০৯:২৭ পি.এম
ঢাকা-৯ আসনের সব মসজিদ ও মাদ্রাসায় পর্যায়ক্রমে সরকারি অনুদান দেওয়ার আশ্বাস প্রদান করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রতিটি প্রতিষ্ঠানকে অনুদানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে এবং যেসব মসজিদ ও মাদ্রাসায় অধিক অর্থের প্রয়োজন, সেগুলোকে পরবর্তী সময়ে বিশেষভাবে বিবেচনা করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর উত্তর বাসাবো সিটি করপোরেশন কমিউনিটি সেন্টারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা-৯ আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে হাবিবুর রশিদ হাবিব উল্লেখ করেন, নির্বাচনের আগে তারা এলাকার উন্নয়ন ও ভালো কাজের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করার নির্দেশনা দিচ্ছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ জমিয়তের জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত
তিনি আরও বলেন, এলাকার অনেক বিত্তবান ব্যক্তি নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা এবং পরিচালনা করছেন। তাদের এসব উদ্যোগকে উৎসাহিত করতে সরকার ও ঢাকা-৯ আসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পেয়েছেন। এ সময় মানুষের পাশে থাকা এবং সমাজের কল্যাণে যারা কাজ করছেন, তাদের উৎসাহিত করাই তাদের লক্ষ্য। সকলেই যদি নিজেদের অবস্থান থেকে আন্তরিকভাবে এগিয়ে আসেন, তাহলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এলাকার উন্নয়ন সম্ভব।
অনুদানের পরিমাণ প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে প্রায় সব মসজিদ ও মাদ্রাসায় দুই থেকে আড়াই লাখ টাকা করে অনুদান দেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে। অতীতে কিছু প্রতিষ্ঠানকে ৩০, ৪০, ৫০ হাজার কিংবা এক লাখ টাকা দেওয়া হতো। এবার প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন বিবেচনায় সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে।
হাবিবুর রশিদ হাবিব আরও বলেন, প্রথম পর্যায়ে ঢাকা-৯ আসনের সব মসজিদ ও মাদ্রাসাকে অনুদানের আওতায় আনতে চান তারা। যেসব প্রতিষ্ঠানে ইতোমধ্যে উন্নয়ন হয়েছে, সেগুলো পরবর্তী সময়ে বিবেচনা করা হবে। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানে বেশি অর্থের প্রয়োজন, সেগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন: জাকের পার্টির প্রকৌশলী ফ্রন্টের সাধারণ সম্পাদক হলেন নিজামুদ্দিন স্বাধীন
এ সময় উপস্থিত মুরুব্বিদের কাছ থেকে ভবিষ্যতেও পরামর্শ ও উপদেশ কামনা করেন প্রতিমন্ত্রী। তিনি তাদের ভালোবাসা, স্নেহ ও দোয়া নিয়ে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় এসব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার ও তারা এলাকার মানুষের পাশে রয়েছেন। এলাকার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন