ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

উন্নয়নের উৎসব, নাকি প্রকৃতির নীরব কান্না? কক্সবাজারের ঝাউবন রক্ষার দায়িত্ব কার


উন্নয়নের উৎসব, নাকি প্রকৃতির নীরব কান্না? কক্সবাজারের ঝাউবন রক্ষার দায়িত্ব কার

কক্সবাজারের সৌন্দর্য শুধু বিশাল সমুদ্রের ঢেউ কিংবা দিগন্তজোড়া বালুকাবেলায় সীমাবদ্ধ নয়। এই সৌন্দর্যের অন্যতম অংশ সবুজ ঝাউবন, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য। অথচ সেই ঝাউবনের গাছ কেটে মাটিতে ফেলে রাখার দৃশ্য পরিবেশসচেতন মানুষকে গভীরভাবে ব্যথিত করছে।
কার্নিভাল হবে, উৎসব হবে, পর্যটকদের পদচারণায় মুখর হবে সমুদ্রসৈকত—এটাই স্বাভাবিক। পর্যটনশিল্পের বিকাশ ও উন্নয়ন অবশ্যই প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, সেই আয়োজনের জন্য প্রকৃতির এত বড় ক্ষতি কেন?
সৈকতের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, বালু ও উপকূলীয় পরিবেশ সংরক্ষণে ঝাউবনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে উন্নয়নের নামে এসব গাছ কেটে ফেলার প্রয়োজনীয়তা কতটুকু? বিকল্প কোনো পরিকল্পনা কি বিবেচনা করা হয়েছে?
উন্নয়ন মানুষের জন্য, পর্যটনের বিকাশের জন্য; কিন্তু প্রকৃতিকে ধ্বংস করে সেই উন্নয়ন কতটা টেকসই—এ প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
কক্সবাজারের মানুষ কার্নিভাল চায়, পর্যটনের বিকাশ চায়, কর্মসংস্থান চায়। একই সঙ্গে তারা তাদের প্রিয় ঝাউবন, সবুজ প্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যও বাঁচিয়ে রাখতে চায়।
মনে রাখতে হবে, উৎসব একসময় শেষ হবে, পর্যটকেরা ফিরে যাবেন। কিন্তু একবার কেটে ফেলা গাছের ছায়া, সবুজ আর পরিবেশগত অবদান ফিরিয়ে আনতে বছরের পর বছর লেগে যেতে পারে।
আমরা উৎসবের বিরোধী নই, উন্নয়নেরও বিরোধী নই। আমরা চাই পরিবেশবান্ধব, পরিকল্পিত ও টেকসই উন্নয়ন। আমরা প্রকৃতি ধ্বংসের বিরোধী।
প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি—ঝাউগাছ কাটার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অবশিষ্ট ঝাউবন সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া হোক।
কক্সবাজার বাঁচুক, ঝাউবন বাঁচুক, প্রকৃতির সৌন্দর্যে সমৃদ্ধ হোক পর্যটননগরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: বিএমপি কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: বিএমপি কমিশনার

মাদকমুক্ত, অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। তিনি বলেছেন, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধ শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে এবং তরুণদের সুস্থ, ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

রোববার (১৫ নভেম্বর) বরিশাল সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বিএমপি কমিশনার এসব কথা বলেন।

সমাবেশে তিনি মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁর বক্তব্যে উঠে আসে, একটি পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সামাজিক পরিমণ্ডল—প্রতিটি জায়গায় সচেতনতা তৈরি করা জরুরি। বিশেষ করে কিশোর ও তরুণদের মধ্যে অপরাধপ্রবণতা, মাদকাসক্তি এবং অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকি সম্পর্কে অভিভাবক ও শিক্ষকদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর। মাদকের সঙ্গে জড়িয়ে পড়লে একজন তরুণের স্বাভাবিক জীবন, শিক্ষা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা বাধাগ্রস্ত হয়। একই সঙ্গে মাদককে কেন্দ্র করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার ঘটার আশঙ্কা তৈরি হয়। তাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করতে হবে।

কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া প্রতিরোধে পরিবারকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং অবসর সময়ে কী ধরনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে, সে বিষয়ে অভিভাবকদের খোঁজখবর রাখা প্রয়োজন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

বিএমপি কমিশনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে মাদক ও কিশোর গ্যাংবিরোধী কার্যক্রমে সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি মনে করেন, সমাজের প্রতিটি স্তরে সম্মিলিত সচেতনতা ও প্রতিরোধ গড়ে উঠলে মাদক এবং কিশোর অপরাধের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি মাদকবিরোধী সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং একটি সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা মাদক ও কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব থেকে সমাজকে রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সমাবেশে বক্তারা বলেন, একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা কেবল প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে সম্ভব নয়; এর জন্য প্রয়োজন পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা। বিশেষ করে কিশোর ও তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নৈতিক শিক্ষা এবং ইতিবাচক সামাজিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

সর্বোপরি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুস্থ সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন সমাবেশে উপস্থিত ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে বিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ আটক ২১

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


বরিশালে বিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ আটক ২১

গ্রেপ্তারি পরোয়ানা, নিয়মিত মামলা ও মহানগর অধ্যাদেশসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার

বরিশাল মহানগরীতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাতজনসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশ মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গত ১৫ নভেম্বর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিএমপির চারটি থানা ও গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক দল।

অভিযানে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ৬০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়। এ ছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এবং আইনগত প্রক্রিয়ার আওতায় আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএমপির দেওয়া অভিযানের পরিসংখ্যান অনুযায়ী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাতজন, নিয়মিত মামলায় চারজন, বরিশাল মহানগর অধ্যাদেশে সাতজন এবং অন্যান্য আইনে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসহ আটক একজনকে নিয়ে অভিযানে সর্বমোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এ বিশেষ অভিযান নগরীর অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চলমান কার্যক্রমের অংশ।

এদিকে মাদক নির্মূলে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। মাদকসংক্রান্ত কোনো তথ্য, মাদক ব্যবসা, মাদক সরবরাহ কিংবা সংশ্লিষ্ট অপরাধের বিষয়ে তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

বিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসংক্রান্ত তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

মাদকমুক্ত ও নিরাপদ বরিশাল গড়ে তুলতে পুলিশের পাশাপাশি নগরবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিএমপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাম পরিবর্তনের জন্য নতুন আকিকার প্রয়োজন নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


নাম পরিবর্তনের জন্য নতুন আকিকার প্রয়োজন নেই

নাম পরিবর্তনের জন্য নতুন আকিকা করার প্রয়োজন নেই। তবে যদি নামের অর্থ খারাপ হয় অথবা শরিয়তবিরোধী কিছু প্রকাশ পায়, তাহলে নাম পরিবর্তন করা উত্তম বলে বিবেচিত হয়।

রসুলুল্লাহ (সা.) মানুষের সুন্দর নাম রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন। হজরত ইবনু উমর (রা.) থেকে জানা যায়, হজরত উমর (রা.)-এর এক কন্যার নাম ছিল আসিয়া। রসুলুল্লাহ (সা.) তাঁর নাম পরিবর্তন করে জামিলা রাখেন। (মুসলিম, হাদিস: ২১৩৯)

এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে, প্রয়োজন হলে নাম পরিবর্তন করা সম্ভব। কিন্তু নাম পরিবর্তনের কারণে আকিকা পুনরায় করতে হবে—এমন কোনো নির্দেশনা কোরআন ও হাদিসে নেই।

হানাফি ফিকহ অনুযায়ী, সন্তানের জন্ম উপলক্ষে আকিকা করা মুস্তাহাব আমল হিসেবে গণ্য করা হয়। তাই যদি পূর্বে আকিকা হয়ে থাকে, তাহলে নাম পরিবর্তনের জন্য পুনরায় আকিকা করার প্রয়োজন নেই। আর যদি পূর্বে আকিকা না হয়ে থাকে, তাহলে সামর্থ্য অনুযায়ী তা আদায় করা যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের পাঁচ দফা দাবিতে কলমবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


মানিকগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের পাঁচ দফা দাবিতে কলমবিরতি

মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের (কাজী) নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে পাঁচ দফা দাবি নিয়ে মানিকগঞ্জে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা।

সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির সভাপতিত্ব করেন জেলা শাখার সহসভাপতি আব্দুল মান্নান। বক্তব্য রাখেন নিকাহ রেজিস্ট্রার সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সহসভাপতি কাজী আবু দাউদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামরুল ইসলাম, নালী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ রফিকুল ইসলাম, বলড়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী আব্দুল আলিমসহ অন্যান্যরা।

বক্তারা উল্লেখ করেন, একটি ইউনিয়নে বিয়ে নিবন্ধনের মাধ্যমে যে আয় হয়, তা দিয়ে একজন নিকাহ রেজিস্ট্রারের সংসার চালানো অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। একই ইউনিয়নে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে কাজের পরিধি ও আয়ের সুযোগ আরও সংকুচিত হবে। এর ফলে তারা আর্থিক সংকটে পড়বেন এবং পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন কঠিন হয়ে উঠবে।

তারা আরও বলেন, একজন নিকাহ রেজিস্ট্রার নির্ধারিত অধিক্ষেত্রের মধ্যে দায়িত্ব পালন করেন। দীর্ঘকাল ধরে এই ব্যবস্থার ভিত্তিতে তারা পেশাগত কার্যক্রম পরিচালনা করে আসছেন। নিয়োগকালীন অধিক্ষেত্র পরিবর্তন হলে তাদের প্রতিষ্ঠিত কর্মপরিধি ও জীবিকার ওপর বিরূপ প্রভাব পড়বে। বিশেষ করে যেসব ইউনিয়নে বিয়ের সংখ্যা তুলনামূলক কম, সেসব এলাকার কাজীরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

বক্তারা জানান, নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত বাস্তবতা ও আর্থিক অবস্থার বিষয়টি বিবেচনায় না নিয়ে একই ইউনিয়নে একাধিক কাজী নিয়োগের উদ্যোগ নেওয়া হলে তাদের মধ্যে কাজের সুযোগ নিয়ে অসম প্রতিযোগিতা তৈরি হবে। এতে একদিকে পেশাগত স্থিতিশীলতা নষ্ট হবে, অন্যদিকে অনেকের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়বে।

তারা নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিকাহ রেজিস্ট্রারদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রারদের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা তাদের পেশাগত ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই পাঁচ দফা দাবি বাস্তবায়ন এবং নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%