১১:৫১ এম
রাজনীতিতে ‘উইনার-টেকস-অল’ বা সবকিছু জয় করার সংস্কৃতির মূল সংকট নির্বাচনে বিজয়ের ভুল সংজ্ঞায়নের মধ্যে নিহিত। বাংলাদেশে নির্বাচনে জয়লাভ করা মানে শুধুমাত্র সরকার গঠন করা নয়। রাজনৈতিক দলগুলো মনে করে তারা রাষ্ট্রের সম্পূর্ণ মালিকানা অর্জন করেছে। ক্ষমতাসীন দল সংসদ, আদালত এবং প্রশাসনের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। পরাজিত দলকে রাষ্ট্র থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়। যখন পরাজয় রাজনৈতিক অস্তিত্বের সম্পূর্ণ বিলুপ্তি হিসেবে দেখা হয়, তখন সমঝোতা বা আপস করা অসম্ভব হয়ে পড়ে। এই কারণে, সর্বগ্রাসী আধিপত্যের লড়াইয়ে নিজেদের রাষ্ট্রকে দুর্বল করে তুলছি আমরা।
রাজনৈতিক দলগুলোর চরিত্রে এক অদ্ভুত দ্বৈততা দেখা যায়। বিরোধী দলে থাকাকালীন তারা গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবিতে রাজপথে আন্দোলন করে। কিন্তু ক্ষমতায় আসার পর তারা এসব প্রতিশ্রুতি ভুলে যায়। আগের শাসকের মতো তারা ক্ষমতা কুক্ষিগত করে এবং পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করতে শুরু করে। ২০২৪ সালের আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষাকে অস্বীকার করার সুযোগ নেই। তবে দুঃখজনক হলো, ক্ষমতার পালাবদলের পরও পুরোনো স্বৈরাচারী মানসিকতা এবং দলীয়করণের বৃত্ত থেকে আমাদের রাজনৈতিক সংস্কৃতি বের হয়ে আসতে পারেনি। এই আত্মঘাতী পুনরাবৃত্তি বন্ধ না হলে পরিণতি ভয়াবহ হতে পারে, যা ইতিহাস বারবার স্মরণ করিয়ে দেয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় দায়িত্ব পালন করার সময়ের একটি বাস্তব অভিজ্ঞতা আমাদের রাজনীতির অন্ধ বাস্তবতাকে স্পষ্ট করেছে। একদিন এক সংসদ সদস্য আমার দপ্তরে এসে উদ্বেগের সঙ্গে অভিযোগ করেন, তার নির্বাচনি এলাকায় একজন গোপনে জাল মুদ্রা তৈরি করছে। সংবেদনশীল পরিস্থিতিতে বিষয়টি আমলে নিয়ে আমি তাকে সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে আসতে বলি। কিছুদিন পর তিনি একটি জালনোট নিয়ে হাজির হন। কিন্তু আমাদের গভীর তদন্তে বেরিয়ে আসে আসল সত্য। অভিযুক্ত ব্যক্তি বিরোধী দলের রাজনীতিক ছিলেন না; বরং তিনি ওই সংসদ সদস্যের সম্ভাব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, যিনি আগামী নির্বাচনে তাকে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছিলেন।
আরও পড়ুন: শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: শামা ওবায়েদ
ক্ষমতার একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে এবং প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরিয়ে হেনস্তা করতেই মিথ্যা জালিয়াতির ফাঁদ পেতে সংস্থাকে ব্যবহার করার অপচেষ্টা চালিয়েছিলেন ওই জনপ্রতিনিধি। এই একটি ঘটনা প্রমাণ করে, আমাদের দেশে রাজনীতিতে সংসদ সদস্য হওয়ার জন্য বা ক্ষমতা কুক্ষিগত করতে অনেকেই কতটা নীতিহীন হয়ে উঠতে পারেন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন এই সর্বগ্রাসী মানসিকতা কাজ করে? এর মূল কারণ ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ এবং রাষ্ট্রীয় সম্পদের লোভ। রাজনৈতিক কাঠামোতে ক্ষমতার একাধিপত্য তৈরি করা হয়েছে, যা ক্ষমতায় গেলে সবকিছু নিয়ন্ত্রণ করার মোহ সৃষ্টি করে। রাজনীতিবিদদের মনে এই ভুল ধারণা ভর করে যে তারা চিরকাল ক্ষমতায় থাকবেন। ফলে প্রতিদ্বন্দ্বী দলকে রাজনৈতিক প্রতিপক্ষ না ভেবে রাষ্ট্রের অস্তিত্বের শত্রু হিসেবে গণ্য করতে শুরু করেন। এই মানসিকতা পুরো জাতিকে একটি আত্মঘাতী বৃত্তে আটকে ফেলে।
বর্তমানে বাংলাদেশ একটি সংবেদনশীল ও বহুমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনৈতিক ভঙ্গুরতা, তৈরি পোশাক শিল্পে ধারাবাহিক অস্থিরতা এবং ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের রাজনৈতিক হুমকির পাশাপাশি সম্প্রতি গোপালগঞ্জে সংঘটিত ঘটনাগুলো পুরো দেশকে নতুন করে সতর্কবার্তা দিয়েছে। গোপালগঞ্জের ঘটনা একটি বিচ্ছিন্ন স্থানীয় সংঘর্ষ নয়। এটি আমাদের জাতীয় নিরাপত্তার সুপ্ত দুর্বলতা এবং গভীর রাজনৈতিক মেরূকরণের বিপজ্জনক বহিঃপ্রকাশ। এর পেছনে অভ্যন্তরীণ অব্যবস্থাপনার পাশাপাশি দেশি-বিদেশি ভূরাজনৈতিক উসকানি ও ষড়যন্ত্রও স্পষ্ট।
এই বহুমুখী সংকটগুলোর মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের টানাপোড়েন এবং ব্যাংক খাতের খেলাপি ঋণ অর্থনীতিকে ভেতর থেকে নড়বড়ে করে দিয়েছে। ব্যাংক খাতের সংস্কার ও অর্থপাচার রোধের পাশাপাশি নিত্যপণ্যের বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং সরকারি দপ্তরে ঘুস-হয়রানি বন্ধে কঠোর অবস্থান নিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার চাপ কমাতে হবে।
আরও পড়ুন: ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী
পোশাক খাতে মজুরি বৈষম্যের সুযোগ নিয়ে বহিরাগত উসকানিদাতারা প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই খাতকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। বাস্তবসম্মত ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়ন ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো নাশকতা কঠোর হাতে দমন করতে হবে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতা প্রমাণ করে যে, দেশকে অস্থিতিশীল করতে গভীর চক্রান্ত কাজ করছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব সহিংসতা ও নাশকতায় জড়িত লোকজন ও তাদের উসকানিদাতাদের আইনের আওতায় আনতে হবে।
জাহাজ পরিচালনা বা এর বিজ্ঞান কতখানি জটিল তা বুঝতে হলে আমাদের সমুদ্রের বিশাল ক্রুজশিপ ও নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর দিকে তাকাতে হয়। প্রবল বাতাস, বড় ঢেউ কিংবা যাত্রীরা যখন জাহাজের একপাশে ভিড় করেন, তখন ক্রুজশিপগুলো যেন কাত হয়ে সাগরে তলিয়ে না যায়, সেজন্য এগুলো দ্রুত একপাশের ট্যাংক থেকে অন্যপাশের ট্যাংকে পানি বা ব্যালাস্ট ওয়াটার সরিয়ে নিখুঁত ভারসাম্য রক্ষা করে। একইভাবে, নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোতে যখন জ্বালানি ও গোলাবারুদ খরচ হয়ে যায়, তখন ওজন ঠিক রাখতে এই ব্যালাস্ট ট্যাংক ব্যবহৃত হয়। উভচর যুদ্ধজাহাজগুলো পেছনের অংশ পানিতে ডুবিয়ে ছোট নৌযান ভেতরে ঢোকাতে এই পানির ভারসাম্যকেই কাজে লাগায়।
আমাদের বাংলাদেশ নামক এই জাহাজটির অবস্থাও আজ ঠিক তেমনি। স্বাধীনতার পর থেকেই আমাদের এই ভূখণ্ডে ভিনদেশি আধিপত্য ও ষড়যন্ত্রের ঢেউ আছড়ে পড়েছে। আজ যখন আমাদের রাজনৈতিক নেতারা নিজেদের ঘর সামলানোর বদলে ক্ষমতার মোহে একে অপরকে ধ্বংস করতে ব্যস্ত, তখন এই সুযোগে ভিনদেশিরা আমাদের ঘাড়ে চেপে বসছে। মনে রাখতে হবে, দেশের ভেতরে অনৈক্যের ফুটো তৈরি হলেই বাইরের শক্তি ফায়দা লুটে।
এই আত্মঘাতী বলয় ও সর্বগ্রাসী আধিপত্যের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সফল কিছু আন্তর্জাতিক দৃষ্টান্ত রয়েছে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসানের পর নেলসন ম্যান্ডেলা প্রতিশোধপরায়ণ না হয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করে দেশকে গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছিলেন। উত্তর আয়ারল্যান্ডে বেলফাস্ট চুক্তির মাধ্যমে উভয় প্রতিদ্বন্দ্বী পক্ষকে নিয়ে একটি বাধ্যতামূলক যৌথ নির্বাহী সরকার গঠন করে দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা হয়। নিউজিল্যান্ডের নির্বাচনি ব্যবস্থায় কোয়ালিশন বা সমঝোতার সরকার গঠন করতে হয়, যা চরম একনায়কত্ব রোধ করে। জার্মানিতে জাতীয় সংকটে বা স্থিতিশীলতার স্বার্থে দেশের প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলো ভেদাভেদ ভুলে একসঙ্গে মিলে যৌথ সরকার পরিচালনা করে।
আরও পড়ুন: নীরব বসে থাকার সুযোগ নেই: জামায়াত আমির
একটি নৌযানে যখন প্রবল ঝড় কিংবা মারাত্মক কোনো ক্রাইসিস তৈরি হয়, তখন জাহাজের ক্যাপ্টেন, ক্রু এবং যাত্রীদের কারো পক্ষেই আলাদাভাবে বেঁচে থাকার সুযোগ থাকে না। দল, মত বা পদমর্যাদার ভেদাভেদ ভুলে তখন সবার একটাই লক্ষ্য থাকে যেকোনো মূল্যে জাহাজটিকে নিরাপদ বন্দরে ভেড়ানো। বাংলাদেশে গোপালগঞ্জের সংঘাত, অর্থনৈতিক চাপ এবং বহিরাগত ষড়যন্ত্রের যে উত্তাল ঢেউ বর্তমানে আছড়ে পড়েছে, তা সামলানো শুধু সরকার একা বা একটি দলের পক্ষে সম্ভব নয়। দেশ নামক জাহাজটি যদি তলা ফেটে ডুবে যায় কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়, তবে এর ধ্বংসস্তূপে কাউকে আর বিজয়ী বা নিরাপদ খুঁজে পাওয়া যাবে না। তাই ক্ষোভ বা অসন্তোষের আগুন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়ে দেশটাকে পুরোপুরি গ্রাস করার আগেই এবং অতীতের স্বৈরাচারী শাসকদের মতো প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে যাওয়ার মতো লজ্জাজনক পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সবার হুঁশ হওয়া জরুরি।
বর্তমানে সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতাসীন দলকে এক বিশাল রাজনৈতিক ক্ষমতা প্রদান করেছে, যা অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাস বা একচ্ছত্র আধিপত্যের জন্ম দিয়ে অজান্তেই একনায়কসুলভ প্রবণতার দিকে ঠেলে দিতে পারে। অতীতের স্বৈরাচারী শাসনের পরিণতি থেকে শিক্ষা নিয়ে বর্তমান নেতৃত্বকে এই ক্ষমতার ফাঁদ থেকে সতর্ক থাকতে হবে। একটি যুদ্ধজাহাজে যেমন চরম সংকটের মুহূর্তে ক্যাপ্টেন একা সিদ্ধান্ত নেন না, বরং প্রধান প্রকৌশলী, নেভিগেটর এবং অভিজ্ঞ অফিসারদের নিয়ে একটি বিশেষ ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম’ বা সংকট ব্যবস্থাপনা দল গঠন করে যৌথভাবে পরিস্থিতি মোকাবিলা করেন, ঠিক তেমনি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সরকারের উচিত বিরোধী দলসহ সব মতের প্রতিনিধিকে নিয়ে একটি জাতীয় সংকট মোকাবিলা টিম বা যৌথ প্ল্যাটফর্ম গঠন করা। দেশ যখন অভ্যন্তরীণ অস্থিরতা ও বহিরাগত ষড়যন্ত্রের মুখে, তখন দল-মত নির্বিশেষে এই টিমওয়ার্ক বা দলগত প্রচেষ্টার মাধ্যমেই জাহাজটিকে নিরাপদ রাখা সম্ভব।
এই সংকট উত্তরণে বর্তমান নির্বাচিত সরকার ও জাতীয় নেতৃত্বকে আরো বেশি সক্রিয় এবং দূরদর্শী ভূমিকা নিতে হবে। পারস্পরিক দ্বন্দ্ব, জিঘাংসা ও প্রতিশোধের রাজনীতিকে চিরতরে পরিহার করে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রশ্নে সব রাজনৈতিক শক্তিকে নিয়ে একটি কার্যকর জাতীয় সংলাপের উদ্যোগ নিতে হবে। সরকারের পক্ষ থেকে দমন-পীড়নের পথ না বেছে নিয়ে আইনের শাসন এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বিরোধী পক্ষগুলোকেও গণতান্ত্রিক ধারায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও প্রশাসনকে সম্পূর্ণরূপে দলীয় প্রভাবমুক্ত করে এমন একটি সুদৃঢ় প্রশাসনিক কাঠামো তৈরি করতে হবে, যা ভবিষ্যতে কাউকে আর একচ্ছত্র ক্ষমতার লোভ দেখাতে না পারে। একই সঙ্গে নাগরিক সমাজ ও জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
উত্তাল সমুদ্রে ব্যালাস্ট ট্যাংক যেমন নীরবে ভারসাম্য রেখে বিশাল জাহাজকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচায়, আজকের অস্থির সময়ে জাতীয় ঐক্যই ঠিক সেভাবে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে। প্রলয়ংকরী ঝড়ের রাতে একজন দক্ষ ক্যাপ্টেনের অবিচল হাতই দিশাহারা জাহাজকে নিরাপদ বন্দরে ভেড়ায়, দেশের এই ক্রান্তিকালে প্রধানমন্ত্রীর দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বও ঠিক তেমনই এক অপরিহার্য ভরসা। ব্যক্তিগত স্বার্থ আর দলীয় সংকীর্ণতার দেয়াল ভেঙে আজ আমাদের এক মোহনায় দাঁড়াতেই হবে। ‘উইনার-টেকস-অল’ বা সবকিছু একার দখলে রাখার আত্মঘাতী মানসিকতাকে চিরতরে বিদায় জানিয়ে, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে রাষ্ট্রের ওপর সাধারণ মানুষের প্রকৃত মালিকানা ফিরিয়ে আনতে হবে। আমাদের প্রিয় মাতৃভূমিকে একটি নিরাপদ, মর্যাদাশীল ও অজেয় বাংলাদেশ হিসেবে গড়ে তোলাই হোক আজকের একমাত্র অঙ্গীকার।
আরও পড়ুন: এনসিপির প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে ২৩ নভেম্বর
লেখক: সাবেক সহকারী নৌবাহিনী প্রধান ও প্রো-ভিসি, বিইউপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন