০১:৩১ পি.এম
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৭ নম্বর কবাই ইউনিয়নের হানুয়া এলাকায় আইনের তোয়াক্কা না করে অবাধে চলছে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন। জেলা প্রশাসনের নির্দিষ্ট অনুমোদিত ড্রেজার ও বাল্কহেডের বাইরে নিয়মনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক অবৈধ ড্রেজার বসিয়ে এই বালু বাণিজ্য চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে নদীর তীরবর্তী এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভিটেমাটি, সাজানো বসতবাড়ি ও সবুজ কৃষিজমি। দিশাহারা হয়ে পড়েছেন এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ।
অভিযুক্তের পরিচয় ও নেপথ্যের কারসাজি:
অনুসন্ধানে ও স্থানীয়দের অভিযোগে জানা গেছে, এই অবৈধ বালু উত্তোলনের মূল হোতা হিসেবে চিহ্নিত হয়েছেন মো. রিয়াজ মোল্লা। তাঁর পিতার নাম মৃত খলিল মোল্লা (মিস্ত্রি) এবং মাতা লেবু বেগম। স্থায়ী ঠিকানা: গ্রাম ও ডাকঘর: হানুয়া, ৭ নম্বর কবাই ইউনিয়ন, থানা: বাকেরগঞ্জ, জেলা: বরিশাল।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত রিয়াজ মোল্লা স্থানীয় প্রভাবশালী একটি মহলের ছত্রচ্ছায়ায় এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এই বেআইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রশাসন বা সাধারণ কেউ এর প্রতিবাদ করতে গেলেই উল্টো বিভিন্ন ধরনের হুমকি ও হয়রানির শিকার হতে হয় ভুক্তভোগীদের।
আরও পড়ুন: অর্থসংকটে লক্ষ্মীপুরের একজন হাফেজের চিকিৎসা অনিশ্চিত
জেলা প্রশাসনের অনুমোদন বনাম অবৈধ ড্রেজারের দৌরাত্ম্য:
বরিশাল জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নদী বা নির্দিষ্ট পয়েন্ট থেকে বালু বা মাটি উত্তোলনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু বাল্কহেড ও ড্রেজার মেশিনকে নিয়ম মেনে আইনগত অনুমোদন দেওয়া হয়ে থাকে। কিন্তু হানুয়া এলাকায় সে অনুমোদনের তোয়াক্কা করা হচ্ছে না। জেলা প্রশাসনের অনুমোদিত সংখ্যার বাইরে অতিরিক্ত ও অবৈধ ড্রেজার বসিয়ে নির্বিচারে মাটি ও বালু কাটা হচ্ছে। নিয়মবহির্ভূতভাবে গভীর থেকে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং পাড়ে হুড়মুড় করে ধস নামছে।
হুমকির মুখে গ্রামীণ অবকাঠামো ও জনজীবন:
কবাই ইউনিয়নের হানুয়া এলাকার সাধারণ মানুষ জানান, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ইতিমধ্যে নদী ও খালের পাড় ভেঙে অনেকের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বহু পরিবার নিঃস্ব হয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। নদীর কাছাকাছি থাকা একমাত্র গ্রামীণ রাস্তাঘাট, গাছপালা এবং শত শত বিঘা আবাদি কৃষিজমিও এখন চরম হুমকির মুখে। কৃষিনির্ভর এই এলাকার মানুষ তাদের একমাত্র সম্বলটুকু হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন।
প্রশাসনের বক্তব্য:
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গণমাধ্যমকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “জেলা প্রশাসক মহোদয়ের সুনির্দিষ্ট অনুমতি ব্যতিরেকে কোনোভাবেই অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু বা মাটি উত্তোলন করা যাবে না।” তিনি আরও বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিষয়টি আমাদের নজরে এসেছে। জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া যারা এ ধরনের অপরাধমূলক কার্যক্রম চালাচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসীর জোর দাবি;
পরিবেশ বিপর্যয়, নদীভাঙন এবং সর্বস্বান্ত হওয়া সাধারণ মানুষের শেষ সম্বল রক্ষায় অবিলম্বে হানুয়া এলাকার ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন চিরতরে বন্ধ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে মো. রিয়াজ মোল্লাসহ এই অবৈধ সিন্ডিকেটের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। চলবে...............
আরও পড়ুন: বরিশালে বিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ আটক ২১
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন