ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ নিয়ে অচলাবস্থা গভীর হওয়ায় ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা


হরমুজ নিয়ে অচলাবস্থা গভীর হওয়ায় ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

ইরানের তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় বুধবার মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন হামলা চালিয়েছে ইরান। এই ঘটনার ফলে দুই দেশের মধ্যে দীর্ঘকালীন সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে।

এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস জানায়, বুধবার তারা হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করা ২০টি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। এই জলপথটি বিশ্বের তেল ও গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুদ্ধের শুরু থেকে এটি অনেকটাই ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন: এমপিদের জন্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিল উত্থাপনের দিকনির্দেশনা সুপারিশ

যুদ্ধ শুরু হওয়ার ছয় মাস পরও যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাতের একটি অচলাবস্থায় আটকে রয়েছে। হরমুজ প্রণালীতে ইরান কার্যত শক্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও অর্থনীতিকে চাপে ফেলার অভিযান অব্যাহত রেখেছে।

ইরানের রেভল্যুশনারি গার্ডস বুধবার জানায়, আগের দিন মার্কিন বাহিনী পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ধ্বংস করার প্রতিশোধ হিসেবে তারা জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরান একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর পর তারা ওই পদক্ষেপ গ্রহণ করে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি ছিল মার্কিন জাহাজে ইরানের দ্বিতীয় হামলা।

এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের তেল সরবরাহে আরও ব্যাঘাত ঘটানোর আশঙ্কা তৈরি করেছে, ফলে বুধবার এশিয়ার সকালের লেনদেনে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারে পৌঁছেছে।

আরও পড়ুন: দুর্গম সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির সতর্ক নজরদারি

আন্তর্জাতিক বাজারে তেলের দামের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৯.৪৬ ডলারে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ছিল ৯৪.৪৫ ডলার।

ইরান আরও জানায়, মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের মিত্র কুয়েত ও বাহরাইনের উপকূলের কাছে থাকা তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

এর কিছুক্ষণ পরই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী অংশ রেভল্যুশনারি গার্ডস ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানে অবস্থিত মার্কিন আল-আজরাক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, এই ‘শাস্তিমূলক অভিযানে’ বিমানঘাঁটির রক্ষণাবেক্ষণ ও মেরামতের স্থাপনা, সামরিক মোতায়েনের স্থান এবং যুদ্ধবিমানের আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করবে ডিএনসিসি প্রশাসক

জর্ডানের সেনাবাহিনী জানায়, দেশটির দিকে ছোড়া ইরানের ১৮টি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে।

ইরানের তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টাপাল্টি হামলা শুরু হয়। মার্কিন সামরিক বাহিনী জানায়, ট্যাংকারগুলোতে হামলার আগে তাদের কর্মীদের জাহাজ ছেড়ে যেতে বলা হয়েছিল।

মঙ্গলবার কলম্বিয়া সফরের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “ইরান বারবার মার্কিন নৌযানে হামলার চেষ্টা করছে। তারা যতবার এমন করবে বা করার চেষ্টা করবে, ততবারই তাদের ট্যাংকার হারাতে হবে। আমার ধারণা, আজও আপনারা এর পুনরাবৃত্তি দেখতে পাবেন।”

মঙ্গলবার ইরানের গণমাধ্যম জানায়, খার্গ দ্বীপের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: লেবাননে চিকেন স্যান্ডউইচ: ধনী-গরিবের ব্যবধানের প্রতীক

ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ আলী আবদোল্লাহি এর আগে সতর্ক করে বলেছিলেন, ইরানের তেলবাহী ট্যাংকারে হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে তেহরান।

হরমুজ প্রণালী দিয়ে চলাচলের আগে জাহাজগুলোকে ইরানের অনুমতি নিতে ও ট্রানজিট ফি দিতে হচ্ছে।

ইরানের রেভল্যুশনারি গার্ডস মঙ্গলবার আরও জানায়, তারা হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে আধুনিক মানববিহীন’ সাবমেরিন ড্রোনগুলোর একটি জব্দ করেছে।

তবে মার্কিন সামরিক বাহিনী বলেছে, ড্রোনটি ‘ত্রুটির কারণে অচল হয়ে পড়েছিল’ এবং এটি ‘পুরোনো মডেলের’ ছিল।

আরও পড়ুন: সউদীর দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানিয়েছে, রেভল্যুশনারি গার্ডস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দুটি মার্কিন ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি উল্লেখ করেছেন, ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তাদের পুনর্নিরীক্ষণের ফলাফল দেখতে পারবে ওয়েবসাইটে।

এবারের পুনর্নিরীক্ষণে শিক্ষার্থীদের পক্ষ থেকে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। উত্তরপত্র পুনর্নিরীক্ষণের প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মতো আবেদন করা উত্তরপত্রগুলো পুনর্মূল্যায়ন করা হয়েছে।

 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের জন্য মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন জমা পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেনিয়ায় বধির শিশুদের জন্য কথা অনুবাদকারী রোবটিক হাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


কেনিয়ায় বধির শিশুদের জন্য কথা অনুবাদকারী রোবটিক হাত

কেনিয়ার একটি বধিরদের স্কুলে শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে ইশারায় কথা বলছিল। সেখানে একটি দল প্রদর্শন করছিল, কিভাবে একটি রোবটিক হাত তাদের শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে।

শ্রবণ প্রতিবন্ধি শিশুদের শিক্ষাজীবনের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করছে কেনিয়ার স্টার্টআপ জিরোবায়োনিক। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ২২ বছর বয়সী নোরাহ কিমাথি।

জিরোবায়োনিক একটি যান্ত্রিক হাত তৈরি করেছে, যা শিক্ষকের কথা তাৎক্ষণিকভাবে ইশারা ভাষায় অনুবাদ করতে পারে। এর ফলে বধির শিশুরা শ্রবণক্ষম শিশুদের সঙ্গে একই শ্রেণিতে পড়াশোনা করতে পারবে।

কেনিয়া সোসাইটি ফর ডেফ চিলড্রেনের তথ্য অনুযায়ী, পূর্ব আফ্রিকার দেশটিতে প্রায় ৩ লাখ শিশুর শ্রবণ প্রতিবন্ধিতা রয়েছে। তবে ২০২৪ সাল পর্যন্ত স্কুলে ভর্তি হয়েছে মাত্র ২০ হাজার শিশু।

নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নাইরোবির কাসারানি ট্রিসাইড সেকেন্ডারি স্কুল ফর দ্য ডেফ-এর শিক্ষার্থীদের কাছে প্রযুক্তিটির আরও একটি দিক আশাব্যঞ্জক।

রোবটিক হাতগুলো বধির শিক্ষকদের দিয়ে পরীক্ষা করা হচ্ছে। একটি বিশেষ বডিস্যুটের মাধ্যমে তারা ইশারা ভাষা রেকর্ড ও সংরক্ষণ করছেন। এ কাজে জিরোবায়োনিক বডিস্যুটটি আমদানি করেছে।

এভাবে তারা বিভিন্ন প্রযুক্তিগত পরিভাষার একটি তথ্যভাণ্ডার তৈরি করছেন। এতে ইংরেজি, আমেরিকান ও কেনিয়ান ইশারা ভাষার ব্যবহার করা হচ্ছে। এই তথ্যভাণ্ডার ইশারা ভাষার পরিধি বাড়াতে সাহায্য করছে। একই সঙ্গে বধির শিশুদের শেখা ও যোগাযোগ আরও সহজ হচ্ছে।

নাইরোবিতে জিরোবায়োনিকের ছোট্ট গবেষণাগারে এএফপিকে কিমাথি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, আফ্রিকায় প্রমিত আফ্রিকান ইশারা ভাষার কোনো তথ্যভাণ্ডার নেই।’

তিনি আরও বলেন, ‘মহাদেশটিতে আর কেউ এটি তৈরি করেনি। আমাদের শূন্য থেকে শুরু করতে হয়েছে।’

কেনিয়ার অনেক বধির শিশু বিভিন্ন ধরণের স্থানীয় ও তাৎক্ষণিকভাবে তৈরি ইশারা ব্যবহার করে। স্থানীয় ইশারা ভাষায় গণিত ও জীববিজ্ঞানের মতো বিষয় পড়ানোর জন্য প্রয়োজনীয় অনেক প্রযুক্তিগত পরিভাষা নেই।

বধিরদের ওই স্কুলের ১৯ বছর বয়সী শিক্ষার্থী শ্যারন মুম্বে বলেন, এই প্রযুক্তি তাকে ‘ভবিষ্যৎ নিয়ে আশাবাদী’ করেছে।

সে এএফপিকে বলেছে, ‘আমি বিভিন্ন বিষয় আরও ভালোভাবে বুঝতে পারব।’

গবেষণাগারে কিমাথির দলটি তাদের তৈরি মানবসদৃশ রোবট ‘আফ্রিকা ওয়ান’-এর সঙ্গে কাজ করছে।

প্রতিটি হাত তৈরিতে প্রায় ৩৫০ ডলার খরচ হয়। এগুলো দুই বছর পর্যন্ত ব্যবহার করা যায়। ইতোমধ্যেই কেনিয়ার ৭৮টি স্কুলে এসব রোবটিক হাত ব্যবহার করা হচ্ছে।

এসব রোবটিক হাত কথা থেকে ইশারা ভাষায় অনুবাদে ৯২ শতাংশ নির্ভুলতা দেখাচ্ছে।

কিমাথি বলেন, এই ফলাফল গবেষণাগারে দীর্ঘ সময় কাজের পরিশ্রমকে সার্থক করেছে।

তিনি বলেন, ‘আমরা জানি, আমরা অন্য কারও মুখে হাসি ফোটাতে যাচ্ছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির বিভিন্ন অঞ্চলে ৩০টির বেশি হামলার দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


সৌদির বিভিন্ন অঞ্চলে ৩০টির বেশি হামলার দাবি হুতিদের

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিরা বুধবার সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ৩০টির বেশি হামলার দাবি করেছে।

এই হামলার দাবি আসার একদিন আগে, বিদ্রোহীরা প্রতিবেশী দেশটিতে একটি বড় আকারের হামলা পরিচালনা করে। এই হামলায় বেশ কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

সানা থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য প্রকাশ করেছে।

হুতি বিদ্রোহীদের আলমাসিরাহ টেলিভিশন জানায়, "গত কয়েক ঘণ্টায় সৌদি বিমান মারিব, আল-জাওফ, তাইজ ও হোদেইদা প্রদেশের বিভিন্ন এলাকায় ৩২টি বিমান হামলা চালিয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে সার মজুতের দায়ে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০০ পি.এম


নাটোরে সার মজুতের দায়ে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড

জেলার সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও অধিক দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে তাদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। চার ব্যবসায়ীর বিরুদ্ধে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারে এ অভিযান পরিচালিত হয়।

সার ব্যবস্থাপনা আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করে, সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এর নেতৃত্বে।

অভিযানে ব্যবসায়ী সোহেল হোসেনের দোকান থেকে ৮ বস্তা সার জব্দ করা হয় এবং তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ব্যবসায়ী আব্দুস সালামের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। ব্যবসায়ী আবুল হাসেমের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর ব্যবসায়ী মোবারকের কাছ থেকে ১৪৭ বস্তা সার জব্দ করে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ সময় সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বাসসকে জানান, "অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির মাধ্যমে কৃষকদের হয়রানি করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%