১০:২১ পি.এম
কক্সবাজারের চকরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের অভিযান পরিচালনার ফলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে এবং ঘটনাস্থল থেকে ১৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট হাইওয়ে-সংলগ্ন উলুবুনিয়া বওনাঘোনা এলাকার কামাল চেয়ারম্যানের মাছের প্রজেক্টে এই অভিযান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: অ্যাম্বুলেন্স সেবায় সিন্ডিকেটের নিয়ন্ত্রণ, রোগী ও স্বজনরা জিম্মি
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, ইমতিয়াজ আহম্মেদ আবতাহি (২০), নাজমুল হক (২১), সাকিবুর রহমান (২১), মো. নেজাম উদ্দিন (৩৪), রায়হান উদ্দিন (৩০), ইলিহাস উদ্দিন (১৯), জসিম উদ্দিন বাবুল (৪২), রবিউল হোসেন (২৮) ও রেজাউল করিম টিটু (৪২)।
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জেলহত্যা দিবস পালনের আড়ালে চকরিয়া ও মাতামুহুরী এলাকার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী সেখানে সমবেত হয়েছেন। সেখানে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল।
পুলিশ জানায়, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পুলিশের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীদের একটি অংশ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে পুলিশ পুরো এলাকা ঘেরাও করে অভিযান পরিচালনা করে। পরে ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেফতার এবং ১৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ভারতে যাওয়ার সময় বেনাপোলে যুবলীগ নেতা হিমাংশু পাল গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন