মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং
০৫:২৩ পি.এম
সুজুকি বাংলাদেশ (র্যাংকন মোটর বাইকস লিমিটেড) আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে নতুন অ্যাডভেঞ্চার-ট্যুরার মোটরবাইক ‘সুজুকি ভি-স্ট্রোম এসএক্স ২৫০’ উন্মোচন করেছে। এই উন্মোচন অনুষ্ঠানটি পূর্বাচলস্থ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (BCFEC) অনুষ্ঠিত হয়, যেখানে ‘সুজুকি ডে ২০২৬’ উপলক্ষে হাজারো বাইকার ও বাইকিংপ্রেমী উপস্থিত ছিলেন। নতুন মডেলটির পর্দা উন্মোচন করা হয় এক জমকালো অনুষ্ঠানে।
নতুন ভি-স্ট্রোম এসএক্স ২৫০ মডেলটির বাজারমূল্য (MRP) ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, বাজার উন্মোচন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ লঞ্চ অফার ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে বাইকটি প্রি-বুক অথবা ক্রয় করলে গ্রাহকরা ২০ হাজার টাকা ছাড়ে ৪ লাখ ২৯ হাজার ৯৫০ টাকায় বাইকটি কেনার সুযোগ পাবেন।
দিনব্যাপী এই মেগা ইভেন্টে আমন্ত্রিত বাইকারদের জন্য লাইভ স্টান্ট শো, ডার্ট রেস, ডিজে পারফরম্যান্স এবং বাইকিং অ্যাকসেসরিজ এক্সিবিশনসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে শেষের দিকে অনুষ্ঠিত হয় মেগা মিউজিক্যাল কনসার্ট, যেখানে দেশের শীর্ষস্থানীয় ও কিংবদন্তি রকব্যান্ড জেমস, ওয়ারফেজ এবং কার্নিভাল তাদের রোমাঞ্চকর পারফরম্যান্সে পুরো প্রাঙ্গণ মাতিয়ে তোলে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুর মহানগরীর গাছা থানার গুতিয়ারা এলাকায় মাদক কারবারিদের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের স্থানীয় জয়নুল আবেদীন মেমোরিয়াল হাইস্কুলের পাশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেছেন যে, এলাকার রাসেল ও জসিমের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত রয়েছে। প্রতিবাদ করায় গত ১১ অক্টোবর রাতে দেশীয় অস্ত্র নিয়ে হাফিজুর রহমান রুবেলের পরিবারের ওপর হামলা চালানো হয়। এ হামলায় হাফিজুর রহমান, তাঁর ভগ্নিপতি হাসান শরীফ ও বাবা হযরত আলীসহ বেশ কয়েকজন আহত হন। বক্তাদের অভিযোগ, হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি দেয়।
বক্তারা জানিয়েছেন, এ ঘটনায় গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার পরও অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তাঁরা দ্রুত আসামিদের গ্রেপ্তার, আহতদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা রুবেল, শাহ-আলম, অহনা, ইউসুফ, সেলিম, রাফাত, তানভীর, রাসেল খান ও সোহাগ হুজুরসহ অনেকে।
বক্তারা সতর্ক করে বলেছেন, যদি দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয়, তাহলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে গাছা এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
এ বিষয়ে গাছা থানার ওসি মোহাম্মদ গোলাম রাব্বানী জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, "অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলা, অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং নিরাপদে আগুন নেভানোর কৌশল সম্পর্কে ধারণা দিতে অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কীভাবে দ্রুত ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, তা হাতে-কলমে দেখানো হয়। মহড়ার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মামুনুর রশীদ, ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মো. আঃ সোবহান, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামিম হাওলাদার, উপজেলা যুবদল নেতা আলামিন হাওলাদার এবং যুব রেড ক্রিসেন্ট সোসাইটির উপদলনেতা সজীব কুমার হালদার শাওনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার ওপর এ কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়।
মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মাদক মামলায় ৯ জন, ওয়ারেন্টভুক্ত ৮ জন এবং অন্যান্য মামলায় ১৩ জন রয়েছেন।
পৃথক অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজা উদ্ধারের পাশাপাশি অনলাইন জুয়া ও বেটিংয়ে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, নগরীর রাজপাড়া, চন্দ্রিমা, বেলপুকুর, শাহমখদুম ও মতিহার থানা পুলিশ পৃথক অভিযানে ছয়জনকে মাদক কারবারের অভিযোগে এবং একজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৩০ পিস ট্যাপেন্টাডল, ৬৪ পিস ইয়াবা ও ১১০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৯০০ টাকা জব্দ করা হয়।
এর মধ্যে নগরীর রাজপাড়া থানা পুলিশ বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস ট্যাপেন্টাডল ৩জনকে গ্রেপ্তার করে। একই সময় ৭৮ পিস ট্যাপেন্টাডল ফেলে পালিয়ে যায় অপর এক মাদক কারবারি। চন্দ্রিমা থানা পুলিশ মুশরইল বাগান এলাকা থেকে ৫৭ পিস ইয়াবা ও ৫১ পিস ট্যাপেন্টাডল সহ ১জনকে গ্রেপ্তার করে। বেলপুকুর থানা পুলিশ ১০ পিস ট্যাপেন্টাডল ও ৭ পিস ইয়াবাসহ রেলগেট এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে। শাহমখদুম থানা পুলিশ ফুলতলা বাজার এলাকা থেকে ১১০ গ্রাম গাঁজা সহ ১জনকে গ্রেপ্তার করে। মতিহার থানা পুলিশ ধরমপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে একজনকে মাদক সেবনের অভিযোগে আটক করে।
এদিকে অনলাইন জুয়া ও বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে শাহমখদুম থানা পুলিশ পবাপাড়ার থানার মোড় এলাকা থেকে ইমন সরদার (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর ব্যবহৃত স্মার্টফোনে তিনটি জিমেইল আইডি, মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহৃত দুটি নম্বর এবং অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত সাতটি অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া প্রতিরোধ আইনে পৃথক মামলা করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন মুখপাত্র।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে র্যালি, দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, পাঠাকাটা ইউপির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক (মোজা), বাংলাদেশ জামায়াতে ইসলামীর নকলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর শরিফুল ইসলাম প্রমুখ।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন, উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ, পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ