০৩:৪৬ পি.এম
একটি ১৬৫ বছরের পুরনো গাণিতিক রহস্যের সমাধান খুঁজে পাওয়ার দাবি করেছেন অ্যানথ্রপিকের এক গণিতবিদ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানটির তৈরি মডেল ক্লডের সহায়তায় তিনি এই দাবি করেছেন। যদিও প্রাথমিক কিছু যাচাইয়ে প্রমাণটি উত্তীর্ণ হয়েছে, গণিতবিদরা এখনো এটি পরীক্ষা করে দেখছেন। আনুষ্ঠানিকভাবে সমাধানটি স্বীকৃতি পায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ত আলপোগে শুক্রবার নিজের ওয়েবসাইটে রিম্যান হাইপোথিসিসের প্রমাণ আবিষ্কারের দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ক্লডের সঙ্গে কাজ করেই তিনি এই প্রমাণের দিকে এগিয়েছেন। প্রথমে তিনি এআই মডেলটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিলেও শেষ পর্যায়ে ক্লড তাঁর প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি দেখিয়েছে।
আলপোগে জানান, তিনি কয়েক মাস ধরে ক্লডের সঙ্গে বিভিন্ন বিষয়ে কাজ করেছেন। তবে শেষ পর্যায়ে এসে ক্লড তাঁকে ছাড়িয়ে গেছে। এআই মডেলটির অগ্রগতি তাঁকে বিস্মিত করেছে বলেও তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন: মহাকাশচারীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘অ্যাস্ট্রা’, রিজিওনাল জয় শেষে বিশ্বমঞ্চের পথে ‘ক্রোনোস্ট্রাইডার’
রিম্যান হাইপোথিসিস আসলে কী
১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান এই অনুমানটি উপস্থাপন করেন। এটি মৌলিক সংখ্যার বিন্যাস বা বণ্টনের সঙ্গে সম্পর্কিত। মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা, যেগুলোকে শুধুমাত্র ১ এবং সেই সংখ্যা নিজে দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। যেমন—২, ৩, ৫, ৭ ও ১১।
সংখ্যারেখায় মৌলিক সংখ্যাগুলো আপাতদৃষ্টিতে অনিয়মিত মনে হলেও এর পেছনে একটি গভীর গাণিতিক কাঠামো রয়েছে বলে গণিতবিদেরা মনে করেন। রিম্যান হাইপোথিসিসে এই কাঠামোর সঙ্গে রিম্যান জিটা ফাংশন নামের একটি গাণিতিক ফাংশনের শূন্যস্থানগুলোর সম্পর্ক তুলে ধরা হয়েছে।
এই অনুমানটি যদি প্রমাণিত হয়, তবে মৌলিক সংখ্যার বণ্টন সম্পর্কে গণিতবিদদের ধারণা আরও স্পষ্ট হবে। সংখ্যাতত্ত্বসহ গণিতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ রাখতে এবার খরচ করতে হবে টাকা!
রিম্যান হাইপোথিসিস ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটের নির্ধারিত সাতটি ‘মিলেনিয়াম প্রাইজ প্রবলেম’-এর মধ্যে একটি। প্রতিটি সমস্যার গ্রহণযোগ্য সমাধানের জন্য ১০ লাখ ডলার পুরস্কার নির্ধারিত রয়েছে। এখন পর্যন্ত সাতটির মধ্যে শুধু পয়েনকারে কনজেকচার আনুষ্ঠানিকভাবে সমাধান হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ক্লডের দেওয়া প্রমাণ কতটা নির্ভরযোগ্য
আলপোগে তাঁর প্রমাণটি ‘লিন’ (Lean) নামের একটি প্রোগ্রামিং ভাষায় লিখেছেন। গাণিতিক যুক্তি ধাপে ধাপে যাচাই করার কাজে এই ভাষা ব্যবহৃত হয়। এমআইটির গণিতবিদ অ্যান্ড্রু সাদারল্যান্ডসহ স্বাধীন গবেষকেরা লিনে প্রমাণটি কম্পাইল করে প্রাথমিকভাবে কোনো ত্রুটি পাননি।
তবে প্রমাণটি কম্পাইল হওয়া মানেই যে গাণিতিক দাবিটি সঠিক, তা নয়। বিশেষজ্ঞদের যাচাই করতে হবে যে কোডের মাধ্যমে মূল অনুমানের অর্থ বদলে গেছে কি না কিংবা কোনো অনিচ্ছাকৃত শর্টকাট ব্যবহার করা হয়েছে কি না। অর্থাৎ, প্রমাণটি ঠিক যে বিষয়টি প্রতিষ্ঠা করার দাবি করছে, সেটিই প্রতিষ্ঠা করছে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।
আরও পড়ুন: গুগল এআই এজেন্টের নিরাপত্তা পরীক্ষার জন্য কৃত্রিম ইন্টারনেট তৈরি করেছে
এখন পর্যন্ত ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটও এই সমাধানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।
গণিত গবেষণায় এআইয়ের নতুন সম্ভাবনা
সাম্প্রতিক বছরগুলোতে জটিল গাণিতিক সমস্যা সমাধানে এআই মডেলের সক্ষমতা দ্রুত বেড়েছে। ২০২৩ সালে সাধারণ চার অঙ্কের যোগের মতো কাজেও এসব মডেলের সীমাবদ্ধতা ছিল। পরবর্তীতে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতায় স্বর্ণপদক পাওয়ার মতো পারফরম্যান্স দেখিয়েছে এআই মডেলগুলো।
চলতি বছর উন্মুক্ত গাণিতিক সমস্যার সমাধানেও এআইয়ের অগ্রগতি দেখা গেছে। এর আগে ওপেনএআইয়ের একটি মডেল নাভিয়ের-স্টোকস সমস্যার ক্ষেত্রেও অগ্রগতির দাবি করেছিল।
আরও পড়ুন: উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে
রিম্যান হাইপোথিসিসের ক্ষেত্রে আলপোগের দাবি সত্য প্রমাণিত হলে গণিত গবেষণায় এআইয়ের ভূমিকা নিয়ে নতুন আলোচনা তৈরি হবে। তবে বিশেষজ্ঞদের পূর্ণাঙ্গ যাচাই ও আনুষ্ঠানিক স্বীকৃতি না পাওয়া পর্যন্ত এটিকে ১৬৫ বছরের রহস্যের চূড়ান্ত সমাধান বলা যাবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন