০৯:১৭ পি.এম
‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে এমন একটি স্ট্যাটাস দেওয়ার মাত্র ৫ ঘণ্টা পর চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজপাড়ার জান্নাতুল মাওয়া (১৮) নামে দ্বাদশ শ্রেণির এক মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) ভোরের দিকে পরিবারের সদস্যরা তার ঘরের শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করেন।
জান্নাতুল মাওয়া আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের শরিফুল ইসলামের কন্যা এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: ধানক্ষেতে কঙ্কাল, পাশের কাপড় দেখে ১ মাস আগে নিখোঁজ বৃদ্ধ কজিবর ফকিরকে শনাক্ত পরিবার
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জান্নাতুল মাওয়া তার নিজস্ব ফেসবুকে একটি পোস্ট করেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে।’ ভোর সাড়ে ৪টার দিকে তার পিতা ঘুম থেকে উঠে জানালার দিকে তাকালে দেখেন, জান্নাতুল মাওয়ার রুমে লাইট জ্বালানো রয়েছে। পরে জানালা দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জান্নাতুল মাওয়ার আকস্মিক ও রহস্যজনক মৃত্যুকে তার সহপাঠী এবং এলাকাবাসী সহজভাবে মেনে নিতে পারছেন না। অনেক সহপাঠীর দাবি, জান্নাতুল মাওয়া আত্মহত্যা করার মতো মেয়ে নন। তারা প্রশ্ন তুলেছেন, এটি আদৌ আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা হত্যাকাণ্ড রয়েছে। নিহতের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রশাসনের পক্ষ থেকে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তার সহপাঠী এবং স্বজনরা।
চুয়াডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জান্নাতুল মাওয়ার বাবা শরিফুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ গোল্ডেন এ প্লাস পেয়েছিল। পড়াশোনায় অনেক ভালো। হঠাৎ এই ধরনের ঘটনা ঘটেছে। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। ফেসবুকে স্ট্যাটাসের বিষয়টি জেনে কী হবে? আমার মেয়ে তো চলেই গেছে।’
আরও পড়ুন: মাদারীপুরে ৭ রেস্টুরেন্টকে ৮৫ হাজার টাকা জরিমানা
এ বিষয়ে চুয়াডাঙ্গা থানার ওসি মে. মনিরুজ্জামান বলেন, জান্নাতুল মাওয়া নামে এক কলেজছাত্রী সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সদর হাসপাতালের ডাক্তারের তথ্য অনুযায়ী, এটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই প্রমাণিত হয়েছে। যার কারণে তাকে আমরা বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দিয়েছি। প্ররোচনার হত্যার কোনো বিষয় থাকলে সেটা তদন্ত করে দেখা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন