বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০১:৪১ পি.এম
কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় গভীর নলকূপ থেকে নির্গত প্রাকৃতিক গ্যাসের আগুন টানা ৩০ দিন ধরে জ্বলছে। এতে স্থানীয় কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে বিঘ্ন ঘটছে। তবে দীর্ঘ পর্যবেক্ষণ ও প্রস্তুতির পর বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) আগুন নিয়ন্ত্রণে চূড়ান্ত অভিযানে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মূল অপারেশন শুরু হওয়ার কথা রয়েছে। দেশীয় প্রযুক্তির মাধ্যমে এই অভিযান সফল হলে খরচ হবে মাত্র এক থেকে দুই কোটি টাকা। অন্যদিকে, বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিলে খরচ হতে পারে ১০০ থেকে ১৫০ কোটি টাকা।
সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় মূল অভিযান শুরুর পরিকল্পনা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তা পিছিয়ে যায়। পরে ত্রুটি সারিয়ে কেসিং ও ড্রিলিং পাইপ প্রস্তুতসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কাজ সম্পন্ন করে বাপেক্সের দল। গত ১৩ দিন ধরে ২০ কর্মকর্তার তত্ত্বাবধানে ৫৫ সদস্যের একটি দল কাজ করছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৯ ঘণ্টা নিরবচ্ছিন্ন প্রস্তুতি চলেছে।
বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, প্রথমে বিশেষ যন্ত্রপাতির সাহায্যে কূপের কেন্দ্র থেকে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরানো হবে। এরপর প্রায় এক হাজার ফুট গভীরে বেন্টোনাইট মিশ্রিত ঘন মাড উচ্চচাপে পাম্প করা হবে। কূপের ভেতরে গ্যাসের চাপ আনুমানিক ৪০০ থেকে ৫০০ পিএসআই। বিপরীতে প্রায় ৬০০ পিএসআই চাপ প্রয়োগ করে গ্যাসের প্রবাহ বন্ধ করার চেষ্টা করা হবে।
বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. রকিবুল হাসান বলেন, “প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষ পর্যায়ে। নিরাপত্তা নিশ্চিত করতে সেফটি মিটিংয়ের পর মূল অপারেশন শুরু করা হবে। বেন্টোনাইট একধরনের কাদামাটি। এটি পানির সঙ্গে মিশিয়ে ঘন মাড তৈরি করে কূপের ভেতরে পাম্প করা হবে। এতে গ্যাসের চাপ নিয়ন্ত্রণে এনে প্রবাহ বন্ধ করা সম্ভব হবে বলে আশা করছেন তারা। সফল হলে বৃহস্পতিবারই আগুন নেভানো সম্ভব।”
গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে এলে সিমেন্টিংয়ের মাধ্যমে কূপটি স্থায়ীভাবে বন্ধ করা হবে। তবে শুধু আগুন নেভানো নয়, ওই এলাকায় গ্যাসের মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের উদ্যোগও নিয়েছে বাপেক্স। আগামী ডিসেম্বরের মধ্যে দুই থেকে তিন কিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক (থ্রিডি) জরিপ শুরুর পরিকল্পনা রয়েছে। এ জন্য একটি সার্ভে দল কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
বাপেক্সের প্রকল্প কর্মকর্তা আনিছুর রহমান জানান, “কূপের গ্যাসের চাপ এখনো ৪০০ থেকে ৫০০ পিএসআইয়ের মধ্যে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগের তুলনায় চাপে বড় কোনো পরিবর্তন হয়নি। এলাকায় গ্যাসের সম্ভাব্য মজুত থাকতে পারে। তবে প্রকৃত মজুত ও বাণিজ্যিকভাবে উত্তোলনের সম্ভাবনা জানতে জরিপের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।”
বিদেশি প্রতিষ্ঠানের পরিবর্তে নিজস্ব জনবল, প্রযুক্তি ও ব্যবস্থাপনায় এ অভিযান পরিচালনা করছে বাপেক্স, জানান সংস্থাটির সাবেক মহাব্যবস্থাপক ও প্রতিনিধি দলের প্রধান হাওলাদার অহিদুল ইসলাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানিকগঞ্জ, ২৬ নভেম্বর, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং পুষ্টির চাহিদা পূরণে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান আরও বৃদ্ধি পাবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ অফিসকক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে মানিকগঞ্জ জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে দেশব্যাপী এ সপ্তাহ উদযাপিত হচ্ছে।
খাদ্যমন্ত্রী উল্লেখ করেন, দেশের ক্রমবর্ধমান জনগণের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ খাদ্য সরবরাহ, প্রাণীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রাণিজ উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি জানান, মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধের উৎপাদন ও সরবরাহ আরও বৃদ্ধির প্রয়োজন রয়েছে।
মন্ত্রী আরও বলেন, প্রাণিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলাভিত্তিক মোবাইল ভেটেরিনারি ক্লিনিক ও কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করে এ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগও গুরুত্বপূর্ণ।
তিনি জানান, মানিকগঞ্জের প্রান্তিক জনগণের কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও পুষ্টির চাহিদা পূরণে গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া পালনের প্রশিক্ষণ কার্যক্রম ভূমিকা রাখছে। পাশাপাশি পশুপাখির রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদানে ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরির কার্যক্রমও উল্লেখযোগ্য।
মন্ত্রী বলেন, দুধের উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎপাদিত দুধের ন্যায্যমূল্য নিশ্চিত করতে জেলার সিঙ্গাইর উপজেলায় বেসরকারি উদ্যোগে ডেইরি হাব স্থাপন করা হয়েছে। এ হাবে দুগ্ধজাত পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধজাত পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রয়োজনীয় সরঞ্জাম সহায়তা প্রদানের উদ্যোগও প্রশংসনীয়।
খাদ্যমন্ত্রী বলেন, এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে পুষ্টির ঘাটতি দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও অগ্রগতি অর্জন সম্ভব হবে। তিনি এ সময় মানিকগঞ্জের প্রতিটি এলাকায় নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে জেলাটিকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে মানিকগঞ্জ শহরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’তে ইন্সপেক্টর বিবেক চরিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেছিলেন বিবেক মাশরু। তিনি প্রায় ছয় বছর ধরে ধারাবাহিকটিতে অভিনয় করেছেন। তবে ২০১২ সালে, ২৯ বছর বয়সে, অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এই অভিনেতা। এরপর তিনি বেরিয়ে পড়েন হিমালয় ভ্রমণে। অভিনয় ছাড়ার পর উচ্চশিক্ষা, ভ্রমণ এবং করপোরেট জগতে নতুনভাবে নিজের পথ তৈরি করেছেন তিনি।
‘সিআইডি’তে বিবেকের যুক্ত হওয়ার গল্পটিও বেশ চমকপ্রদ। ধারাবাহিকটির জন্য ‘অপারেশন তালাশ’ নামে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের আয়োজন করা হয়েছিল। সেখানে অডিশন দিয়ে তিনি নির্বাচিত হন। শুরুতে মাত্র তিন মাসের চুক্তিতে কাজ পেলেও পরে সেই সময় বেড়ে দাঁড়ায় প্রায় ছয় বছর। ধারাবাহিকটির প্রায় ৫০০ পর্বে অভিনয় করেছেন বিবেক। শুটিংয়ের ব্যস্ততা এতটাই বেশি ছিল যে, কোনো কোনো দিন টানা ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করতে হতো তাকে।
২০১২ সালের জুনে ধারাবাহিকটি ছাড়ার পর অভিনয় থেকে বিরতি নেন বিবেক। এরপর ভারতের হিমালয় অঞ্চলে ব্যাকপ্যাক নিয়ে ভ্রমণ করেন। তিনি একা ঘুরে বেড়ান মহারাষ্ট্র ও গুজরাটের বিভিন্ন স্থানেও। ভ্রমণের পাশাপাশি উচ্চশিক্ষার জন্য সিঙ্গাপুরে যান তিনি। সেখানে আন্তর্জাতিক ব্যবসায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে বাবার ব্যবসার দেখাশোনা এবং বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে কাজেও যুক্ত হন। এ ছাড়া তিনি ডেটা সায়েন্স ও বিজনেস অ্যানালিটিকসে স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেন।
পরবর্তী সময়ে ভারতের বেঙ্গালুরুর সিএমআর বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করেন বিবেক। সেখানে কমন কোর কারিকুলাম বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। যদিও তাকে অধ্যাপক বলা হলেও, তিনি নিজেই জানিয়েছিলেন, তার দায়িত্ব ছিল একটি বিভাগের সার্বিক কার্যক্রম তদারক করা। ২০২৩ সালে সিএমআর গ্রুপ অব ইনস্টিটিউশনে কৌশল ও উদ্ভাবনবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন তিনি।
২০২৪ সালে রালেকন নামের একটি প্রতিষ্ঠানে কৌশল ও প্রবৃদ্ধি বিভাগের প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন বিবেক। ২০২৬ সালের মে পর্যন্ত তিনি পূর্ণকালীন দায়িত্বে ছিলেন। পরে একই প্রতিষ্ঠানে কৌশলগত প্রবৃদ্ধি উপদেষ্টা ও পরামর্শক হিসেবে খণ্ডকালীন কাজ শুরু করেন।
২০২৩ সালে ‘সিআইডি’র একটি পুরনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনায় আসেন বিবেক। ছবির সঙ্গে লেখা ছিল, ‘তাকে চিনলে আপনার শৈশব দারুণ ছিল।’ এরপর ভক্তদের কাছ থেকে অনেক বার্তা পান তিনি। অভিনয়ে ফেরার প্রস্তাবও এসেছিল। তবে সে সময় টেলিভিশনে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছিলেন এই অভিনেতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিশুর মন-মানসিকতা, চিন্তাভাবনা ও জীবনাচার গঠনে পারিবারিক পরিবেশের প্রভাব অপরিসীম। শিশুর শিক্ষার হাতেখড়ি হয় মায়ের কোল থেকে, আর তার নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের প্রথম পাঠ শুরু হয় পরিবারের পরিবেশে। ঘরের বড়দের আচার-আচরণ, ইবাদত-বন্দেগি ও জীবনযাপনের ধরন শিশুর কোমল মনে গভীরভাবে ছাপ ফেলে।
এ কারণে প্রতিটি মুসলিম পরিবারের ঘরে নামাজ ও ইবাদতের জন্য একটি নির্দিষ্ট স্থান থাকা অত্যন্ত প্রয়োজন। যাতে করে কোনো আনুষ্ঠানিক পাঠ ছাড়াই পারিবারিক পরিবেশের মাধ্যমে শিশুরা দ্বীনি শিক্ষায় অভ্যস্ত হয়ে উঠতে পারে। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ঘরে ঘরে ও পাড়া-মহল্লায় মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছেন এবং সেগুলো পরিচ্ছন্ন ও সুগন্ধিময় রাখার প্রতি গুরুত্বারোপ করেছেন। (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৫৫)
ঘরে নির্দিষ্ট স্থানে নামাজ আদায়ের বিষয়টি রাসুলুল্লাহ (সা.)-এর আমলেও ছিল। হজরত আবদুল্লাহ ইবনে শাদ্দাদ (রা.) বর্ণনা করেন, তিনি তাঁর খালা ও রাসুলুল্লাহ (সা.)-এর স্ত্রী মাইমুনা (রা.)-এর কাছে শুনেছেন, তিনি হায়েজ অবস্থায় নামাজ আদায় করতেন না। তখন তিনি রাসুলুল্লাহ (সা.)-এর নামাজের স্থানের সামনে শুয়ে থাকতেন। আর রাসুলুল্লাহ (সা.) তাঁর চাটাইয়ের ওপর নামাজ আদায় করতেন। সিজদা করার সময় তাঁর কাপড়ের কিছু অংশ মাইমুনা (রা.)-এর শরীরে স্পর্শ করত। (সহিহ বুখারি, হাদিস : ৩৩৩)
হাদিসের ব্যাখ্যাকার আল্লামা ইবনে হাজার আসকালানি (রহ.) বলেন, এখানে নামাজের স্থান বলতে ঘরের মধ্যে নামাজ আদায়ের জন্য নির্ধারিত স্থান বোঝানো হয়েছে। (ফাতহুল বারি, ১/৫৫০)
ঘরে এমন একটি ইবাদতের স্থান থাকার আরেকটি গুরুত্বপূর্ণ উপকার হলো, তা পরিবারের সদস্যদের পাশাপাশি আগত অতিথিদেরও নামাজের প্রতি উৎসাহিত করতে পারে। অনেক সময় বাড়িতে এমন অতিথি আসেন, যাঁরা নিয়মিত নামাজ আদায়ে অভ্যস্ত নন। ঘরের নির্দিষ্ট স্থানে নামাজের সুন্দর পরিবেশ ও ইবাদতের আয়োজন দেখে তাঁরাও নামাজ আদায়ে অনুপ্রাণিত হতে পারেন। এভাবে একটি ছোট্ট উদ্যোগও অন্যের দ্বীনি জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
সাহাবায়ে কেরামের জীবনেও ঘরে নামাজের স্থান নির্ধারণের বিশেষ গুরুত্ব লক্ষ করা যায়। হজরত মাহমুদ ইবনে রাবি (রা.) থেকে বর্ণিত, হজরত ইতবান ইবনে মালিক আনসারি (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে বললেন, তাঁর দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়েছে এবং বাড়ি থেকে গোত্রের মসজিদে যেতে পথের পানি তাঁর জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। তাই তিনি চাইলেন, রাসুলুল্লাহ (সা.) যেন তাঁর বাড়িতে এসে কোনো একটি স্থানে নামাজ আদায় করেন, যাতে তিনি সেই স্থানটিকে নিজের নামাজের জায়গা হিসেবে নির্ধারণ করতে পারেন।
রাসুলুল্লাহ (সা.) তাঁর এ আবেদনে সম্মতি দিলেন। পরে একদিন আবু বকর (রা.)-কে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে উপস্থিত হলেন। ঘরে প্রবেশ করে তিনি ইতবান (রা.)-কে জিজ্ঞাসা করলেন, ঘরের কোন জায়গায় তিনি চান যে রাসুলুল্লাহ (সা.) নামাজ আদায় করুন? ইতবান (রা.) একটি জায়গা দেখিয়ে দিলেন। এরপর রাসুলুল্লাহ (সা.) সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন এবং সাহাবিরা তাঁর পেছনে জামাতে নামাজ পড়লেন। (সহিহ বুখারি, হাদিস : ৮৪০)
এই ঘটনা থেকে বোঝা যায়, ঘরের মধ্যে নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট স্থান রাখা সাহাবায়ে কেরামের কাছেও গুরুত্বপূর্ণ ছিল। এমনকি তাঁরা ঘরের পরিবেশকেও ইবাদতবান্ধব করে তুলতে সচেষ্ট ছিলেন।
বিশেষ করে শিশুদের দ্বীনি শিক্ষা ও নামাজের অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে ঘরোয়া ইবাদতের স্থান অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। অনেকেই ছেলেশিশুদের মসজিদে সঙ্গে নিয়ে যাই, কিন্তু মেয়েশিশুদের ক্ষেত্রে সব সময় এমন সুযোগ তৈরি হয় না। ঘরে নির্দিষ্ট নামাজের স্থান থাকলে ছেলে ও মেয়ে উভয় শিশুই সেখানে নামাজ পড়ার অনুশীলন করতে পারবে। মা-বাবাকে নামাজ পড়তে দেখে তারাও পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে চাইবে। এভাবে ছোটবেলা থেকেই তাদের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা ও ইবাদতের অভ্যাস গড়ে উঠবে।
সুতরাং প্রতিটি মুসলিম পরিবারের উচিত, সামর্থ্য ও সুযোগ অনুযায়ী ঘরে নামাজ ও ইবাদতের জন্য একটি পরিচ্ছন্ন, নিরিবিলি ও সুশৃঙ্খল স্থান নির্ধারণ করা। কেননা এটি পরবর্তী প্রজন্মের মধ্যে দ্বীনি মূল্যবোধ ও আল্লাহমুখী জীবন গড়ে তোলার একটি সুন্দর মাধ্যম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান পরিবেশন করতে আসছেন ‘বিলিয়নেরা’খ্যাত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। জনপ্রিয় এই গায়িকা ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছেন। তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন তার ভক্তরা।
বাংলাদেশে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওটিলিয়া। তিনি ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের সুন্দর শহরে পৌঁছেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত। আমার অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না।’
‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই আয়োজনে ওটিলিয়ার সঙ্গে মঞ্চে উপস্থিত থাকবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফুয়াদ নিজেই।
আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে বসবে এই সংগীতের আসর। অনলাইন মাধ্যমে কনসার্টের আগাম টিকিট সংগ্রহ করা যাচ্ছে। উল্লেখ্য, ২০২২ সালে ঢাকায় এসেছিলেন ওটিলিয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ