০১:২২ এম
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর অভ্যন্তরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাজু নামে এক বন্দির লাশ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে কারাগারের ভেতরে এই ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজু ‘আত্মহত্যা’ করেছেন।
নিহত রাজু পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাওলাগঞ্জ এলাকার আয়নাল হকের পুত্র।
আরও পড়ুন: কুলাউড়ায় পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ৪ গ্রেফতার
কারাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে সংশ্লিষ্টরা কারাগারের ভেতরে রাজুকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজুর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে তিনি ‘আত্মহত্যা’ করেছেন। যদি সত্যিই তাই হয়ে থাকে, তবে তার আত্মহত্যার কারণ অনুসন্ধানের জন্য আইনি প্রক্রিয়া চলছে বলে কারাগার সূত্র জানিয়েছে।
এদিকে, ময়নাতদন্তের জন্য রাজুর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হবে।
আরও পড়ুন: অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন