যাসেঞ্জার অ্যালার্ম সিস্টেম রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%