ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

খাদ্যমন্ত্রী আফরোজা খানমের প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধির আহ্বান


খাদ্যমন্ত্রী আফরোজা খানমের প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধির আহ্বান

মানিকগঞ্জ, ২৬ নভেম্বর, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং পুষ্টির চাহিদা পূরণে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান আরও বৃদ্ধি পাবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ অফিসকক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে মানিকগঞ্জ জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: সরকার বদলালেও জ্বালানি খাতের স্বার্থগোষ্ঠী অপরিবর্তিত: আনু মুহাম্মদ

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে দেশব্যাপী এ সপ্তাহ উদযাপিত হচ্ছে।

খাদ্যমন্ত্রী উল্লেখ করেন, দেশের ক্রমবর্ধমান জনগণের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ খাদ্য সরবরাহ, প্রাণীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রাণিজ উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি জানান, মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধের উৎপাদন ও সরবরাহ আরও বৃদ্ধির প্রয়োজন রয়েছে।

মন্ত্রী আরও বলেন, প্রাণিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলাভিত্তিক মোবাইল ভেটেরিনারি ক্লিনিক ও কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করে এ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগও গুরুত্বপূর্ণ।

তিনি জানান, মানিকগঞ্জের প্রান্তিক জনগণের কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও পুষ্টির চাহিদা পূরণে গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া পালনের প্রশিক্ষণ কার্যক্রম ভূমিকা রাখছে। পাশাপাশি পশুপাখির রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদানে ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরির কার্যক্রমও উল্লেখযোগ্য।

আরও পড়ুন: মোহনা টিভির সাবেক সিইও যুবলীগ নেতা তসলিম গ্রেপ্তার

মন্ত্রী বলেন, দুধের উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎপাদিত দুধের ন্যায্যমূল্য নিশ্চিত করতে জেলার সিঙ্গাইর উপজেলায় বেসরকারি উদ্যোগে ডেইরি হাব স্থাপন করা হয়েছে। এ হাবে দুগ্ধজাত পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধজাত পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রয়োজনীয় সরঞ্জাম সহায়তা প্রদানের উদ্যোগও প্রশংসনীয়।

খাদ্যমন্ত্রী বলেন, এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে পুষ্টির ঘাটতি দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও অগ্রগতি অর্জন সম্ভব হবে। তিনি এ সময় মানিকগঞ্জের প্রতিটি এলাকায় নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে জেলাটিকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে মানিকগঞ্জ শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: পদ্মা ব্যারাজ প্রকল্প ৩৫ হাজার কোটি টাকায় দৃশ্যমান হতে যাচ্ছে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিমালয় ঘুরতে ছেড়েছিলেন সিআইডির অভিনেতা বিবেক মাশরু

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


হিমালয় ঘুরতে ছেড়েছিলেন সিআইডির অভিনেতা বিবেক মাশরু

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’তে ইন্সপেক্টর বিবেক চরিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেছিলেন বিবেক মাশরু। তিনি প্রায় ছয় বছর ধরে ধারাবাহিকটিতে অভিনয় করেছেন। তবে ২০১২ সালে, ২৯ বছর বয়সে, অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এই অভিনেতা। এরপর তিনি বেরিয়ে পড়েন হিমালয় ভ্রমণে। অভিনয় ছাড়ার পর উচ্চশিক্ষা, ভ্রমণ এবং করপোরেট জগতে নতুনভাবে নিজের পথ তৈরি করেছেন তিনি।

‘সিআইডি’তে বিবেকের যুক্ত হওয়ার গল্পটিও বেশ চমকপ্রদ। ধারাবাহিকটির জন্য ‘অপারেশন তালাশ’ নামে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের আয়োজন করা হয়েছিল। সেখানে অডিশন দিয়ে তিনি নির্বাচিত হন। শুরুতে মাত্র তিন মাসের চুক্তিতে কাজ পেলেও পরে সেই সময় বেড়ে দাঁড়ায় প্রায় ছয় বছর। ধারাবাহিকটির প্রায় ৫০০ পর্বে অভিনয় করেছেন বিবেক। শুটিংয়ের ব্যস্ততা এতটাই বেশি ছিল যে, কোনো কোনো দিন টানা ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করতে হতো তাকে।

২০১২ সালের জুনে ধারাবাহিকটি ছাড়ার পর অভিনয় থেকে বিরতি নেন বিবেক। এরপর ভারতের হিমালয় অঞ্চলে ব্যাকপ্যাক নিয়ে ভ্রমণ করেন। তিনি একা ঘুরে বেড়ান মহারাষ্ট্র ও গুজরাটের বিভিন্ন স্থানেও। ভ্রমণের পাশাপাশি উচ্চশিক্ষার জন্য সিঙ্গাপুরে যান তিনি। সেখানে আন্তর্জাতিক ব্যবসায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে বাবার ব্যবসার দেখাশোনা এবং বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে কাজেও যুক্ত হন। এ ছাড়া তিনি ডেটা সায়েন্স ও বিজনেস অ্যানালিটিকসে স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেন।

পরবর্তী সময়ে ভারতের বেঙ্গালুরুর সিএমআর বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করেন বিবেক। সেখানে কমন কোর কারিকুলাম বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। যদিও তাকে অধ্যাপক বলা হলেও, তিনি নিজেই জানিয়েছিলেন, তার দায়িত্ব ছিল একটি বিভাগের সার্বিক কার্যক্রম তদারক করা। ২০২৩ সালে সিএমআর গ্রুপ অব ইনস্টিটিউশনে কৌশল ও উদ্ভাবনবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন তিনি।

২০২৪ সালে রালেকন নামের একটি প্রতিষ্ঠানে কৌশল ও প্রবৃদ্ধি বিভাগের প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন বিবেক। ২০২৬ সালের মে পর্যন্ত তিনি পূর্ণকালীন দায়িত্বে ছিলেন। পরে একই প্রতিষ্ঠানে কৌশলগত প্রবৃদ্ধি উপদেষ্টা ও পরামর্শক হিসেবে খণ্ডকালীন কাজ শুরু করেন।

২০২৩ সালে ‘সিআইডি’র একটি পুরনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনায় আসেন বিবেক। ছবির সঙ্গে লেখা ছিল, ‘তাকে চিনলে আপনার শৈশব দারুণ ছিল।’ এরপর ভক্তদের কাছ থেকে অনেক বার্তা পান তিনি। অভিনয়ে ফেরার প্রস্তাবও এসেছিল। তবে সে সময় টেলিভিশনে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছিলেন এই অভিনেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুর নেককার গঠনে ঘরে ইবাদতের স্থান অপরিহার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


শিশুর নেককার গঠনে ঘরে ইবাদতের স্থান অপরিহার্য

শিশুর মন-মানসিকতা, চিন্তাভাবনা ও জীবনাচার গঠনে পারিবারিক পরিবেশের প্রভাব অপরিসীম। শিশুর শিক্ষার হাতেখড়ি হয় মায়ের কোল থেকে, আর তার নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের প্রথম পাঠ শুরু হয় পরিবারের পরিবেশে। ঘরের বড়দের আচার-আচরণ, ইবাদত-বন্দেগি ও জীবনযাপনের ধরন শিশুর কোমল মনে গভীরভাবে ছাপ ফেলে।

এ কারণে প্রতিটি মুসলিম পরিবারের ঘরে নামাজ ও ইবাদতের জন্য একটি নির্দিষ্ট স্থান থাকা অত্যন্ত প্রয়োজন। যাতে করে কোনো আনুষ্ঠানিক পাঠ ছাড়াই পারিবারিক পরিবেশের মাধ্যমে শিশুরা দ্বীনি শিক্ষায় অভ্যস্ত হয়ে উঠতে পারে। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ঘরে ঘরে ও পাড়া-মহল্লায় মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছেন এবং সেগুলো পরিচ্ছন্ন ও সুগন্ধিময় রাখার প্রতি গুরুত্বারোপ করেছেন। (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৫৫)

ঘরে নির্দিষ্ট স্থানে নামাজ আদায়ের বিষয়টি রাসুলুল্লাহ (সা.)-এর আমলেও ছিল। হজরত আবদুল্লাহ ইবনে শাদ্দাদ (রা.) বর্ণনা করেন, তিনি তাঁর খালা ও রাসুলুল্লাহ (সা.)-এর স্ত্রী মাইমুনা (রা.)-এর কাছে শুনেছেন, তিনি হায়েজ অবস্থায় নামাজ আদায় করতেন না। তখন তিনি রাসুলুল্লাহ (সা.)-এর নামাজের স্থানের সামনে শুয়ে থাকতেন। আর রাসুলুল্লাহ (সা.) তাঁর চাটাইয়ের ওপর নামাজ আদায় করতেন। সিজদা করার সময় তাঁর কাপড়ের কিছু অংশ মাইমুনা (রা.)-এর শরীরে স্পর্শ করত। (সহিহ বুখারি, হাদিস : ৩৩৩)

হাদিসের ব্যাখ্যাকার আল্লামা ইবনে হাজার আসকালানি (রহ.) বলেন, এখানে নামাজের স্থান বলতে ঘরের মধ্যে নামাজ আদায়ের জন্য নির্ধারিত স্থান বোঝানো হয়েছে। (ফাতহুল বারি, ১/৫৫০)

ঘরে এমন একটি ইবাদতের স্থান থাকার আরেকটি গুরুত্বপূর্ণ উপকার হলো, তা পরিবারের সদস্যদের পাশাপাশি আগত অতিথিদেরও নামাজের প্রতি উৎসাহিত করতে পারে। অনেক সময় বাড়িতে এমন অতিথি আসেন, যাঁরা নিয়মিত নামাজ আদায়ে অভ্যস্ত নন। ঘরের নির্দিষ্ট স্থানে নামাজের সুন্দর পরিবেশ ও ইবাদতের আয়োজন দেখে তাঁরাও নামাজ আদায়ে অনুপ্রাণিত হতে পারেন। এভাবে একটি ছোট্ট উদ্যোগও অন্যের দ্বীনি জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সাহাবায়ে কেরামের জীবনেও ঘরে নামাজের স্থান নির্ধারণের বিশেষ গুরুত্ব লক্ষ করা যায়। হজরত মাহমুদ ইবনে রাবি (রা.) থেকে বর্ণিত, হজরত ইতবান ইবনে মালিক আনসারি (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে বললেন, তাঁর দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়েছে এবং বাড়ি থেকে গোত্রের মসজিদে যেতে পথের পানি তাঁর জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। তাই তিনি চাইলেন, রাসুলুল্লাহ (সা.) যেন তাঁর বাড়িতে এসে কোনো একটি স্থানে নামাজ আদায় করেন, যাতে তিনি সেই স্থানটিকে নিজের নামাজের জায়গা হিসেবে নির্ধারণ করতে পারেন।

রাসুলুল্লাহ (সা.) তাঁর এ আবেদনে সম্মতি দিলেন। পরে একদিন আবু বকর (রা.)-কে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে উপস্থিত হলেন। ঘরে প্রবেশ করে তিনি ইতবান (রা.)-কে জিজ্ঞাসা করলেন, ঘরের কোন জায়গায় তিনি চান যে রাসুলুল্লাহ (সা.) নামাজ আদায় করুন? ইতবান (রা.) একটি জায়গা দেখিয়ে দিলেন। এরপর রাসুলুল্লাহ (সা.) সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন এবং সাহাবিরা তাঁর পেছনে জামাতে নামাজ পড়লেন। (সহিহ বুখারি, হাদিস : ৮৪০)

এই ঘটনা থেকে বোঝা যায়, ঘরের মধ্যে নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট স্থান রাখা সাহাবায়ে কেরামের কাছেও গুরুত্বপূর্ণ ছিল। এমনকি তাঁরা ঘরের পরিবেশকেও ইবাদতবান্ধব করে তুলতে সচেষ্ট ছিলেন।

বিশেষ করে শিশুদের দ্বীনি শিক্ষা ও নামাজের অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে ঘরোয়া ইবাদতের স্থান অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। অনেকেই ছেলেশিশুদের মসজিদে সঙ্গে নিয়ে যাই, কিন্তু মেয়েশিশুদের ক্ষেত্রে সব সময় এমন সুযোগ তৈরি হয় না। ঘরে নির্দিষ্ট নামাজের স্থান থাকলে ছেলে ও মেয়ে উভয় শিশুই সেখানে নামাজ পড়ার অনুশীলন করতে পারবে। মা-বাবাকে নামাজ পড়তে দেখে তারাও পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে চাইবে। এভাবে ছোটবেলা থেকেই তাদের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা ও ইবাদতের অভ্যাস গড়ে উঠবে।

সুতরাং প্রতিটি মুসলিম পরিবারের উচিত, সামর্থ্য ও সুযোগ অনুযায়ী ঘরে নামাজ ও ইবাদতের জন্য একটি পরিচ্ছন্ন, নিরিবিলি ও সুশৃঙ্খল স্থান নির্ধারণ করা। কেননা এটি পরবর্তী প্রজন্মের মধ্যে দ্বীনি মূল্যবোধ ও আল্লাহমুখী জীবন গড়ে তোলার একটি সুন্দর মাধ্যম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান পরিবেশন করতে আসছেন ‘বিলিয়নেরা’খ্যাত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। জনপ্রিয় এই গায়িকা ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছেন। তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন তার ভক্তরা।

বাংলাদেশে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওটিলিয়া। তিনি ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের সুন্দর শহরে পৌঁছেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত। আমার অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না।’

‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই আয়োজনে ওটিলিয়ার সঙ্গে মঞ্চে উপস্থিত থাকবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফুয়াদ নিজেই।

আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে বসবে এই সংগীতের আসর। অনলাইন মাধ্যমে কনসার্টের আগাম টিকিট সংগ্রহ করা যাচ্ছে। উল্লেখ্য, ২০২২ সালে ঢাকায় এসেছিলেন ওটিলিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে চম্পা হত্যার রহস্য উদ্‌ঘাটন, প্রেমিক জসিম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


মানিকগঞ্জে চম্পা হত্যার রহস্য উদ্‌ঘাটন, প্রেমিক জসিম গ্রেপ্তার

মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টস কর্মী চম্পা বেগম (৪০) হত্যার রহস্য উদ্‌ঘাটনে সক্ষম হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মাত্র তিন ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. জসিম উদ্দিন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পিবিআই। সংস্থাটির মতে, পরকীয়া সম্পর্কের কারণে বিয়ের চাপ ও মনোমালিন্য থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের পিবিআই কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী।

গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন ঘিওর উপজেলার বীরসিংজুরী এলাকার বাসিন্দা। পিবিআই জানায়, নিহত চম্পা বেগম ঘিওর উপজেলার বীরসিংজুরী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকার তারাসিমা গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত ২৩ নভেম্বর ভোর ৫টার দিকে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর বাড়িতে ফেরেননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

পরদিন ২৪ নভেম্বর সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি কাঠের ঘরের পেছনে আতাগাছের নিচে চম্পা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখতে পান। পরে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের ব্যবস্থা করে এবং পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।

এই ঘটনার পর ২৫ নভেম্বর ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই মানিকগঞ্জ। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল পরিদর্শন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তথ্য বিশ্লেষণ এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ শুরু করে পিবিআইয়ের একটি দল।

পিবিআই জানায়, মামলার তিন ঘণ্টার মধ্যে ঘিওর থানার বীরসিংজুরী বাজার এলাকায় একটি নির্মাণাধীন ব্রিজের পাশে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা সন্দেহভাজন আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পিবিআই জানিয়েছে। সংস্থাটির দাবি, চম্পা বেগমের সঙ্গে জসিমের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। তারা বিভিন্ন সময়ে ইমু ও মেসেঞ্জারে যোগাযোগ করতেন। একপর্যায়ে চম্পা বেগম তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু জসিম বিবাহিত ও তার সন্তান থাকায় এবং বয়সের ব্যবধানের কারণে তাকে বিয়ে করা সম্ভব ছিল না। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। ঘটনার দিনও এ বিষয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম উত্তেজিত হয়ে চম্পা বেগমকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন বলে পিবিআইয়ের দাবি।

পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী এ বিষয়ে জানান, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে দ্রুততম সময়ে আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%