ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

নানা পাটেকারের মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্টে করোনারি আর্টারি ডিজিজের কথা জানা গেল


নানা পাটেকারের মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্টে করোনারি আর্টারি ডিজিজের কথা জানা গেল

বলিউডের খ্যাতনামা অভিনেতা নানা পাটেকারের আকস্মিক মৃত্যুতে ভক্ত ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া এখনও বিরাজমান। গত ৮ অক্টোবর, ৭৫ বছর বয়সে তিনি প্রয়াত হন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে অনুরাগীরা অপেক্ষা করছিলেন। এবার ময়নাতদন্তের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে মৃত্যুর কারণ।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, হৃদ্‌যন্ত্রে রক্ত চলাচল বন্ধ হয়ে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসকরা তার মৃত্যু স্বাভাবিক মৃত্যু হিসেবে উল্লেখ করেছেন।

ময়নাতদন্তের প্রতিবেদনে জানা গেছে, নানা পাটেকার করোনারি আর্টারি ডিজিজে ভুগছিলেন। হৃদ্‌যন্ত্রে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন এবং এর ফলস্বরূপ তার মৃত্যু ঘটে। গোয়া মেডিক্যাল কলেজের চিকিৎসকদের একটি দল প্রতিবেদনটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে।

আরও পড়ুন: মুক্তির আগেই ১০ কোটির পথে ‘রামায়ণ’

গত ৮ অক্টোবর সকালে গোয়ায় তার নিজ বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তার মরদেহ ময়নাতদন্তের জন্য গোয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

এদিকে গোয়া পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নানা পাটেকার শারীরিক অস্বস্তি অনুভব করছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে বুকে ব্যথা ও শরীর খারাপ লাগার কথা জানিয়ে তিনি ঘনিষ্ঠ বন্ধু আমেয় নায়েককে বার্তা পাঠান। পরে অভিনেতা বন্ধুকে ফোনও করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আমেয় নানার পাঠানো বার্তাটি দেখেন। এরপর দেরি না করে তিনি ডোনা পাওলায় অভিনেতার বাড়িতে ছুটে যান। সেখানে পৌঁছে তিনি দেখতে পান, নানা সোফায় ঘামভেজা অবস্থায় অচেতন হয়ে পড়ে আছেন।

ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেলেও, প্রিয় অভিনেতাকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি অনেকে।

আরও পড়ুন: মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনায় ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনায় ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেখানে প্রশ্ন করার সুযোগ ছিল না, ছবি তোলা ও ভিডিও ধারণের ওপর নিষেধাজ্ঞা ছিল। বক্তব্য দিতে গেলেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে খুলনা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মো. রেজাউল করিমের সঙ্গে মতবিনিময় সভা বর্জন করেছেন খুলনার সাংবাদিকরা।

রবিবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে ডিআইজি কার্যালয়ে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের অভিযোগ, পুলিশের অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও সদস্যদের অনিয়ম সম্পর্কে প্রশ্নের উত্তর জানতে গিয়ে তারা উল্টো উপদেশ শুনেছেন।

গত ১৮ সেপ্টেম্বর খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. রেজাউল করিম। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়ের অংশ হিসেবে সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু সভায় অংশ নেওয়া সাংবাদিকদের অভিযোগ, মতবিনিময়ের কথা বলা হলেও তাদের পরিচয়পর্বের মধ্যেই সীমাবদ্ধ থাকতে বলা হয়। ছবি তোলা ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে কিংবা বক্তব্য তুলে ধরতে চাইলে তাদের থামিয়ে দেওয়া হয়। সাংবাদিকদের কথা শোনার পরিবর্তে ডিআইজি উপদেশ দিতে থাকেন।

সাংবাদিকদের প্রশ্ন, যে সভার উদ্দেশ্য পারস্পরিক মতবিনিময়, সেখানে তাদের কথা বলার সুযোগ না থাকলে এমন আয়োজনের প্রয়োজন কী? পুলিশের কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। সেই সুযোগ সীমিত করে প্রকৃত অর্থে মতবিনিময় সম্ভব নয় বলে মনে করেন তারা।

সভা বর্জনের সময় এক সাংবাদিক বলেন, খুলনায় পুলিশের কার্যক্রম, অপরাধ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানার প্রত্যাশা নিয়ে তারা সভায় গিয়েছিলেন। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য জানার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিজেদের প্রশ্ন ও অনুসন্ধানের বিষয়গুলো তুলে ধরাও ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু সেই সুযোগ না পাওয়ায় তারা হতাশ হয়েছেন।

একুশে টেলিভিশনের খুলনা ব্যুরোপ্রধান আশরাফুল ইসলাম নুর বলেন, তারা ব্যক্তিগত কোনো বিষয়ে কথা বলতে যাননি। খুলনার মানুষের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়া এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য জানাই ছিল তাদের লক্ষ্য। প্রশ্ন করার সুযোগ না থাকলে সেটিকে প্রকৃত অর্থে মতবিনিময় বলা যায় না।

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় হবে, অথচ প্রশ্ন করা যাবে না—এটি কোনো যৌক্তিক কথা হতে পারে না। সাংবাদিকরা কোন সভায় যোগ দেবেন, কী প্রশ্ন করবেন বা কী কথা বলবেন, তা নির্ধারণ করে দেওয়া কিংবা ক্যামেরার সামনে একজন সরকারি কর্মকর্তার কথা বলতে না পারার মতো পরিস্থিতি নতুন সৃষ্টি হলো। এ কারণে আমিসহ সাংবাদিকরা সভা বর্জন করে ফিরে গেছি।’

এ বিষয়ে জানতে ডিআইজি মো. রেজাউল করিমের সরকারি নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে মা ইলিশ রক্ষায় মৎস্য দপ্তরের অভিযান: ৫ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


কাউখালীতে মা ইলিশ রক্ষায় মৎস্য দপ্তরের অভিযান: ৫ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে কঁচা নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর। রবিবার (১১ অক্টোবর) বিকেলে পরিচালিত এ অভিযানে কঁচা নদী থেকে প্রায় সাড়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। নদীপথের এই অভিযানে নিরাপত্তা ও সার্বিক সহায়তায় ছিল নৌ পুলিশ। মা ইলিশ রক্ষায় টানা অভিযানের অংশ হিসেবে গত দুই দিনে উপজেলা মৎস্য দপ্তর কঁচা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ১৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা।
অভিযান শেষে উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন,
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করতে আমাদের এই কঠোর অভিযান অব্যাহত রয়েছে। কঁচা নদী কাউখালীর অন্যতম প্রধান ইলিশ প্রজনন ক্ষেত্র। অসাধু জেলেরা যেন কোনোভাবেই এই সময়ে জাল ফেলতে না পারে, সে জন্য আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি। মা ইলিশ রক্ষা ও জাতীয় সম্পদ বৃদ্ধিতে মৎস্য দপ্তরের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান নিয়মিত চলবে।
তিনি আরও জানান, জাটকা ও মা ইলিশ রক্ষায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় জেলেদের সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ

মঞ্চে সুন্নাহভিত্তিক দাফন-কাফন ও বিয়ের পদ্ধতি প্রদর্শন, কোরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশন এবং আরবি-বাংলা সুন্দর হাতের লেখার নৈপুণ্য ক্ষুদে শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গায় ইছাপাশা কাদেরিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার অভিভাবক সমাবেশ ও মেধা প্রদর্শনী।

রবিবার (১১ অক্টোবর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি বিষয়ে নিজেদের দক্ষতা তুলে ধরে। তাদের পরিবেশনা উপস্থিত অভিভাবক ও অতিথিদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলার জয়নগর কলেজের সহকারী অধ্যাপক ও মাদ্রাসার সেক্রেটারি গোলাম মুর্তজা। বক্তব্য দেন ডা. সুমন রায় এবং মাদ্রাসার সহ-সভাপতি ও আলফাডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী মুন্সি বিল্লাল হুসাইন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা সুন্নাহভিত্তিক দাফন-কাফন ও বিবাহ সম্পাদনের পদ্ধতি মঞ্চে হাতে-কলমে প্রদর্শন করে। পাশাপাশি কোরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশন এবং আরবি ও বাংলা সুন্দর হাতের লেখার প্রদর্শনীর মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে। বাংলা ও ইংরেজি বিষয়েও নিজেদের মৌলিক দক্ষতার পরিচয় দেয় তারা।

বক্তব্যে ডা. সুমন রায় শিশুদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। ডেঙ্গুজ্বর, জ্বর, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং সন্তানদের প্রতি যত্নবান হতে অভিভাবকদের আহ্বান জানান তিনি।

মুন্সি বিল্লাল হুসাইন বলেন, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় থাকা জরুরি। পড়াশোনার পাশাপাশি শিশুদের নৈতিকতা, শিষ্টাচার, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা বলেন, শিশুদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদের ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা ও বড়দের প্রতি শ্রদ্ধাবোধ শেখাতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি বাস্তব জীবনে ধর্মীয় রীতিনীতি ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে এলপিজি গ্যাসের গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ টাকা, ৩শ' বোতল এলপিজি গ্যাস জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


টাঙ্গাইলে এলপিজি গ্যাসের গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ টাকা, ৩শ

টাঙ্গাইলের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০০ বোতল এলপিজি গ্যাস জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অবৈধভাবে এলপিজি গ্যাস আমদানি, অতিরিক্ত দামে বিক্রি এবং গোডাউনের বৈধ কাগজপত্র দেখাতে না পারার অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে সদর উপজেলার ডেলি করটিয়া এলাকায় আজাদ ট্রেডিং নামের প্রতিষ্ঠানে জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ডেলি করটিয়া এলাকার আজাদ ট্রেডিংয়ে অভিযান চালিয়ে এলপিজি গ্যাসের আমদানি ও বিক্রিসংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে গোডাউনের বৈধ কাগজপত্র দেখাতে না পারা এবং অবৈধভাবে গ্যাস আমদানি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটি থেকে ৩০০ বোতল গ্যাস জব্দ করা হয় এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, অবৈধভাবে এলপিজি গ্যাস আমদানি, অতিরিক্ত দামে বিক্রি এবং গোডাউনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দ করা ৩০০ বোতল গ্যাস সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এসব অপরাধের কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%