প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’তে ইন্সপেক্টর বিবেক চরিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেছিলেন বিবেক মাশরু। তিনি প্রায় ছয় বছর ধরে ধারাবাহিকটিতে অভিনয় করেছেন। তবে ২০১২ সালে, ২৯ বছর বয়সে, অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এই অভিনেতা। এরপর তিনি বেরিয়ে পড়েন হিমালয় ভ্রমণে। অভিনয় ছাড়ার পর উচ্চশিক্ষা, ভ্রমণ এবং করপোরেট জগতে নতুনভাবে নিজের পথ তৈরি করেছেন তিনি।
‘সিআইডি’তে বিবেকের যুক্ত হওয়ার গল্পটিও বেশ চমকপ্রদ। ধারাবাহিকটির জন্য ‘অপারেশন তালাশ’ নামে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের আয়োজন করা হয়েছিল। সেখানে অডিশন দিয়ে তিনি নির্বাচিত হন। শুরুতে মাত্র তিন মাসের চুক্তিতে কাজ পেলেও পরে সেই সময় বেড়ে দাঁড়ায় প্রায় ছয় বছর। ধারাবাহিকটির প্রায় ৫০০ পর্বে অভিনয় করেছেন বিবেক। শুটিংয়ের ব্যস্ততা এতটাই বেশি ছিল যে, কোনো কোনো দিন টানা ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করতে হতো তাকে।
২০১২ সালের জুনে ধারাবাহিকটি ছাড়ার পর অভিনয় থেকে বিরতি নেন বিবেক। এরপর ভারতের হিমালয় অঞ্চলে ব্যাকপ্যাক নিয়ে ভ্রমণ করেন। তিনি একা ঘুরে বেড়ান মহারাষ্ট্র ও গুজরাটের বিভিন্ন স্থানেও। ভ্রমণের পাশাপাশি উচ্চশিক্ষার জন্য সিঙ্গাপুরে যান তিনি। সেখানে আন্তর্জাতিক ব্যবসায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে বাবার ব্যবসার দেখাশোনা এবং বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে কাজেও যুক্ত হন। এ ছাড়া তিনি ডেটা সায়েন্স ও বিজনেস অ্যানালিটিকসে স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেন।
পরবর্তী সময়ে ভারতের বেঙ্গালুরুর সিএমআর বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করেন বিবেক। সেখানে কমন কোর কারিকুলাম বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। যদিও তাকে অধ্যাপক বলা হলেও, তিনি নিজেই জানিয়েছিলেন, তার দায়িত্ব ছিল একটি বিভাগের সার্বিক কার্যক্রম তদারক করা। ২০২৩ সালে সিএমআর গ্রুপ অব ইনস্টিটিউশনে কৌশল ও উদ্ভাবনবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন তিনি।
২০২৪ সালে রালেকন নামের একটি প্রতিষ্ঠানে কৌশল ও প্রবৃদ্ধি বিভাগের প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন বিবেক। ২০২৬ সালের মে পর্যন্ত তিনি পূর্ণকালীন দায়িত্বে ছিলেন। পরে একই প্রতিষ্ঠানে কৌশলগত প্রবৃদ্ধি উপদেষ্টা ও পরামর্শক হিসেবে খণ্ডকালীন কাজ শুরু করেন।
২০২৩ সালে ‘সিআইডি’র একটি পুরনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনায় আসেন বিবেক। ছবির সঙ্গে লেখা ছিল, ‘তাকে চিনলে আপনার শৈশব দারুণ ছিল।’ এরপর ভক্তদের কাছ থেকে অনেক বার্তা পান তিনি। অভিনয়ে ফেরার প্রস্তাবও এসেছিল। তবে সে সময় টেলিভিশনে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছিলেন এই অভিনেতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন