০৪:৫১ পি.এম
ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : সোমবার নেপালের কাঠমান্ডুতে ‘তৃতীয় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’ শুরু হয়েছে।
এ সম্মেলনের উদ্বোধন করেন নেপালের আইন ও বিচারমন্ত্রী সোবিতা গৌতম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের শিক্ষা ও বিজ্ঞানমন্ত্রী দস্মিত পোখরেল।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য আদিবাসী ভাষা সাংবাদিকতা’ এই প্রতিপাদ্য নিয়ে রাষ্ট্রীয় সভা গৃহে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন: বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পাচ্ছেন লাখ টাকার ফান্ড
ফেডারেশন অব নেপাল ইনডিজেনাস জার্নালিস্টসের (ফোনিজ) সভাপতি লাকি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন নেওয়ার জার্নালিস্টসের সভাপতি নৃপেন্দ্র লাল শ্রেষ্ঠ, সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমানসহ অনেকে।
দক্ষিণ এশিয়ার ২৬টি দেশের বিপুল সংখ্যক প্রতিনিধি এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে অংশগ্রহণকারীরা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার এবং তাদের সম্প্রদায় সম্পর্কিত সরকারি নীতির ওপর আলোকপাত করে দুটি কারিগরি অধিবেশনে অংশ নেন।
দ্বিতীয় অধিবেশনটি ছিল নেপালে আদিবাসী ভাষার সাংবাদিকতার বর্তমান পরিস্থিতির ওপর আলোচনা।
অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক অভিজ্ঞতা, জাতিসংঘের আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক (২০২২-২০৩২), বিশ্বব্যাপী চ্যালেঞ্জ ও অর্জন, নেপালের ভাষা কমিশনের ভূমিকা এবং সংবাদমাধ্যমের আইনি কাঠামো নিয়ে মতবিনিময় করেন।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
বাংলাদেশ থেকে দৈনিক আজকাল-এর বিশেষ প্রতিনিধি মো. জিয়াউর রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই সম্মেলনে অংশগ্রহণ করছে।
বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- দৈনিক বঙ্গবাণী-এর সম্পাদক মোস্তাক আহমেদ মোবারকী, দৈনিক ব্যাংক বিমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, দৈনিক আজকের প্রভাতের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. আবু বকর সিদ্দিক, দৈনিক আমার বাংলার নির্বাহী সম্পাদক পান্না জামান, চ্যানেল-এস টেলিভিশন অনলাইনের প্রতিনিধি শাহনাজ বেগম এবং এশিয়ান টিভির প্রতিবেদক ইরফান উদ্দিন ইরু।
সাম্প্রতিক সময়ে ঢাকার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের তিন শিক্ষকও বাংলাদেশ প্রতিনিধিদলের অংশ হিসেবে সম্মেলনে যোগ দিয়েছেন। তারা হলেন- বিভাগীয় সমন্বয়কারী জুবায়ের আহমেদ, কেয়া বোস এবং ফরহাদ আলম।
একজন সাংবাদিকের সৎ ও আপসহীন থাকার কারণে দুর্দশার চিত্র তুলে ধরে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক ফরহাদ আলম প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন। এটি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা পায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন