বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:০৪ পি.এম
ইমরান খানের বোন উজমা খান আবারও সুপ্রিম কোর্টে গেছেন, অভিযোগ করে যে তার ভাই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হচ্ছে না এবং তার ছেলেদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে না।
বুধবার উজমা খান আদালত অবমাননার একটি আবেদন দাখিল করেছেন।
১৮ আগস্ট সুপ্রিম কোর্ট ইমরান খানের বিষয়ে যে নির্দেশনা দিয়েছিল, সেই নির্দেশনা বাস্তবায়ন না করার অভিযোগে এই আবেদনটি করা হয়েছে। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়। পাকিস্তানের দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন অনুসারে, সুপ্রিম কোর্টে করা আবেদনে দেশের কিছু উচ্চপদস্থ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। বিবাদীদের মধ্যে আছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট সাজিদ বেগ, পাঞ্জাবের কারা বিভাগের মহাপরিদর্শক মিয়ান সালিক জালাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আহমেদ সরওয়ার রাজা এবং ইসলামাবাদ রাজধানী অঞ্চলের প্রধান কমিশনার সোহেল আশরাফ।
উজমা খানের আবেদনে উল্লেখ করা হয়েছে, ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট ইমরান খানের পরিবারের সঙ্গে যোগাযোগের বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছিল। কিন্তু সেসব নির্দেশনা এখনও সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। ওই আদেশে ইমরান খানের দুই ছেলে কাসিম খান ও সুলাইমান খানের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে তার বোনদের প্রতি সপ্তাহে ইমরানের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছিল।
তবে মঙ্গলবার উজমা খান নির্ধারিত সাক্ষাতের জন্য আদিয়ালা কারাগারে গেলে তাকে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে আবেদনে অভিযোগ করা হয়েছে।
এছাড়া গত মার্চ থেকে ইমরান খানের ছেলেদের সঙ্গে অডিও যোগাযোগও সীমিত রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে। আবেদনে আরও বলা হয়েছে, কাসিম ও সুলাইমানের সঙ্গে দুই সপ্তাহ পরপর টেলিফোনে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু সেই নির্দেশও কার্যকর করা হয়নি। এসব কারণে ১৮ আগস্টের আদেশ পুরোপুরি বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাধ্য করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন উজমা খান।
চিকিৎসার নির্দেশ নিয়েও আদালত অবমাননার অভিযোগ ১৮ আগস্টের সুপ্রিম কোর্টের আদেশের আরেকটি অংশ বাস্তবায়ন না করার অভিযোগে এর আগে আদালত অবমাননার আবেদন করা হয়েছিল।
ওই আদেশে ইমরান খানকে চিকিৎসার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি দল তার শারীরিক পরীক্ষা করার কথা ছিল। একই আদেশে ইমরান খানকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। তবে আদালতের ওই নির্দেশের পরও ইমরান খানকে ২১ আগস্ট পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেন। এরপর অল্প সময়ের মধ্যেই তাকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
মঙ্গলবারও ইমরান খানের স্বজনদের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইমরান খানের স্ত্রী বুশরা বিবির পরিবারের সদস্যরাও একই ধরনের বাধার মুখে পড়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কারা কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছে। পাকিস্তানের দৈনিক ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই মনে করে, ইমরান খানকে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে না দেওয়া সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশনার প্রকাশ্য লঙ্ঘন। দলটি বলেছে, উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশ থাকার পরও ইমরান খান ও বুশরা বিবির সঙ্গে তাদের স্বজনদের দেখা করতে বারবার বাধা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আদালতের নির্দেশনা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছে পিটিআই।
পিটিআই কারা কর্মকর্তাদের আদালতের নির্দেশ ও আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। দলটি একই সঙ্গে ইমরান খান ও বুশরা বিবি—দুজনের সঙ্গেই তাদের পরিবারের সদস্যদের নিয়মিত দেখা করার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে। দলটির বক্তব্য, আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খানকে পরিবারের সঙ্গে দেখা এবং তার ছেলেদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া উচিত। এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডে দীর্ঘ সময় ধরে কাজ করা এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য সম্পর্কে চলমান আলোচনার প্রেক্ষাপটে নিজের মতামত প্রকাশ করেছেন অভিনেত্রী প্রীতি জিনতা। কুণাল খেমু পরিচালিত আসন্ন ছবি ‘ভাইব’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় শুটিং করা অত্যন্ত কঠিন হলেও পরিস্থিতির ওপর নির্ভর করে কাজের সময় নির্ধারণ করা হয়।
নিজের অভিজ্ঞতা সম্পর্কে প্রীতি জানান, তিনি একসময় দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করেছেন। তবে এর পেছনে মূল কারণ ছিল
দ্রুত ফিরে যাওয়ার তাগিদ। প্রীতির কথায়, ‘আমি চেয়েছিলাম ভারতের কাজ দ্রুত শেষ করে যুক্তরাষ্ট্রে সন্তানদের কাছে ফিরে যেতে। তাই আমাকে দীর্ঘ সময় ধরে টানা কাজ করতে হয়েছে।
তবে এভাবে একটানা কাজ করা মোটেও সহজ বিষয় নয়।’
বলিউডে কাজের সময় এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। সম্প্রতি প্রবাস অভিনীত ‘স্পিরিট’ ছবিটি থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়ার বিষয়টি এই আলোচনা নতুন করে উসকে দিয়েছে। জানা যায়, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে কাজের সময় আট ঘণ্টার মধ্যে রাখা এবং পারিশ্রমিক সংক্রান্ত কিছু শর্ত নিয়ে মতপার্থক্যের কারণে দীপিকা এই প্রজেক্টটি ছেড়ে দেন।
সন্তান হওয়ার পর কাজ এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতেই তিনি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চারঘাট থানার মুক্তারপুর বালুরঘাট এলাকায় এ অভিযান চালায়। এ সময় ৭৮ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে ১ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মদ চারঘাট থানায় জমা দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অর্থনৈতিকভাবে নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ বা সনদ প্রদানের মাধ্যমে সীমাবদ্ধ না থেকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে।
মন্ত্রী আরও জানান, নারীদেরকে বাজারের চাহিদা অনুযায়ী যুগোপযোগী প্রশিক্ষণ, ব্যবসা শুরুর জন্য প্রারম্ভিক মূলধন (সিড মানি) এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করা হবে।
বুধবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে মাঠপর্যায়ের পারফরম্যান্স ও দক্ষতার মূল্যায়নের ভিত্তিতে সংশ্লিষ্ট সমিতি ও সংস্থাগুলোকে সরকারি অনুদান ও সহায়তা প্রদান করা হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর লক্ষ্য এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে সবাই ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের সামগ্রিক কল্যাণে কাজ করবে। সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ধর্ম, বর্ণ, পাহাড়ি-সমতল এবং রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে নাগরিকদের সমান অধিকার ও ন্যায্যতার ভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হচ্ছে। এর মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের কাছে রাষ্ট্রীয় সহায়তা স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া হবে।
উদ্যোক্তা তৈরি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, জেলা পর্যায়ের ট্রেনিং সেন্টারগুলোকে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করে অবিলম্বে পূর্ণাঙ্গরূপে সচল করা হবে। তিনি প্রশিক্ষণ শেষে সব প্রশিক্ষণার্থীর বিস্তারিত তথ্য এমআইএস-এ যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দেন।
মন্ত্রী জানান, বিশ্বব্যাপী দ্রুত বিকাশমান ‘কেয়ার ইকোনমি’তে নারীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা পর্যায়ে আধুনিক ‘কেয়ার গিভিং’ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে সেবা কার্যক্রম দ্রুততর করতে মহিলা বিষয়ক অধিদপ্তরের বিদ্যমান শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।
এ সময় সমাজে নারী ও শিশু নির্যাতন, যৌতুক প্রথা এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে সর্বস্তরের জনগণকে নিয়ে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরে সাধারণ অনুদান হিসেবে তিনটি ক্যাটাগরিতে ৩ হাজার ১৮০টি সমিতিকে ৮ কোটি ১৫ লাখ ২ হাজার ৬০০ টাকা, ঘূর্ণায়মান অনুদান হিসেবে ৪০টি জেলার ৭০টি সমিতিকে ৩৫ লাখ টাকা এবং স্বেচ্ছাধীন অনুদান হিসেবে ২১টি জেলার ৬৯টি সমিতিকে ২৩ লাখ ৯৪ হাজার ৩০০ টাকার চেক বিতরণ করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুদান বিতরণ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শায়লা শার্মিন জামান। এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহ্বুবসহ মন্ত্রণালয়, অধীনস্থ দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোর, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপটে নাটোরে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী ৬ মাসের মধ্যে জেলায় ৭ হাজার ৯৫৩ জন নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
নতুন তালিকা অনুযায়ী নাটোর জেলার মোট ভোটারের সংখ্যা এখন ১৫ লাখ ৫৪ হাজার ৯৬১ জন। এর মধ্যে নারীর সংখ্যা ৭ লাখ ৮০ হাজার ২৯০ জন, পুরুষ ৭ লাখ ৭৪ হাজার ৮৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ১৭ জন।
জেলার ৭টি উপজেলার ৫২টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৪৩ হাজার ৩১১ জন এবং ৮টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৯১৪ জন।
সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নাটোরে মোট ভোটারের সংখ্যা ছিল ১৫ লাখ ৪৭ হাজার ২০৬ জন। এর মধ্যে নারীর সংখ্যা ছিল ৭ লাখ ৭৬ হাজার ৫০৪ জন, পুরুষ ৭ লাখ ৭০ হাজার ৬৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ১৭ জন।
জেলা নির্বাচন অফিসার মো. মাহমুদ হাসান বাসস’কে জানিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে জেলার মোট ৬০২টি ভোট কেন্দ্র পুনঃবিন্যাস করা হলেও ভোট কেন্দ্রের সংখ্যা অপরিবর্তিত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ