বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:৪০ পি.এম
ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি আম্পায়ার, কোচ, স্কোরার, ট্রেইনার, ফিজিও এবং ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট অন্যান্যদের বেতন, ভাতা ও পারিশ্রমিকের কাঠামো পর্যালোচনা করার উদ্যোগ গ্রহণ করেছে।
বিসিবির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, বোর্ডের লক্ষ্য নির্দিষ্ট কোনো শ্রেণিকে সুবিধা প্রদান করা নয়। বরং দেশের ক্রিকেটের সামগ্রিক অবকাঠামোকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আজ কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তামিম বলেন, ‘এটি শুধুমাত্র খেলোয়াড়দের বিষয় নয়, বরং সবার বিষয়েই নজর দেওয়া হচ্ছে। কর্মচারী, স্কোরার, আম্পায়ার, কোচ, ট্রেইনার বা ফিজিও, যারা ভালো কাজ করছে, তাদের পারিশ্রমিক ও বেতন পর্যালোচনা করা হচ্ছে।’
তিনি আরও যোগ করেন, ‘খুব শিগগিরই তাদের জন্য একটি মানসম্মত বেতন কাঠামো নির্ধারণ করা হবে।’
তামিম এই ধারণা বা গুঞ্জনকে নাকচ করে দিয়েছেন যে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) না থাকার ক্ষতি পুষিয়ে দিতে ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হচ্ছে।
তিনি জানান, ঘরোয়া ক্রিকেটের জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তামিম বলেন, ‘যদি আমি শুধুমাত্র খেলোয়াড়দের খুশি করার জন্য এটি করতাম, তাহলে হয়তো এক বছরের জন্যই করতাম। তখন বলতাম যে, আমি এটি এক বছরের জন্য বাড়াচ্ছি এবং পরের বছর বিপিএল শুরু হলে সবকিছু আগের অবস্থায় ফিরে যাবে। কিন্তু আমরা দীর্ঘমেয়াদে কিছু করতে চেয়েছিলাম।’
তামিমের মতে, ঘরোয়া মৌসুমে নিয়মিত খেলা একজন ক্রিকেটার ক্লাব প্রতিযোগিতা, প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট এবং প্রিমিয়ার লিগ মিলিয়ে বছরে ৩০ থেকে ৪০ লাখ টাকা আয় করতে সক্ষম।
তিনি আরও বলেন, ভবিষ্যতে নিয়মিত বিপিএল আয়োজন করা হলে সেটি ঘরোয়া ক্রিকেটারদের জন্য আয়ের বাড়তি সুযোগ সৃষ্টি করতে পারে।
তামিম বলেন, ‘জাতীয় দলের সুযোগের ওপর পুরোপুরি নির্ভর না করে ক্রিকেটাররা যাতে ঘরোয়া ক্রিকেট থেকেই সম্মানজনক আয় করতে পারেন, তা নিশ্চিত করার লক্ষ্যে বোর্ড একটি নতুন আর্থিক কাঠামো নিয়ে কাজ করছিল।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগার ও সার্বিক পরিবেশের অপরিচ্ছন্নতা দেখে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন ক্ষোভ প্রকাশ করেছেন এবং নিজেই তা পরিষ্কার করার ইচ্ছা ব্যক্ত করেছেন। পরিদর্শনের সময়, তিনি শৌচাগার বন্ধ থাকা, ফ্যান নষ্ট হওয়া এবং বিভিন্ন অব্যবস্থাপনা দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বৃহস্পতিবার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যা এই ঘটনার প্রমাণ দেয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে রোগীদের সেবা কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী। এই সময়, হাসপাতালের শৌচাগার দেখে ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহানকে উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী পরিষ্কারের কথা বলেন। আমিন উর রশিদ ইয়াছিন ওই হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি।
ভিডিওতে মন্ত্রীকে বলতে শোনা যায়, “হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব, যদি আমি পারি তাহলে আপনার (হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক) কাছে জানতে চাইব, আপনি কেন পারলেন না।”
ভিডিওতে দেখা যায়, পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন স্থানের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করছেন কৃষিমন্ত্রী। তিনি মন্তব্য করেন, “টাইলসের ওপর কালো দাগ থাকার কথা নয়। হারপিক ব্যবহার করলে এসব দাগ পরিষ্কার হয়ে যায়।”
মন্ত্রী আরও বলেন, “বাথরুমগুলোর জঘন্য অবস্থা। সব ফ্লোরে দেখব বাথরুম আছে ছয়টা, এর মধ্যে পাঁচটি বন্ধ। অন্তত বাথরুমটা তো আপনারা ঠিক রাখবেন।” একপর্যায়ে তিনি বলেন, “আই ওয়ান্ট ক্লিন রাইট নাও।”
শুধু শৌচাগারের অপরিচ্ছন্নতা নয়, হাসপাতালের বৈদ্যুতিক পাখাগুলোর নাজুক অবস্থাও মন্ত্রীর নজরে আসে। দীর্ঘদিন ধরে নষ্ট থাকা পাখাগুলো দ্রুত মেরামতের জন্য হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে নির্দেশ দেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক শাহজাহান জানান, “গণপূর্ত বিভাগকে দ্রুত শৌচাগার মেরামত করার জন্য বলা হয়েছে। শৌচাগার পরিচ্ছন্নতায় ১১ জন সরকারি কর্মচারী ও ৬৩ জন আউটসোর্সিংয়ের কর্মচারী কাজ করেন। তারা পুরো হাসপাতাল পরিচ্ছন্নতায় নিয়োজিত। তাদেরকে কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়েছে।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুয়েতে মার্কিন সামরিক বাহিনী কর্তৃক ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সামরিক সরঞ্জামের গুদাম এবং যুদ্ধবিমানের হ্যাঙ্গারে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।
ইরানের সামরিক বাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সামরিক স্থাপনা এবং যুদ্ধবিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করা হয়েছে।
তাদের দাবি অনুযায়ী, এই হামলায় যোগাযোগ ব্যবস্থা এবং যুদ্ধবিমানের হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি, সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সামরিক সদস্যদের আবাসস্থল এবং রাডার ব্যবস্থায় হামলা চালানোরও দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।
এর আগে কুয়েতের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল যে, ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধের জন্য দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ সাফ অ-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। এরপর থেকেই এএফসি অ-২০ এশিয়া কাপে খেলার স্বপ্ন দেখছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু উজবেকিস্তানে বাছাইপর্বে টানা দুই ম্যাচ পরাজিত হওয়ার ফলে সেই স্বপ্ন এখন অনেকটাই ভেঙে পড়েছে।
উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সিরিয়ার কাছে ০-৩ গোলে পরাজিত হয়েছে। এই পরাজয়ের ফলে বাংলাদেশ দুই ম্যাচ শেষে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি এবং তারা বর্তমানে গ্রুপের তলানিতে অবস্থান করছে। সিরিয়া তাদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরেছিল। আজ বাংলাদেশকে পরাজিত করে সিরিয়া তিন পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়ার দৌড়ে প্রবেশ করেছে।
বাছাইপর্বে আটটি গ্রুপের আট চ্যাম্পিয়ন এবং সেরা সাত রানার্সআপ আগামী বছর চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে। আজ দুই ঘণ্টার মধ্যে ভারত ও উজবেকিস্তানের ম্যাচ ড্র হলে বাংলাদেশ এক ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে বাধ্য হবে। কারণ ভারত ও উজবেকিস্তানের পয়েন্ট হবে ৪, আর বাংলাদেশ পরের ম্যাচ জিতলেও রানার্স আপ হওয়ার সুযোগ থাকবে না।
সিরিয়ার বিপক্ষে বাংলাদেশ প্রথমার্ধের প্রায় পুরো সময় লড়াই করেছে। ৪৪তম মিনিট এবং প্রথমার্ধের ইনজুরি সময়ে সিরিয়া দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়। দুই গোলই বাংলাদেশের ডিফেন্সের অসাবধানতার কারণে হয়েছে। প্রথম গোলের ক্ষেত্রে সিরিয়ার ফরোয়ার্ড উড়ন্ত বল ব্যাক হিল করে সতর্থীকে দেয়, যেখানে বাংলাদেশের ডিফেন্ডাররা তাকে মার্ক করতে ব্যর্থ হয়। দুই মিনিট পর বক্সের অন্য প্রান্ত থেকে সিরিয়া দূরপাল্লার শট দিয়ে আরেক গোল করে। দুই গোলেই গোলকিপার দুই দিকে ঝাঁপালেও গোল রক্ষা করতে পারেননি।
দুই গোলে পিছিয়ে বাংলাদেশ ড্রেসিংরুমে ফিরে যায়। পরের অর্ধে বাংলাদেশ খেলায় ফিরতে পারেনি। সিরিয়ার ফুটবলাররা প্রায় সময় বাংলাদেশের অর্ধে বল নিয়ে ঘুরে বেড়িয়েছে। বাংলাদেশ কোনো উল্লেখযোগ্য আক্রমণ করতে সক্ষম হয়নি। বরং ৮৯তম মিনিটে তারা আরেকটি গোল হজম করে। আগামী ৬ সেপ্টেম্বর বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে ভারতের মোকাবেলা করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা ও অন্যান্য উদ্দেশ্যে কলকাতাগামী হওয়ার আগে হোটেল বুকিং নিশ্চিত করা এবং আবাসস্থলের নিরাপত্তা যাচাই করার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। গত মাসে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে, কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কলকাতায় গত ১৯ আগস্টের অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন কর্তৃক গৃহীত পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতির কথা বিবেচনা করে, চিকিৎসা বা অন্য কারণে বাংলাদেশ থেকে কলকাতা ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের অনভিপ্রেত পরিস্থিতি এড়িয়ে চলার জন্য নিম্নলিখিত নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে।
কলকাতায় আগমনের আগে সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিত করা এবং হোটেলটির বর্তমান কার্যক্রম, কক্ষের প্রাপ্যতা ও অবস্থান সম্পর্কে যথাযথভাবে অবগত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
চিকিৎসার উদ্দেশ্যে আগত রোগীর সফরসঙ্গীদের (attendents) কলকাতায় আসার পূর্বেই হোটেল বুকিং নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট হোটেলের কক্ষের প্রাপ্যতা, বুকিংয়ের বৈধতা, হোটেল থেকে হাসপাতালের দূরত্ব এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা সম্পর্কে কলকাতায় আগমনের পূর্বেই নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
কলকাতায় সাম্প্রতিক সময়ে সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে দুর্ঘটনাপ্রবণ আবাসিক হোটেল ও রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। স্থানীয় নিরাপত্তা বিধি ও অন্যান্য নিয়ম কানুন মেনে উক্ত হোটেলগুলো পুনরায় চালু হতে মাসাধিক সময় লাগতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এমন পরিস্থিতিতে কলকাতায় আবাসনের সমস্যায় না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যে, অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে ভ্রমণ না করার জন্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ